একতরফা ইসি নয়- খালেদা জিয়া,বর্তমান সংসদেই ইসির আইন চাই- এরশাদ
পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ২৬ নভেম্বর শনিবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।
বাংলাদেশের শিরোনাম:
- গ্লোবাল ওয়েলথ রিপোর্ট-২০১৬ 'বাংলাদেশিদের সম্পদ বৃদ্ধি ১ লাখ ৬৩ হাজার কোটি টাকা'
- ৯০ বছর বয়সে মারা গেলেন কিউবার বিপ্লবী নেতা ফিদেল ক্যাস্ত্রো-ইত্তেফাক
- রোহিঙ্গাদের মানবিক সহযোগিতা দিচ্ছে বাংলাদেশ-যুগান্তর
- নায়ক-নায়িকা নিয়ে রাস্তায় সেতুমন্ত্রী -মানবজমিন
- একতরফা ইসি নয়: খালেদা জিয়া- প্রথম আলো
- বেসরকারি বিনিয়োগে ভাটা-কালের কণ্ঠ
ভারতের শিরোনাম:
- খারিজ আপের দাবি, ঘুষ কাণ্ডে মোদিকে রেহাই সুপ্রিম কোর্টের - সংবাদ প্রতিদিন
- নতুন নোটের যোগান কম বাড়ছে সংকট -গণশক্তি
- বিচারক কই? মামলা তো জমবেই: টি এস ঠাকুর -আজকাল
শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ। প্রথমে বাংলাদেশ...
ফিদেল ক্যাস্ত্রোর মৃত্যুতে প্রসিডেন্ট, প্রধানমন্ত্রীর শোক-মানবজমিন/ইত্তেফাক
কিউবার অবিসংবাদিত নেতা ফিদেল কাস্ত্রোর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রেসিডেন্ট আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পৃথক শোক বার্তায় তারা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে পক্ষে দাঁড়ানোর জন্য বিপ্লবী এ নেতার অবদান স্মরণ করেন। প্রেসিডেন্ট আবদুল হামিদ শোক বার্তায় বলেন, ফিদেল কাস্ত্রোর মৃত্যু বিশ্ব রাজনীতির জন্য এক অপূরণীয় ক্ষতি। শোষিত মানুষের অধিকার প্রতিষ্ঠায় তার সংগ্রামের কথা বিশ্ববাসী আজীবন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে কিউবার এই নেতার সম্পর্কের কথা স্মরণ করেন শোক বার্তায়।
নায়ক-নায়িকা নিয়ে রাস্তায় সেতুমন্ত্রী-বাংলাদেশ প্রতিদিন
নিরাপদে পথ চলতে সবাইকে উৎসাহিত করার লক্ষ্যে সেলিব্রেটিদের সঙ্গে নিয়ে রাস্তায় নামলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর বনানী-কাকলীতে সেতুমন্ত্রীর সঙ্গে সড়ক নিরাপত্তা বিষয়ক এক ক্যাম্পেইনে যোগ দেন দেশের বেশ কয়েকজন চিত্রনায়ক, নায়িকা, শিল্পী ও কলাকুশলী। ওবায়দুল কাদের সেলিব্রেটিদের হাতে সড়ক নিরাপত্তা বিষয়ে স্টিকার ও লিফলেট তুলে দেন। তারাও মন্ত্রীর সঙ্গে যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের যাত্রীদের মধ্যে স্টিকার ও লিফলেট বিতরণ করেন।
একতরফা ইসি নয়: খালেদা জিয়া-প্রথম আলো
আলোচনার মাধ্যমে নির্বাচন কমিশন (ইসি) গঠনের জন্য সরকারের প্রতি আবারও আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আজ শনিবার এক টুইটে তিনি এই আহ্বান জানান।
টুইটে খালেদা জিয়া বলেন, ‘সকলের ভোটের অধিকার রক্ষায় সমঝোতার ইসি গড়ার প্রস্তাব বিএনপির একার বা তুচ্ছ কোনো বিষয় এটা নয়। তাই আলোচনা দরকার, একতরফা ইসি নয়।’
নির্বাচন কমিশন গঠন ও শক্তিশালী করার লক্ষ্যে সম্প্রতি ১৩ দফা প্রস্তাব তুলে ধরেন খালেদা জিয়া। ক্ষমতাসীন আওয়ামী লীগ ওই প্রস্তাব তাৎক্ষণিকভাবে প্রত্যাখ্যান করে। এরপরও বিএনপির নেতারা প্রস্তাবটি নিয়ে আলোচনার আহ্বান জানিয়ে আসছেন। প্রস্তাবটি নিয়ে আলোচনার জন্য রাষ্ট্রপতির সময় চেয়ে দলটি ইতিমধ্যে বঙ্গভবনে চিঠিও দিয়েছে।
দৈনিকটির অন্য একটি খবর- বর্তমান সংসদেই ইসির আইন চাই: এরশাদ
নতুন নির্বাচন কমিশন গঠনে বর্তমান সংসদেই আইন পাস করার দাবি জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত এইচ এম এরশাদ। একই সঙ্গে তিনি বর্তমান নির্বাচন-পদ্ধতির পরিবর্তন করে দলভিত্তিক ভোটের আনুপাতিক হারে সংসদ নির্বাচনের দাবি পুনর্ব্যক্ত করেন।
শিগগির হাসপাতাল ছাড়ছেন খাদিজা-ইত্তেফাক
রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিত্সাধীন সিলেটের কলেজছাত্রী খাদিজা বেগম নার্গিসের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তিনি শিগগির হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন।
আজ বেলা ১২ টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালের চিকিৎসকরা এ তথ্য জানান।
উল্লেখ্য, গত ৩ অক্টোবর শাবি ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুল আলম সিলেট এমসি কলেজের পুকুর পাড়ে সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা আক্তার নার্গিসকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে।
গ্লোবাল ওয়েলথ রিপোর্ট-২০১৬ 'বাংলাদেশিদের সম্পদ বৃদ্ধি ১ লাখ ৬৩ হাজার কোটি টাকা'-ইত্তেফাক
এক বছরের ব্যবধানে বাংলাদেশি প্রাপ্তবয়স্কদের হাতে থাকা সম্পদের পরিমাণ বেড়েছে ১ লাখ ৬৩ হাজার ৮শ কোটি টাকা। মাথাপিছু সম্পদের পরিমাণ ১০৬৯ ডলার বা ৮৩ হাজার টাকার বেশি। বিভিন্ন দেশের জনসংখ্যা ও তাদের সম্পদের তথ্য নিয়ে এই প্রতিবেদন প্রকাশ করছে সুইজারল্যান্ড ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ক্রেডিট সুইস রিসার্চ ইন্সটিটিউট।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশের মাথাপিছু জিডিপির পরিমাণ হলো ১৪০৪ মার্কিন ডলার। সবমিলিয়ে বাংলাদেশিদের সম্পদের আকার ২৫৮ বিলিয়ন ডলার। যা বিশ্ব সম্পদের মাত্র শুন্য দশমিক ১ভাগ। ২০০০ সালের শেষ দিকে বাংলাদেশের প্রাপ্তবয়স্কদের হাতে থাকা সম্পদের পরিমাণ ছিল মাত্র ৭৮ বিলিয়ন ডলার। গতবছর ২০১৫ সালে বাংলাদেশিদের সম্পদের পরিমাণ ছিল ২৩৭ বিলিয়ন ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে বাংলাদেশিদের প্রাপ্ত বয়স্কদের হাতে সম্পদের পরিমাণ বেড়েছে ২১ বিলিয়ন মার্কিন ডলার। টাকার অংকে ১ লাখ ৬৩ হাজার ৮শ কোটি টাকার সম্পদ বেড়েছে এক বছরের ব্যবধানে।
রোহিঙ্গাদের মানবিক সহযোগিতা দিচ্ছে বাংলাদেশ-যুগান্তর
মিয়ানমারে নিপীড়ন সহ্য করতে না পেরে রোহিঙ্গারা বাংলাদেশে ঢুকার চেষ্টা করছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আমাদের বিজিবি ও কোস্টগার্ড তাদের প্রচেষ্টাকে নিবৃত্ত করছে। আমাদের বিশাল একটা বর্ডার লাইন আছে, যেখানে এখনো কয়েকটি জায়গায় বিজিবির চৌকি নেই। কাজেই কিছু রোহিঙ্গা সেখান দিয়ে বাংলাদেশে ঢুকেছে।
তিনি বলেন, বাংলাদেশ আসা এসব রোহিঙ্গাদের আমরা চিকিৎসা দিয়ে মানবিক সহযোগিতা দিয়েছি।
মিয়ানমার সম্পর্কে বিএনপির দুই নেতার বক্তব্য ছাপা হয়েছে ইত্তেফাকে। বিএনপি নেতা ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, রোহিঙ্গাদের ব্যাপারে সরকার নিশ্চুপ। আর বিএনপির অপর নেতা আব্দুল্লাহ আল নোমান বলেছেন, মিয়ানমারে চলমান রোহিঙ্গা মুসলমানদের নিয়ে সমস্যা সমাধানের জন্য সরকারকে সর্বদলীয় বৈঠক ডাকার আহ্বান জানিয়েছেন ।
শ্রোতাবন্ধুরা ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।
নতুন নোটের যোগান কম বাড়ছে সংকট- গণশক্তি
ব্যাঙ্কের সামনে দীর্ঘ লাইন, কিন্তু টাকার জোগান নেই। কেন্দ্রের ঘোষণা মোতাবেক টাকা তোলার ঊর্ধ্বসীমা মেনে বৈধ টাকাও দিতে পারছে না ব্যাঙ্কগুলি। বাড়ছে ক্ষোভ। আশঙ্কা আগামী দু-তিন দিনে সংকট আরো তীব্র চেহারা নেবে।
দৈনিকটির অন্য একটি খবরের শিরোনাম:
ঠাকুরপুকুরের হোমে মিললো-১০ শিশু, মছলন্দপুরে পাওয়া গেল কঙ্কালও
সদ্যোজাত পাচার চক্রের সীমানা ক্রমশ বেড়েই চলছে। বাদুড়িয়া, কলেজ স্ট্রিট, বেহালা ছাড়িয়ে এবার এই চক্রের হদিস মিললো ঠাকুরপুকুরেও। দশ দশটি শিশুকন্যাকে উদ্ধার করা হলো ঠাকুরপুকুর হাঁসপুকুরের মানসিক প্রতিবন্ধীদের হোম ‘পূর্বাশা’ থেকে। এদিকে, মছলন্দপুরের রাঘবপুরে সুজিত মেমোরিয়াল ট্রাস্ট-এর কার্যালয়ের পিছনের মাঠে খোঁজ চালাতে গিয়ে শুক্রবার দু’টি শিশুর হাড়গোড় উদ্ধার করেন সি আই ডি-র গোয়েন্দারা।
বিচারক কই? মামলা তো জমবেই: টি এস ঠাকুর-আজকাল
আদালতে এত মামলা জমে আছে কেন? বিচারপ্রক্রিয়ায় এত সময় লেগে যায় কেন? এই নিয়ে মাঝে মাঝে মাঝেই সমালোচনা শুনতে হয়। এবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি টি এস ঠাকুর তার জবাব দিলেন। তিনি সরকারকে একহাত নিলেন। সাফ জানিয়ে দিলেন, বিচারপতিরা না থাকলে বিচার হবে কী করে? বিভিন্ন হাইকোর্টে অন্তত পাঁচশো বিচারপতির আসন খালি পড়ে আছে। এই পাঁচশো জন বিচারক কম নিয়ে কাজ করতে হচ্ছে।’
খারিজ আপের দাবি, ঘুষ কাণ্ডে মোদিকে রেহাই সুপ্রিম কোর্টের-সংবাদ প্রতিদিন
দেশকে দুর্নীতিমুক্ত করার ডাক দিয়েছেন তিনি৷ কালো টাকা রুখতে করেছেন ‘সার্জিক্যাল স্ট্রাইক’৷ বাতিল হয়েছে পুরনো ৫০০ ও ১০০০ রুপির নোট ৷ সেই তাঁর বিরুদ্ধেই উঠেছিল ঘুষ নেয়ার অভিযোগ ৷ তবে সুপ্রিম কোর্ট সাফ জানিয়ে দিল, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ঘুষ নেয়ার কোনও যুক্তিযুক্ত প্রমাণ নেই৷
তার বিরুদ্ধে অভিযোগ, গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালীন বিভিন্ন ব্যবসায়ী সংস্থার থেকে টাকা নিয়েছিলেন মোদি৷ অভিযোগ তোলা হয়েছিল আপের পক্ষ থেকে ৷ প্রমাণস্বরূপ, এক সংস্থার এন্ট্রির নমুনাও সামনে আনা হয়েছিল৷#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৬