খাদ্য কর্মসূচিকে বিতর্কিত করার চেষ্টা হয়েছে: খাদ্যমন্ত্রী
পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ৩ ডিসেম্বর শনিবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।
বাংলাদেশের শিরোনাম:
- প্রতিবন্ধীদের জন্য নিজের সম্পদও দিয়েছি-প্রধানমন্ত্রী-ইত্তেফাক
- আ'লীগকে ফখরুলের চ্যালেঞ্জ সাহস থাকলে নির্বাচন দিন-যুগান্তর
- মিয়ানমারকে কড়া জবাব মালয়েশিয়ার- প্রথম আলো
- খাদ্য কর্মসূচিকে বিতর্কিত করার চেষ্টা হয়েছে : খাদ্যমন্ত্রী -কালের কণ্ঠ
- জামায়াত বাদে সর্বদলীয় সরকার প্রস্তাব দেবেন খালেদা জিয়া -বাংলাদেশ প্রতিদিন
ভারতের শিরোনাম:
- বেকার হওয়ার আশঙ্কায় ২০ কোটি ভারতীয় যুবক!-সংবাদ প্রতিদিন
- লাইনে দাঁড়িয়ে মৃত দুই প্রবীণ-ক্ষুব্ধ জনতার অবরোধ, ব্যাঙ্কে তালা-গণশক্তি
- নোট বাতিলের মাসুল গুনবে বি জে পি: অখিলেশ যাদব-আজকাল
পাঠক! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ। প্রথমে বাংলাদেশ...
প্রতিবন্ধীদের জন্য নিজের সম্পদও দিয়েছি-প্রধানমন্ত্রী-
ইত্তেফাকের খবরটিতে লেখা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পঁচাত্তরে পরিবারের সবাইকে ও সবকিছু হারানোর পরও দেশে ফিরে নিজেদের সম্পদ জনগণের কল্যাণে ব্যয় করেছি। বিশেষ করে প্রতিবন্ধীসহ অনগ্রসর-অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়নে সবকিছু বিলিয়ে দিয়েছি।
শনিবার ওসমানী স্মৃতি মিলনায়তনে ২৫তম আন্তর্জাতিক ও ১৮তম জাতীয় প্রতিবন্ধী দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ১৯৯৬ সালে সরকার গঠনের পর থেকেই তাদের জন্য প্রয়োজনীয় সকল ধরনের পদক্ষেপ নিয়ে আসছি। আমরাই প্রতিবন্ধীদের জন্য আইন পাস করেছি। বিসিএসে তাদের জন্য কোটা আমরা চালু করি। তাদের ভাতা দেয়া হচ্ছে। ১৫ লাখ প্রতিবন্ধীর তালিকা তৈরি করা হয়েছে। তাদের সব ধরনের সুযোগ দিব।
মিয়ানমারকে কড়া জবাব মালয়েশিয়ার-ইত্তেফাক/প্রথম আলো
মিয়ানমার সরকার রোহিঙ্গাদের বিরুদ্ধে 'জাতিগত নির্মূল' অভিযান চালাচ্ছে বলে অভিযোগ করেছে মালয়েশিয়া। আন্তর্জাতিক অঙ্গনে রোহিঙ্গা ইস্যু নিয়ে সবচাইতে কড়া ভাষায় মিয়ানমারের সমালোচনা করেছে দেশটি।
শুক্রবার মিয়ানমারের পক্ষ থেকে জানানো হয়, রোহিঙ্গা ইস্যু নিয়ে মালয়েশিয়ার বিবৃতি তাদের সার্বভৌমত্বে হস্তক্ষেপ করছে যা এসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান ন্যাশনস (আশিয়ান) এর নীতির পরিপন্থী।
এমন মন্তব্যের প্রেক্ষিতে মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রী বলেন, একটি নির্দিষ্ট জাতির ওপর দমন-পীড়ন চালিয়ে তাদের অন্যত্র স্থানান্তরের অপর নাম 'জাতিগত নির্মূল' অভিযান। দক্ষিণ এশিয়ায় শান্তি ও সমৃদ্ধি ফিরিয়ে আনার জন্য এ ধরণের চর্চা এখনও বন্ধ করা উচিত।
এ সম্পর্কে যুগান্তরের খবর-রোহিঙ্গাদের সবুজ গ্রাম এখন পোড়ামাটির স্তূপ
খবরটিতে বলা হয়েছে, মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা সংখ্যালঘু মুসলিমদের ওপর সেনাবাহিনী নির্যাতন, হত্যা, ধর্ষণ, উচ্ছেদসহ শারীরিক ও মানসিক নিপীড়ন চালাচ্ছে।
এ অবস্থায় রোহিঙ্গাদের বেশিরভাগই পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে আশ্রয় নেয়ার চেষ্টা করছেন।
সর্বশেষ প্রাপ্ত তথ্যে, গত ৯ অক্টোবর থেকে মিয়ানমার সেনাবাহিনীর নিধন কার্যক্রমের পর প্রায় ১০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। নিহত হয়েছে ৮৬ জনের মতো। তবে বেসরকারি হিসাবে এ সংখ্যা আরও অনেক বেশি।
জামায়াত বাদে সর্বদলীয় সরকার প্রস্তাব দেবেন খালেদা জিয়া-বাংলাদেশ প্রতিদিন
নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে ১৩ দফা প্রস্তাবের পর এবার নির্বাচনকালীন ‘সহায়ক’ সরকারের রূপরেখা দেবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রূপরেখায় বেশ কিছু বিকল্প প্রস্তাব থাকছে। এর মধ্যে নির্বাচনকালীন সময়ে সর্বদলীয় সরকারের প্রস্তাবনা গুরুত্ব পাবে। নির্বাচন কমিশনের নিবন্ধন থাকা সব রাজনৈতিক দলের সমন্বয়ে সর্বদলীয় সরকার গঠনের ডাক দেবেন বেগম জিয়া। -
আ'লীগকে ফখরুলের চ্যালেঞ্জ‘সাহস থাকলে নির্বাচন দিন’-যুগান্তরে প্রকাশিত
এ খবরটিতে বলা হয়েছে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণের প্রতি আস্থা এবং সাহস থাকলে নিরেপক্ষ সরকার ও সব দলের অংশগ্রহণে একটি নির্বাচন দিন। এতো ভীত হবেন না সুষ্ঠু নিবার্চন হলে ফলাফল যাই হয় তা মেনে নেবো। রাজধানীতে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
সরকাররে প্রতি আহ্বান জানিয়ে ফখরুল বলেন, ‘শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের পথ বের করতে সংলাপের উদ্যোগ নিন। 'দাম্ভিকতা পরিহার করুন। দেশ বিভক্ত করার চক্রান্ত থেকে রেব হয়ে এসে গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করুন।
খাদ্য কর্মসূচিকে বিতর্কিত করার চেষ্টা হয়েছে : খাদ্যমন্ত্রী-কালের কণ্ঠ
হতদরিদ্রদের ১০ টাকা কেজি চালের খাদ্যবান্ধব কর্মসূচিকে সরকারি দলের লোকজনই বিতর্কিত করার চেষ্টা করেছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আজ শনিবার এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা জানান।
দৈনিকটির অন্য একটি খবর 'রাঙা প্রভাতে যান্ত্রিক ত্রুটি ষড়যন্ত্র হতে পারে'
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী প্লেন রাঙা প্রভাতের যান্ত্রিক ত্রুটি নিছক কোনো ত্রুটি নয়, এটা কোনো ষড়যন্ত্র হতে পারে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। আজ জাতীয় প্রেসক্লাবের সামনে বিশ্বের সকল সংখ্যালঘুদের ওপর নির্মম নির্যাতন এবং শেখ হাসিনার হত্যার ষড়যন্ত্রের প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।
আইভী-সাখাওয়াত ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে-সমকাল
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু না হলেও সরগরম হয়ে উঠেছে নগরীর বিভিন্ন এলাকা। অনানুষ্ঠানিক প্রচারে আওয়ামী লীগের প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী ও বিএনপি প্রার্থী সাখাওয়াত হোসেন খান ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন। আইভীর পক্ষে শহর এলাকা ও কদমরসুলে বেশি প্রচার চলছে। সাখাওয়াত হোসেনের গণসংযোগ চলছে সিদ্ধিরগঞ্জ এলাকায়। অনানুষ্ঠানিক প্রচারের কৌশল হিসেবে আইভী বেছে নিয়েছেন উঠান বৈঠক। অন্যদিকে ব্যবসায়ী নেতা ও দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে বৈঠকে সময় কাটাচ্ছেন সাখাওয়াত হোসেন।
পাঠক ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।
লাইনে দাঁড়িয়ে মৃত দুই প্রবীণ-ক্ষুব্ধ জনতার অবরোধ, ব্যাঙ্কে তালা-গণশক্তি
মাসের দ্বিতীয় দিনেও অধিকাংশ ব্যাঙ্কে জোগান নেই টাকার। বন্ধ সিংহভাগ এ টি এম যন্ত্রই। প্রধানমন্ত্রীর নোট বাতিলের সিদ্ধান্তের জেরে এরাজ্যে তৈরি হওয়া সংকটের পরিণতিতে প্রাণ হারাতে হলো দুই প্রবীণকে। শুক্রবার পেনশনের টাকা তুলতে গিয়ে বিশাল লাইনে দাঁড়িয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন তারা।
নোট বাতিলের মাসুল গুনবে বি জে পি: অখিলেশ যাদব-আজকাল
‘সাধারণ মানুষকে হেনস্থা করছে বি জে পি। আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটদাতারাই তাদের শাস্তি দেবে।’ মন্তব্য উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের। দিল্লিতে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ িদয়েছিলেন তিনি। নোট বাতিল নিয়ে মতামত জানাতে গিয়ে সেখানেই এমন মন্তব্য করেন। বলেন, ‘আচমকা ৫০০ এবং ১০০০ টাকার নোট বাতিল হওয়ায় সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে। মানুষের মধ্যে ক্ষোভ বেড়েছে।
গণশক্তির অন্য একটি খবরের শিরোনাম: সেনা অভ্যুত্থানের গুজব ছড়িয়ে ফাঁসলেন মমতাই
সেনাবাহিনীকে ঢাল করেছিলেন মমতা ব্যানার্জি। তাঁর ঘোষিত লড়াই ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে। সেই ‘যুদ্ধ’ শেষ হলো শুক্রবার সন্ধ্যা সওয়া ছ’টায় — এবং কোনও মীমাংসা ছাড়াই।
শুধু একটি দ্বিধার জবাব কিছুটা স্পষ্ট হলো। মাসের গোড়াতেই মানুষ টাকা পাচ্ছেন না, ঘুরছেন, ব্যর্থ হয়ে ফিরছেন — এই ছবি ছাপিয়ে নবান্ন তৈরি করলো সেই ছবি — ‘মমতা রাত জাগছেন।’ সেনা নাকি অভ্যুত্থান করেছে? টাকা তুলছে রাস্তায় দাঁড়িয়ে?
‘নোট নাকচ’হারিয়ে গেলো। হাজির হলো নতুন ইস্যুর ঢাল ‘সেনাবাহিনী।’
বেকার হওয়ার আশঙ্কায় ২০ কোটি ভারতীয় যুবক!-সংবাদ প্রতিদিন
ভারতীয় যুবকদের ভবিষ্যৎ ভয়ঙ্কর সংকটে। প্রযুক্তির বাড়বাড়ন্ত ও রোবটের দুনিয়া আগামী দিনে ছিনিয়ে নিতে পারে তাদের রুটিরুজি। ফলে আগামী ৯ বছরের মধ্যে অন্তত ২০ কোটি ভারতীয় যুবকের চাকরি হারানোর বা চাকরি পাওয়ার আশঙ্কা ক্রমশ জোরাল হচ্ছে। এরকমই শঙ্কা প্রকাশ করলেন কর্পোরেট জগতের প্রখ্যাত ব্যক্তিত্ব টি ভি মোহনদাস পাই।
হাফিজের মদতেই ভারতে হামলার ছক ছিল বুরহানের!-সংবাদ প্রতিদিন
মৃত্যুর আগের দিন লস্কর প্রধান হাফিজ সইদের সঙ্গে ফোনে কথা বলেছিল হিজবুল মুজাহিদিন কমান্ডার বুরহান ওয়ানি৷ সূত্রের খবর, হাফিজ সইদের কাছে ভারতের বিরুদ্ধে জেহাদ ঘোষণার জন্য প্রয়োজনীয় অর্থ এবং অস্ত্র সাহায্য চেয়েছিল বুরহান৷ শুধু তাই নয়, ভারত বিরোধী লড়াই জারি রাখতে সইদের আশীর্বাদ চেয়েছিল হিজবুল কমান্ডার৷#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৩