ডিসেম্বর ১৪, ২০১৬ ১৩:৩০ Asia/Dhaka

পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ১৪ ডিসেম্বর বুধবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।

বাংলাদেশের শিরোনাম:

  • সাঁওতাল পল্লীতে আগুন: চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে তদন্তের নির্দেশ-ইত্তেফাক
  • 'হাসিনাই তার লোক দিয়ে মানুষ পুড়িয়ে মেরেছে'-যুগান্তর
  • সেনা ছাড়া সুষ্ঠু ভোট নিয়ে সন্দেহ হাফিজের-প্রথম আলো
  • প্রবাসী যুদ্ধাপরাধীদের ফেরাতে চেষ্টা হচ্ছে: সেতুমন্ত্রী-কালের কণ্ঠ
  • বিমানের তিন প্রকৌশলী সাময়িক বরখাস্ত-মানবজমিন 
  • রাঙামাটিতে ইউপিডিএফ-এমএনলারমা বন্দুকযুদ্ধে নিহত ২- বাংলাদেশ প্রতিদিন

ভারতের শিরোনাম:

  • দিল্লিতে এককাট্টা বিরোধীরা, রাজ্যে রিজার্ভ ব্যাঙ্ক অভিযানে তৃণমূল-সংবাদ প্রতিদিন
  • দুর্নীতিতে ফাঁসলেন কেন্দ্রীয় মন্ত্রী রিজিজু -গণশক্তি
  • অস্ত্র কেনায় সৌদি-‌রাশিয়াকে পেছনে ফেলে চারে ভারত-আজকাল

পাঠক! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ। প্রথমে বাংলাদেশ...
 

শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বিনম্র শ্রদ্ধা-ইত্তেফাক/প্রথম আলো-যুগান্তর
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীর মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ শহীদদের স্মরণে বেদীতে ফুল দিয়ে তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছেন।
বুধবার সকাল সাতটা ১০ মিনিটে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শহীদদের স্মরণে স্মৃতিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। প্রধানমন্ত্রী শহীদ বেদী প্রাঙ্গণ ত্যাগ করার পর সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য বুদ্ধিজীবী স্মৃতিসৌধের দ্বার উন্মুক্ত করে দেয়া হয়।
শহীদ বুদ্ধিজীবী ‍দিবসে রাজধানীর মিরপুরে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
স্বাধীনতার ৪৬ বছর প‌রও আজ দে‌শের গণতন্ত্র অবরুদ্ধ রয়েছে ব‌লে মন্তব্য ক‌রে‌ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মিরপুরস্থ শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌ‌ধে শ্রদ্ধা জানাতে এসে তিনি এসব কথা বলেন।

সাঁওতাল পল্লীতে আগুন: চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে তদন্তের নির্দেশ-ইত্তেফাক

গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাঁওতাল পল্লীতে কারা আগুন লাগিয়েছে এবং এই আগুন লাগানোর ঘটনার সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জড়িত কিনা তা তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আগামী ১৫ দিনের মধ্যে এই ঘটনা তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করতে গাইবান্ধার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেয়া হয়েছে। 
এ সংক্রান্ত এক আবেদনের শুনানি শেষে বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের ডিভিশন বেঞ্চ বুধবার এই আদেশ দেয়।

সেনা ছাড়া সুষ্ঠু ভোট নিয়ে সন্দেহ হাফিজের-প্রথম আলো

বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজউদ্দিন আহম্মেদ বলেছেন, সেনাবাহিনী মোতায়েন ছাড়া নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে সুষ্ঠু ভোট হওয়া নিয়ে ‘সন্দেহ’ রয়েছে। আজ বুধবার সকালে নারায়ণগঞ্জ নগরের শায়েস্তা খান রোডে (পুরাতন কোর্ট এলাকায়) বিএনপি দলীয় মেয়র পদপ্রার্থীর নির্বাচনী ক্যাম্প ও মিডিয়া সেন্টার উদ্বোধন শেষে এক সংবাদ সম্মেলনে হাফিজউদ্দিন এই সন্দেহের কথা জানান।

হাফিজ উদ্দিন বলেন, ‘বর্তমান আওয়ামী লীগ যে সন্ত্রাসীরূপে আবির্ভূত হয়েছে, তাতে সেনাবাহিনী ছাড়া নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু হবে কি না, এ ব্যাপারে আমাদের সন্দেহ রয়েছে।’ তিনি বলেন, এ সরকারের আমলে ঢাকা ও চট্টগ্রামে দুটি সিটি করপোরেশন নির্বাচনে সাধারণ নাগরিক ও ভোটার তো দূরের কথা, প্রার্থীদের এজেন্টরা পর্যন্ত ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারেননি। আওয়ামী লীগ কর্মীদের কোনো কর্মকাণ্ড ছিল না। তারা কেবল ভোটারদের ভোটকেন্দ্রে প্রবেশে করতে বাধা দিয়েছে। এই ভোট ডাকাতির প্রধান দায়িত্ব পালন করেছে বর্তমান সরকারের আজ্ঞাবহ পুলিশ বাহিনী।

পছন্দের ভারতীয় সিরিয়াল দেখতে না পেয়ে আত্মহত্যা!-প্রথম আলো

রাত সাড়ে আটটা। বড় বোন শারমিন আক্তার ভারতীয় সিরিয়াল দেখবে। আর ছোট বোন সোনিয়া আক্তার দেখতে চায় ভারতীয় সংগীত বাংলা চ্যানেল । এ নিয়ে দুই বোনের তুমুল ঝগড়া। এর মধ্যে বাবা এসে দুই বোনকে বকাঝকা করেন ও থাপ্পড় মারেন। কিন্তু টিভি দেখতে না পেরে অভিমানে আত্মহত্যা করে বসে ১৩ বছরের সোনিয়া।
গত সোমবার রাত ১০টার দিকে ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের ভাটি কানাইপুর গ্রামে এ ঘটনা ঘটে। সোনিয়ার বাবা স্বপন মিয়া মনিহারি সামগ্রীর বিক্রেতা।
সোনিয়া কানাইপুর উচ্চবিদ্যালয় থেকে এ বছর জেএসসি (জুনিয়ার স্কুল সার্টিফিকেট) পরীক্ষায় অংশ নেয়। আর শারমিন ওই স্কুলেরই নবম শ্রেণির ছাত্রী। তারা এক ভাই ও দুই বোন।

'হাসিনাই তার লোক দিয়ে মানুষ পুড়িয়ে মেরেছে'-কাদের সিদ্দিকী-যুগান্তর

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন,  'শেখ হাসিনা বলেন খালেদা জিয়া মানুষ পুড়িয়ে মেরেছে। মূলত হাসিনাই তার লোক দিয়ে মানুষ পুড়িয়ে মেরেছে। এটা খালেদা জিয়া জনগণকে বোঝাতে ব্যর্থ হয়েছে।’

তিনি বলেন, এখন রাজনীতি হয়েছে দুর্নীতিবাজ ও লুটেরাদের জন্য। রাজনীতিতে ত্যাগীদের কোনো মূল্যায়ন নেই। টাকার কাছে জিম্মি হয়েছে রাজনীতি।

প্রবাসী যুদ্ধাপরাধীদের ফেরাতে চেষ্টা হচ্ছে: সেতুমন্ত্রী-কালের কণ্ঠ

স্বাধীনতাযুদ্ধে বিজয়ের প্রাক্কালে বুদ্ধিজীবীদের হত্যার দায়ে ফাঁসির দণ্ড পাওয়া প্রবাসী দুই যুদ্ধাপরাধী চৌধুরী মঈনুদ্দীন ও আশরাফুজ্জামান খানকে ফিরিয়ে আনতে সরকার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

পাঠক ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।

দিল্লিতে এককাট্টা বিরোধীরা, রাজ্যে রিজার্ভ ব্যাঙ্ক অভিযানে তৃণমূল-সংবাদ প্রতিদিন

নোট বাতিল ইস্যুতে দিল্লিতে এককাট্টা বিরোধীরা৷ একই ইস্যুতে শহরেও রিজার্ভ ব্যাঙ্কের সামনে টানা তিনদিনের প্রতিবাদ কর্মসূচি নিয়েছে তৃণমূল৷ বুধবারই রিজার্ভ ব্যাঙ্ক অভিযান কর্মসূচি নেয় তারা৷ এদিকে এদিনই শহরে আসছেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর উর্জিত প্যাটেল৷ আগামীকাল তাঁর সঙ্গে দেখা করার কথা রাজ্যের মুখ্যসচিবের৷  সঙ্গে থাকবেন অর্থসচিবও৷ নোট বাতিলের ফলে রাজ্যের মানুষের সমস্যার কথা তাঁর কাছে তুলে ধরবেন মুখ্যসচিব৷

অস্ত্র কেনায় সৌদি-‌রাশিয়াকে পেছনে ফেলে চারে ভারত-আজকাল

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই গোটা বিশ্বে অস্ত্র প্রতিযোগিতা দিন দিন বেড়ে চলেছে। সেই তালিকায় নাম লিখিয়েছে ভারতও। আর আগামী দিনে সেই প্রতিযোগিতা আরও বাড়বে বলেই মত বিশেষজ্ঞদের। এখনও অবধি গোটা বিশ্বের অস্ত্র তৈরিতে খরচ হয় প্রায় ১ কোটি ৪ লক্ষ ৭৪ হাজার ১৯৫ কোটি টাকা। পরবর্তী সময়ে সেটা ১ কোটি ৬ লক্ষ ৮ হাজার ৭১৭ কোটিতে গিয়ে দাঁড়াবে। লন্ডনের বিশেষজ্ঞ ক্রেইগ ক্যাফারির মতে, দক্ষিণ চীন সাগর নিয়ে তৈরি হওয়া উত্তপ্ত পরিস্থিতির জন্য এশিয়ায় অস্ত্র প্রতিযোগিতা আগের তুলনায় অনেক বেশি হবে। এদিকে, আরেক বিশেষজ্ঞ ফেনেলা ম্যাকগার্থির মতে, এই অস্ত্র প্রতিযোগিতার কারণে ২০১৮ সালে আর্থিক মন্দা দেখা দিতে পারে। অস্ত্র কেনার তালিকায় সবার প্রথমেই রয়েছে আমেরিকার নাম। এরপরেই আছে ইউরোপিয় ইউনিয়ন। তৃতীয় স্থানে রয়েছে অবশ্যই চীন। আর রাশিয়া, সৌদি আরবের মতো দেশকে পিছনে ফেলে চতুর্থ স্থান দখল করেছে ভারত।

দুর্নীতিতে ফাঁসলেন কেন্দ্রীয় মন্ত্রী রিজিজু –গণশক্তি
কেন্দ্রের কালো টাকা উদ্ধারের অভিযানের মাঝেই কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তরের রাষ্ট্রমন্ত্রী বা প্রতিমন্ত্রী কিরেন রিজিজুর নামে ৪৫০কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠলো। অরুণাচলে জলবিদ্যুৎ কেন্দ্র বানানোয় ওই পরিমাণ টাকা লোপাট করা হয়েছে বলে  তথ্য প্রমাণসহ লিখিত অভিযোগ পেশ করেছেন মুখ্য ভিজিল্যান্স অফিসার। এই তথ্য বাইরে চলে আসায় রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। দুর্নীতিতে এভাবে মন্ত্রীদের কালো টাকা মজুত করা নিয়ে এখন মুখে কুলুপ এটেছেন কেন্দ্রীয় অন্যান্য মন্ত্রীরা। মন্ত্রী রিজিজু এই অভিযোগ অস্বীকার করেছেন।#


পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৪