ডিসেম্বর ১৭, ২০১৬ ১৩:৩০ Asia/Dhaka

পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ১৭ ডিসেম্বর শনিবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।

বাংলাদেশের শিরোনাম:

  • 'সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করবে এমন ইসি চাইবে বিএনপি'-ইত্তেফাক
  • ২০২৪ সালের মধ্যে উন্নয়নশীল দেশ হবে বাংলাদেশ-যুগান্তর
  • বিজয় সুসংহতের প্রধান বাধা সাম্প্রদায়িকতা: কাদের-প্রথম আলো
  • গণতন্ত্রের জন্য খালেদার মায়াকান্না: ইনু -কালের কণ্ঠ
  • সাতক্ষীরায় অপহরণের চার দিন পর কলেজছাত্রের লাশ উদ্ধার-মানবজমিন 
  • এমপিরা যখন মামলার আসামি -বাংলাদেশ প্রতিদিন

ভারতের শিরোনাম:

  • ভারতে পরমাণু হামলার হুমকি হাফিজ সইদের-সংবাদ প্রতিদিন
  • নোট বাতিলে কোনো হস্তক্ষেপ করলো না সুপ্রিম কোর্ট হাইকোর্টেও আর মামলা নয়-গণশক্তি
  • নোট বাতিলের সিদ্ধান্ত সাহসী পদক্ষেপ:‌ জেটলি-আজকাল

পাঠক! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ। প্রথমে বাংলাদেশ...

বাংলাদেশের তথ্যমন্ত্রী হাসনুল হক ইনু

 

গণতন্ত্রের জন্য খালেদার মায়াকান্না: ইনু-কালের কন্ঠ/প্রথম আলো
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য মায়াকান্না শুরু করেছেন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। আজ কুষ্টিয়ার সার্কিট হাউসে জাসদের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে তথ্যমন্ত্রী এ মন্তব্য করেন।
দেশে গণতন্ত্র নেই, গণতন্ত্র ফিরিয়ে আনার দায়িত্ব বিএনপির—দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় হাসানুল হক ইনু বলেন, ‘সাম্প্রতিক কালে বেগম খালেদা জিয়া গণতন্ত্র নিয়ে মায়াকান্না শুরু করেছেন। এটা তাঁর শোভা পায় না।’তিনি আরও বলেন, খালেদা জিয়ার এ মায়াকান্না মাছের মায়ের পুত্রশোকের মতো। উনি (খালেদা) আবার গণতন্ত্রে প্রবেশ করার চেষ্টা করছেন। যাদের গায়ে মানুষ পোড়ানোর গন্ধ, হাতে রক্তের দাগ, পিঠে দুর্নীতির ছাপ আছে, তারা গণতন্ত্রে বসবাস করবে কি না, এটা জাতির কাছে বড় প্রশ্ন।
তথ্যমন্ত্রী বলেন, গণতন্ত্রকে যদি নির্ভেজাল গতিতে এগিয়ে নিতে হয়, তাহলে যারা হত্যা, খুন, আগুন-সন্ত্রাস ও দুর্নীতির সঙ্গে জড়িত, তাদের গণতন্ত্রে থাকার কোনো অধিকার নেই।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

 

প্রথম আলোর অন্য একটি খবর: বিজয় সুসংহতের প্রধান বাধা সাম্প্রদায়িকতা: কাদের
খবরটিতে বলা হয়েছে, মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। শোভাযাত্রা পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘বিজয় সুসংহত করার পথে প্রধান বাধা সাম্প্রদায়িকতা।

'সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করবে এমন ইসি চাইবে বিএনপি'-রিজভী- ইত্তেফাক

বিএনপি নেতা রুহুল কবির রিজভী

 

বিএনপি প্রত্যাশা করছে আগামীকাল রবিবার থেকে শুরু হতে যাওয়া সংলাপের মাধ্যমে সব রাজনৈতিক দলের নিকট থেকে পরামর্শ নিয়ে নিরপেক্ষ ও আস্থাশীল নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতি উদ্যোগ নিবেন। যা সত্যিকার অর্থে সাংবিধানিক প্রতিষ্ঠান হবে। সরকারের খাঁচায় বন্দি পাখি হবে না।'
 আজ দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন। 
রিজভী বলেন, আমরা আশা করছি রাষ্ট্রপতি এমন ইসি গঠনে উদ্যোগ নিবেন যে কমিশন সরকারের রক্তচক্ষু উপক্ষো করে সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করবে।
 
রিজভী বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে রাষ্ট্রপতির কাছে বিএনপির আলোচনার মূল ভিত্তি হবে- ইসি গঠনে খালেদা জিয়ার দেয়া ১৩ দফা প্রস্তাব।
 

২০২৪ সালের মধ্যে উন্নয়নশীল দেশ হবে বাংলাদেশ-যুগান্তর

জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সংস্থা আঙ্কটাড

 

২০২৪ সালের মধ্যে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বের হয়ে উন্নয়নশীল দেশে উন্নীত হবে  বাংলাদেশ। জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সংস্থা আঙ্কটাডের একটি প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। শনিবার সকালে সিপিডি আয়োজিত এক সংবাদ সম্মেলনে আঙ্কটাডের এ তথ্য প্রকাশ করা হয়। 
এতে বলা হয়, স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে ২০২৪ সালে বের হবে বাংলাদেশ। এর আগে ২০১৮ সালের মধ্যে এলডিসি থেকে বের হওয়ার প্রাথমিক যোগ্যতা অর্জন করবে।

এমপিরা যখন মামলার আসামি-বাংলাদেশ প্রতিদিন

এমপিদের বিরুদ্ধে যখন মামলা

 

মামলা আর নানা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে এখন সংবাদ শিরোনাম হচ্ছেন এমপিরাও। যারা আইনপ্রণেতা তাদের বিরুদ্ধে ফৌজদারি আইনে মামলা হচ্ছে।

এর মধ্যে আছে হত্যা ও হত্যাচেষ্টার মামলা। রয়েছে প্রতারণা, জালিয়াতি, আইন অমান্য, অবৈধ সম্পদ অর্জন, জমিদখল, অর্থ-সম্পদ আত্মসাৎ, নিয়োগ জালিয়াতি ও শ্লীলতাহানির মামলাও। গত তিন বছরে মামলায় পড়ে আলোচনা-সমালোচনার বিষয় হয়ে উঠেছেন প্রায় দুই ডজন সংসদ সদস্য। এর মধ্যে দশম জাতীয় সংসদেরই এমপি রয়েছেন অন্তত ২০ জন। 
এ প্রসঙ্গে টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘কারও বিরুদ্ধে মামলা হওয়া মানেই তাকে দোষী বলা যাবে না। তবে ক্ষমতাবান এমপির বিরুদ্ধে যখন মামলা হয়, তা অনেকটাই ভিন্ন। এজন্য অন্য দেশের মতো আমাদের এখানেও এমপির বিরুদ্ধে যখন এ ধরনের মামলা হয়, তখন সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের পদত্যাগ করা উচিত। কারণ এখানে সংসদের ভাবমূর্তিও জড়িত। এ ক্ষেত্রে সংসদেরও উচিত, এমপিদের জবাবদিহিতায় আনা।

সাতক্ষীরায় অপহরণের চার দিন পর কলেজছাত্রের লাশ উদ্ধার-মানবজমিন

সাতক্ষীরায় অপহরণের চার দিন পর কলেজছাত্রের লাশ উদ্ধার

 

সাতক্ষীরায় মুক্তিপণের দাবিতে অপহরণের চার দিন পর এক কলেজছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকাল আটটার দিকে সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা ইউনিয়নের মহাদেবনগর গ্রামের এক পুকুর থেকে এ লাশ উদ্ধার করা হয়। গৌতম সরকার (২০) নামের ওই কলেজছাত্র সাতক্ষীরা সীমান্ত আদর্শ কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিলেন। এবং ঘোনা ইউপির ৮ নম্বর ওয়ার্ডের সদস্য গণেশ সরকারের একমাত্র ছেলে। এই ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পাঠক ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।

ভারতে পরমাণু হামলার হুমকি হাফিজ সইদের-সংবাদ প্রতিদিন

হাফিজ সইদ

 

“পাকিস্তানকে যে ভাষায় আক্রমণ করেন রাজনাথ সিং, তা নিছকই শব্দ নয়। একে রীতিমতো যুদ্ধ ঘোষণা করা বলে। তাঁর বক্তব্যকে চ্যালেঞ্জ হিসাবে নিয়েই পাল্টা আক্রমণ ফিরিয়ে দেব।” ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের বিরুদ্ধে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন পাক জঙ্গি নেতা হাফিজ সইদ।

প্রসঙ্গত, পাকিস্তানের ক্রমাগত যুদ্ধবিরতি লঙ্ঘন এবং সীমান্তে হামলার ঘটনার নিন্দা করে পাকিস্তানের সন্ত্রাসবাদ পোষণের কড়া ভাষায় নিন্দা করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। তাঁর বক্তব্যের পরই পাল্টা এই বক্তব্য রাখলেন হাফিজ।

নোট বাতিলে কোনো হস্তক্ষেপ করলো না সুপ্রিম কোর্ট হাইকোর্টেও আর মামলা নয়-গণশক্তি
সরকারের নোট বাতিলের পদক্ষেপের বৈধতা নিয়ে সিদ্ধান্ত নেবে সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ। এই বিষয়ে হাইকোর্টগুলিতে কোনো মামলার শুনানিও আর হবে না। প্রধান বিচারপতি টি এস ঠাকুরের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ শুক্রবার এই রায় দিয়েছে। নোট বাতিলের বিষয়ে সরকারের দেওয়া আশ্বাস বা প্রতিশ্রুতির উপর ভরসা রাখার উপরেই জোর দিয়েছে বেঞ্চ। সেই সঙ্গে বেঞ্চ বলেছে, এই সংক্রান্ত বিভিন্ন মামলার আবেদনে একাধিক সাংবিধানিক ধারা লঙ্ঘনের অভিযোগ ওঠায় সরকারের এই বিতর্কিত পদক্ষেপ সম্পর্কে সিদ্ধান্ত নেবে পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ। বস্তুত, সুপ্রিম কোর্ট এদিন নোট বাতিলের বিষয়ে সরকারের কোনো সিদ্ধান্তেই হস্তক্ষেপ করতে চায়নি।

অর্থমন্ত্রী অরুণ জেটলি

 

নোট বাতিলের সিদ্ধান্ত সাহসী পদক্ষেপ:‌ জেটলি-আজকাল
পুরনো ৫০০ এবং ১০০০ রুপির নোট বাতিলের পর থেকে এখনও অবধি ১৫ লক্ষ ৪৪ হাজার কোটি টাকা জমা পড়েছে রিজার্ভ ব্যাঙ্কের কোষাগারে। কিন্তু জমা পড়া টাকার পুরোটা আর বাজারে ফিরিয়ে আনা হবে না। ডিজিটাল মুদ্রার মাধ্যমে সেই ঘাটতি মেটানো হবে। শনিবার জানালেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। পাশাপাশি ৫০০ এবং ১০০০ টাকার নোট বাতিলের সিদ্ধান্তকে ফের একবার সাহসী পদক্ষেপ বললেন জেটলি। বলেন,‘বর্তমান পরিস্থিতিতে নোট বাতিলের মতো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ভারতের রয়েছে।‘সেই সঙ্গে যোগ করেন, ‘নোট বাতিলের ফলে বাজার থেকে ৫০০ এবং ১০০০ টাকার নোট উঠে গেছে।#


পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৭