নভেম্বর ২৪, ২০১৬ ১৪:২৭ Asia/Dhaka

পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ২৪ নভেম্বর বৃহষ্পতিবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।

বাংলাদেশের শিরোনাম:

  • লিভ টু আপিল খারিজ-খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলা চলবে-ইত্তেফাক
  • ৫০০ রোহিঙ্গাকে হত্যা-'মিয়ানমার সরকার যা বলছে, সবই মিথ্যা-যুগান্তর
  • ইসি’র বাজেট ৫ কোটি টাকা-মানবজমিন
  • বিশেষ বিধান যুক্ত করে মেয়েদের বিয়ের বয়স আঠারোই রইল- প্রথম আলো
  • গ্রেপ্তার রাগীব আলীকে বাংলাদেশে হস্তান্তর -কালের কণ্ঠ
  • ভারতের শিরোনাম:তীব্র
  • হচ্ছে নোট সঙ্কট, বেপাত্তা আরবিআইয়ের গভর্নর উর্জিত প্যাটেল- সংবাদ প্রতিদিন
  • নোট বাতিল ইস্যু-দেশব্যাপী বিরোধী প্রতিবাদ ২৮শে-গণশক্তি
  • রাজ্যসভায় মোদি, আক্রমণে মনমোহন, জবাব দিলেন জেটলি-আজকাল

শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ। প্রথমে বাংলাদেশ...

লিভ টু আপিল খারিজ-খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলা চলবে-ইত্তেফাক

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ( ফাইল ফটো)

 

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে নিম্ন আদালতে নাইকো দুর্নীতি মামলার বিচার কার্যক্রম চলবে। হাইকোর্টের এ সংক্রান্ত রায় বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। হাইকোর্টের ঐ রায়ের বিরুদ্ধে খালেদা জিয়ার দায়েরকৃত লিভ টু আপিল বৃহস্পতিবার খারিজ করে দিয়েছে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ।
আপিল খারিজ হওয়ায় ঢাকার বিশেষ জজ আদালতে খালেদা জিয়া ও বিগত চারদলীয় জোট সরকারের একাধিক মন্ত্রীর বিরুদ্ধে দায়েরকৃত এই মামলাটির বিচার কার্যক্রম চলতে আর কোনো আইনগত বাধা থাকল না বলে জানিয়েছেন আইনজীবীরা।

বিশেষ বিধান যুক্ত করে মেয়েদের বিয়ের বয়স আঠারোই রইল-প্রথম আলো

বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৬’-এর খসড়া মন্ত্রিসভা অনুমোদন করেছে। খসড়ায় মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স ১৮ বছরই রাখা হয়েছে। তবে বিশেষ ক্ষেত্রে যেকোনো অপ্রাপ্তবয়স্ক মেয়ের সর্বোত্তম স্বার্থে আদালতের নির্দেশে এবং মা-বাবার সম্মতিতে বিয়ে হতে পারবে।
আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তাঁর কার্যালয়ে মন্ত্রিসভার এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের  পর প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, বাল্যবিবাহ নিরোধ আইনের যে খসড়া মন্ত্রিসভা অনুমোদন করেছে, তাতে বিভিন্ন অপরাধের ক্ষেত্র যেমন বাড়ানো হয়েছে, তেমনি সাজার মেয়াদও বাড়ানো হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব জানান, আইন অনুযায়ী, আদালত নিজ উদ্যোগে বা কারও অভিযোগের ভিত্তিতে বাল্যবিবাহ থামিয়ে দিতে পারবেন। বাল্যবিবাহের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে পর্যালোচনাও করতে পারবেন।
বাল্যবিবাহ বন্ধে আদালতের নির্দেশ অমান্য করলে ছয় মাসের কারাদণ্ড বা ১০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রয়েছে আইনে।

বাল্যবিবাহ-সংক্রান্ত বিষয়ে মিথ্যা অভিযোগ করলে ছয় মাসের কারাদণ্ড বা ৩০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে।
 

গ্রেপ্তার রাগীব আলীকে বাংলাদেশে হস্তান্তর-ইত্তেফাক/কালের কণ্ঠ

সিলেটের ধনকুবের পলাতক রাগীব আলীকে ভারতে আটক করে বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়েছে

 

সিলেটের ধনকুবের পলাতক রাগীব আলীকে ভারতে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে ভারতের করিমগঞ্জের ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে।
আজ বৃহস্পতিবার বিকেল পৌনে ৩টার দিকে বিয়ানীবাজার সুতারকান্দি সীমান্ত দিয়ে ইমিগ্রেশন পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়। বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বিয়ষটি নিশ্চিত করেছেন।   
ভূমি মন্ত্রণালয়ের স্মারক (চিঠি) জালিয়াতি ও প্রতারণা করে সিলেটের দুই হাজার কোটি টাকার দেবোত্তোর সম্পত্তি তারাপুর চা বাগান দখলের অভিযোগে দুইটি মামলায় গত ১০ আগস্ট রাগীব আলী ও তার একমাত্র ছেলে আবদুল হাইসহ ছয়জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। পরোয়ানা জারির দিনই গোপনে সপরিবারে ভারত পালিয়ে যান তারা।

মনোনয়নপত্র জমা দিলেন আইভী-সাখাওয়াত-যুগান্তর/ইত্তেফাক

নাসিক নির্বাচনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ডা.. সেলিনা হায়াত্ আইভী ও বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন খান

 

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী ডা. সেলিনা হায়াত্ আইভী ও বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন খান।
বৃহস্পতিবার দুপুরের দিকে নারায়ণগঞ্জ ক্লাবে অস্থায়ী নির্বাচন কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা মো. নুরুজ্জামান তালুকদারের কাছে তারা মনোনয়নপত্র জমা দেন।

ইসি’র বাজেট ৫ কোটি টাকা-মানবজমিন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন আগামী ২২শে ডিসেম্বর। নির্বাচন কমিশন (ইসি) এ নির্বাচনের বাজেট নির্ধারণ করেছে ৫ কোটি টাকা। যা গতবারের নির্বাচনী বাজেটের চেয়ে প্রায় তিন গুণ। ২০১১ সালের ৩০শে অক্টোবর নাসিক নির্বাচনে বাজেট ছিল দেড় কোটি টাকার   কিছু বেশি।

৫০০ রোহিঙ্গাকে হত্যা-'মিয়ানমার সরকার যা বলছে, সবই মিথ্যা-যুগান্তর

মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর নির্যাতন ও নারী ধর্ষণ

 

রোহিঙ্গা সংকট নিয়ে মিয়ানমারের সরকার এ পর্যন্ত যা বলছে, তা সবই মিথ্যা বলে মন্তব্য করেছেন একজন রোহিঙ্গা নেতা।
ব্রিটেনে বসবাসরত রোহিঙ্গা নেতা নূরুল ইসলাম বলেছেন, 'মিয়ানমার সরকার এ পর্যন্ত যা বলেছে সবই মিথ্যা কথা, বিশ্বাসযোগ্যই না।'
রোহিঙ্গা এই নেতা বলেন, 'আরাকানে নতুন করে সংকট সৃষ্টির পর কমপক্ষে ৫০০ মানুষ মারা গেছে। দেড়শো'র বেশি নারী ধর্ষণের শিকার হয়েছেন। ধর্ষণকে তারা ব্যবহার করছে অস্ত্র হিসেবে।'
এদিকে বাংলাদেশের সীমান্তরক্ষীদের নজরদারির মাঝেও মিয়ানমার থেকে গত কয়েকদিনে বহু রোহিঙ্গা নারী-পুরুষ-শিশু কক্সবাজারের টেকনাফে ঢুকে পড়েছে।
হাজার হাজার রোহিঙ্গা ঢোকার জন্য নাফ নদীর ওপারে জড় হচ্ছে বলে জানা গেছে।
বাংলাদেশের কর্তৃপক্ষ এ বিষয়ে গভীর উদ্বেগ জানিয়েছে। তবে নূরুল ইসলাম বলেন, 'বাংলাদেশের প্রশংসা করতে হবে। বাংলাদেশে প্রায় ৪/৫ লাখ রোহিঙ্গা আছে । সেখানকার লোকজনের প্রতি আমরা কৃতজ্ঞ।'

এ সম্পর্কে প্রথম আলোর একটি খবর: ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে গভীর উদ্বেগ

মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনা অভিযানের ফলে সৃষ্ট পরিস্থিতিতে গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ। এর ফলে নারী, শিশু, বয়স্কসহ সেখানকার সংখ্যালঘু রোহিঙ্গা নাগরিকেরা প্রাণ বাঁচাতে বাংলাদেশে ঢুকে পড়ছে। এসব লোক যাতে ভয়ভীতি ছাড়া আবাসভূমিতে প্রত্যাবর্তন করতে পারে, তা নিশ্চিত করতে রাখাইন রাজ্যে শান্তি ফিরিয়ে আনতে জরুরি ভিত্তিতে মিয়ানমারকে ব্যবস্থা নিতে বলেছে বাংলাদেশ।
গতকাল বুধবার দুপুরে ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূত মিউ মিন্ট থানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে বাংলাদেশ উদ্বেগ জানায়। এদিকে পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক বলেছেন, মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকদের বাংলাদেশে অনুপ্রবেশকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতি মোকাবিলায় একটি দায়িত্বশীল দেশের যা যা করা উচিত, তার সবকিছুই করছে বাংলাদেশ।
 

শ্রোতাবন্ধুরা ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।

নোট বাতিল ইস্যু-দেশব্যাপী বিরোধী প্রতিবাদ ২৮শে-গণশক্তি

নোট বাতিল ইস্যুতে  ২৮ নভেম্বর দেশব্যাপী প্রতিবাদ দিবসের ডাক

 

নোট বাতিলে জনগণের ওপরে দুর্দশার বোঝা চাপিয়ে দেবার বিরুদ্ধে বড় আকারে প্রতিবাদের পথে যাচ্ছে বিরোধী দলগুলি। সংসদে টানা প্রতিবাদের পরে ২৮শে নভেম্বর দেশব্যাপী ‘আক্রোশ দিবস’ বা প্রতিবাদ দিবসের ডাক দেওয়া হয়েছে। এই দিন নানা পদ্ধতিতেই রাজ্যে রাজ্যে এই প্রতিবাদ পালিত হবে। সি পি আই (এম) ও বামপন্থীরা রাজ্যের নির্দিষ্ট পরিস্থিতি অনুযায়ী গণবিক্ষোভ, রেল-সড়ক অবরোধ থেকে সাধারণ হরতাল পালন করবে।

রাজ্যসভায় মোদি, আক্রমণে মনমোহন, জবাব দিলেন জেটলি-আজকাল

বৃহস্পতিবারও এতটুকু পাল্টাল না সংসদের ছবি। নোট বাতিল নিয়ে যথারীতি উত্তাল সংসদ। বারবার মুলতুবি হল লোকসভা এবং রাজ্যসভার অধিবেশন। বিরোধীদের দাবি মেনে রাজ্যসভায় বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ❏বিরোধীদের খোঁচা দিয়ে জেটলি বললেন, ‘নোট বাতিল নিয়ে এত হইচই। টু জি, কমনওয়েলথ দুর্নীতি তাহলে কি ছিল? যেই সরকারের আমলে এত দুর্নীতি হয়েছে, তারাই এখন নোট বাতিল নিয়ে হইচই করছে।’
 

তীব্র হচ্ছে নোট সঙ্কট, বেপাত্তা আরবিআইয়ের গভর্নর উর্জিত প্যাটেল-সংবাদ প্রতিদিন

রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর উর্জিত প্যাটেল লাপাত্তা

 

পুরনো নোট বাতিলের ঘোষণায় গোটা দেশ তোলপাড়৷ ঠিক তখনই আশ্চর্যজনকভাবে বেপাত্তা খোদ রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর উর্জিত প্যাটেল ৷ এতবড় একটা ঘটনায় তাঁর নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিভিন্ন মহল৷ গোটা ঘটনা নিয়ে খুব সম্ভবত একবারই মুখ খুলেছিলেন উর্জিতবাবু৷#


পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৪