বিমানের বিষয়ে প্রয়োজনে খড়্গহস্ত হব: মেনন
পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ২০ ডিসেম্বর মঙ্গলবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।
বাংলাদেশের শিরোনাম:
- বিজিবির ভূমিকায় সীমান্ত হত্যা কমেছে: প্রধানমন্ত্রী -ইত্তেফাক
- নারায়ণগঞ্জে নৌকাই বিজয়ী হবে: ওবায়দুল কাদের -যুগান্তর
- বিমানের বিষয়ে প্রয়োজনে খড়্গহস্ত হব: মেনন -প্রথম আলো
- নাসিক নির্বাচনে কারচুপি হলে আগুন জ্বলবে -দুদু-কালের কণ্ঠ
- আশুলিয়ায় অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা -মানবজমিন
ভারতের শিরোনাম:
- ১৫০ বছরে প্রথমবার ব্রিটেনের অর্থনীতিকে টেক্কা দিল ভারত-সংবাদ প্রতিদিন
- ব্যাঙ্কের লাইনে দাঁড়িয়ে ফের মৃত্যু দিনহাটায় –গণশক্তি
- যথেষ্ট নগদ হাতে রয়েছে, আশ্বাস জেটলির -আজকাল
শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ। প্রথমে বাংলাদেশ...
বিজিবির ভূমিকায় সীমান্ত হত্যা কমেছে: প্রধানমন্ত্রী-ইত্তেফাক
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ভূমিকায় সীমান্তে নিহতের সংখ্যা কমায় বাহিনীটির প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সকালে রাজধানীর পিলখানায় বিজিবি দিবসের অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনা, বিজিবি সীমান্ত রক্ষার পাশাপাশি দেশের অভ্যন্তরে আইনশৃঙ্খলা রক্ষায় নানাভাবে ভূমিকা রেখে যাচ্ছে। বিজিবি একদিন পৃথিবীর শ্রেষ্ঠ সীমান্তরক্ষী বাহিনী হিসেবে প্রতিষ্ঠিত হবে বলে আমি আশা করি।
দেশের অভ্যন্তরে অস্থিতিশীল পরিস্থিতি মোকাবিলায় বিজিবির ভূমিকা প্রশংসনীয় উল্লেখ করে তিনি বলেন, বিগত বছরগুলোতে দেশের অভ্যন্তরে আইনশৃঙ্খলা রক্ষায় আপনাদের ভূমিকা প্রশংসনীয়। বিশেষ করে বিএনপি-জামায়াতের আগুন সন্ত্রাসের সময় বিজিবির সাহসী ভূমিকা সারা বিশ্বে সুনাম কুড়িয়েছে।
নারায়ণগঞ্জে নৌকাই বিজয়ী হবে: ওবায়দুল কাদের-যুগান্তর
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর প্রতীক নৌকাই বিজয়ী হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
এদিকে দৈনিকটির অন্য একটি খবরের শিরোনাম এরকম: নারায়ণগঞ্জে নির্বাচন সুষ্ঠু না হওয়ার ইঙ্গিত দেখা যাচ্ছে: রিজভী
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচন সুষ্ঠু না হওয়ার ইঙ্গিত দেখা যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
মঙ্গলবার নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।
তিনি বলেন, আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচন যে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হতে পারে না, নাসিক নির্বাচনেও তার সুস্পষ্ট ইঙ্গিত মিলতে শুরু হয়েছে। ভোটারবিহীন সরকারের ইচ্ছা পূরণে ইলেকশন কমিশন কেন সেনা মোতায়েনে রাজি হয়নি সেটাও স্পষ্ট হতে শুরু করেছে।
এ সম্পর্কে আর কালের কণ্ঠের খবরে বলা হয়েছে, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে (নাসিক) কোনো ধরনের ভোট কারচুপি হলে সারা দেশে আগুন জ্বলবে বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। আজ মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে নাসিক নির্বাচনে সেনা মোতায়েনের দাবিতে আয়োজিত এক মানববন্ধনে তিনি এই কথা বলেন।
বিমানকে ঢেলে সাজানোর নতুন পরিকল্পনা-তদন্ত রিপোর্ট প্রধানমন্ত্রীর হাতে:ইত্তেফাক
প্রধানমন্ত্রীকে বহনকারী উড়োজাহাজে মনুষ্য সৃষ্ট যান্ত্রিক গোলযোগের ঘটনাকে কেন্দ্র করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ইমেজ সংকটে পড়েছে। খুব শিগগির জাতীয় পতাকাবাহী এ সংস্থাকে ঢেলে সাজানো হচ্ছে। গতকাল সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বুদাপেস্টগামী বিমানের ভিভিআইপি ফ্লাইটে মধ্য আকাশে ‘যান্ত্রিক গোলযোগ’ এর বিষয়টি নিয়ে তিনটি কমিটির তদন্ত রিপোর্ট পেশ করেন। প্রধানমন্ত্রী রিপোর্টের সুপারিশ অনুযায়ী অবিলম্বে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রীকে নির্দেশ দেন। এ সময় প্রধানমন্ত্রী বিমানকে ঢেলে সাজানোর ইঙ্গিত দেন বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।
বিমানের বিষয়ে প্রয়োজনে খড়্গহস্ত হব: মেনন-প্রথম আলো
রাষ্ট্রীয় পতাকাবাহী উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুর্নীতি-অনিয়মের বিরুদ্ধে খড়্গহস্ত হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। রাজধানীর একটি হোটেলে আজ মঙ্গলবার দৈনিক বণিক বার্তা আয়োজিত এক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বর্ষবরণে শ্লীলতাহানি: আসামির বিরুদ্ধে অভিযোগপত্র-যুগান্তর/ইত্তেফাক
পহেলা বৈশাখে বর্ষবরণ উৎসবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় শ্লীলতাহানির ঘটনায় দায়ের করা মামলার আসামি মো. কামালের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
মঙ্গলবার ঢাকা সিএমএম আদালতে পিবিআইয়ের পরিদর্শক আব্দুর রাজ্জাক অভিযোগপত্রটি দাখিল করেন।
আশুলিয়ায় অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা-মানবজমিন
নূন্যতম মজুরী ১৫ হাজার টাকা করার দাবীতে টানা ৮ম দিনের আন্দোলনে উত্তাল শিল্পাঞ্চল আশুলিয়া। মন্ত্রীর আশ্বাসের পরও কাজে যোগ দেয়নি অনেক তৈরী পোশাক কারখানার শ্রমিকরা। মঙ্গলবার সকালে শিল্পাঞ্চলের তৈরী পোশাক কারখানার শ্রমিকরা কারখানায় প্রবেশ করে কারখানার ভেতরে কিছুক্ষণ থেকে কাজ না করে বের হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রায় অর্ধশতাধিক কারখানা সাধারণ ছুটি ঘোষণা করেছে মালিকপক্ষ। পুলিশ প্রশাসন, জনপ্রতিনিধি ও সরকারদলীয় নেতাকর্মীদের একের পর এক সভা-সেমিনার এবং সংবাদ সম্মেলনের পরও কাজে যোগ দেয়নি প্রায় অর্ধশতাধিক কারখানার শ্রমিকরা। আজ সকাল থেকেই দাবি আদায়ে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কে বিক্ষোভ করেছে শ্রমিকরা।
শ্রোতাবন্ধুরা ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।
যথেষ্ট নগদ হাতে রয়েছে, আশ্বাস জেটলির- আজকাল
নোট বাতিলের জন্য যথেষ্টই প্রস্তুত ছিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। নগদেরও কোনও অভাব নেই। যা আছে, ৩০ ডিসেম্বরের পরেও চলব। দাবি কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির। ৮ নভেম্বর পুরনো ৫০০ আর ১০০০–এর নোট বাতিল করে মোদি সরকার। তার পর থেকেই নগদ নোটের আকাল। শুরু হয়েছে সমালোচনা। যদিও এই অভিযোগ মানতে চায়নি কেন্দ্র।
ব্যাঙ্কের লাইনে দাঁড়িয়ে ফের মৃত্যু দিনহাটায় –গণশক্তি
টাকার জন্য লাইনে দাঁড়িয়ে রাজ্যে মৃত্যু হলো আরও এক ব্যক্তির। এ নিয়ে রাজ্যে মৃতের সংখ্যা দাঁড়ালো আট। সোমবার কোচবিহার জেলার দিনহাটায় একটি রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কে ভোর থেকে লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন ধনেশ্বর বর্মণ । ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা জেলায়।
১৫০ বছরে প্রথমবার ব্রিটেনের অর্থনীতিকে টেক্কা দিল ভারত-সংবাদ প্রতিদিন
এ যেন উলটপুরাণ। যে ঔপনিবেশিক প্রভুরা এ দেশকে একদিন শোষণ করেছিল, স্বাধীনতার পর অর্থনীতিতে তাদেরই ছাপিয়ে গেল ভার। হ্যাঁ, ১৫০ বছরে এই প্রথমবার অর্থনীতিতে ভারত এগিয়ে গেল ব্রিটেনের থেকে।
ব্রেক্সিটের ধাক্কা তো ছিলই। সেইসঙ্গে মারাত্মক হারে পড়েছে পাউন্ডের দাম। উল্টোদিকে গত ২৫ বছরে তরতরিয়ে এগিয়েছে ভারতীয় অর্থনীতি।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২০