ডিসেম্বর ০৮, ২০১৬ ১৬:৪০ Asia/Dhaka

পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ৮ ডিসেম্বর বৃহষ্পতিবারে কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।

বাংলাদেশের শিরোনাম:

  • চট্টগ্রামে জঙ্গিবিরোধী অভিযানে আটক ৫, অস্ত্র-বিস্ফোরক উদ্ধার-ইত্তেফাক
  • ড. ইউনূসের বিরুদ্ধে নতুন তদন্ত শুরু-যুগান্তর
  • জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার পরবর্তী তারিখ ১৫ ডিসেম্বর-প্রথম আলো
  • 'জামায়াতের সঙ্গ ত্যাগ করে রাষ্ট্রপ্রতির সঙ্গে আলোচনায় অংশ নিন'-কালের কণ্ঠ
  • ১৩ ক্লাবে টাকা দিয়ে হাউজি-কার্ড খেলার ওপর নিষেধাজ্ঞা বহাল-মানবজমিন
  • সম্পদের তথ্য গোপনই থাকছে-বাংলাদেশ প্রতিদিন

ভারতের শিরোনাম:

  • কালো টাকার বিরুদ্ধে ‘যজ্ঞে’পাশে থাকায় দেশবাসীকে স্যালুট প্রধানমন্ত্রীর-সংবাদ প্রতিদিন
  • ১০০কোটি কালো টাকা, চালকের আত্মহত্যা-গণশক্তি
  • ‘দয়া করে আপনাদের কাজ করুন’সাংসদদের বললেন প্রণব-আজকাল

শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ। প্রথমে বাংলাদেশ...

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার পরবর্তী তারিখ ১৫ ডিসেম্বর-প্রথম আলো

বিএনপি চেয়ারাপারসন বেগম খালেদা জিয়া

 

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার পরবর্তী শুনানির তারিখ ধার্য করা হয়েছে ১৫ ডিসেম্বর। আজ বৃহস্পতিবার ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক আবু আহমেদ জমাদার এই দিন ধার্য করেন।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া বলেন, খালেদা জিয়া আজ আদালতে হাজির হয়েছেন। এই আদালতে এই মামলাসংক্রান্ত ৩২ জনের সাক্ষ্য বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়েছে; যা শুনানির অপেক্ষায় রয়েছে। তাই আদালতের কাছে এই সময় আবেদন করা হয়। আদালত ১৫ ডিসেম্বর নতুন দিন ধার্য করেছেন।

এদিকে খালেদা জিয়ার একটি বক্তব্য ছাপা হয়েছে দৈনিক যুগান্তরে।খবরটির শিরোনাম:
সমাজ অনেক দিক দিয়ে এগিয়ে গেলেও নারীরা এখনও নানাভাবে বঞ্চনার শিকার হচ্ছে। আর এর জন্য অনাচারমূলক দু:শাসন ও দুর্বৃত্তদের দাপটকে দায়ি করছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

সম্পদের তথ্য গোপনই থাকছে-বাংলাদেশ প্রতিদিনের অনুসন্ধানী প্রতিবেদন

আওয়ামী লীগ সরকারের নির্বাচনী ইশতেহার ও প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী মন্ত্রী, উপদেষ্টা, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সংসদ সদস্যদের সম্পদের হিসাব প্রতি বছর প্রধানমন্ত্রীর কাছে জমা দেওয়ার কথা। তবে বাস্তবতা হলো, এখন আর নির্বাচনী ইশতেহার অনুসরণ করা হচ্ছে না।
মানা হচ্ছে না প্রধানমন্ত্রীর নির্দেশনাও। তাই বর্তমান সরকারের ক্ষমতা গ্রহণের তিন বছর পূর্ণ হতে চললেও উপদেষ্টা ও সংসদ সদস্যদের সম্পদের তথ্য জমা হয়নি এবং প্রকাশ পায়নি। ফলে সাধারণ মানুষের কাছে মন্ত্রী-এমপিসহ জনপ্রতিনিধিদের সম্পদের তথ্য বরাবরের মতো গোপনই থেকে গেছে। তেমনি প্রধানমন্ত্রীর নেওয়া একটি ভালো উদ্যোগও ফ্রিজবন্দী হয়ে পড়েছে। শুধু তাই নয়, ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের নির্বাচনে বিজয়ী মহাজোট সরকারের সময়ও অধিকাংশ মন্ত্রী, উপদেষ্টা ও সংসদ সদস্য তাদের সম্পদের হিসাব জমা দেননি। সংশ্লিষ্ট একাধিক সূত্রে এসব তথ্য জানা গেছে। 

চট্টগ্রামে জঙ্গিবিরোধী অভিযানে আটক ৫, অস্ত্র-বিস্ফোরক উদ্ধার-ইত্তেফাক

র‍্যাবের অভিযানে অস্ত্র উদ্ধার

 

চট্টগ্রামের পাহাড়তলীতে জঙ্গিবিরোধী অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করেছে র‌্যাব। এছাড়াও অস্ত্র, গুলি, সাংগঠনিক বই, বিস্ফোরক ও ল্যাপটপউদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে এই অভিযান পরিচালনা করা হয়।
সংবাদ সম্মেলনে র‌্যাবের মিডিয়া শাখার লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং এর পরিচালক মুফতি মাহমুদ খান জানান, আটককৃতরা হরকাতুল জিহাদ বাংলাদেশের (হুজিবি) সদস্য। 
র‌্যাব জানিয়েছে, ভোরে পাহাড়তলীর এ কে খান মোড় থেকে অস্ত্রসহ তাজুল ও নাজিমকে আটক করা হয়। তাদের দেয়া তথ্য অনুযায়ী মুকিম তালকুদার পাড়ার একটি বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে বাকি তিনজনকে আটক করা হয়। সেখান থেকে অস্ত্র, বিস্ফোরক, সাংগঠনিক বই ও ল্যাপটপ উদ্ধার করা হয়।

ড. ইউনূসের বিরুদ্ধে নতুন তদন্ত শুরু-যুগান্তর

নোবেল বিজয়ী ড. ইউনুস

 

নোবেল জয়ী অর্থনীতিবিদ ড. মুহম্মদ ইউনূস, তার পরিবার এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে নতুন করে তদন্ত শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
গত সপ্তাহে এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা শাখা সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি) দেশের সব ব্যাংকে এ সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য সরবরাহ করতে নিদের্শ সম্বলিত চিঠি পাঠিয়েছে।
চিঠিতে সাত দিনের মধ্যে ড. ইউনূস, তার পরিবার এবং গ্রামীণ ব্যাংকের যেকোনো অ্যাকাউন্ট, ঋণ এবং অন্যান্য আর্থিক তথ্য প্রদান করতে বলা হয়েছে।

যে কোনো এয়ারলাইন্সে হজে যেতে পারবেন যাত্রীরা-ইত্তেফাক

হজে যাওয়ার জন্য এয়ারলাইন্স বিষয়ে হাইকোর্টের রায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বহাল

 

বাংলাদেশ বিমান ও সৌদি এয়ারলাইন্সে হজ্জে যাওয়ার সরকারি সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে নিজেদের পছন্দমতো যে কোনো এয়ারলাইন্সে করে যাত্রীরা হজ্জে যেতে পারবেন বলে জানিয়েছেন আইনজীবীরা।
বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এই এই আদেশ দেন।

১৩ ক্লাবে টাকা দিয়ে হাউজি-কার্ড খেলার ওপর নিষেধাজ্ঞা বহাল-মানবজমিন

ঢাকা ক্লাবসহ দেশের বিভিন্ন শহরের ১৩টি ক্লাবে টাকার বিনিময়ে কার্ড, ডাইস ও হাউজির ওপর হাইকোর্টের দেয়া নিষেধাজ্ঞা বহাল রেখেছেন আপিল বিভাগ। গত রোববার হাইকোর্ট ঢাকা ক্লাব ও উত্তরা ক্লাবসহ ১৩টি ক্লাবে অর্থের বিনিময়ে হাউজি, ডাইস ও কার্ডের মতো খেলার আয়োজনের ওপর নিষেধাজ্ঞা দেন। এ আদেশ স্থগিত চেয়ে ঢাকা ক্লাব কর্তৃপক্ষ চেম্বার বিচারপতির আদালতে আবেদন করে। এরই পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার চেম্বার বিচারপতির আদালত হাইকোর্টের আদেশ এক দিনের জন্য স্থগিত করে আজ বৃহস্পতিবার আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠান।

'জামায়াতের সঙ্গ ত্যাগ করে রাষ্ট্রপ্রতির সঙ্গে আলোচনায় অংশ নিন'-কালের কণ্ঠ

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম

 

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম জামায়াতের সঙ্গত্যাগ করে রাষ্ট্রপ্রতির সঙ্গে নির্বাচন কমিশন গঠনের বিষয়ে আলোচনায় অংশ নিতে বিএনপির প্রতি আহ্ববান জানিয়েছেন। 
আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহবান জানান।
মোহাম্মদ নাসিম বলেন, নির্বাচন কমিশন গঠনের বিষয়ে বিভিন্ন প্রস্তাব না দিয়ে জামায়াতের সঙ্গত্যাগ করে রাষ্ট্রপ্রতির সঙ্গে আলোচনা করে, আগামী নির্বাচনে অংশ গ্রহণ করুন। শুধু শুধু প্রস্তাব দিয়ে লাভ নেই। প্রস্তাব দিয়ে কি হবে। সাংবিধানিক ভাবে নির্বাচন কমিশন গঠনের ক্ষমতা রাষ্ট্রপ্রতির।

শ্রোতাবন্ধুরা ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।

ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জী

 

‘দয়া করে আপনাদের কাজ করুন’, সাংসদদের বললেন প্রণব-আজকালের এ খবরটিতে লেখা হয়েছে, সাংসদদের সংসদ চালানোর দায়িত্বের কথা মনে করিয়ে দিলেন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। শীতকালীন অধিবেশন শুরু হওয়ার পর ১৫ দিন কেটে গেছে, একদিনও স্বাভাবিক কাজ হয়নি। ৮ নভেম্বর নোট বাতিলের সিদ্ধান্ত ঘোষণার পর থেকেই উত্তাল দেশের রাজনীতি। শাসক–বিরোধী তরজায় দিনের অধিকাংশ সময়ই সভা মুলতুবি করে দিতে হচ্ছে। এই অবস্থায় বিরক্ত রাষ্ট্রপতির পরামর্শ, ‘দয়া করে আপনাদের কাজ করুন।

আজকালের অন্য একটি খবরের শিরোনাম: মোদি প্রধানমন্ত্রী থাকার অধিকার হারিয়েছেন:‌ মমতা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ করে মমতার মন্তব্য- মোদির প্রধানমন্ত্রী থেকে সরে যাওয়া উচিত

 

‘একমাস কেটে গেল, এখনও নোট নেই বাজারে’ বললেন মমতা ব্যানার্জি। নোট বাতিলের একমাস পূরণের দিনেই মোদিকে ফের তোপ তাগলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মমতার হুমকি, ‘মোদির নেতৃত্বে কেন্দ্রীয় সরকার একেবারে লাইনচ্যুত হয়ে গেছে। এই নোট বাতিলের সিদ্ধান্তে পিছনে সরকারের কিছু মতলব কাজ করছে, সেটাই জানতে চায় সাধারণ মানুষ। সারা ভারতে তিন মাসে তিন কোটি টাকার বানিজ্যের ক্ষতি হয়েছে। বেকার হয়েছেন প্রায় ৫ কোটি মানুষ। এই কদিনে ই–কমার্স ব্যবসায় ক্ষতি হয়েছে প্রায় ৬০ শতাংশ। মোদি ভাবছেনটা কি। সারা দেশে প্রায় ৯২ শতাংশ গ্রামে কোনও ব্যাঙ্ক নেই। সেখানে কীভাবে মানুষ ব্যাঙ্কের মাধ্যমে কাজ করবেন!‌ তাঁদের কথা কে ভাববে?’ আগেও মমতা বারবারই অভিযোগ করছেন, এই নোট বাতিলের পিছনে বি জে পি–র দলীয় স্বার্থ জড়িয়ে আছে। সেটা মনে করিয়ে দিয়েই মমতা বললেন, ‘বি জে পি এই কদিনে কত জমি কিনেছে? গত এক বছর ধরে কতটাকা জোগাড় করে জমি, সম্পদ কেনা হয়েছে, সেটা সকলেই জানে।

কালো টাকার বিরুদ্ধে ‘যজ্ঞে’ পাশে থাকায় দেশবাসীকে স্যালুট প্রধানমন্ত্রীর-সংবাদ প্রতিদিন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

 

নোট বাতিলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ৷ তাঁদের জন্যই দুর্নীতি, কালো টাকা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে ‘যজ্ঞ’ চালানো সম্ভব হয়েছে দেশজুড়ে৷ বৃহস্পতিবার টুইট করে এর কৃতিত্ব দেশের আম নাগরিকদের দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ পাশাপাশি, দেশবাসীকে স্যালুট জানিয়ে মোদির টুইট, “সরকারি সিদ্ধান্তে কিছু মানুষ সমস্যায় পড়লেও স্বল্পমেয়াদী সমস্যা আপনাদের দীর্ঘমেয়াদি লাভের পথ সুগম করবে৷”

১০০কোটি কালো টাকা, চালকের আত্মহত্যা-গণশক্তি

মেয়ের বিয়েতে দেদার খরচের আগে বি জে পি নেতা জনার্দন রেড্ডি ‘১০০কোটি কালো টাকা সাদা করেছিলেন’ অভিযোগ এনে কর্ণাটকে আত্মহত্যা করলেন এক চালক। নোট বাতিলের চরম সংকটের মধ্যে ক’দিন আগেই মেয়ের বিয়েতে ৫০০কোটি টাকা খরচ করে আন্তর্জাতিক শিরোনামে চলে এসেছিলেন বি জে পি’র প্রাক্তন মন্ত্রী, খনি মাফিয়া জনার্দন রেড্ডি। সংসদে আলোচনা, বাইরে চাপের মুখে সেই খরচের উৎস জানতে ইতিমধ্যে তাঁর বেল্লারির বাড়িরে হানা দিয়েছে আয়কর দপ্তর। #

 

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৮