নারীদের অধিকার আদায় করে এগিয়ে যেতে হবে: প্রধানমন্ত্রী
পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ৯ ডিসেম্বর শুক্রবার কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।
বাংলাদেশের শিরোনাম:
- 'নারীদের অধিকার আদায় করে এগিয়ে যেতে হবে'-ইত্তেফাক
- মিয়ানমারে সেনা পাঠাতে প্রস্তুত মালয়েশিয়া-যুগান্তর
- ইসি যতই শক্তিশালী হোক, দলীয় সরকারের অধীনে অসহায়: মওদুদ-প্রথম আলো
- মধ্যপ্রাচ্যে বাংলাদেশি গৃহকর্মীদের নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ-কালের কণ্ঠ
- অং সান সুচিকে রাখাইনে যেতে বললো জাতিসংঘ-মানবজমিন
- দিক হারিয়েছে বিমান-মিয়ানমারের ফ্লাইট নামল ঢাকায়, যাওয়ার কথা সিলেট গেল কলকাতা-বাংলাদেশ প্রতিদিন
ভারতের শিরোনাম:
- কালনা ও ব্যান্ডেলে অস্বাভাবিক কারণে মৃতদের পরিবারের সদস্যকে চাকরি-সংবাদ প্রতিদিন
- পকেট ভরছে ‘ক্যাশলেস কর্পোরেট’ফেরিওয়ালা মোদী, জেটলি-গণশক্তি
- ‘আমি লোকসভায় মুখ খুললে ভূমিকম্প হবে’,বললেন রাহুল-আজকাল
শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ। প্রথমে বাংলাদেশ...
'নারীদের অধিকার আদায় করে এগিয়ে যেতে হবে'- বলেছেন প্রধানমন্ত্রী-
ইত্তেফাকের এ খবরে লেখা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরো বলেছেন, 'নারীদের আরো বেশি করে সম্পৃক্ত হতে হবে উন্নয়নমূলক কাজে।'
আজ সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে রোকেয়া পদক বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, এই সরকার ক্ষমতায় আসার পর থেকেই নারীর ক্ষমতায়ন ও উন্নয়নে কাজ করে যাচ্ছে। সরকারি বিভিন্ন প্রকল্পে নারীদের অগ্রাধিকার দেয়া হচ্ছে।
তিনি বলেন, বাংলাদেশ আজকে নারী উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্বে মর্যাদা পাচ্ছে। মেয়েরা যেন সর্বক্ষেত্রে তাদের অবস্থান সুদৃঢ় করতে পারে সেজন্য বিভিন্ন কর্মসূচি আমরা বাস্তবায়ন করে যাচ্ছি। অধিকার কেউ কাউকে দেয় না অধিকার আদায় করে নিতে হয়।
ইসি যতই শক্তিশালী হোক, দলীয় সরকারের অধীনে অসহায়: মওদুদ-প্রথম আলো
খবরটিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, নির্বাচন কমিশন যতই শক্তিশালী হোক, নির্বাচনের সময় দলীয় সরকার থাকলে কমিশন অসহায় হয়ে থাকবে। কারণ, এ দেশের অভিজ্ঞতা বলে, কোনো নির্বাচন কমিশন দলীয় সরকারের অধীনে নিরপেক্ষভাবে কাজ করতে পারে না।
আজ দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় মওদুদ এসব কথা বলেন।
মওদুদ আহমদ বলেন, আওয়ামী লীগ বলেছে রাষ্ট্রপতি সবার সঙ্গে আলোচনা করে যে কমিশন গঠন করবেন তা তাঁরা মেনে নেবেন। আওয়ামী লীগের এই অবস্থানকে তিনি স্বাগত জানান।
প্রথম আলোর অন্য একটি খবরের শিরোনাম: ভারতকে ‘মুক্ত আকাশ’ সুবিধা দিলে স্বাধীনতা থাকবে না: বিএনপি
বিস্তারিত খবরে বলা হয়েছে, প্রতিবেশী ভারত বাংলাদেশের বিভিন্ন বন্দর, সড়ক ও মুক্ত আকাশ সুবিধা নিলে আক্ষরিক অর্থেই দেশের নিরাপত্তা, স্বাধীনতা-সার্বভৌমত্ব বলে কিছু থাকবে না বলে আশঙ্কা প্রকাশ করেছে বিএনপি। আজ শুক্রবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই আশঙ্কার কথা জানান।
গণমাধ্যমে প্রকাশিত সংবাদের বরাত দিয়ে রিজভী বলেন, বাংলাদেশের আকাশসীমা ও বিমানবন্দর ব্যবহার করতে ‘ওপেন স্কাই’ সুবিধা চায় ভারত। তিনি বলেন, ভারতসহ পৃথিবীর অনেক দেশের সঙ্গে বাংলাদেশের আকাশ চুক্তি আছে। কিন্তু কোনো দেশের সঙ্গেই মুক্ত আকাশ সুবিধা দেওয়ার চুক্তি নেই। এতে বাংলাদেশের কোনো লাভ হবে না, এমনকি প্রয়োজনও নেই। শুধু ভারতের স্বার্থে সরকার এ চুক্তি করতে পারে।
মিয়ানমার পরিস্থিতি নিয়ে দুটি খবর।
সুচিকে রাখাইনে যেতে বলল জাতিসংঘ-মানবজমিনের এ খবরে লেখা হয়েছে, মিয়ানমারের উত্তরাঞ্চলীয় রাখাইন রাজ্যে সরকারি বাহিনীর কারণে সৃষ্ট সংকটাপন্ন পরিস্থিতি পরিদর্শনে যেতে দেশটির সরকারের নিয়ন্ত্রক অং সান সুচিকে আহ্বান জানিয়েছে জাতিসংঘ।
বৃহস্পতিবার জাতিসংঘের মিয়ানমারবিষয়ক বিশেষ উপদেষ্টা বিজয় নামবিয়ার এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।
গত ৯ অক্টোবর থেকে রাখাইনের রোহিঙ্গা অধ্যুষিত গ্রামগুলোতে অভিযান চালাচ্ছে মিয়ানমারের সেনা ও সীমান্তরক্ষী পুলিশ (বিজিপি)। এই অভিযানে এ পর্যন্ত দুই শতাধিক রোহিঙ্গা নিহত, হাজারেরও বেশি গণগ্রেফতার এবং শত শত নারী ধর্ষণের শিকার হয়েছেন।
যুগান্তরে এ সম্পর্কিত খবরে বলা হয়েছে, মিয়ানমারে সেনা পাঠাতে প্রস্তুত মালয়েশিয়া।মিয়ানমারের রাখাইন রাজ্যে মুসলিম রোহিঙ্গাদের ওপর নির্যাতনের ঘটনায় দেশটির প্রতি কড়া হুঁশিয়ারি দিয়েছেন মালয়েশিয়ার সেনাপ্রধান জেনারেল আফান্দি রাজা মোহামেদ নূর।
তিনি বলেছেন, জাতিসংঘ চাইলে মিয়ানমারসহ যেকোনো দেশের টালমাটাল পরিস্থিতিতে শান্তিরক্ষী বাহিনী পাঠাতে প্রস্তুত রয়েছে মালয়েশিয়ার সশস্ত্র বাহিনী।
দিক হারিয়েছে বিমান- এ শিরোনামের প্রতিবেদনে বাংলাদেশ প্রতিদিন লিখেছে
কয়েক সপ্তাহ আগে মিয়ানমারের ফ্লাইট আকাশে উড়ে এসে অবতরণ করল ঢাকায়। এ ছাড়া চট্টগ্রামের ফ্লাইট ঢাকায়, ঢাকার ফ্লাইট সিলেটে— এমন ঘটনা ঘটছে প্রতি সপ্তাহে। কেউ জানে না দায়িত্ব কার, বিভ্রান্ত পাইলট, বিস্মিত যাত্রী।এক জায়গার ফ্লাইট দিকভ্রষ্ট হয়ে চলে যাচ্ছে আরেক জায়গায়। এমন ঘটনা যেন এখন নিয়মিত হয়ে দাঁড়িয়েছে জাতীয় পতাকাবাহী দেশের একমাত্র রাষ্ট্রীয় আকাশ পরিবহন সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসে। সংশ্লিষ্টরা বলছেন, সর্বকালের সর্বনিম্ন পর্যায়ের পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে বিমান। যাত্রীসেবা নয়, বিমান কর্মকর্তারা যেন আখের গোছাতেই বেশি ব্যস্ত। দেখভালের জন্যও যেন কেউ নেই। যে কারণে বিমানের ফ্লাইট দিক পরিবর্তন করে ভিন্ন কোনো গন্তব্যে চলে গেলেও এ নিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেয়া হয়নি।
‘দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স’-ইত্তেফাক
দুদকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. নাসিরউদ্দিন আহমেদ বলেছেন, 'দুর্নীতি প্রতিরোধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। দুর্নীতিকারী যেই হোক না কেন তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে ও হচ্ছে। এ ছাড়া দুর্নীতিকারীরা ক্ষমতার বাছ-বিচারে ছোট-বড় বলতেও কিছু নেই। মনে রাখতে হবে, অপরাধী সে অপরাধীই।'আজ সকালে রাজধানীর দুদক কার্যালয়ের সামনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০১৬ উপলক্ষে শোভাযাত্রা উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।
শ্রোতাবন্ধুরা ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।
‘আমি লোকসভায় মুখ খুললে ভূমিকম্প হবে’,বললেন রাহুল-আজকাল
আর চার দিন পরেই শেষ হতে চলেছে সংসদের শীতকালীন অধিবেশন। কেন্দ্রের নোট বাতিলের সিদ্ধান্তের জেরে গত ১৬ দিন সংসদ অচল করে রেখেছে বিরোধীরা। শেষ ক’দিনও কাজ হবে বলে আশা করছেন না বিশেষজ্ঞরা। বিরোধীদের দাবি, নোট বাতিল নিয়ে বিতর্ক হোক সংসদে। তার পর ভোট। বিতর্কে অবশ্যই উপস্থিত থাকতে হবে প্রধানমন্ত্রীকে। যদিও মোদি সরকার এই ভোটের প্রস্তাব মানতে রাজি নয়। তাদের আশঙ্কা, লোকসভায় সংখ্যাগরিষ্ঠতা থাকলেও রাজ্যসভায় হেরে যেতে পারে তারা। রাহুল গান্ধী নোট বাতিল ইস্যুতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বললেন, ‘আমি লোকসভায় মুখ খুললে ভূমিকম্প হবে।
কালনা ও ব্যান্ডেলে অস্বাভাবিক কারণে মৃতদের পরিবারের সদস্যকে চাকরি-মমতা-সংবাদ প্রতিদিন
রাজ্যে অস্বাভাবিক কারণে মৃত দুই ব্যক্তির পরিবারের একজন করে চাকরি পাবেন৷ সরকার এই ব্যবস্থা করবে৷ শুক্রবার বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “নোট বাতিলের পরবর্তী পরিস্থিতিতে মারা গিয়েছেন ওই দু’জন৷ কালনায় আত্মঘাতী হন কৃষক৷ ব্যান্ডেলে এটিএমের লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে মৃত্যু হয় বেহালা পর্ণশ্রীর কল্লোল রায়চৌধুরির৷ তাঁদের পরিবারের একজন করে চাকরি পাবেন৷ আমরা সেই ব্যবস্থা করেছি৷”
টাকা অমিল, যথেষ্ট চিকিৎসা না পেয়ে মৃত্যু চা শ্রমিকের মেয়ের-গণশক্তি
নোট বাতিলের ধাক্কায় ফের প্রাণ গেলো এ রাজ্যে। পর্যাপ্ত নগদ নোট না থাকায় মিললো না চিকিৎসা, বৃহস্পতিবার অকালে মৃত্যু হলো ডুয়ার্সের যোগেশ চন্দ্র চা বাগানের শ্রমিক পরিবারের কন্যা ষষ্ঠ শ্রেণির ছাত্রী রুবিনা ওঁরাওয়ের।
পকেট ভরছে ‘ক্যাশলেস কর্পোরেট’ফেরিওয়ালা মোদী, জেটলি-গণশক্তি
নোট বাতিলে পকেট শূন্য আম জনতার। পকেট ভরছে ‘পে টি এম’, ‘জিও মানি’সহ বড় বড় কর্পোরেট সংস্থা। ‘ক্যাশলেস ইকনমি’ বা নগদহীন লেনদেনের বাজার ধরতে নেমেছে এসব বড় কর্পোরেট।
এখন কালো টাকার স্লোগান উধাও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্যাশলেস ইকনমিতে মন প্রাণ সমর্পণের নির্দেশ দিয়েছেন দেশবাসীকে। অর্থমন্ত্রী অরুণ জেটলি নোট বাতিলের মাসপূর্তিতে ক্যাশলেস ইকনমি-র জন্য একগুচ্ছ ছাড় ঘোষণা করে দিয়েছেন।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৯