ডিসেম্বর ২২, ২০১৬ ১৩:৩৮ Asia/Dhaka

পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ২২ ডিসেম্বর বৃহষ্পতিবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।

বাংলাদেশের শিরোনাম:

  • সুষ্ঠুভাবে ভোট হলে নৌকার বিজয় নিশ্চিত-আইভি, ফল যাই হোক মেনে নেব-সাখাওয়াত-ইত্তেফাক
  • খালেদার অসমাপ্ত বক্তব্য উপস্থাপন ৫ জানুয়ারি-যুগান্তর
  • ভোট শেষ, এবার গণনা ও ফলাফলের পালা,আইভীর জয় সুনিশ্চিত: হানিফ-প্রথম আলো
  • গার্মেন্ট শ্রমিক নেত্রী মোশরেফা মিশু আটক-কালের কণ্ঠ
  • আইসিসি’র বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার মোস্তাফিজ-মানবজমিন 
  • নতুন কোনো শিক্ষা প্রতিষ্ঠানের অনুমতি আর দিচ্ছে না সরকার-সমকাল
  • প্রধানমন্ত্রীর বিমানে ক্রুটি, ৭ কর্মকর্তা গ্রেফতার-বাংলাদেশ প্রতিদিন

ভারতের শিরোনাম:

  • বিজেপিকে রুখতে গাঁটছড়ার প্রস্তুতি রাহুল-মুলায়মের -সংবাদ প্রতিদিন
  • ঘুষের অভিযোগ- মোদীর বিরুদ্ধে- সাহারা-বিড়লার কাছ থেকে ৫২ কোটি রুপি ঘুষ- বললেন রাহুল -গণশক্তি
  • দেশ চালাচ্ছে আলিবাবা ও তার ৪ চোর:‌ মমতা-আজকাল

শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ। প্রথমে বাংলাদেশ..

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন আজ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন নিয়ে নানামুখী খবর আজকের দৈনিকগুলোতে এসেছে।

নাসিক নির্বাচন

 

প্রথম আলোর শিরোনাম: ভোট শেষ, এবার গণনা ও ফলাফলের পালা
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে। এবার ভোট গণনা শেষে ফলাফলের পালা। আজ সকাল আটটা থেকে এই ভোট গ্রহণ শুরু হয়। বিরতিহীন ভোট গ্রহণ চলে বিকেল চারটা পর্যন্ত।
প্রধান দুই মেয়র প্রার্থী আওয়ামী লীগের সেলিনা হায়াৎ আইভী ও বিএনপির সাখাওয়াত হোসেন খান উভয়ই মনে করেন, নির্বাচনে ভোটার উপস্থিতি কম ছিল।
ভোটারদের উপস্থিত কম লক্ষ করে তাঁদের কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান আইভী। সাখাওয়াত বলেন, মানুষ ভীত হয়ে বা কারও প্রভাবে প্রভাবিত হয়ে ভোটকেন্দ্রে আসছেন না বলে মনে করছেন তিনি।
নির্বাচন নিয়ে আইভী ও সাখাওয়াতের ছোটখাটো কিছু অভিযোগ ছিল। কিন্তু গুরুতর অনিয়মের কোনো অভিযোগ তাঁদের তুলতে দেখা যায়নি। নির্বাচন চলাকালে তেমন কোনো অপ্রীতিকর বা সহিংস ঘটনার খবর মেলেনি।

এ সম্পর্কে দৈনিক ইত্তেফাকের প্রধান খবরের শিরোনাম: সুষ্ঠুভাবে ভোট হলে নৌকার বিজয় নিশ্চিত-আইভি

আওয়ামী লীগের মেয়র প্রার্থী আইভি

 

বৃহস্পতিবার সকালে দেওভোগ শিশুবাগ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে গিয়ে এ কথা বলেন তিনি। তিনি বলেন, আজকের দিনটি নারায়ণগঞ্জবাসীর জন্য একটি বিরল দিন। এতো সুন্দর পরিবেশে নির্বাচন নারায়ণগঞ্জবাসী এর আগে দেখিনি।

বিএনপি মেয়ারপ্রার্থী সাখাওয়াত খান

 

ইত্তেফাকে প্রকাশিত বক্তব্যে বিএনপির মেয়র প্রার্থী সাখাওয়াত খান বলেছেন, 'অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটে জনতা যে রায় দেবে আমি সেটা মেনে নিব।'
প্রথম আলোর অন্য একটি খবরে বলা হয়েছে, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, সেলিনা হায়াৎ আইভী নারায়ণগঞ্জে আগেও মেয়র ছিলেন। তিনি যে যোগ্য প্রার্থী, তা আগেই প্রমাণ করেছেন। তাঁর মেধা, দক্ষতা ও সাহসিকতা এবং নারায়ণগঞ্জের উন্নয়ন তাঁকে জনগণের কাছে গ্রহণযোগ্য করে তুলেছে। ফলে তাঁর জয় সুনিশ্চিত।
আজ বৃহস্পতিবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে নারায়ণগঞ্জ নির্বাচন নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হানিফ এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর বিমানে ক্রুটি, ৭ কর্মকর্তা গ্রেফতার-বাংলাদেশ প্রতিদিন

বিমান বাংলাদেশ 

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটির ঘটনায় দায়ের করা মামলায় বিমানের সাত কর্মকর্তাকে গ্রেফতার করেছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিট। খবর বাংলানিউজের।

বুধবার (২১ ডিসেম্বর) দিবাগত রাত থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (ডিসি মিডিয়া) মাসুদুর রহমান জানান, অভিযুক্ত নয়জনের মধ্যে সাতজনকে গ্রেফতার করা হয়েছে, বাকি দু’জনকে গ্রেফতারে অভিযান চলছে।
তবে ইত্তেফাকের খবরে বলা হয়েছে, প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে ত্রুটির ঘটনায় দায়ের করা মামলায় বাংলাদেশ বিমানের পলাতক দুই কর্মকর্তা বৃহস্পতিবার আদালতে  আত্মসমর্পণ করেছেন। আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে

গার্মেন্টস শ্রমিক নেত্রী মোশরেফা মিশু আটক-কালের কণ্ঠ/ইত্তেফাক

বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য ফেডারেশনের সভাপতি মোশারেফা মিশুকে বৃহস্পতিবার আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ

 

রাজধানীর পল্টন এলাকা থেকে তৈরি পোশাক কারখানার শ্রমিক সংগঠন বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য ফেডারেশনের সভাপতি মোশারেফা মিশুকে বৃহস্পতিবার আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। 
তবে গোয়ন্দা পুলিশের কর্মকর্তারা বলছেন, সম্প্রতি আশুলিয়ায় গার্মেন্টস কারখানায় শ্রমিকদের মধ্যে অসন্তোষের ঘটনা সম্পর্কে জানার জন্য তাকে চা পানের দাওয়াত দেয়া হয়েছে। তিনি ডিবি কার্যালয়ে এসে কর্মকর্তাদের সঙ্গে কথা বলছেন। 
অপরদিকে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম জানিয়েছেন, আজ সকাল ১১টায় পল্টনের তোপাখানা রোডের নির্মল সেন গলিতে সংগঠনের কার্যালয়ে একটি সংবাদ সম্মেলনের প্রস্তুতি নেয়ার সময় মোশরেফা মিশুকে আটক করা হয়।
এদিকে মানবজমিনের খবরে বলা হয়েছে, শিল্পাঞ্চল আশুলিয়ায় মজুরী বৃদ্ধির দাবিতে টানা ১১ দিনের চলমান অসন্তোষের ঘটনায় আরও ১টি মামলা দায়ের ও শ্রমিকদেরকে উসকানী দেয়ার অভিযোগে ৭ শ্রমিক নেতাকে আটক করেছে পুলিশ।

শ্রোতাবন্ধুরা ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।
 

দেশ চালাচ্ছে আলিবাবা ও তার ৪ চোর:‌ মমতা-আজকাল

মোদি সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনায় মমতা ব্যানার্জী

 

নোট বাতিল বিতর্কে ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তীব্র সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে মোদির সমালোচনায় মুখর হলেন তিনি। তিনি বলেন,‘২১ টি জেলা থেকে প্রতিনিধিরা ‌এসে আজ আমায় জানিয়েছেন গ্রাম বাংলার অবস্থা কতটা খারাপ। ক্ষেত মজুরেরা টাকা পাচ্ছেন না। ধান কাটা বন্ধ হয়ে গেছে। আলুচাষীরা বীজ কিনতে পারছেন না। বন্ধ হয়ে গেছে চাবাগান, বন্ধ হয়েছে একাধিক জুট মিল। টাকা নেই, বন্ধ হয়ে গেছে ১০০ দিনের কাজও। সাধারণ মানুষের উপর বুলডোজার চালাচ্ছেন মোদি। সরকার তো জানেই না কি করা হচ্ছে! অর্থমন্ত্রীও জানেন না। শুধু জানেন মোদি। আর তাঁর ৪ সঙ্গী। আলিবাবা আর ৪ চোর মিলে দেশ চালাচ্ছে।’ রীতিমত হিসাব দিয়ে মমতা বলেন, ১০০ দিনের কাজ করার পরে এক মাসে একজন শ্রমিক মাত্র ৫,৩০০ টাকা পান। সেটাও তো বন্ধ। টাকা নেই, সেই জন্যই গ্রামে শুরু হয়ে গেছে বিনিময় প্রথম। লোকে চালের বদলে ডাল দিয়ে দিন কাটাচ্ছে। এভাবে চলতে পারে নাকি!‌

ঘুষের অভিযোগ মোদীর বিরুদ্ধে-গণশক্তি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রাহুলের

 

দেশের দুই বৃহৎ কর্পোরেট সাহারা এবং বিড়লা গোষ্ঠীর থেকে ব্যক্তিগতভাবে মোট ৫২কোটি টাকা ঘুষ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার প্রকাশ্যে এই অভিযোগ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এই অভিযোগ সম্পর্কে অবিলম্বে স্বাধীন তদন্তেরও দাবি তুলেছেন তিনি। গত সপ্তাহেই কংগ্রেস সহসভাপতি বলেছিলেন, তাঁর কাছে নরেন্দ্র মোদীর ব্যক্তিগত দুর্নীতির প্রমাণ রয়েছে। এজন্যই লোকসভায় তাঁকে বলতে দেওয়া হচ্ছে না। তিনি ‘মুখ খুললে ভূমিকম্প শুরু হয়ে যাবে’। তারপরে এদিন খোদ প্রধানমন্ত্রীর রাজ্যে ঢুকে প্রকাশ্য জনসভায় এই ‘বিস্ফোরণ’ ঘটালেন তিনি। যথারীতি রাহুলের অভিযোগ উড়িয়ে দিয়ে বি জে পি-র তরফে বলা হয়েছে, ‘নরেন্দ্র মোদী গঙ্গার মতোই খাঁটি। হতাশা থেকেই এই অভিযোগ তুলেছেন রাহুল।

বিজেপিকে রুখতে গাঁটছড়ার প্রস্তুতি রাহুল-মুলায়মের-সংবাদ প্রতিদিন

কংগ্রেস এসপি গাঁটছড়ার চেষ্টা

 

নয়া সমীকরণের পথে হাঁটছে মুলায়ম সিং যাদবের সমাজবাদী পার্টি। শোনা যাচ্ছে ২০১৭ সালের বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে কংগ্রেসের সঙ্গে গাঁটছড়া বাঁধার পরিকল্পনা করছে এসপি। এর জন্য গোপনে আলোচনাও চালাচ্ছে দুই দল।

জানা গেছে, এরইমধ্যে এসপি-সুপ্রিমো মুলায়ম সিংয়ের সঙ্গে বেশ কয়েকবার আলোচনা সেরেছেন কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ ও রাজ বাব্বর। দুই পক্ষ নিজেদের দাবি-দাওয়া নিয়ে দর কষাকষিতে নেমে পড়েছে।#


পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২২