ডিসেম্বর ১৩, ২০১৬ ১৫:১৬ Asia/Dhaka

পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ১৩ ডিসেম্বর মঙ্গলবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।

বাংলাদেশের শিরোনাম:

  • গণতন্ত্রকে নির্বাসনে পাঠানো হচ্ছে: খালেদা জিয়া -ইত্তেফাক
  • জঙ্গিবিরোধী সচেতনতা তৈরিতে সক্ষম হয়েছি: প্রধানমন্ত্রী -যুগান্তর
  • ৪৭ শতাংশ বিবাহিত নারীর স্বামী অকারণে রেগে যান -প্রথম আলো
  • দাঁড়িপাল্লা দলীয় প্রতীক নয়, সুপ্রিম কোর্টের মত -কালের কণ্ঠ
  • আবাসন ব্যবসায় মন্দা বিক্রি হচ্ছে না ১০০০০ ফ্ল্যাট -মানবজমিন 
  • 'পর্ন সাইটে প্রবেশকারীদের তালিকা করার প্রশ্নই আসে না'-তারানা হালিম - বাংলাদেশ প্রতিদিন তবে-ইত্তেফাক শিরোনাম করেছে এরকম- কারো ব্যক্তিগত তথ্য প্রকাশ করবে না সরকার। 

ভারতের শিরোনাম:

  • মুখ্যমন্ত্রীকে খুনের ছক জইশ জঙ্গির, হাওড়া স্টেশনে হুমকি চিঠি -সংবাদ প্রতিদিন
  • ঘূর্ণিঝড় ‘ভরদা’র তাণ্ডবে চেন্নাইয়ে ৪ জনের মৃত্যূ- গণশক্তি
  • ‌ নোট বাতিল:‌ মোদি সরকারের সমালোচনায় পি চিদম্বরম -আজকাল

শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ। প্রথমে বাংলাদেশ...

জঙ্গিবিরোধী সচেতনতা তৈরিতে সক্ষম হয়েছি: প্রধানমন্ত্রী-যুগান্তর

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ফটো)

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বর্তমান সরকার সকল শ্রেণি-পেশার মানুষের মধ্যে জঙ্গিবিরোধী সচেতনতা তৈরি করতে সক্ষম হয়েছে। পাশাপাশি জঙ্গিবাদ মোকাবেলায় দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে। মঙ্গলবার ঢাকা সেনানিবাসে এক সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 
প্রধানমন্ত্রী বলেন, দেশের দুর্যোগ মোকাবেলায় সশস্ত্র বাহিনীর সদস্যরা সর্বদা তৎপর এবং সবসময় জনগণের পাশে রয়েছে। মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক শান্তিপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশের মর্যাদা অক্ষুন্ন থাকবে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, সন্ত্রাস ও জঙ্গি দমনে সব রকম ব্যবস্থা নেয়া হয়েছে। পাশাপাশি দেশে গড়ে উঠেছে সামাজিক প্রতিরোধ।

গণতন্ত্রকে নির্বাসনে পাঠানো হচ্ছে: খালেদা জিয়া-ইত্তেফাক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া (ফাইল ফটো)

 

সীমাহীন রক্ত আর ত্যাগের বিনিময়ে পাওয়া আমাদের রাষ্ট্রের স্বাধীনতা ও সার্বভৌমত্ব দিনে দিনে দুর্বল করে রাষ্ট্রীয় গণতন্ত্রকে নির্বাসনে পাঠানো হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এক বাণীতে তিনি এসব কথা বলেন।
নির্বাচনকালীন সহায়ক সরকার নিয়ে রাষ্ট্রপতির উদ্যোগ চায় বিএনপি-ইত্তেফাক
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচন কমিশন গঠন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলকে আলোচনার জন্য ডাকায় রাষ্ট্রপতি আবদুল হামিদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আশা করেছেন, নির্বাচনকালীন সরকার নিয়েও একইভাবে উদ্যোগ নেবেন রাষ্ট্রপতি। রাজধানীতে এক আলোচনা সভায় এই প্রত্যাশার কথা জানান । মির্জা ফখরুল ইসলাম বলেছেন, নির্বাচনকালীন সরকার যদি নিরপেক্ষ না হয়, তাহলে শক্তিশালী নির্বাচন কমিশনও কিছু করতে পারবে না।

৪৭ শতাংশ বিবাহিত নারীর স্বামী অকারণে রেগে যান-প্রথম আলো

স্বামীরা তো একটু রাগারাগি করতেই পারেন, তা কারণেই হোক বা অকারণে। সরকারের জরিপেও কথাটার সত্যতা বেরিয়ে এসেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ ‘ভায়োলেন্স অ্যাগেইনস্ট উইমেন সার্ভে ২০১৫’ শীর্ষক দ্বিতীয় জরিপ বলছে, বাংলাদেশের প্রেক্ষাপটে নিয়ন্ত্রণমূলক আচরণসংক্রান্ত নির্যাতনের মধ্যে বেশি ছিল স্বামীর অকারণে রেগে যাওয়া। ৪৭ দশমিক ৬ শতাংশ বিবাহিত নারী (বিবাহিত ছিলেন এবং আছেন) অকারণে স্বামীর রেগে যাওয়ার কারণে নির্যাতনের শিকার হন। সম্প্রতি এ জরিপটি প্রকাশিত হয়।
 

পর্ন সাইটে প্রবেশকারীদের তালিকা করার প্রশ্নই আসে না-তারানা হালিম

ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম (ফাইল ফটো)

 

ব্যক্তিগত তথ্য সুরক্ষায় সরকার অঙ্গীকারাবদ্ধ জানিয়ে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, পর্ন সাইটে প্রবেশকারীদের নামের তালিকা করার প্রশ্নই আসে না।
আজ মঙ্গলবার নিজ ফেসবুক পেইজে এক স্ট্যাটাসে এসব কথা বলেন তিনি। 
তারানা হালিম বলেন, 'পর্ন সাইটে প্রবেশকারীদের নামের তালিকা করার কোনো কথা কখনোই বলিনি। এটি হবেও না। টেকনিক্যালিও সম্ভব নয়। মানুষের পরিচয় তথা ব্যক্তিগত তথ্যের সুরক্ষা দিতে আমরা বাধ্য ও বদ্ধপরিকর।তিনি আরও বলেন, 'আমরা দেশের ভেতরের পর্ন সাইট বন্ধের উদ্দেশ্যে কমিটি করেছি। তারা দেশের ভেতরের পর্ন সাইটগুলোর তালিকা দেবে (কোনো ব্যক্তির নয়)। দেশের ভেতরের পর্ন সাইটগুলো বন্ধ করতে আইএসপি ও আইইজিরা পদক্ষেপ নেবে। যদিও রিপোর্টটি এখনও হাতে পাইনি। প্রতিমন্ত্রী বলেন, বাইরে থেকে জেনারেটেড বা ইউটিউবে এসব কন্টেন্ট পুরোপুরি ব্লক করা যায় না- যদি ৭০ ভাগও করা যায়, মানুষ উপকৃত হবে। 

দাঁড়িপাল্লা দলীয় প্রতীক নয়, সুপ্রিম কোর্টের মত-কালের কণ্ঠ

আদালতের মনোগ্রাম হিসেবে দাঁড়িপাল্লা ব্যবহৃত হওয়ায় এটিকে কোনো রাজনৈতিক দল কিংবা ব্যক্তির অনুকূলে নির্বাচনী প্রতীক হিসেবে বরাদ্দ না দিতে নির্বাচন কমিশনকে চিঠি দেবে সুপ্রিম কোর্ট। বিষয়টির সত্যতা স্বীকার করে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার সাব্বির ফয়েজ মঙ্গলবার জানিয়েছেন, আগামীকাল বুধবার নির্বাচন কমিশনকে এ বিষয়ে আনুষ্ঠানিক চিঠি দেয়া হবে।

আবাসন ব্যবসায় মন্দা-বিক্রি হচ্ছে না ১০০০০ ফ্ল্যাট-মানবজমিন

গত কয়েক বছরে দেশের আবাসন খাতে বিনিয়োগের পরিমাণ কয়েকগুণ বাড়লেও এ খাতে নেমে আসা মন্দা কাটছে না। আটকে আছে বড় ধরনের বিনিয়োগ। কোটি কোটি টাকা ব্যয় করে নির্মিত ফ্ল্যাট বিক্রি করতে পারছে না ডেভেলপাররা। ফলে ২০১৫-১৬ অর্থবছরে বিভিন্ন কোম্পানির প্রায় ১০ হাজার তৈরি ফ্ল্যাট অবিক্রীত অবস্থায় রয়েছে বলে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) সূত্রে জানা গেছে। এছাড়া আবাসন খাতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ৭০ হাজার কোটি টাকার বিনিয়োগ নিয়ে চিন্তিত হয়ে পড়েছে উদ্যোক্তারা।

মুখ্যমন্ত্রীকে খুনের ছক জইশ জঙ্গির, হাওড়া স্টেশনে হুমকি চিঠি-সংবাদ প্রতিদিন

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে হত্যার হুমকি দিয়ে চিঠি

 

হয় ৫০ কোটি টাকার ব্যবস্থা করতে হবে। নয় খুন করা হবে রাজ্যের মুখ্যমন্ত্রীকে। এমনই হুমকি চিঠি ঘিরে ছড়াল চাঞ্চল্য।
সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, হাওড়া রেলওয়ে স্টেশনের জেলারেল ম্যানেজারের কাছে একটি হুমকি চিঠি পৌঁছায়। জইশ-ই-মহম্মদের সদস্য দাবি করে জনৈক এস সি দাস চিঠিটি পাঠিয়েছে।
দৈনিকটির অন্য একটি খবরে লেখা হয়েছে, নোট বাতিল ইস্যু এবং রাজ্যের বিভিন্ন টোল প্লাজায় সেনা মোতায়েন নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একহাত নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সাংবাদিকদের সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট ও ব্যাঙ্কের তথ্য হ্যাক হওয়ার পিছনেও মোদির ‘ডিজিটাল ইন্ডিয়া’ প্রকল্পকে দায়ী করলেন মুখ্যমন্ত্রী।

নোট বাতিল:‌ মোদি সরকারের সমালোচনায় পি চিদম্বরম-আজকাল

নোট বাতিল:‌ মোদি সরকারের সমালোচনায় সাবেক কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম

 

নোট বাতিল নিয়ে এবার মোদি সরকারের সমালোচনায় প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম। বললেন, ‘গরিবদের ওপর বড় আক্রমণ। প্রাকৃতিক দুর্যোগেও মানুষের এত দুর্ভোগ হয় না।’ জবাব দিতে মাঠে নামলেন বর্তমান কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুড় জেটলি। বললেন, কংগ্রেসের ১০ বছরের শাসনকালে কালো টাকার বিরুদ্ধে কোনও পদক্ষেপই নেওয়া হয়নি।

মুখ্যমন্ত্রীকে অপমান করতে চাইনি’দুঃখপ্রকাশ দিলীপের-সংবাদ প্রতিদিন

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এবং বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ

 

মুখ্যমন্ত্রীর প্রতি তাঁর অশালীন মন্তব্য নিয়ে ঝড় উঠেছিল রাজ্যের রাজনীতিতে। বাংলার রাজনীতিকে নতুন করে নিচে নামানোর অভিযোগও উঠছিল। এবার সে ব্যাপারেই মুখ খুললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। মঙ্গলবার বিধানসভায় নিজের  মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন তিনি।

শ্রোতাবন্ধুরা ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৩