প্রধানমন্ত্রীর বিমানে ত্রুটি মানবসৃষ্ট-অভিযুক্তদের বিরুদ্ধে মামলা হবে: মন্ত্রী
পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ১৯ ডিসেম্বর সোমবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।
বাংলাদেশের শিরোনাম:
- সংকট সমাধানে দ্বার উন্মোচিত হয়েছে: মওদুদ-ইত্তেফাক
- রিজার্ভ চুরি বাংলাদেশ ব্যাংকের ১৪ কর্মকর্তা শনাক্ত-যুগান্তর
- আইভীকে সমর্থন জানাল জাতীয় পার্টি-প্রথম আলো
- প্রধানমন্ত্রীর বিমানে ত্রুটি মানবসৃষ্ট অভিযুক্তদের বিরুদ্ধে মামলা হবে: মন্ত্রী-কালের কণ্ঠ
- তাল গাছটা সবার হতে হবে: রিজভী-মানবজমিন
- জাতীয় ওষুধ নীতির খসড়া মন্ত্রিসভায় অনুমোদন-বাংলাদেশ প্রতিদিন
ভারতের শিরোনাম:
- রাজ্যে ‘দাঙ্গা’ বাধানোর চেষ্টা রুখে দিতে বদ্ধপরিকর মমতা-সংবাদ প্রতিদিন
- সি বি আই হিসেব তলবেই মোদী শরণে, এখন গলা চড়াচ্ছেন মমতা-গণশক্তি
- ২০০৯–১৫তে ভারতে জেল হেপাজতে মৃত ৬০০-আজকাল
শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ। প্রথমে বাংলাদেশ...
বাংলাদেশ প্রতিদিনের প্রতিবেদন-রাষ্ট্রপতিকে সব বলল বিএনপি।
বিস্তারিত প্রতিবেদনে বলা হয়েছে, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে সব কথাই বললেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ৫ জানুয়ারির সংসদ নির্বাচনের পর চলমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরেন বিএনপি প্রধান। এ সময় রাষ্ট্রের অভিভাবক হিসেবে দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার অনুরোধও করেন তিনি। নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটি নিয়ে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে বৈঠকে গতকাল নানা প্রসঙ্গ তুলে ধরেন সাবেক এই প্রধানমন্ত্রী। জবাবে রাষ্ট্রপতি বলেন, সংলাপের উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করি এর মাধ্যমে চলমান সংকট নিরসন হবে।
সংকট সমাধানে দ্বার উন্মোচিত হয়েছে: মওদুদ-ইত্তেফাক
নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠনে রাষ্ট্রপতির সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ শুরু হওয়ার মধ্য দিয়ে রাজনৈতিক সংকট সমাধানের দ্বার উন্মোচিত হয়েছে বলে মন্তব্য করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ। এ দ্বার উন্মোচিত থাকলে সকলেই এর সুফল পাবে। সোমবার সুপ্রিম কোর্ট থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমন মন্তব্য করেন তিনি।
রোববার রাষ্ট্রপতির সঙ্গে অনুষ্ঠিত সংলাপে বিএনপির পক্ষ থেকে সার্চ কমিটি বা নির্বাচন কমিশনার হিসাবে কারও নামের তালিকা দেয়া হয়েছে কি না, জানতে চাইলে মওদুদ বলেন, নামের তালিকা দেয়া হয়েছে। যতজন প্রয়োজন ততজনেরই নাম দেয়া হয়েছে। তবে তাদের নাম প্রকাশ করা যাবে না।
রাষ্ট্রপতি বিএনপির প্রস্তাব পুরোপুরি মেনে নিবেন কি না-এমন প্রশ্নের জবাবে মওদুদ বলেন, এটা পৃথিবীর কোন দেশেই সম্ভব নয়। তবে আমরা আশা করছি, রাষ্ট্রপতির সিদ্ধান্তে জনগণের আশার প্রতিফলন ঘটবে।
তাল গাছটা সবার হতে হবে: রিজভী-মানবজমিন
নির্বাচন কমিশন গঠনে আওয়ামী লীগ আসলে কি চায় এমন প্রশ্ন তুলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেছেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক যে সংশয় প্রকাশ করেছেন, তাতে মনে হয় তারা আসলে কি চান। আমরা বলি তাল গাছটা সবার হতে হবে, সবার সেখানে সমর্থন থাকতে হবে, আস্থা থাকতে হবে- এটাই বড় বিষয়।
ওবায়দুল কাদেরের বক্তব্যের সূত্র ধরে রিজভী বলেন, আমাদের ধারণা ছিল তিনি বিবেক দিয়ে কথা বলবেন, যা ন্যায়ঙ্গত, যা গণতন্ত্র চলার পথে বিকাশের ক্ষেত্রে যুগান্তকারী পদক্ষেপ হবে- সেভাবে তিনি কথা বলবেন। সেখানে তার মুখ থেকে এই বিচ্যুতি পাচ্ছি। এটা খুব দুঃখজনক।
অ্যামনেস্টির রিপোর্ট: মিয়ানমারে হত্যা, ধর্ষণের জন্য দায়ী সেনাবাহিনী-মানবজমিন
রোহিঙ্গাদের বিরুদ্ধে বিচার বহির্ভুত হত্যাকা-, অসংখ্য ধর্ষণ, বাড়িঘর পুড়িয়ে দেয়া এমনকি পুরো গ্রাম জ্বালিয়ে দেয়ার জন্য দায়ী মিয়ানমারের নিরাপত্তা বাহিনী। তারা রোহিঙ্গাদের টার্গেট করেছে। এ বিষয়গুলোকে মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে গণ্য করা যেতে পারে। মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের ওপর সেদেশের নিরাপত্তা রক্ষাকারী, বিশেষ করে সেনাবাহিনীর নৃশংসতার এমনই বর্ণনা দিয়েছে লন্ডনভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। বাংলাদেশ ও মিয়ানমারে অবস্থানরত রোহিঙ্গাদের সঙ্গে বিশদ সাক্ষাতকার, স্যাটেলাইটের বিভিন্ন ইমেজ ও ছবি, ভিডিও বিশ্লেষণ করে এ বিষয়ে আজ সোমবার অ্যামনেস্টি একটি নতুন রিপোর্ট প্রকাশ করেছে।
রিজার্ভ চুরি-বাংলাদেশ ব্যাংকের ১৪ কর্মকর্তা শনাক্ত-যুগান্তর
সিআইডির তদন্ত প্রতিবেদন ১৭ জানুয়ারি, খতিয়ে দেখা হচ্ছে সাবেক গভর্নরের ভূমিকা। বিস্তারিত খবরে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের ১০ কোটি ১০ লাখ ডলার রিজার্ভ চুরির ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের প্রায় সবাইকে চিহ্নিত করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এর মধ্যে বাংলাদেশ ব্যাংকের পাঁচ বিভাগের ১৪ জন কর্মকর্তা রয়েছেন। তারা সবাই ব্যাংকের কম্পিউটার সুইফট সিস্টেম হ্যাকিংয়ের প্লট তৈরিতে প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে ভূমিকা রেখেছেন।
সংশ্লিষ্ট ১০৮ জনকে দফায় দফায় জিজ্ঞাসাবাদসহ প্রয়োজনীয় তদন্ত শেষে সিআইডির কর্মকর্তারা নিশ্চিত হয়েছেন উল্লিখিত বিষয়ে।
আইভীকে সমর্থন জানাল জাতীয় পার্টি- প্রথম আলো
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভীকে সমর্থন দিয়েছে এরশাদের জাতীয় পার্টি।
আজ সোমবার বেলা একটার দিকে জেলা ও মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
এদিকে ‘স্ট্রাইকিং ফোর্স’হিসেবে বিজিবি মোতায়েন হাস্যকর মন্তব্য সাখাওয়াতের
এ খবরে দৈনিকটি লিখেছে, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আজ সোমবার থেকে মাঠে নামছে ২২ প্লাটুন বিজিবি। বিজিবির সদস্যরা ‘স্ট্রাইকিং ফোর্স’ হিসেবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করবেন। কিন্তু ‘স্ট্রাইকিং ফোর্স’ হিসেবে বিজিবি মোতায়েনকে‘হাস্যকর’বলে মন্তব্য করেছেন বিএনপির মেয়র প্রার্থী সাখাওয়াত হোসেন খান।
প্রধানমন্ত্রীর বিমানে ত্রুটি মানবসৃষ্ট-অভিযুক্তদের বিরুদ্ধে মামলা হবে : মন্ত্রী-কালের কণ্ঠ
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী হাঙ্গেরিগামী বিমানের যান্ত্রিক ত্রুটি ‘মনুষ্যসৃষ্ট’। এটি উদ্দেশ্যমূলক কি না জানতে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের গঠন করা তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর গতকাল রোববার সচিবালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রী এ কথা জানান।
শ্রোতাবন্ধুরা ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।
সি বি আই হিসেব তলবেই মোদী শরণে, এখন গলা চড়াচ্ছেন মমতা-গণশক্তি
পশ্চিমবঙ্গসহ দেশের বিভিন্ন প্রান্তে নোট বাতিল ঘোষণার আগে খোদ বি জে পি সভাপতির নামে কোটি কোটি টাকার জমি কেনার ঘটনা ইতিমধ্যেই সামনে এসেছে। সারদা থেকে নারদা—কালো টাকায় তৃণমূলের তহবিল ফুলে ফেঁপে ওঠার কাহিনী শুধু রাজ্য নয়, দেশবাসীর কাছেও অজানা নয়।
নিজেদের এই ‘ইমেজ,কে ‘সাধারণ প্রবণতা’য় পরিণত করার কৌশলেই যেন এখন নোটকাণ্ডে রাজনৈতিক দলগুলিকে ‘বিশেষ সুবিধা’দেয়ার ঘোষণাকে সামনে এনেছে মোদী সরকার। এই অভিযোগ যে একেবারেই ভিত্তিহীন নয় তার প্রমাণ মিলেছে সঙ্গে সঙ্গেই অতি তৎপর হয়ে মমতা ব্যানার্জির টুইট বার্তায়। নোটকাণ্ডে রাজনৈতিক দলের সঙ্গে সাধারণ মানুষের কেন পার্থক্য করছে সরকার, প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী।
‘প্রযুক্তির ফাঁদে ধরা পড়বে কালো টাকার মালিকরা-মোদি-সংবাদ প্রতিদিন
তাঁর এক চালে বহু ধনী ব্যক্তির খেল খতম হয়ে গিয়েছে। যাঁরা ভেবেছিলেন ব্যাঙ্কে কালো টাকা জমা দিলেই সাদা হয়ে যাবে, তাঁরা ভুল করেছেন। সোমবার কানপুরে ঠিক এ ভাষাতেই কালো টাকার কারবারিদের হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সাফ জানিয়ে দিলেন, সময় এসে গিয়েছে। প্রযুক্তি ব্যবহার করে কালো টাকার মালিকদের চিহ্নিত করা হবে। কেন্দ্রীয় সংস্থাগুলি এ বিষয়ে সদা সতর্ক রয়েছে। দেশজুড়ে তল্লাশি চালানো হবে। কাউকে রেয়াত করা হবে না।
রাজ্যে ‘দাঙ্গা’ বাধানোর চেষ্টা রুখে দিতে বদ্ধপরিকর মমতা-সংবাদ প্রতিদিন
রাজ্যে ক্রমাগত সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার অভিযোগে- ইঙ্গিতে কেন্দ্রকে দুষলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। সাফ জানিয়ে দিলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার কোনও চেষ্টা বরদাস্ত করবে না রাজ্য সরকার। সোমবার বাঁকুড়া থেকে তাঁর বার্তা, “রাজ্যে টাকা নিয়ে দাঙ্গা করার চেষ্টা চালাচ্ছে কেউ কেউ। তা রুখে দেয়া হবে।” ধর্মভিত্তিক রাজনীতি এবং যে কোনও ঘটনার ধর্মীয়করণের বিরোধিতা করে তিনি বলেন, “ যে কোনও ঘটনারই ধর্মীয় মেরুকরণ করা হচ্ছে।
২০০৯–১৫তে ভারতে জেল হেপাজতে মৃত ৬০০-আজকাল
২০০৯ থেকে ২০১৬ সালে ভারতে জেল হেপাজতে মারা গেছেন ৬০০ জন। বেশিরভাগই পুলিসের মারে। বলছে একটি মার্কিন মানবাধিকার সংগঠনের রিপোর্ট। ভারতে অভিযুক্ত বা আসামিদের ওপর অত্যাচার বেআইনি। তবে বেশিরভাগ পুলিস অফিসারই কথা আদায়ের জন্য ‘থার্ড ডিগ্রি’ব্যবহারের কথা স্বীকার করেন।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৯