নারায়ণগঞ্জ সিটি নির্বাচন অনুকরণীয় হবে: সিইসি
পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ১৫ ডিসেম্বর বৃহষ্পতিবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।
বাংলাদেশের শিরোনাম:
- রাষ্ট্রপতির সঙ্গে সংলাপ খালেদা জিয়ার নেতৃত্বে ১০ নেতা যাবেন বঙ্গভবনে-ইত্তেফাক
- যশোরে চীনা নাগরিকের লাশ উদ্ধার-যুগান্তর
- নারায়ণগঞ্জ সিটি নির্বাচন অনুকরণীয় হবে: সিইসি-প্রথম আলো
- জনপ্রশাসনসচিবসহ সাতজনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল-কালের কণ্ঠ
- যুদ্ধাপরাধীদের পুনর্বাসনকারীদের বিচারের সময় এসেছে-মানবজমিন
- হুন্ডিতেই হয় সর্বনাশ-বাংলাদেশ প্রতিদিন
ভারতের শিরোনাম:
- টাকার অভাবে চা শ্রমিকরা মারা যাচ্ছেন, মোদিকে তোপ মমতার-সংবাদ প্রতিদিন
- রাজ্যে ভুয়ো সংস্থার মাধ্যমে পাচার হচ্ছে কালো টাকা-গণশক্তি
- সংসদের বিক্ষোভে বিরক্ত, ইস্তফার ইচ্ছা প্রকাশ আডবানির -আজকাল
পাঠক ! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ। প্রথমে বাংলাদেশ...
যুদ্ধাপরাধীদের পুনর্বাসনকারীদের বিচারের সময় এসেছে-প্রধানমন্ত্রী-মানবজমিন
যারা যুদ্ধাপরাধীদের পক্ষ নিয়ে তাদের পুনর্বাসন করেছে, এখন তাদের বিচারের সময় এসেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে গতকাল আওয়ামী লীগের আলোচনা সভায় তিনি এ কথা বলেন। শেখ হাসিনা বলেন, যারা তাদের হাতে স্বাধীনতার পতাকা তুলে দিয়েছে, তারাও সমান অপরাধে অপরাধী। যুদ্ধাপরাধীদের যেমন বিচার হয়েছে, এদের বিচারও বাংলার মাটিতে ইনশাআল্লাহ হবে।
রাষ্ট্রপতির সঙ্গে সংলাপ খালেদা জিয়ার নেতৃত্বে ১০ নেতা যাবেন বঙ্গভবনে-ইত্তেফাক
নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে আগামী রবিবারের সংলাপে কারা অংশ নেবেন-সেই তালিকা বঙ্গভবনে পাঠিয়েছে বিএনপি। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ১০ জন নেতা বঙ্গভবনে যাবেন।
বৃহস্পতিবার সকালে দলের তিনজন নেতা এই তালিকা নিয়ে রাষ্ট্রপতি ভবনে যান। তারা হলেন-বিএনপির তিন সহ-দপ্তর সম্পাদক বেলাল হোসেন, মুনীর হোসেন এবং তাইফুল ইসলাম টিপু।
বেগম খালেদা জিয়া ছাড়া অন্য নেতারা হলেন-দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির ছয় সদস্য খন্দকার মোশাররফ, মওদুদ আহমদ, মাহবুবুর রহমান, জমিরউদ্দিন সরকার, নজরুল ইসলাম খান এবং আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রমুখ।
কাজী রকিবউদ্দীন আহমদের নেতৃত্বে বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেখ হচ্ছে আগামী ৮ ফেব্রুয়ারি। তার আগেই নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি সার্চ কমিটি গঠন করে এই কমিশন গঠন করবেন। তবে তার আগে তিনি বিভিন্ন দলের সঙ্গে আলোচনার সিদ্ধান্ত নিয়েছেন।
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন অনুকরণীয় হবে: সিইসি-প্রথম আলো
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন সারা দেশে একটি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ। নির্বাচনে মেয়র ও কাউন্সিলর প্রার্থী, নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তা ও বিশিষ্ট নাগরিকদের সঙ্গে আজ মতবিনিময় সভায় তিনি এই আশার কথা বলেন।
তিনি বলেন,নির্বাচনসংশ্লিষ্ট বিষয়ে সুনির্দিষ্টভাবে কোনো অভিযোগ পেলে আইন অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেয়া হবে।
রকিবউদ্দীন আহমদ বলেন, নির্বাচনে কালোটাকার দৌরাত্ম্য ঠেকাতে নির্বাহী হাকিমের নেতৃত্বাধীন মোবাইল টিমগুলোকে রাতের বেলাও সক্রিয় থাকতে বলা হয়েছে। সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি নির্দেশ দিয়েছেন কাজী রকিবউদ্দীন আহমদ। তবে নিরীহ মানুষ যাতে হয়রানির শিকার না হন, সে ব্যাপারেও সতর্ক থাকতে বলা হয়েছে।
'স্বাধীনতা বিরোধীদের বিচার চেয়ে তামাশা করেছে বিএনপি' ওবায়দুল কাদের-বাংলাদেশ প্রতিদিন
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি স্বাধীনতা বিরোধীদের বিচার চেয়ে জাতির সাথে তামাশা করেছে। স্বাধীনতা বিরোধীদের বিচার চায় বিএনপি এটা এ বছরের সেরা কৌতুক।
আজ বৃহষ্পতিবার ইডেন কলেজ ছাত্রলীগ আয়োজিত মুক্তিযুদ্ধের বিজয় মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাধীনতার ৪৫ বছর পূর্তি উপলক্ষে ইডেন কলেজ ক্যাম্পাস প্রাঙ্গণে এই বিজয় মেলার আয়োজন করা হয়।
ওবায়দুল কাদের বলেন, 'বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন- বিএনপি স্বাধীনতা বিরোধীদের বিচার চায়। এটা বছরের সেরা কৌতুক। এটা কি মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার সঙ্গে তামাশা নয়? এটা কি নির্মম রসিকতা নয়?'
যশোরে চীনা নাগরিকের লাশ উদ্ধার-যুগান্তর
যশোরের উপশহর এলাকার একটি বাড়ি থেকে চ্যাং হিং চং (৪৫) নামে চীনা নাগরিকের লাশ উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার সকালে তার লাশ উদ্ধার করে পুলিশ।চ্যাং হিং চং ইজিবাইক ব্যবসায়ী। তিনি চীন থেকে ইজিবাইক বাংলাদেশে আমদানি করে বিক্রি করতেন।
এ ঘটনায় দু'জনকে আটক করার কথা জানিয়েছেন যশোর কোতোয়ালি মডেল থানার ওসি ইলিয়াস হোসেন।
তিনি জানান, উপশহর মহিলা কলেজের পাশে হামিদা ভিলায় ভাড়া থাকতেন চ্যাং হিং চং । তার সঙ্গে কর্মচারী নেত্রকোনা জেলার বাসিন্দা নাজমুল ও তার ভাইপো মুক্তাদির থাকতেন।
দৈনিকটির অন্য একটি খবর-পায়ুপথে বাতাস ঢুকিয়ে শিশু শ্রমিককে হত্যা
সোনারগাঁয়ের বস্তুল এলাকায় বুধবার রাতে এক শিশু শ্রমিককে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এম আর গ্রুপের বিআর স্পিনিং মিলের ওই শিশুর নাম ইয়ামিন (১৬)। এ ঘটনায় তার সহকর্মী আরেক শ্রমিক রায়হানকে (১৬) আটক করেছে পুলিশ।
বিনা বিচারে আটক: ৭ বন্দীকে আদালতে হাজিরের নির্দেশ-ইত্তেফাক
এক যুগেরও বেশি সময় ধরে বিনা বিচারে আটক সাত বন্দীকে আদালতে হাজির করতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আগামী ২৪ জানুয়ারি তাদেরকে আদালতে হাজির করতে বলা হয়েছে। এছাড়া তাদের কেন জামিন দেয়া হবে না এই মর্মে রুল জারি করেছে আদালত। আগামী দুই সপ্তাহের মধ্যে বিবাদীদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
জনপ্রশাসনসচিবসহ সাতজনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল-কালের কণ্ঠ
রাজস্ব খাতে চাকরি নিয়মিতকরণে রায় বাস্তবায়ন না করায় জনপ্রশাসনসচিব ড. নাসের চৌধুরীসহ সাতজনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট। রুলে আদালত অবমাননার দায়ে কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে চাওয়া হয়েছে।
হুন্ডিতেই হয় সর্বনাশ-বাংলাদেশ প্রতিদিন
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অর্ধকোটি টাকার বিদেশি মুদ্রাসহ নিজামুল হক ফরায়েজী নামে এক হুন্ডি ব্যবসায়ীকে আটক করা হয়। তিনি দুই মাস আগে কাতার এয়ারলাইনসের কিউআর ৬৩৭ ফ্লাইটে দুবাই যাচ্ছিলেন।
উড়োজাহাজে ওঠার আগ মুহূর্তে তিনি ধরা পড়েন শুল্ক ও গোয়েন্দাদের হাতে। ২৯ নভেম্বর দিনাজপুরের হিলিতে হুন্ডির ১৬ লাখ টাকাসহ আবু তালিব ও আইনুল ইসলাম নামে দুই হুন্ডি ব্যবসায়ীকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরা টাকা নিয়ে ভারত যাওয়ার চেষ্টা করছিলেন। এর কয়েক দিন আগে ভারত যাওয়ার পথে বেনাপোল-যশোর মহাসড়কের আমড়াখালী বিজিবি চেকপোস্ট থেকে হুন্ডির ২৬ লাখ টাকাসহ ইয়ানুর নামে অপর এক হুন্ডি ব্যবসায়ীকে আটক করেন বিজিবি সদস্যরা।
আকাশ ও স্থলপথে অবৈধ হুন্ডিতে দেশের টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে। ছোটখাটো এমন দু-একটি ঘটনা ধরা পড়লেও অজানা থেকে যাচ্ছে বড় অঙ্কের ঘটনা। হালে বিদেশে অবৈধ টাকা পাচারে জনপ্রিয় মাধ্যম হয়ে উঠেছে ‘হুন্ডি’। দেশ-বিদেশে গড়ে তোলা শক্তিশালী হুন্ডি সিন্ডিকেট গ্রাহকের টাকা এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছে দিচ্ছে। দিনে দিনে অপ্রতিরোধ্য হয়ে ওঠা এই হুন্ডি নিয়ে খোদ বাংলাদেশ ব্যাংকও উদ্বিগ্ন। সরকারের বিভিন্ন পর্যায় থেকে হুন্ডি রোধের পথ খোঁজা হচ্ছে। কিন্তু বিভিন্ন গোয়েন্দা সূত্র জানায়, রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তিদের হুন্ডির সঙ্গে যোগসাজশ থাকায় সরকার এ ব্যাপারে তাত্ক্ষণিক কোনো ব্যবস্থাও নিতে পারছে না। সংশ্লিষ্টরা বলছেন, দেশের একশ্রেণির রাজনীতিক ও ব্যবসায়ী তাদের বিপুল অঙ্কের টাকা হুন্ডি করছেন। নির্দিষ্ট গন্তব্য স্থানে আবারও সেই টাকা তারা ফেরত পাচ্ছেন। অবৈধ হুন্ডির মাধ্যমে পাচার করা অর্থে তারা বিশ্বের বিভিন্ন দেশে সেকেন্ড হোম করছেন। একই পথে পাঠানো দেশের পুঁজি বিদেশে নিয়ে বাড়ি, জমি, হোটেল, মোটেল ক্রয় ছাড়াও ব্যবসা প্রতিষ্ঠান পর্যন্ত গড়ে তুলেছেন। চিকিৎসা খরচ এমনকি সন্তানদের লেখাপড়ার অতিরিক্ত খরচও যাচ্ছে একই পথে। বিশ্বের নামিদামি জুয়ার আসরে খেলার টাকাও দেশ থেকে পাঠানো হচ্ছে হুন্ডিতেই। বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে দেখা যায়, বিগত ১০ বছরে দেশ থেকে বিদেশে পাচার হয়েছে চার লাখ কোটি টাকারও বেশি। এর বেশির ভাগ পাচার হয়েছে হুন্ডিতেই। অর্থনীতিবিদরা বলছেন, হুন্ডিতেই সর্বনাশ হচ্ছে দেশের অর্থনীতি। গোপনে এই পথে দেশের পুঁজি চলে যাচ্ছে বিদেশে।
পাঠক ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।
টাকার অভাবে চা শ্রমিকরা মারা যাচ্ছেন, মোদিকে তোপ মমতার-সংবাদ প্রতিদিন
আজ আন্তর্জাতিক চা দিবস ৷ কিন্তু নোট বাতিলকে কেন্দ্র করে বর্তমানে রাজ্যের চা শ্রমিকদের অবস্থা শোচনীয় ৷ শুধু তাই নয়, টাকার অভাবে কাজ হারাচ্ছেন বহু চা শ্রমিক৷ অর্থাভাবে দু’বেলা দু’মুঠো খেতে পর্যন্ত পাচ্ছেন না তাঁরা ৷ আর তাই আন্তর্জাতিক চা দিবসের দিন চা শ্রমিকদের জন্য আবার মোদির কাছে নোট বাতিলের সিদ্ধান্তর বিরোধিতা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ৷ এব টুইটে মুখ্যমন্ত্রী বলেন, “চা বাগানের শ্রমিকরা নোট বাতিলের জন্য না খেতে পেয়ে মারা যাচ্ছেন৷ আরবিআইয়ের উচিত শ্রমিকদের বকেয়া টাকা ডিএম মারফত পৌঁছে দেওয়া৷”
সংসদের বিক্ষোভে বিরক্ত, ইস্তফার ইচ্ছা প্রকাশ আডবানির- আজকাল
দিনের পর দিন মুলতুবি সংসদের অধিবেশন। তাতেই তিতিবিরক্ত লালকৃষ্ণ আডবানি এবার ইস্তফা দেয়ার ইচ্ছা প্রকাশ করলেন। বললেন, ‘অটলবিহারী বাজপেয়ী থাকলে হতাশ হতেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংকে বিরোধীদের সঙ্গে কথা বলার অনুরোধ করেছেন তিনি। তাঁর মতে, এতেই একমাত্র সংসদে শৃঙ্খলা ফিরবে। সুষ্ঠুভাবে অধিবেশন চালানো যাবে।
নোট বাতিলের জেরে উত্তপ্ত সংসদ। দিনের পর দিন ভেস্তে গেছে শীতকালীন অধিবেশন। ১০টি বিল আলোচনা এবং পাশ করানোর ছিল। সেখানে ৪টি মাত্র পাশ করানো গেছে। শুক্রবারই অধিবেশন শেষ। তার আগে বৃহস্পতিবারও সরকার আর বিরোধীদের ঝামেলার জেরে গোটা দিনের জন্য মুলতুবি হয়ে গেল লোকসভার অধিবেশন। এর পরেই ক্ষোভ প্রকাশ করেন আডবানি। বলেন, ‘বারবার অধিবেশন মুলতুবি হয়ে যাওয়া হতাশাজনক। ভাবছি, লোকসভার সাংসদপদ থেকে ইস্তফা দেব কিনা।’সরকার এ বিষয়ে কেন কোনও পদক্ষেপ নিচ্ছে না, সম্প্রতি সেই নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
‘বি জে পি হটাও’ডাক দিলো সর্বভারতীয় মহিলা সম্মেলন-গণশক্তি
প্রতিটি অন্যায় অবিচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের আহ্বান জানিয়ে, ‘বিজেপি হটাও’, ‘আর এস এস হটাও’ ডাক দিয়ে শেষ হলো সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির ১১তম সম্মেলন।
সম্মেলন বার্তা দিল সমাজে অবহেলিত মেয়েদের ন্যায্য দাবিকে তুলে ধরার, জমি ও সম্পত্তিতে মহিলাদের অধিকার রক্ষার। দেশজুড়ে নারী ও শিশু পাচারের বিরুদ্ধে, নেশার উপকরণ ছড়ানোর বিরুদ্ধে, মেয়েদের জীবনে অশিক্ষা বা অন্ধ বিশ্বাস ছড়ানোর বিরুদ্ধেও লড়াইয়ের আহ্বান এসেছে।
দৈনিকটির অন্য একটি খবরের শিরোনাম:রাজ্যে ভুয়ো সংস্থার মাধ্যমে
পাচার হচ্ছে কালো টাকা
কালো টাকার বিরুদ্ধে যুদ্ধ চলছে, এমনই দাবি মোদী সরকারের। বিশেষত, গত ৮ই নভেম্বরের পর থেকে।
অথচ সেই অভিযানে নেমে কেন্দ্রীয় আর্থিক নজরদারি সংস্থা এফ আই ইউ-র হাতে আসা তথ্য বলছে, গোটা দেশেই এই সময়কালে কালো টাকার খেলা বেড়েছে। শুধু তা নয়, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তা আরও চমকপ্রদ। সারদা-রোজভ্যালিকাণ্ডের পর যে সব ভুয়ো সংস্থা বন্ধ হয়ে গিয়েছিল বলে মনে করছিল আরেক কেন্দ্রীয় সংস্থা ইডি, ৮ই নভেম্বরের পরে অভিযানে এফ আই ইউ (ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট)-এর হাতে আসা তথ্য বলছে, এই সময়েই ফের সক্রিয় হয়ে উঠেছে সেই সব ভুয়ো সংস্থা।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৫