ডিসেম্বর ১১, ২০১৬ ১৩:৩৯ Asia/Dhaka

পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ১১ ডিসেম্বর রোববারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।

বাংলাদেশের শিরোনাম:

  • শ্রমিকদের জন্য কল্যাণমূলক ব্যবস্থা জোরদারে আহ্বান-ইত্তেফাক
  • গণতন্ত্রকে কবরে পাঠানো হয়েছে : খালেদা জিয়া-যুগান্তর
  • ‘সাঁওতালদের ওপর হামলায় সাংসদ ও চেয়ারম্যান জড়িত’-প্রথম আলো
  • মিয়ানমারকে চাপ দিতে আইওএমকে স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান-কালের কণ্ঠ
  • চট্টগ্রামে প্রকাশ্যে যুবককে গুলি করে হত্যা-মানবজমিন 
  • মওদুদের নাইকো মামলা আপিলেও স্থগিত -বাংলাদেশ প্রতিদিন

ভারতের শিরোনাম:

  • ‘১০ টুকরো হয়ে যাবে পাকিস্তান’-সংবাদ প্রতিদিন
  • মানুষের অধিকারই কেড়ে নিচ্ছে কেন্দ্র-রাজ্য সরকার: সূর্য মিশ্র-গণশক্তি
  • মুম্বইয়ে হেলিকপ্টার ভেঙে নিহত  ২-আজকাল

শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ। প্রথমে বাংলাদেশ...

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা

 

শ্রমিকদের জন্য কল্যাণমূলক ব্যবস্থা জোরদারে আহ্বান-ইত্তেফাক
শ্রমিকদের জন্য কল্যাণমূলক ব্যবস্থা জোরদার করতে শিল্পপতিদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।
শেখ হাসিনা বলেন, আমাদের রপ্তানি মূলত তৈরি পোশাক ও সীমিত সংখ্যক বৈদেশিক বাজারের মধ্যে সীমাবদ্ধ রয়েছে। ভবিষ্যৎ অর্থনীতি ও কর্মসংস্থানের জন্য আমাদের পণ্যের বৈচিত্র্য ও বাজার সম্প্রসারণ একান্তভাবে প্রয়োজন। সরকার পণ্যের বাজার সম্প্রসারণের জন্য বিভিন্ন প্রণোদনা হাতে নিয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া (ফাইল ফটো)

 

গণতন্ত্রকে কবরে পাঠানো হয়েছে : খালেদা জিয়া-যুগান্তর
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, বর্তমানে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব চরম সংকটাপন্ন। গণতন্ত্রকে কবরে পাঠানো হয়েছে। আধিপত্যবাদ আজও ডানা বিস্তার করে রেখেছে। কারণ ৫ জানুয়ারীর তামাশার নির্বাচন করে গণতন্ত্রবিনাশী আধিপত্যবাদের শিখণ্ডি উৎপীড়ক শাসকশ্রেণী জনমতকে রক্তাক্ত পন্থায় দমন করে ক্ষমতা জবরদখল করে রেখেছে।
তিনি বলেন, আমাদের জাতীয় স্বাধীনতার প্রথম তুর্যবাদক মওলানা ভাসানীর উদ্যোম ও সাহসিকতাকে আঁকড়ে ধরে রাখতে পারলেই আগ্রাসী শক্তিকে আমরা রুখতে সক্ষম হবো ইনশাল্লাহ্।

গোলকধাঁধায় বিএনপি-বাংলাদেশ প্রতিদিনের প্রতিবেদন
গোলকধাঁধায় পড়েছে বিএনপি। নির্বাচন, সাংগঠনিক কার্যক্রম, মামলা-হামলার খড়গ, দলীয় কোন্দল মেটানো সব মিলে যেন এক টালমাটাল অবস্থায় দেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দলটি।

কোনটা রেখে কোনটা করবে কিছুই বুঝে উঠতে পারছে না তারা। নেতারা একেকজন একেক দিকে যাচ্ছেন। দলের গুলশান কার্যালয়ের সমন্বয়হীনতা আরও উসকে দিচ্ছে দলের এ হ-য-ব-র-ল অবস্থা। এমন অবস্থায় সারা দেশের নেতা-কর্মীরা দিন দিন হতাশায় ডুবছেন। অন্যদিকে চারপাশ ঘিরে রাখা লোকজন বিএনপি চেয়ারপারসনকে ভুল তথ্যের মাধ্যমে সারাক্ষণ আশার আলো দেখালেও কার্যত হচ্ছে তার সম্পূর্ণ বিপরীত। 

মওদুদের নাইকো মামলা আপিলেও স্থগিত-ইত্তেফাক

বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমদ

 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলার বিচার কার্যক্রম স্থগিত রেখে হাইকোর্টের আদেশ বহাল রেখেছে আপিল বিভাগ। রবিবার প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই আদেশ দেয়।
একই সঙ্গে এই সংক্রান্ত জারি করা রুলের নিষ্পত্তি আগামী ১৯ জানুয়ারির মধ্যে নিষ্পত্তি করতে বলা হয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্রে নাইকো নিয়ে সালিশি মামলা চলার কারণে শুধু মওদুদ আহমদের ক্ষেত্রে বিচারিক আদালতে এই মামলার কার্যক্রম স্থগিত থাকবে বলে জানিয়েছিলেন আইনজীবীরা।

‘সাঁওতালদের ওপর হামলায় সাংসদ ও চেয়ারম্যান জড়িত’-প্রথম আলো
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালদের ওপর হামলার ঘটনায় স্থানীয় সাংসদ ও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জড়িত বলে তথ্য পেয়েছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির তদন্ত দল। আর ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে আওয়ামী লীগ নেতাদের অভ্যন্তরীণ কোন্দলকে কাজে লাগিয়ে বিএনপি, জামায়াত, হেফাজত ও মৌলবাদী গোষ্ঠী হিন্দুসম্প্রদায়ের মন্দির ও বাড়িঘর ভাঙচুর-লুটপাট করে সরকারকে বিব্রতকর পরিস্থিতির মধ্যে ফেলার ষড়যন্ত্রে লিপ্ত হয় বলে তারা মনে করছে।
আজ রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নির্মূল কমিটি আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরা হয়।

১৩ ক্লাবে আপাতত জুয়া চলবে-যুগান্তর

হাইকোর্ট

 

রাজধানীর ঢাকা ক্লাবসহ দেশের ১৩টি ক্লাবে অভিজাত জুয়া খেলার ওপর হাইকোর্টের দেয়া নিষেধাজ্ঞা আট সপ্তাহের জন্য স্থগিত করেছেন আপিল বিভাগ। 
রোববার সকালে ঢাকা ক্লাবের লিভ টু আপিলের শুনানি নিয়ে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন। 
একই সঙ্গে এই সময়ের মধ্যে এ সংক্রান্ত রুল নিষ্পত্তি করতে উভয় পক্ষকে নির্দেশ দেন আপিল বিভাগ। 
এর আগে গত ৮ ডিসেম্বর দেশের ১৩টি অভিজাত ক্লাবে জুয়া খেলার উপর হাইকোর্টের দেয়া নিষেধাজ্ঞা বহাল রাখেন আপিল বিভাগ।
শ্রোতাবন্ধুরা ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।

মানুষের অধিকারই কেড়ে নিচ্ছে কেন্দ্র-রাজ্য সরকার: সূর্য মিশ্র-গণশক্তি

কৃষক আন্দোলনের সর্বভারতীয় নেতা সূর্য মিশ্র

 

প্রতি ইঞ্চি অধিকার চাই। যে অধিকার আমাদের ছিল, লুট হয়েছে। আর যে অধিকার আজও আদায় হয়নি সেই সমস্ত অধিকার অর্জনের জন্যই লড়াই। শনিবার নদীয়ার নাকাশিপাড়ায় সুবিশাল কৃষক সমাবেশে একথা বললেন কৃষক আন্দোলনের সর্বভারতীয় নেতা সূর্য মিশ্র।
সারা ভারত কৃষকসভার নদীয়া জেলার ৩০তম সম্মেলনের উদ্বোধনে এদিন নাকাশিপাড়ার নাগাদিতে প্রকাশ্য সমাবেশে মিশ্র বললেন, আজ গোটা বিশ্বে মানবাধিকার দিবস পালিত হচ্ছে। মানুষের অধিকার নিয়ে চর্চা চলছে। কিন্তু আজ এক অসহনীয় পরিস্থিতির মুখোমুখি আমরা। কৃষকের জমিতে ফলানো ফসল রয়েছে কিন্তু তা কাটবার জো নেই। ধান ঘরে তুলেছেন কিন্তু তা বিক্রি করার অধিকার নেই। আপনার আমার টাকা রয়েছে ব্যাঙ্কে, কিন্তু সে টাকা তোলার অধিকার নেই। আর এসব নিয়ে আপনি যখন প্রতিবাদের রাস্তায় নামবেন তখনও সেই প্রতিবাদের অধিকার কেড়ে নেওয়া চলে। রাজ্যের মুখ্যমন্ত্রী হোন, কিংবা দেশের প্রধানমন্ত্রী এরা দুজনেই মানুষের অধিকার কাড়েন।

দুর্ভোগের সময়সীমা বাড়িয়ে দিলেন মোদী-গণশক্তি

নোট বাতিল ইস্যুতে মোদি

 

গোটা দেশের মানুষ যখন চরম দুর্ভোগের শিকার তখন নোট বাতিল নিয়ে ফের সহানুভূতি কুড়ানোর মরিয়া চেষ্টা চালালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।গুজরাটের দিসায় এক কৃষক সমাবেশে  মোদি বললেন, দেশপ্রেমের তাগিদেই যাবতীয় কষ্ট সহ্য করছে মানুষ।
নোট বাতিলের পর থেকে সাধারণ মানুষকে আশ্বস্ত অথবা তাঁদের ক্ষোভকে প্রশমিত করতে মোদীর গলায় শোনা যেত, ৫০দিনের মধ্যেই সব সমস্যার অবসান ঘটবে। আর এদিন বললেন, ‘‘৫০দিনের পর থেকে সব স্বাভাবিক হয়ে যাবে। তবে কীভাবে স্বাভাবিকত্ব ফিরে আসবে সেই দাওয়াই শোনাতে পারেননি তিনি। শুধু বলেছেন, আমি হিসাবনিকেশ করে দেখেছি, ৫০দিন পর আস্তে আস্তে সব সমস্যা মিটে যাবে। বস্তুত এদিনের ভাষণে দুর্ভোগের সময়সীমা বাড়িয়ে দিলেন প্রধানমন্ত্রী। অবশ্য সাধারণ মানুষ প্রধানমন্ত্রীর ভাষণ শুনে কতটা আশ্বস্ত হতে পারবেন তা নিয়ে ধন্দ থাকছেই।

‘১০ টুকরো হয়ে যাবে পাকিস্তান’-সংবাদ প্রতিদিন

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং

 

চারবার ভারতে হামলা চালিয়েও বিশেষ সুবিধা করে উঠতে পারেনি পাকিস্তান৷ ভারতীয় জওয়ানরা ইসলামাবাদকে যোগ্য শিক্ষা দিয়েছে৷ ভারত কারও সামনে মাথা নত করবে না, জম্মুর কাঠুয়ায় শহিদ দিবসের অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে এই ভাষাতেই পাকিস্তানকে তীব্র আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং৷

মুম্বইয়ে দুর্ঘটনাগ্রস্ত হেলিকপ্টার, নিহত ২-আজকাল

মুম্বাইয়ে হেলিকপ্টার বিধ্বস্ত

 

মুম্বইয়ের গোরেগাঁওয়ে হেলিকপ্টার ভেঙে পড়ে চালকসহ ২ জন মারা গেছে। গুরুতর আগত হয়েছে আরো ২। রোববার দুপুরে  গোরেগাঁওয়ের আরে কলোনি এলাকায় ‌রয়াল পাম হোটেল সংলগ্ন জঙ্গলে কপ্টারটি ভেঙে পড়ে। দুই চালকসহ তাতে দুই মহিলা যাত্রী ছিলেন।দুর্ঘটনার পর তাঁদের ‌সেভেন হিল্‌স হাসপাতাল‌–এ নিয়ে গেলে এক পুরুষ যাত্রীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। কিছুক্ষণ পর মৃত্যু হয় এক মহিলা যাত্রীরও। আশঙ্কাজনক অবস্থা বাকি ২ জনের।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১১