রিজার্ভ চুরি: বাংলাদেশ ব্যাংকের ওপর দায় চাপাচ্ছে আরসিবিসি-মানবজমিন
পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ২৯ নভেম্বর মঙ্গলবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।
বাংলাদেশের শিরোনাম:
- হাঙ্গেরির প্রস্তাবে বাংলাদেশের সহযোগিতার নতুন দ্বার উন্মোচন-ইত্তেফাক
- খাদিজাকে হত্যাচেষ্টা: বদরুলের বিচার শুরু-যুগান্তর
- রিজার্ভ চুরি: বাংলাদেশ ব্যাংকের ওপর দায় চাপাচ্ছে আরসিবিসি-মানবজমিন
- দুই পা হারানো বাবার চিকিৎসার খরচ রাষ্ট্রকে দেওয়ার নির্দেশ- প্রথম আলো
- তারেককে ৩০ দিনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ-কালের কণ্ঠ
- 'বাংলাদেশের মতো শক্তিশালী ইসি কোন দেশে নেই'-বাংলাদেশ প্রতিদিন
ভারতের শিরোনাম:
- এবার দলের নেতাদের অ্যাকাউন্টেই নজর মোদির- সংবাদ প্রতিদিন
- মোদীকে অসন্তোষের বার্তা দিলো দেশ-গণশক্তি
- মহারাষ্ট্রের পর গুজরাটেও জয় বি জে পি–র-আজকাল
পাঠক! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ। প্রথমে বাংলাদেশ...
হাঙ্গেরির প্রস্তাবে বাংলাদেশের সহযোগিতার নতুন দ্বার উন্মোচন-ইত্তেফাক
বাংলাদেশে চিকিৎসা, প্রযুক্তি ও কৃষি বিজ্ঞানসহ বিভিন্ন ক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য নতুন বৃত্তি কর্মসূচি প্রবর্তনের প্রস্তাব দিয়েছেন হাঙ্গেরির প্রেসিডেন্ট ড. জানোস আদের। তার এই প্রস্তাবে বাংলাদেশের সঙ্গে সহযোগিতার নতুন দ্বার উন্মোচিত হলো।
সোমবার সান্দর প্যালেসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে হাঙ্গেরির প্রেসিডেন্ট ড. জানোস আদের এই প্রস্তাব দেন।
বাংলাদেশের প্রধানমন্ত্রী বুদাপেস্টে পানি শীর্ষ সম্মেলন-২০১৬-তে অংশ নিতে চারদিনের দ্বিপক্ষীয় সফরে এখন হাঙ্গেরির রাজধানীতে অবস্থান করছেন। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে পররাষ্ট্র সচিব এম শহীদুল হক বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আজ আনুষ্ঠানিক বৈঠকে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর আরবান এই বৃত্তি কর্মসূচি ঘোষণা করবেন।
এছাড়াও প্রেসিডেন্ট আদের মৎস্যচাষ (পিসিকালচার) এবং জলজ উদ্ভিদ ও জীব-জন্তুর বংশ বিস্তারের (একুয়াকালচার) ক্ষেত্রে বাংলাদেশ সরকারকে সহযোগিতা করবেন। এছাড়াও আদের বলেন, পানি পরিশোধন ও বন্যা আক্রান্ত এলাকায় বাংলাদেশকে সহায়তা করতে চায় হাঙ্গেরি।
খাদিজাকে হত্যাচেষ্টা: বদরুলের বিচার শুরু-যুগান্তর/ইত্তেফাক/প্রথম আলো
সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা বেগম নার্গিসকে হত্যাচেষ্টা মামলার আসামি ছাত্রলীগ নেতা বদরুল আলমের বিচার শুরু হয়েছে।
মঙ্গলবার দুপুরে অভিযোগপত্র গ্রহণ করে সিলেট মহানগর মুখ্য বিচারিক হাকিম সাইফুজ্জামান হিরো বদরুল আলমের জামিন নামঞ্জুর করেন। একই সঙ্গে আগামী ৫ ডিসেম্বর এ মামলায় সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন আদালত।
উল্লেখ্য, গত ৩ অক্টোবর এমসি কলেজ ক্যাম্পাসে সিলেট সরকারি মহিলা কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী খাদিজা আক্তার নার্গিসকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে শাবি ছাত্রলীগের সহসম্পাদক বদরুল আলম।
দুই পা হারানো বাবার চিকিৎসার খরচ রাষ্ট্রকে দেওয়ার নির্দেশ-প্রথম আলো
ঝিনাইদহের কালীগঞ্জে মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় দুই পা হারানো বাবা শাহানূর বিশ্বাসের চিকিৎসার খরচ রাষ্ট্রকে বহন করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। স্বাস্থ্যসচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের প্রতি এই নির্দেশ দেয়া হয়েছে।
আজ মঙ্গলবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে শাহনূর বিশ্বাসের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের মহাপরিদর্শক ও ঝিনাইদহের পুলিশ সুপারের প্রতি নির্দেশ দেয়া হয়েছে।
এর আগে ২২ নভেম্বর হাইকোর্ট এক আদেশে ঝিনাইদহের পুলিশ সুপারকে সব আসামিকে ৭২ ঘণ্টার মধ্যে কারাবন্দী করে ২৭ নভেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলেন। সেদিন রাষ্ট্রপক্ষ প্রতিবেদন দাখিলের জন্য সময় চায়। আদালত আজ প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করেন। এর ধারাবাহিকতায় আদালতে রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস পুলিশ সুপারের প্রতিবেদন তুলে ধরেন। এতে বলা হয়, ওই ঘটনায় করা মামলায় ১৬ আসামির মধ্যে তিনজন আগে গ্রেপ্তার হন। ১৩ জন পরে আত্মসমর্পণ করেন। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে একজন জামিনে আছেন।
আমাদের কাঁধে শিক্ষকের লাশের ভার-প্রথম আলো মন্তব্য প্রতিবেদনে লেখা হয়েছে,
চিন্তা করার চেষ্টা করছি কিন্তু পারছি না। শিক্ষক আমাদের প্রথম নায়ক। আমার কোনো শিক্ষকের মুখ কল্পনা করার চেষ্টা করছি। কল্পনা করার চেষ্টা করছি, কীভাবে সেই নায়ককে পিটিয়ে হত্যা করা হচ্ছে। কল্পনা করার চেষ্টা করছি, প্রায় পুত্রের বয়সী, ছাত্রের বয়সী পুলিশ আমার বীরদের পেটাচ্ছে। না, আমি ফুলবাড়িয়ার শিক্ষক আবুল কালাম আজাদ কিংবা ভ্যানচালক সফর আলীকে চিনি না। না, আমি ওই নিহত শিক্ষকের মুখের জায়গায় আমার কোনো শিক্ষকের মুখ বসাতে পারছি না। যেমন পারছি না পুলিশের লাঠির আঘাতে কোনো আপনজনের মৃত্যু কল্পনা করতে—হয়তো সফর আলীর মতো কেউ। কিন্তু সেটাই ঘটেছে। অধ্যাপক আবুল কালাম আজাদ ও সফর আলীর পরিবার পুলিশের কাছ থেকে স্বজনের ‘লাশ’ উপহার পেয়েছে।
এ সম্পর্কে মানবজমিনের একটি খবরে বলা হয়েছে, ফুলবাড়িয়া ডিগ্রি কলেজ জাতীয়করণের দাবিতে আন্দোলনকারী শিক্ষকদের ওপর পুলিশের হামলার ঘটনায় গঠিত তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেছে।
রিজার্ভ চুরি: বাংলাদেশ ব্যাংকের ওপর দায় চাপাচ্ছে আরসিবিসি-মানবজমিন
রিজার্ভের ৮ কোটি ১০ লাখ ডলার চুরি দায় বাংলাদেশের ওপর চাপাচ্ছে ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংক করপোরেশন (আরসিবিসি)। দেশটির অনলাইন এবিএস-সিবিএস নিউজ এ খবর দিয়েছে। এতে বলা হয়েছে, আরসিবিসি মঙ্গলবার বলেছে, বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের গাফিলতির কারণেই তাদের বৈদেশিক রিজার্ভ থেকে ওই অর্থ চুরি হয়েছে। ওই ঘটনার জন্য আরসিবিসি দায়ী হতে পারে না।
চাঁদাবাজির ৩ মামলায় তারেক রহমানকে আত্মসমর্পনের নির্দেশ-কালের কণ্ঠ/মানবজমিন
বিগত সেনাসমর্থিত তত্ত্ববধায়ক সরকারের আমলে চাঁদাবাজির পৃথক তিন মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে এক মাসের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পনের নির্দেশ দিয়েছে হাইকোর্টে। বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর ডিভিশন বেঞ্চ বুধবার এ আদেশ দেয়। একই সঙ্গে চাঁদাবাজির তিন মামলা ও আয়কর সংক্রান্ত আরো দুটি মামলার বিচার কার্যক্রমের ওপর দেয়া স্থগিতাদেশও প্রত্যাহার করে নেয়া হয়েছে। ফলে এসব মামলার বিচারকাজ চলতে আর কোনো আইনগত বাধা নেই।
‘গরীব দখলদারদের পুলিশ তাড়ায়, বড়লোকরা পুলিশকে তাড়ায়’
এ শিরোনামের খবরে দৈনিক মানবজমিন লিখেছে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক বলেছেন, আমি বর্তমানে দুই ধরনের দখলদাদের সঙ্গে বসবাস করছি। এক ধরনের দখলদার গরিব, যারা ফুটপাত দখল করেছে, যাদের পুলিশ তাড়ায়। আরেক ধরনের দখলদার ধনী। যারা সরকারের জায়গা দখল করে বাড়ি বানায়, গ্যারেজ বানায়। যারা উল্টো পুলিশকে তাড়ায়। মঙ্গলবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির বার্ষিক সাধারণ সভা ২০১৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
'বাংলাদেশের মতো শক্তিশালী ইসি কোন দেশে নেই'
বাংলাদেশ প্রতিদিনের এ খবরটিতে লেখা হয়েছে, বিএনপি পরিকল্পিত ভাবে দেশের নির্বাচন ব্যবস্থাকে এবং নির্বাচন কমিশনকে বিতর্কিত করতে চায়। সুতরাং তাদের কাছে কোন নির্বাচন কমিশনই গ্রহণ যোগ্য হবে না, একমাত্র আজিজ মার্কা নির্বাচন কমিশন গঠন করা হলে তাদের কাছে গ্রহণযোগ্য হবে। বাংলাদেশের নির্বাচন কমিশনের মতো এত স্বচ্ছ প্রক্রিয়ায় নির্বাচন কমিশন গঠনের কোন নজীর কোন গণতান্ত্রিক দেশে আছে বলে জানা নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এমপি।
এদিকে যুগান্তরের একটি খবরের শিরোনাম: ইসিকে শেষ সুযোগ গ্রহণের আহ্বান রিজভীর
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে নিরপেক্ষ কর্মকর্তাদের বসিয়ে সুষ্ঠু নির্বাচনী পরিবেশ ফিরিয়ে আনতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি।
মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে
তিনি এ আহ্বান জানান একইসাথে অভিযোগ করে বলেন, 'বর্তমান নির্বাচন কমিশন বিগত নির্বাচনগুলোতে নির্লজ্জভাবে শাসক দলের নকশা বাস্তবায়ন করেছে। স্বাধীন ও নিরপেক্ষ কোনো ভূমিকা পালন করেনি।
পাঠক ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।
এবার দলের নেতাদের অ্যাকাউন্টেই নজর মোদির-সংবাদ প্রতিদিন
কথা দিয়েছিলেন দুর্নীতি রুখবেন৷ দেশে কালো টাকার রমরমা বন্ধ করবেন৷ আর তা করতে গিয়ে নোট বাতিলের মতো ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন৷ তবে সেখানেই শেষ নয়৷ তাঁর অভিযান থেকে রেহাই পাচ্ছেন না তাঁর ঘরের লোকেরাও৷ এবার খোদ বিজেপি নেতাদের অ্যাকাউন্টের তথ্য সামনে আনার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী৷
দৈনিকটির অন্য একটি খবরে বলা হয়েছে, নোট বাতিল ইস্যুতে লখনউ থেকে মোদিকে কড়া ভাষায় আক্রমণ করেছেন মমতা ব্যানার্জী।
মহারাষ্ট্রের পর গুজরাটেও জয় বি জে পি–র-আজকাল
নোট বাতিলকে সমর্থনই করেছে মানুষ। তার প্রভাব পড়েছে বি জে পি–র ভোট বাক্সে। মহারাষ্ট্রের পর গুজরাটেও তাই স্থানীয় নির্বাচনে নজরকাড়া ফল করল বি জে পি। মঙ্গলবার পুরসভা, জেলা পঞ্চায়েত এবং তালুক পঞ্চায়েতের ১২৬ আসনের ফলাফল ঘোষণা করেছে গুজরাট রাজ্য নির্বাচন কমিশন।
মোদীকে অসন্তোষের বার্তা দিলো দেশ-গণশক্তি
অসন্তোষ জানিয়ে বিক্ষোভে নামলো সারা দেশে। বিরোধী রাজনৈতিক দলগুলির ‘আক্রোশ দিবস’-এ বিভিন্ন ধরনে হয়েছে প্রতিবাদ। রেল লাইন বা রাস্তায় অবরোধে বামপন্থীরা ছাড়াও শামিল হয়েছে সমাজবাদী পার্টি বা রাষ্ট্রীয় জনতা দল। নোট বাতিলে আমজনতার হয়রানিতে ক্ষোভ জানিয়ে বিরোধীরা সরব থাকলেন সংসদের ভেতরে এবং বাইরে।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৯