ডিসেম্বর ১২, ২০১৬ ১৪:০৮ Asia/Dhaka

পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ১২ ডিসেম্বর সোমবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।

বাংলাদেশের শিরোনাম:

  • ইসি পুনর্গঠন : রাষ্ট্রপতির সাথে বিএনপির সংলাপ ১৮ ডিসেম্বর -ইত্তেফাক
  • রেহাই পেলেন গাইবান্ধার ডিসি, এসবির এসপিকে তলব -যুগান্তর
  • তিন বাহিনী প্রধানদের চাকরির সর্বোচ্চ মেয়াদ হবে চার বছর -প্রথম আলো
  • না‌সিক নির্বাচন : আবারো সেনা মোতায়েনের দাবি রিজভীর -কালের কণ্ঠ
  • গেজেট ১৫ই জানুয়ারির মধ্যে প্রকাশের নির্দেশ-মানবজমিন 
  • ১৬৭ ধারা বাস্তবায়ন না করে মান্নানকে গ্রেফতার করা যাবে না: আপিল বিভাগ - বাংলাদেশ প্রতিদিন

ভারতের শিরোনাম:

  • ব্যাঙ্কে টাকা না পেয়ে আত্মহত্যা প্রাক্তন সেনার-সংবাদ প্রতিদিন
  • রাজনীতিতে কালো টাকার সব চেয়ে বড় কারবারি বি জে পি –তৃণমূল -গণশক্তি
  • জঙ্গি পিছু এক কোটি টাকা দিচ্ছে পাকিস্তান!‌-আজকাল

শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ। প্রথমে বাংলাদেশ...

বাংলাদেশের রাষ্টপতি আবদুল হামিদ

 

ইসি পুনর্গঠন : রাষ্ট্রপতির সাথে বিএনপির সংলাপ ১৮ ডিসেম্বর-ইত্তেফাক
নির্বাচন কমিশন পুনর্গঠনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন এই তথ্যটি নিশ্চিত করেছেন। এই আলোচনায় প্রথমেই ডাকা হচ্ছে বিএনপিকে।
১৮ ডিসেম্বর বিএনপির সঙ্গে আলোচনায় বসার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে বঙ্গভবন। দুইদিন পর রাষ্ট্রপতি বসবেন সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টির সঙ্গে।
এর পরদিন ২০ দলীয় জোটের শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টি এবং কৃষক শ্রমিক জনতা লীগের সঙ্গে বৈঠক করবেন রাষ্ট্রপতি।
ক্ষমতাসীন আওয়ামী লীগের শরিক জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সঙ্গে রাষ্ট্রপতির আলোচনা হবে ২২ ডিসেম্বর।

না‌সিক নির্বাচন : আবারো সেনা মোতায়েনের দাবি রিজভীর-কালের কণ্ঠ

বিএনপি নেতা রুহুল কবির রিজভী

 

সুষ্ঠু নির্বাচন চান না বলেই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে সেনা মোতায়েন করা হচ্ছে বলে অভিযোগ করে সেনা মোতায়েনের দাবি আরো একবার জানালেন বিএন‌পির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাড‌ভো‌কেট রুহুল ক‌বির রিজভী আহমেদ।
আজ নয়াপল্টনে বিএন‌পির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তি‌নি এসব কথা বলেন। 
তিনি বলেন, এমনিতেই নারায়ণগঞ্জ সন্ত্রাসী কবলিত এলাকা। নির্বাচন‌কে কেন্দ্র ক‌রে শাসকদ‌লের বৈধ ও অবৈধ অস্ত্র উদ্ধারে কোন নির্দেশ নেই। অস্ত্রবাজ‌দের অস্ত্রের ঝনঝনানির আশঙ্কায় ভোটার‌দের মধ্যে আতঙ্ক বেড়ে গেছে। তাই আমরা নাসিক নির্বাচনে আবারো সেনাবাহিনী মোতা‌য়ে‌নের দা‌বি কর‌ছি।

১৬৭ ধারা বাস্তবায়ন না করে মান্নানকে গ্রেফতার করা যাবে না: আপিল বিভাগ-বাংলাদেশ প্রতিদিন

বাংলাদেশ সুপ্রিম কোর্ট

 

গাজীপুরের মেয়র এম এ মান্নানকে ফৌজদারি কার্যবিধির ১৬৭ ধারা পুরোপুরি বাস্তবায়ন না করে গ্রেফতার করা যাবে না মর্মে হাইকোর্টের আদেশ বহাল রেখেছে সু্প্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ আজ এই আদেশ দেয়।
মেয়র মান্নান ২৮ মামলায় জামিন পাওয়ার পর চাঁদাবাজির মামলায় তাকে গ্রেফতার দেখানোর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়।

বিচারকদের চাকরি শৃঙ্খলার বিধিমালা-গেজেট ১৫ই জানুয়ারির মধ্যে প্রকাশের নির্দেশ-মানবজমিন
নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা ও আচরণ সংক্রান্ত বিধিমালা গেজেট আকারে প্রকাশ করতে সরকারকে আগামী ১৫ই জানুয়ারি পর্যন্ত সময় দিয়েছেন আপিল বিভাগ। আজ সোমবার সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের আট সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ এই সময় দেন।
তিন বাহিনী প্রধানদের চাকরির সর্বোচ্চ মেয়াদ হবে চার বছর-প্রথম আলো
সেনা, নৌ ও বিমান—এই তিন বাহিনীর প্রধানদের চাকরির সর্বোচ্চ মেয়াদ হবে চার বছর। বাহিনীপ্রধানের পদে যোগদানের তারিখ থেকে একসঙ্গে বা বর্ধিত মেয়াদে এই চার বছর নির্ধারিত হবে। এই ব্যবস্থা রেখে প্রতিরক্ষা বাহিনী প্রধান (নিয়োগ, অবসর এবং বেতন ও ভাতাদি) আইন-২০১৬-এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছেন মন্ত্রিসভা। আজ সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

টিউশন ফির বিপরীতে ভ্যাট আদায় অবৈধ-সমকাল
ইংরেজি মাধ্যমের স্কুল শিক্ষার্থীদের টিউশন ফির ওপর সাড়ে সাত শতাংশ ভ্যাট আরোপ অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি জোবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার এ রায় দেন।

শ্রোতাবন্ধুরা ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।

পাক জঙ্গি

 

জঙ্গি পিছু এক কোটি টাকা দিচ্ছে পাকিস্তান!‌-আজকাল
ভারত–পাক সীমান্ত পেরোতে জঙ্গিদের ১ কোটি টাকা দিচ্ছে পাক প্রশাসন। দাবি পাক অধিকৃত কাশ্মীরের এক নেতার। জম্মু কাশ্মীর সমন্বয় সংগঠনের নেতা রইস ইনকালাবি জানালেন, ইসলামাবাদের মদত পুষ্ট জঙ্গিরাই সীমান্তে হামলা চালাচ্ছে। রইসের মতে, সেনার সঙ্গে সেনার লড়াই হওয়া উচিৎ। কিন্তু পাকিস্তান ১ কোটি টাকা দিয়ে আত্মঘাতী জঙ্গিদের ভারতে অনুপ্রবেশ করাচ্ছে। তারাই নাশকতা চালাচ্ছে ভারতে।

ব্যাঙ্কে টাকা না পেয়ে আত্মহত্যা প্রাক্তন সেনার-সংবাদ প্রতিদিন

ভারতে নোট বাতিল

 

রোজই ব্যাঙ্ক এবং এটিএমের লাইনে গিয়ে দাঁড়াতেন প্রাক্তন সিআরপিএফ জওয়ান রাকেশ যাদব৷ দেশে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল হওয়ার পর আর পাঁচটা মানুষের মতো তিনিও একই সমস্যায় পড়েছিলেন৷ কিন্তু টাকার খোঁজে প্রায় রোজই ব্যর্থ হচ্ছিলেন৷ ধৈর্যের বাঁধ ভেঙে তিনি আত্মহননের পথ বেছে নেন ৷ জানা গেছে, রোববার মানসিকভাবে বিপর্যস্ত হয়ে নিজেকে গুলি করে আত্মহত্যার পথ বেছে নেন৷ আগ্রার এই ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে।

রাজনীতিতে কালো টাকার সব চেয়ে বড় কারবারি বি জে পি –তৃণমূল-গণশক্তি
বি জে পি আর তৃণমূল রাজনীতিতে কালো টাকার সবথেকে বড় কারবারি। দুই দলের মধ্যে বোঝাপড়াও রয়েছে। দুই দলই চমক আর ধমকের রাজনীতিতে বিশ্বাসী। ওরা মেরুকরণের রাজনীতির খেলায় মেতেছে। নোট বাতিল নিয়ে বি জে পি’র বাগড়ম্বর এবং তৃণমূলের লোকদেখানো বিরোধিতাকে রবিবার এইভাবেই বিঁধলেন সি পি আই (এম) পলিট ব্যুরো সদস্য, রাজ্য সম্পাদক সূর্য মিশ্র।#


পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১২