৩৩ টাকা দরে আমন চাল কিনবে সরকার
পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ২৭ নভেম্বর রোববারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।
বাংলাদেশের শিরোনাম:
- প্রশাসনে তিন স্তরে ৫৩৬ কর্মকর্তার পদোন্নতি-ইত্তেফাক
- বাগেরহাটে 'বন্দুকযুদ্ধে জেএমবি সদস্য' নিহত-যুগান্তর
- জঙ্গিনেতা রাহমানীসহ ১০ জনের বিচার শুরু- প্রথম আলো
- গৃহকর্মী সুরক্ষা নীতিমালা দ্রুত আইনে পরিণত করার দাবি-কালের কণ্ঠ
- 'বন্ধ হচ্ছে না ইমো-ভাইবার-হোয়াটসআ্যাপ'-বাংলাদেশ প্রতিদিন
ভারতের শিরোনাম:
- মন কি বাত’ এখন ‘মোদি কি বাত’, কটাক্ষ মমতার- সংবাদ প্রতিদিন
- চলতি সপ্তাহে ভোগান্তি আরও বাড়তে পারে-গণশক্তি
- পাঞ্জাবে জেল ভেঙে খালিস্তানি নেতাকে নিয়ে পালাল দুষ্কৃতিরা-আজকাল
শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ। প্রথমে বাংলাদেশ...
জঙ্গিনেতা রাহমানীসহ ১০ জনের বিচার শুরু-প্রথম আলো/ইত্তেফাক/যুগান্তর
সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জসিম উদ্দিন রাহমানীসহ ১০ জনের বিরুদ্ধে বিচার শুরু করেছেন আদালত। আজ রোববার ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লার আদালতে অভিযোগ গঠনের পর মামলাটি বিচারের জন্য ঢাকার চার নম্বর অতিরিক্ত দায়রা জজ আদালতে বদলি করা হয়েছে।এই মামলায় সাক্ষ্য গ্রহণের জন্য ৪ জানুয়ারি দিন ধার্য করা হয়েছে।
মামলার নথিতে দেখা গেছে, জঙ্গি তৎপরতা, সরকার ও সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জসিম উদ্দিন রাহমানীসহ ১০ জনের বিরুদ্ধে ২০১৩ সালের ২৪ আগস্ট মোহাম্মদপুর থানায় মামলা করে পুলিশ।
প্রথম আলোর অন্য একটি খবরের শিরোনাম:
রাজাপুরে মুক্তিযোদ্ধা হত্যা আদালতে আ.লীগ ও যুবলীগ নেতার স্বীকারোক্তি
ঝালকাঠির রাজাপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক ও মুক্তিযোদ্ধা আবদুস সালাম হত্যা মামলায় আদালতে জবানবন্দি দিয়েছেন যুবলীগ নেতা শাহ আলম ও আওয়ামী লীগের নেতা মোস্তাফিজুর রহমান। গত বৃহস্পতিবার দেওয়া এ জবানবন্দিতে তাঁরা ঘটনার সঙ্গে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।
শাহ আলম রাজাপুরের সাতুরিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি। মোস্তাফিজুর রহমান ৭ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি ও সাতুরিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) স্থানীয় সদস্য। এ দুজনসহ চারজন ২২ নভেম্বর ঝালকাঠির জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে আত্মসমর্পণ করেন।
প্রশাসনে তিন স্তরে ৫৩৬ কর্মকর্তার পদোন্নতি-ইত্তেফাক
প্রশাসনে তিন স্তরে (উপসচিব, যুগ্ম সচিব ও অতিরিক্ত সচিব) ৫৩৬ জনকে পদোন্নতি দিয়েছে সরকার। রবিবার আলাদা তিনটি আদেশে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের নাম প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
যুগ্ম-সচিব থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত সচিব হয়েছেন ১৪৫ জন, উপসচিব থেকে যুগ্ম-সচিব হয়েছেন ১৮৬ এবং জ্যেষ্ঠ সহকারী সচিব থেকে ২০৫ জনকে পদোন্নতি দিয়ে উপসচিব করা হয়েছে। পদোন্নতি দেওয়ায় জনপ্রশাসনে বর্তমানে অতিরিক্ত সচিবের সংখ্যা হয়েছে ৫৫০ জন, যুগ্ম-সচিব ৬১৩ জন এবং উপসচিব এক হাজার ৪৭৯ জন।
এর আগে সর্বশেষ পদোন্নতি হয়েছিল এ বছরের ১৫ মে। তখন অতিরিক্ত সচিব পদে ৮৭ জন, যুগ্ম সচিব পদে ৬৯ জন এবং উপসচিব পদে ৬৪ জনকে পদোন্নতি দেয়া হয়।
সংশ্লিষ্টরা বলছেন, পদ সংখ্যার তুলনায় অস্বাভাবিক সংখ্যায় কর্মকর্তার পদোন্নতি দেওয়ায় প্রশাসনের সাংগঠনিক কাঠমোয় বড় চাপ তৈরি হবে। তারা বলছেন, পদোন্নতি প্রাপ্তদের সামজিক মর্যদা বাড়বে, কিছু আর্থিক সুবিধাও বাড়বে বটে কিন্তু তাদের প্রায় সকলকেই অধঃস্তন পদে থেকেই কাজ করতে হবে।
ইকবালের স্ত্রী ও সন্তানদের আত্মসমর্পন করতে হবে- যুগান্তর/মানবজমিন/প্রথম আলো
দুর্নীতির মামলায় আওয়ামী লীগের প্রাক্তন সংসদ সদস্য ডা. এইচ বি এম ইকবালের স্ত্রী মমতাজ বেগম, দুই ছেলে মঈনুদ্দিন ইকবাল, ইমরান ইকবাল ও মেয়ে নওরিন ইকবালকে নিম্ন আদালতের দেয়া সাজার কার্যকারিতা স্থগিত করে হাইকোর্টের আদেশ স্থগিত করেছে আপিল বিভাগ। রবিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এই আদেশ দেয়।
এর ফলে ইকবালের স্ত্রী মমতাজ বেগম, দুই ছেলে ও এক মেয়েকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে হবে বলে জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান।
‘ডাকাত হাতে-নাতে পেলে পিষে মেরে ফেলুন’-এমন ব্ক্তব্য দেয়ায়
চাঁপাইনবাবগঞ্জের এসপিকে হাইকোর্টে তলব-ইত্তেফাক
‘ডাকাত হাতে-নাতে পেলে পিষে মেরে ফেলুন’ -জনসমাবেশে এ ধরনের বক্তব্য দেয়ায় চাঁপাইনবাবগঞ্জের এসপি কে এম মোজাহেদুল ইসলামকে তলব করেছে হাইকোর্ট । আগামী ৪ ডিসেম্বর তাকে সশরীরে আদালতে হাজির হয়ে তার বক্তব্যের বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
রবিবার বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি মোহম্মদ উল্লাহর ডিভিশন বেঞ্চ এই আদেশ দেয়।
আদালত বলে, দেশটা কি মগের মুল্লুক? একজন সরকারি কর্মকর্তা কিভাবে আইন বহির্ভূতভাবে এ ধরনের বক্তব্য দেন? এটা মেনে নেয়া যায় না।
একটি জাতীয় দৈনিকে প্রকাশিত এ সংক্রান্ত প্রতিবেদনে আমলে নিয়ে আজ হাইকোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে এই আদেশ দেয়।
বাগেরহাটে 'বন্দুকযুদ্ধে জেএমবি সদস্য' নিহত-যুগান্তর
বাগেরহাট সদর উপজেলায় পুলিশের গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ ওই ব্যক্তিকে 'জেএমবি সদস্য' দাবি করে বলেছে, 'বন্দুকযুদ্ধে' তার মৃত্যু হয়েছে।
রোববার ভোর ৪টার দিকে সদর উপজেলার রাখালগাছি সিএন্ডবি বাজার এলাকায় কথিত এ বন্দুকযুদ্ধ হয়।
তবে পুলিশ নিহত ওই ব্যক্তিকে জেএমবি সদস্য বলে দাবি করলেও তাৎক্ষণিক তার নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি।
৩৩ টাকা দরে আমন চাল কিনবে সরকার-যুগান্তর
চলতি মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে প্রতি কেজি ৩৩ টাকা দরে তিন লাখ মেট্রিক টন আমন চাল সংগ্রহ করবে সরকার।
আগামী ১ ডিসেম্বর শুরু হয়ে আমন সংগ্রহ কর্মসূচি চলবে ১৫ মার্চ পর্যন্ত।
সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে রবিবার খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
সভা শেষে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
সরকার আমনে গত বছর ৩১ টাকা দরে দুই লাখ টন চাল সংগ্রহ করেছিল। তখন উৎপাদন খরচ প্রতি কেজি ধানে হয়েছিল ১৮ টাকা ৫০ পয়সা ও চালে ২৮ টাকা ৫০ পয়সা।
খাদ্যমন্ত্রী বলেন, এবার আমনে প্রতি কেজি ধান উৎপাদনে কৃষকের ব্যয় ১৯ টাকা ও চাল উৎপাদন ব্যয় ২৯ টাকা।
গত বছরের তুলনায় চলতি বছর কৃষকের উৎপাদন খরচ ৫০ পয়সা বাড়লেও সরকারি সংগ্রহ মূল্য এক টাকা কমেছে।
'বন্ধ হচ্ছে না ইমো-ভাইবার-হোয়াটসআ্যাপ'-বাংলাদেশ প্রতিদিন
রবিবার ইমো, ভাইবার, হোয়াটসঅ্যাপ বন্ধের বিষয়ে সংবাদমাধ্যমে প্রকাশিত বিটিআরসি’র বক্তব্যের বিষয়ে বক্তব্য রাখেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। এ সময় তিনি জানালেন, অবৈধ ভিওআইপি বন্ধে জোরদার অভিযান চলছে, চলবে। এ ক্ষেত্রে ইমো, ভাইবার, হোয়াটসআ্যাপ বন্ধ হচ্ছে না। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের তথ্য ও জনসংযোগ কর্মকর্তার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। তারানা হালিম বলেন, ‘বন্ধ হতে হবে ইলিগ্যাল ভিওআইপি। এক্ষেত্রে সরকারের অবস্থান হলো জিরো
শ্রোতাবন্ধুরা ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।
পাঞ্জাবে জেল ভেঙে খালিস্তানি নেতাকে নিয়ে পালাল দুষ্কৃতিরা-আজকাল
ফিল্মি কায়দায় পাঞ্জাবের জেল থেকে পালালো ৫ বন্দি। রোববার সকাল বেলা পাঞ্জাবের নভ জেলে তিনটি গাড়ি নিয়ে জেলে ঢুকেই আকাশে গুলি ছুড়তে শুরু করে। ঘটনার আকস্মিকতায় চমকে ওঠেন নিরাপত্তারক্ষীরা। পুলিসের রিপোর্ট মোতাবেক, প্রায় ১০০ রাউন্ড এলোপাতাড়ি গুলি চালায় তারা। সেই গোলামলের মধ্যেই গরাদের ভিতর থেকে ছাড়িয়ে নেয় খালিস্তানি নেতা হারমিন্দর সিং মিন্টো সহ আরো ৫ জনকে। বছর ৪৭ এর মিন্টোর বিরুদ্ধে কম করে ১০ টি মামলা ঝুলছে। ২০১৪ সালে পাঞ্জাব পুলিসের তৎপরতায় দিল্লি বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছিল তাকে।
চলতি সপ্তাহে ভোগান্তি আরও বাড়তে পারে-গণশক্তি
খবরে বলা হয়েছে, রাজ্যের সত্তর শতাংশ এ টি এম এখনও নতুন নোট সরবরাহের উপযুক্ত হয়নি। তাছাড়া নতুন নোটের জোগান প্রয়োজনের তুলনায় অনেক কম। দৈনিকটির অন্য একটি খবরে সি পি আই (এম)-র রাজ্য সম্পাদক সূর্য মিশ্রের মন্তব্য ছাপা হয়েছে। তিনি বলেছেন, এখনই রুখে না দাঁড়ালে আরো বড় মূল্য দিতে হবে। আচমকা নোট বাতিলের সিদ্ধান্তে বিপর্যস্ত মানুষের দুর্ভোগ কমাতে জরুরি পদক্ষেপের দাবিতে ১৮টি বামপন্থী ও গণতান্ত্রিক দল আগামী ২৮শে নভেম্বর রাজ্যে ১২ঘণ্টার যে সাধারণ ধর্মঘটের আহ্বান জানিয়েছে রাজ্যের তৃণমূল সরকার তার বিরোধিতা করে নোটিস জারি করেছে।
ডিজিটাল লেনদেন হলেই এগোবে ভারত: মোদি-সংবাদ প্রতিদিন
কৃষকদের উন্নয়ন হলে তবেই দেশ এগোবে৷ বিজেপি সরকার কৃষকদের সরকার, পিছিয়ে পড়া মানুষের সরকার৷ উত্তরপ্রদেশের কুশিনগরে নির্বাচনী প্রচারে গিয়ে এই ভাষাতেই কৃষকদের গুণগান গাইলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ বললেন, “এ দেশের কোনও সমস্যা থাকত না, যদি কৃষকদের জীবনযাপনের মানোন্নয়নের দিকে নজর দেয়া হত৷ শক্তিশালী কৃষক, স্বচ্ছল গ্রামই ভারতের শক্তি৷”
মন কি বাত’এখন ‘মোদি কি বাত’, কটাক্ষ মমতার-সংবাদ প্রতিদিন
প্রধানমন্ত্রীর নোট বাতিলের সিদ্ধান্ত নেওয়ার পর পক্ষকাল পেরিয়েছে৷ পরিস্থিতি এখনও স্বাভাবিক নয়৷ এ অবস্থায় এই প্রথমবার মন কি বাত-এর আসরে হাজির হয়েছিলেন মোদি৷ আর তাকেই কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ জানালেন, ‘মন কি বাত’ এখন ‘মোদি কি বাত’ হয়ে গিয়েছে৷ সরকারি ব্যবস্থার অপব্যবহার করছেন মোদি৷#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৭