ডিসেম্বর ০১, ২০১৬ ১৫:২৭ Asia/Dhaka

পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ১ ডিসেম্বর বৃহষ্পতিবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।

বাংলাদেশের শিরোনাম:

  • আদালতে নিজেকে নির্দোষ দাবি খালেদা জিয়ার-ইত্তেফাক
  • গুলশান হত্যাযজ্ঞে আইএসের গভীর সম্পৃক্ততার নতুন প্রমাণ-যুগান্তর
  • বাকি ৬৬ মিলিয়ন ডলার ফেরত পাওয়ার আশা আইনমন্ত্রীর-মানবজমিন
  • উবারের সঙ্গে বাস্তবসম্মত সমাধানের আশ্বাস কাদেরের - প্রথম আলো
  • 'শেখ মুজিবের জন্ম হয়েছিল বলে বাংলাদেশ স্বাধীন হয়েছে' -বাংলাদেশ প্রতিদিন

ভারতের শিরোনাম:

  • মুখ্যমন্ত্রীর বিমানের জরুরি অবতরণ, হত্যার চক্রান্তের অভিযোগ তৃণমূলের- সংবাদ প্রতিদিন
  • নবজাতক পাচারের প্রতিবাদ পথে নেমেই-গণশক্তি
  • নিজের জায়গা ছাড়লেন না মোদি-আজকাল

শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ। প্রথমে বাংলাদেশ...

আদালতে নিজেকে নির্দোষ দাবি খালেদা জিয়ার-ইত্তেফাক/যুগান্তর/মানবজমিন/প্রথম আলো

আদালত থেকে বেরিয়ে বেগম খালেদা জিয়া

 

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থনের জন্য আদালতে হাজির হয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নিজেকে নির্দোষ দাবি করেছেন। চ্যারিটেবল ট্রাস্টের তিন কোটি ১৫ লাখ টাকা আত্মসাতের মামলায় আদালতের কাছে সুবিচার চেয়েছেন তিনি।   
বৃহস্পতিবার ঢাকার তিন নম্বর বিশেষ জজ আদালতে হাজির হয়ে আত্মপক্ষ সমর্থন করে খালেদা জিয়া বলেন, তিনি সাফাই সাক্ষী হাজির করতে চান।
এর আগে এই মামলায় গত ১০ নভেম্বর আদালতে হাজিরা দেন খালেদা জিয়া।  ঐদিন তদন্ত কর্মকর্তাকে তার পক্ষে জেরা করা হয়। জেরা শেষে আত্মপক্ষ শুনানির জন্য সময়ের আবেদন জানান খালেদা জিয়া।এদিকে যুগান্তর পত্রিকার একটি খবরে বলা হয়েছে, রাষ্ট্রদ্রোহসহ ১০ মামলায়
৯ জানুয়ারি হাজির না হলে খালেদার জামিন বাতিল করা হবে বলে জানিয়েছে আদালত।

রোহিঙ্গা সম্পর্কে  ইত্তেফাকে প্রকাশিত দুটি খবর এরকম-আসছে রোহিঙ্গা, বাড়ছে বসতি/রোহিঙ্গাদের পাশে এই সরকার দাঁড়াবে না এটাই স্বাভাবিক: বিএনপি

মিয়ানমার থেকে রোহিঙ্গারা আসছে বাংলাদেশে

 

খবর দুটিতে বলা হয়েছে,স্থানীয় দালালরা টাকার বিনিময়ে এসব রোহিঙ্গাদের পৌঁছে দিচ্ছে কুতুপালং রোহিঙ্গা বস্তিতে। প্রতি রাতে রোহিঙ্গা অনুপ্রবেশ অব্যাহত থাকায় তাদের থাকার জায়গা নেই। ফলে এসব রোহিঙ্গারা তৈরি করছে নতুন নতুন ঝুঁপড়ি ঘর। বৃহস্পতিবার কুতুপালং ক্যাম্প ঘুরে এসব তথ্য জানা গেছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘নিজ দেশে গুম খুন করা সরকার অন্য দেশের নির্যাতিত মানুষের পাশে দাঁড়াতে পারে না। সরকার নিজ দেশে গুম খুন অপহরণ ও নিরীহ মানুষকে অত্যাচার করছে। তারা মিয়ানমারের নির্যাতিত অসহায় নিপীড়িত মানুষের পাশে দাঁড়াতে চাইবে না এটাই স্বাভাবিক।’
জাতীয় প্রেসক্লাবে বৃহস্পতিবার দুপুরে জাতীয়তাবাদী ওলামা দল আয়োজিত মিয়ানমারে মুসলিম নির্যাতন ও গণহত্যার প্রতিবাদে আয়োজিত এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।

বাকি ৬৬ মিলিয়ন ডলার ফেরত পাওয়ার আশা আইনমন্ত্রীর-মানবজমিন

বাংলাদেশের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক (ফাইল ফটো)

 

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের চুরি হওয়া অর্থ আদায়ে ফিলিপাইন সরকার সব ধরণের ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। অর্থ উদ্ধারে ব্যবস্থা নিতে ফিলিপাইন সফর শেষে সচিবালয়ে বৃহস্পতিবার সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রী। আইনমন্ত্রী সাংবাদিকদের বলেন, মোট রিজার্ভের ৬৬ মিলিয়ন ডলার এখনো উদ্ধারের বাকি আছে। ইনশাআল্লাহ, ওই পুরো টাকাই ফেরত পাব।
চার দিনের ফিলিপাইন সফর শেষে টাকা উদ্ধারের অগ্রগতি সম্পর্কে আইনমন্ত্রী আরও বলেন, ফিলিপাইনের আদালতে আইনি লড়াইয়ের পাশাপাশি ওই দেশের সরকারের সঙ্গে আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি।
 

গুলশান হত্যাযজ্ঞে আইএসের গভীর সম্পৃক্ততার নতুন প্রমাণ-যুগান্তর

গুলশান হামলার পরিকল্পনার জন্য অভিযুক্ত নিহত বাংলাদেশি-কানাডিয়ান তামিম আহমেদ চৌধুরী

 

রাজধানী ঢাকার গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলা চালিয়ে বিদেশীসহ ২২জনকে হত্যার ঘটনায় মধ্যপ্রাচ্যভিত্তিক সন্ত্রাসী সংগঠন আইএসআইএল বা দায়েশের সম্পৃক্ততা ছিল।
এমনকি এ হামলার পরিকল্পনার জন্য অভিযুক্ত নিহত বাংলাদেশী-কানাডিয়ান তামিম আহমেদ চৌধুরী হামলার আগে আইএসের কাছ থেকে অনুমোদনও নিয়েছিলেন।
বাংলাদেশ পুলিশের এক শীর্ষ কর্মকর্তার বরাতে করা এক বিশেষ প্রতিবেদনে এ কথা জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

উবারের সঙ্গে বাস্তবসম্মত সমাধানের আশ্বাস কাদেরের-প্রথম আলো

বাংলাদেশের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের (ফাইল ফটো)

 

স্মার্টফোন অ্যাপ্লিকেশন নির্ভর ট্যাক্সি পরিবহনসেবা উবারের সঙ্গে সরকারের যৌক্তিক ও বাস্তবসম্মত সমাধান হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় ওবায়দুল কাদের এ আশ্বাস দেন। তিনি আরও বলেন, বিআরটিএর সঙ্গে তাদের যে ঝামেলা তৈরি হয়েছিল তা আমি বন্ধ করেছি।  সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, উবারকে নিরুৎসাহিত করা ঠিক হবে না। তাহলে আমাদের গণপরিবহনের সংকট হবে। আমরা ডিজিটাল বাংলাদেশের কথা বলছি। ডিজিটাল বাংলাদেশে নতুন প্রযুক্তি এলে যদি নিরুৎসাহিত করি, তাহলে এটা দ্বি-চারিতা হবে। এটা স্ব-বিরোধী হবে।
শিল্প কারখানা নয় মৃত্যুফাঁদ-দুর্ঘটনায় দায়ী মালিকের বিচার হয় না । এক দশকে ৮১৮৩ জনের মৃত্যু -বাংলাদেশ প্রতিদিনের অনুসন্ধানী প্রতিবেদন
দেশে এমন কিছু শিল্প কারখানা রয়েছে যেগুলো এক একটি মৃত্যুফাঁদ। এসব কারখানা নির্মাণের সময় শ্রমিকদের নিরাপত্তার বিষয়টি বরাবরই উপেক্ষিত থেকেছে; যার পরিণতিতে প্রতি বছরই এ ধরনের কোনো না কোনো কারখানায় দুর্ঘটনায় শ্রমিকের করুণ মৃত্যু হচ্ছে। শ্রমিকনেতা, আন্তর্জাতিক সংগঠনসহ বিভিন্ন মহলের পক্ষ থেকে শ্রমবান্ধব কারখানা তৈরির জন্য বার বার চাপ দেওয়া হলেও এখনো দেশের অধিকাংশ শিল্প কারখানা সে অর্থে শ্রমবান্ধব হয়ে উঠতে পারেনি। কোনো কারখানায় একটি দুর্ঘটনার পর কিছু দিন মালিকদের শাস্তি ও কারখানার নিরাপত্তাব্যবস্থা বাড়ানোর জন্য আলোচনা করা হলেও পরে সব আগের মতোই চলতে থাকে। 

'শেখ মুজিবের জন্ম হয়েছিল বলে বাংলাদেশ স্বাধীন হয়েছে' 

বাংলাদেশের প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার (ফাইল ফটো)

 

বাংলাদেশ প্রতিদিনের এ খবরটিতে বলা হয়েছে, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার বলেছেন, একজন শেখ মুজিবের জন্ম হয়েছিল বলে বাংলাদেশ স্বাধীন হয়েছে। একজন শেখ হাসিনার জন্ম হয়েছিল বলে বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে, যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে। মুক্তিযোদ্ধাদের রক্ত বৃথা যায়নি। এখন যদি আমরা বিদেশ থেকে কোন পণ্য সামগ্রী নাও আনি তবুও মোটা ভাত, মোটা কাপড়ে আমরা বেঁচে থাকতে পারব। আজ সকালে প্রজন্ম ৭১ আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন মোস্তাফিজুর রহমান ফিজার। 
 

শ্রোতাবন্ধুরা ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।
মুখ্যমন্ত্রীর বিমানের জরুরি অবতরণ, হত্যার চক্রান্তের অভিযোগ তৃণমূলের-সংবাদ প্রতিদিন

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী

 

কোনওক্রমে প্রাণে বাঁচলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আকাশে জ্বালানি কমে যাওয়ায় তাঁকে নিয়ে বুধবার সন্ধ্যায় কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ করে ইন্ডিগোর পাটনা-কলকাতা উড়ান৷ বিমানে ছিলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, সাংসদ মুকুল রায়, রাজ্যের নিরাপত্তা অধিকর্তা বীরেন্দ্র-সহ প্রায় ১৮০ জন যাত্রী৷ কেন, কীভাবে যথেষ্ট জ্বালানি না থাকা সত্ত্বেও বিমানটি মুখ্যমন্ত্রীর মতো ভিভিআইপিকে নিয়ে আকাশে উড়ল, কেন কলকাতার কাছে এসেও নামার অনুমতি মিলতে প্রায় চল্লিশ মিনিট দেরি হল, তা নিয়ে প্রবল আলোড়ন তৈরি হয়েছে৷ ফিরহাদ অভিযোগ করেছেন, “মুখ্যমন্ত্রীকে হত্যার চক্রান্ত হয়েছিল৷
দৈনিকটির অন্য একটি খবরে বলা হয়েছে, মুখ্যমন্ত্রীর বিমান বিভ্রাট নিয়ে সংসদে ক্ষোভপ্রকাশ তৃণমূলের। রাজ্যসভায় বিষয়টিকে ষড়যন্ত্র বলে অভিযোগ তুলেছেন সাংসদ ডেরেক’ও ব্রায়েন।
 

নবজাতক পাচারের প্রতিবাদ পথে নেমেই-গণশক্তি

নবজাতক পাচারের প্রতিবাদে মহিলা সমিতির মিছিল

 

রাজ্যে শিশু হত্যা ও পাচারের তীব্র নিন্দা করে বুধবার লালবাজার অভিযানে শামিল হয়ে বিক্ষোভ দেখালেন মহিলারা। দোষীদের শাস্তির দাবিতে সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির ডাকা এই মিছিল ব্যারিকেড দিয়ে পথ আটকালো পুলিশ। শেষ পর্যন্ত রাস্তায় বসে পড়েই প্রতিবাদ জানালেন তাঁরা। আরো তীব্র আন্দোলনের ডাক দিলেন নেত্রীবৃন্দ। অন্যদিকে এদিন নবজাতক শিশুদের নিরাপত্তার দাবিতে উপযুক্ত সরকারি হস্তক্ষেপের দাবি জানিয়েছে জনস্বাস্থ্য কমিটিও।দৈনিকটির অন্য একটি খবরে লেখা হয়েছে-শিশু পাচারে যুক্ত বি জে পি নেতা গ্রেপ্তার এবং উদ্ধার করা হয়েছে ২শিশুকন্যা।

নিজের জায়গা ছাড়লেন না মোদি-আজকাল

জায়গা ছেড়ে উঠলেন না মোদি। বৃহস্পতিবার এরকমই বিরল ঘটনার সাক্ষী থাকল রাজ্যসভা। সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অনুপস্থিতি নিয়ে বরাবর প্রশ্ন তোলেন বিরোধীরা। বৃহস্পতিবার অধিবেশন চলাকালীন ১৫ মিনিটের জন্য তা মুলতুবি হয়ে যায়। কিন্তু সেই সময়ও নিজের জায়গা ছেড়ে একবারের জন্যও ওঠেননি নরেন্দ্র মোদি। নোট বাতিল নিয়ে রাজ্যসভার আলোচনায় মোদির উপস্থিতি দাবি করেছিলেন বিরোধীরা। তাঁর অনুপস্থিতি নিয়ে নানা বিতর্কও হয়েছে। বৃহস্পতিবার তাই অধিবেশনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী।#


পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১