ডিসেম্বর ১০, ২০১৬ ১৪:৩৬ Asia/Dhaka

পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ১০ ডিসেম্বর শনিবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।

বাংলাদেশের শিরোনাম:

  • 'অভিবাসীদের অধিকার সুরক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে'-ইত্তেফাক
  • নির্বাচনে গণজোয়ার তৈরি হয়েছে: ফখরুল -যুগান্তর
  • নির্বাচনে সেনা মোতায়েনের মতো পরিস্থিতি নেই: সিইসি-প্রথম আলো
  • গুণগত মানসম্পন্ন শিক্ষার জন্য সরকার কাজ করছে : শিক্ষামন্ত্রী-কালের কণ্ঠ
  • সংবিধানের ‘১১৬ ও ১১৬ ক অনুচ্ছেদ’ সরিয়ে দেওয়ার আহবান -মানবজমিন
  • চাকরির বাজারে হাহাকার ঘটেছে আত্মহত্যার ঘটনাও-বাংলাদেশ প্রতিদিন

ভারতের শিরোনাম:

  • নোটকাণ্ডে সুপ্রিম কোর্টেও  প্রশ্নবাণে জর্জরিত কেন্দ্র -সংবাদ প্রতিদিন
  • ,নোট বাতিলে গরিব মানুষের সম্পদ স্থানান্তর হচ্ছে-গণশক্তি
  • সংসদে বিরোধীরা বলতে দেয় না:‌ মোদি -আজকাল

পাঠক! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ। প্রথমে বাংলাদেশ...
নির্বাচনে সেনা মোতায়েনের মতো পরিস্থিতি নেই: সিইসি-প্রথম আলো

বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দীন (ফাইল ফটো)

 

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমদ বলেছেন, নারায়ণগঞ্জে এখন স্বাভাবিকের চেয়ে সুন্দর পরিবেশ বিরাজ করছে। পরে আরও উন্নতি হবে। তাই সিটি করপোরেশন নির্বাচনে সেনা মোতায়েনের মতো কোনো পরিস্থিতি নেই।
আজ শনিবার নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সিইসি এসব কথা বলেন। 
কাজী রকিব উদ্দীন আহমদ বলেন, নির্বাচনের আগের রাতে যেন কোনো ধরনের জোরাজুরি না হয় এবং কেউ যেন ভোটকেন্দ্র দখল করতে না পারে, এ জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকতে হবে। ভোটের দিন কেউ অনিয়ম করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ২২ ডিসেম্বর নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন হবে।

'অভিবাসীদের অধিকার সুরক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে'-ইত্তেফাক

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ফটো)

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 'অভিবাসীরা শান্তি, স্থিতিশীলতা ও অগ্রগতির জন্য কাজ করছে। অভিবাসন ছাড়া আধুনিক বিশ্ব অকল্পনীয়। এটি সব সমাজকে মেনে নিতে হবে। তাদের অধিকার সুরক্ষায় বিশ্ব নেতাদের এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।'
আজ শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক সম্মেলন গ্লোবাল ফোরাম অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্টের (জিএফএমডি) উদ্বোধন ঘোষণাকালে এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, অভিবাসনের সম্ভাবনাকে কীভাবে বাস্তবায়ন করা যায় তা ভেবে দেখা প্রয়োজন। বিশ্বের যেখানেই হোক অভিবাসীরা যাতে তাদের অধিকার পান, স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেন সে ব্যবস্থা করতে হবে।
শেখ হাসিনা বলেন, মানুষ শুধু কাজের জন্য নয়, বহুবিধ কারণে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। তাই আমাদের দেখতে হবে আমরা কীভাবে অভিবাসীদের চলাচল নির্বিঘ্ন করতে পারি।

চাকরির বাজারে হাহাকার-ঘটেছে আত্মহত্যার ঘটনাও- বাংলাদেশ প্রতিদিনের প্রতিবেদন

ব্যাটারি বিপণনকারী একটি প্রতিষ্ঠানের ছয়টি পদের জন্য বিজ্ঞাপন দেওয়া হয় গত অক্টোবরে। বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রিধারীদের জন্য নির্ধারিত এসব পদের বিপরীতে অনলাইন ও অফলাইনে আবেদন জমা পড়ে ৮২ হাজার ৬৫২টি।

বিজ্ঞাপনদাতা কর্তৃপক্ষ বিপাকে, কীভাবে এই বিপুল আবেদনকারীকে মূল্যায়ন করবে। কর্তৃপক্ষ বিকল্প হিসেবে পরিচিতদের মধ্য থেকে যোগ্যদের নিয়ে নেওয়ার চিন্তা করে। এ পরিস্থিতি শুধু এখানেই নয়, দেশের সরকারি-বেসরকারি যে কোনো চাকরির বিজ্ঞাপনের বিপরীতেই জমা পড়ছে বিশালসংখ্যক আবেদন। ব্রিটিশ সাময়িকী ইকোনমিস্টের ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের (ইআইইউ) এক বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে বাংলাদেশে শিক্ষিত বেকারের হার সবচেয়ে বেশি। তবে সরকারি তথ্যমতে বেকার ২৬ লাখ।
নির্বাচনে গণজোয়ার তৈরি হয়েছে: ফখরুল-যুগান্তরে প্রকাশিত এ খবরটিতে বলা হয়েছে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনকে আপনারা চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করবেন। এই নির্বাচনে গণজোয়ার তৈরি হয়েছে। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে নির্বাচন কমিশন এবং আইনশৃংখলা বাহিনী ও স্থানীয় প্রশাসনের কাছে অনুরোধ জানাব। নারায়ণগঞ্জ সিটির চাষাড়া মোড়ের পাশে পথসভায় শনিবার এসব কথা বলেন তিনি।মির্জা ফখরুল বলেন, আমরা ভোট সুষ্ঠু করার জন্য ইতিমধ্যে সেনা মোতায়েনের দাবি জানিয়েছি। আবারও বলছি, সুষ্ঠু নির্বাচনের জন্য সেনা মোতায়েন দরকার।

গুণগত মানসম্পন্ন শিক্ষার জন্য সরকার কাজ করছে : শিক্ষামন্ত্রী-কালের কণ্ঠ

বাংলাদেশের শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ (ফািইল ফটো)

 

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রচলিত ও গতানুগতিক শিক্ষা দিয়ে সুন্দরভাবে এগিয়ে যাওয়া সম্ভব নয় উল্লেখ করে বলেছেন, তাই আমাদের বিশ্ব ও গুণগত মানসম্পন্ন শিক্ষা অর্জন করতে হবে। আর এই চ্যালেঞ্জ অর্জনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

নুরুল ইসলাম নাহিদ বলেন, ২০১০ সাল থেকে প্রতিবছর আমরা ইংরেজি বছরের প্রথম দিন প্রথম শ্রেণি থেকে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে পাঠ্যপুস্তক তুলে দিয়ে বই ঊৎসব দিবস পালন করছি। এবারও প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত গতবারের চেয়ে ২ কোটি ৮৪ লাখ ৩৪ হাজার ২৭৩টি বই বেশি ছাপা হচ্ছে। তিনি বলেন, সরকারের বিভিন্ন উদ্যোগের কারণে প্রতিবছরই শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ঝরে পড়া কমছে।

সংবিধানের ‘১১৬ ও ১১৬ ক অনুচ্ছেদ’ সরিয়ে দেওয়ার আহবান-মানবজমিন

বাংলাদেশের প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা (ফাইল ফটো)

 

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, সংসদ সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তন করতে পারবে না। ৪৪ বছরে সংবিধান আইন ও পরিবেশকে যখনই বাঁকা পথে নেয়া হয়েছে তখনই তা আমরা সোজা পথে ফিরিয়ে এনেছি। সংবিধানকে লাইনচ্যুত হতে দেইনি। তিনি বলেন, সংবিধানের ১১৬ এবং ১১৬/ক অনুচ্ছেদ এর কারণে আইনের শাসন প্রতিষ্ঠা করতে বেগ পেতে হচ্ছে। আমি এর আগেও বলেছিলাম দ্বৈত শাসন চলছে। সংবিধান থেকে এ দুটি অনুচ্ছেদ  তাড়াতাড়ি সরানোরও আহবান জানান প্রধান বিচারপতি।
 

পাঠক ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।
 

সংসদে বিরোধীরা বলতে দেয় না:‌ মোদি-আজকাল

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (ফাইল ফটো)

 

সংসদে বিরোধীরা কথা বলতে দেয় না। তাই জনসভায় বলছেন, গুজরাটের দিসাতে গিয়ে এভাবেই বিরোধীদের এক হাত নিলেন প্রধানমন্ত্রী মোদি। পুরনো ৫০০, ১০০০–এর নোট বাতিলের জেরে উত্তপ্ত সংসদ। বারবার মুলতুবি হচ্ছে অধিবেশন। আটকে জরুরি বিল পাস। বিরোধীদের দাবি, প্রধানমন্ত্রীকে লোকসভার অধিবেশনে উপস্থিত থাকতে হবে। তিনি প্রচার সভায় নোট বাতিল নিয়ে মুখ খুললেন সংসদে চুপ থাকেন। সেই জবাবই এদিন দিলেন মোদি। বললেন, ‘সরকার বারবার বলেছে আমরা বিতর্কের জন্য তৈরি। কিন্তু বিরোধীরা শুনতে রাজি নয়।

এদিকে, সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়েছে, একদিকে যখন প্রধানমন্ত্রী গুজরাতে নোট বাতিল ইস্যুতে বক্তব্য রাখছেন ঠিক তখনই মোদিকে বিঁধে টুইট করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

টুইটে তিনি বলেন, “মোদি বাবু বুঝতে পেরেছেন তাঁর নোট বাতিল ইস্যু লাইনচ্যুত হয়ে গিয়েছে। ভাষণ দেওয়া ছাড়া তাঁর কাছে অন্য কোনও সমাধান নেই।”

নোটকাণ্ডে সুপ্রিম কোর্টেও প্রশ্নবাণে জর্জরিত কেন্দ্র-সংবাদ প্রতিদিন

নোট বাতিল নিয়ে একের পর এক প্রশ্নের মুখে পড়তে হচ্ছে নরেন্দ্র মোদী সরকারকে। একেই তো সংসদের ভেতরে-বাইরে বিরোধীদের প্রশ্নবাণে জর্জরিত সরকার। এখনও জুতসই কোনো জবাব দিয়ে উঠতে পারেনি। এরই মাঝে শুক্রবার সুপ্রিম কোর্টের একগুচ্ছ প্রশ্নের মুখে পড়তে হলো সেই কেন্দ্রকেই। আঁটঘাট না বেঁধে চুপিসারে কীভাবে নোট বাতিলের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হলো, সরকারি আইনজীবীকে সেই প্রশ্নও করেছে শীর্ষ আদালত। নির্দিষ্ট সময়ের মধ্যে যে ন্যূনতম অঙ্কের টাকা ব্যাঙ্ক বা এটিএম থেকে তোলা যাবে বলে সরকার জানিয়েছে, সেই ন্যূনতম টাকাও কেন গ্রাহকরা তুলতে পারছেন না— সুপ্রিম কোর্ট সেই প্রশ্নও করেছে সরকারকে। আর গণশক্তির খবরে বলা হয়েছে,নোট বাতিলে গরিব মানুষের সম্পদ স্থানান্তর হচ্ছে।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১০