আইভির জয়, ফলাফলে গরমিল করা হয়েছে- সাখাওয়াত,কাদের বললেন অভিযোগ ভিত্তিহীন
পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ২৩ ডিসেম্বর শুক্রবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।
বাংলাদেশের শিরোনাম:
- মিষ্টি নিয়ে সাখাওয়াতের বাসায় আইভী-ইত্তেফাক
- ধর্মকে রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করা যাবে না : প্রধানমন্ত্রী-যুগান্তর
- নারায়ণগঞ্জ নির্বাচনের বিচারবিভাগীয় তদন্ত দাবি বিএনপির-প্রথম আলো
- মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করার চেষ্টা করায় বিএনপির পরাজয় : নৌমন্ত্রী-কালের কণ্ঠ
- বিএনপির অভিযোগ উদ্ভট ও বানোয়াট এবং হাস্যকর: কাদের -মানবজমিন
- আ'লীগ নেতাকর্মীর বাধায় রাবিতে নিয়োগ পরীক্ষা বন্ধ-বাংলাদেশ প্রতিদিন
ভারতের শিরোনাম:
- আমেরিকাকেও ‘ঠান্ডা’ করতে পারি, ভারত তো শিশু: চিন-সংবাদ প্রতিদিন
- অভিযোগের জবাব দিন মোদী: ইয়েচুরি-গণশক্তি
- ডিজিটাল লেনদেনের তালিকায় মাত্র ২৫ লক্ষ গ্রামবাসী!-আজকাল
পাঠক! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ। প্রথমে বাংলাদেশ..
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াত আইভী দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন। এ সম্পর্কিত খবর আজকের প্রায় দৈনিকে ছাপা হয়েছে। পাশাপাশি আরেকটি খবরও বেশ গুরুত্ব দিয়ে ছাপা হয়েছে- সেটা হচ্ছে- বিএনপি নেতা- রিজভী বলেছেন, নাসিক নির্বাচনে কারচুপির অভিযোগকে উড়িয়ে দেয়া যায়না। বিএনপি বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে।
বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম: শেখ হাসিনার নৌকার জয় বিপুল ভোটের ব্যবধানে জিতলেন সেলিনা হায়াৎ আইভী। আর -ইত্তেফাকের শিরোনাম:মিষ্টি নিয়ে সাখাওয়াতের বাসায় আইভী
বিস্তারিত খবরে বলা হয়েছে, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াত আইভী দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন। এই উপলক্ষে পূর্ব-প্রতিশ্রুতি অনুযায়ী ডা. সেলিনা হায়াত আইভী বিএনপি সমর্থিত প্রার্থী সাখাওয়াত হোসেন খানের বাড়িতে গিয়ে তাকে মিষ্টিমুখ করান।
আজ সকাল সাড়ে ১০টার দিকে নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকায় সাখাওয়াত হোসেনের বাসভবনে যান আইভী। এসময় তারা সদ্য শেষ হওয়া নির্বচন নিয়ে কথা বলেন। সাখাওয়াত হোসেন নারায়ণগঞ্জের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন আইভীকে। তিনি আইভীকে পরামর্শ দিয়ে বলেন, 'নারায়ণগঞ্জের নাম শুনলে মানুষ প্রথমেই মাদক-সন্ত্রাসের অঞ্চল বলে চিহ্নিত করে আশা করি আপনি এই সমস্যার সমাধান করবেন।' এ সময় আইভীও তার নির্বাচনী প্রতিজ্ঞা অনুযায়ী কাজ করার অভিব্যক্তি পুনরায় উল্লেখ করেন। সেইসঙ্গে গতবার মেয়র থাকা কালীন অসমাপ্ত কাজ গুলো সমাপ্ত করার অঙ্গিকার ব্যক্ত করেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে ডা. সেলিনা হায়াত আইভী বিএনপি সমর্থিত প্রার্থী সাখাওয়াত হোসেন খানকে বিশাল ব্যবধানে পরাজিত করেন।
এদিকে, প্রথম আলো, মানবজমিন এবং ইত্তেফাকসহ প্রায় সব দৈনিকের খবরের শিরোনাম:
নারায়ণগঞ্জ নির্বাচনের বিচারবিভাগীয় তদন্ত দাবি বিএনপির, কারচুপির অভিযোগকে উড়িয়ে দেয়া যায়না’রিজভী
বিস্তারিত খবরে বলা হয়েছে, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী সাখাওয়াত হোসেন যে কারচুপির অভিযোগ করেছেন তা উড়িয়ে দেওয়া যায় না বলে মন্তব্য করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। ধানের শীষের প্রার্থীর কারচুপির অভিযোগ আমলে নিয়ে ভোটগ্রহণ, গণনা ও ফলাফল খতিয়ে দেখার জন্য বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন তিনি। শুক্রবার সকালে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান রিজভী। রিজভী বলেন, নাসিক নির্বাচনে বাহ্যিকভাবে সুষ্ঠু নির্বাচনের বাতাবরণ সৃষ্টি করে ডা. সেলিনা হায়াৎ আইভিকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। এতে সত্যিকারে গণরায়ের প্রতিফলন ঘটলে আমরা তাকে শুভেচ্ছা জানাই।
নির্বাচন সম্পর্কে যুগান্তরের একটি খবরের শিরোনাম: নির্বাচনের ফলাফলে গরমিল করা হয়েছে: সাখাওয়াত
নির্বাচনের ফলাফলে গরমিল করা হয়েছে অভিযোগ করে বিএনপির মেয়র প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, একটি কেন্দ্রে ১ হাজার ভোট পড়েছে। ওই কেন্দ্রে নৌকা প্রতীকে ৮০০ ও ধানের শীষে ৫০০ ভোট দেখানো হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে- এক হাজার ভোট পড়লে কীভাবে দুই প্রতীকে ১ হাজার ৩০০ ভোট দেখানো হয়েছে। একইভাবে আরও কয়েকটি কেন্দ্রের ফলাফলে গরমিল পেয়েছি।
অন্যদিকে যুগান্তর ও প্রথম আলোর শিরোনাম: বিএনপির অভিযোগ উদ্ভট ও বানোয়াট: কাদের
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নিয়ে বিএনপির অভিযোগ উদ্ভট ও বানোয়াট বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, নারায়ণগঞ্জ সিটি নির্বাচন প্রমাণ করে নির্বাচন কমিশন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করতে সক্ষম। কালের কণ্ঠের খবর- নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে বিজয়ী মেয়র ডা. সেলিনা হায়াত আইভীকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয়। বৃহস্পতিবার মধ্যরাতে তিনি ফেসবুক স্টেটাসে এ অভিনন্দন জানান।
মানবজমিনসহ বেশ কয়েকটি দৈনিকে বাণিজ্যমন্ত্রীর বক্তব্য ছাপা হয়েছে। দৈনিকগুলো লিখেছে-বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, নারায়ণগঞ্জের নির্বাচন আওয়ামী লীগের আমলে একটি দৃষ্টান্ত স্থাপন করেছে। আমরা আশা করছি বিএনপি তাদের ভুল বুঝতে পারবেন এবং প্রধানমন্ত্রীর অধীনে আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবেন।
ধর্মকে রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করা যাবে না : প্রধানমন্ত্রী-ইত্তেফাক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশে সকল ধর্মের মানুষ শান্তিতে বসবাস করেন। ধর্ম যার যার, উৎসব সবার। ধর্মকে রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করা যাবে না।
বৃহস্পতিবার বিকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে খ্রিস্টান সম্প্রদায়ের বড় দিন উৎসব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, ‘অন্য ধর্মকে শ্রদ্ধা জানাতে না পারলে নিজের ধর্মকে কিভাবে শ্রদ্ধা জানাব আমরা। ধর্ম নিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়। ধর্ম অতি পবিত্র বিষয়। ধর্মকে রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করা যাবে না।’
তিনি আরো বলেন, নিজেকে দেশের সেবক মনে করি। তবে অনেক বাধা আছে। মানুষের জন্য কাজ করতে গেলে বাধা আসবেই। কোনো বাধাই কাজের গতি কমাতে পারবে না।
আ'লীগ নেতাকর্মীর বাধায় রাবিতে নিয়োগ পরীক্ষা বন্ধ-বাংলাদেশ প্রতিদিন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাওয়া নিয়োগ পরীক্ষা বন্ধ করে দিয়েছে আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা। শুক্রবার সকাল ৮টা থেকে দুই ক্যাটাগরিতে অনুষ্ঠিত হতে যাওয়া পরীক্ষা বন্ধে পরীক্ষা হলের গেটের তালায় সুপার গ্লু এবং বিশ্ববিদ্যালয়ের প্রবেশ পথ বন্ধ করে দেন আওয়ামী লীগ নেতা-কর্মীরা।
এসময় কয়েকজন পরীক্ষার্থীর প্রবেশপত্র ছিড়ে ফেলেন তারা।
পাঠক ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে বিরোধীদের
‘পাক সেনা’বলে গাল প্রধানমন্ত্রী-ঘুষের অভিযোগ নিয়ে দিনভর চুপ-গণশক্তি
না। টানা চব্বিশ ঘণ্টা সময় পেয়েও নিজের গা থেকে ‘ঘুষখোর’ তকমা মুছে ফেলার মতো কোন জবাব দিতে পারলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একদিন আগেই তাঁর বিরুদ্ধে কর্পোরেট সাহারা এবং বিড়লা গোষ্ঠীর থেকে ৫২কোটি টাকা ‘ঘুষ’ নেওয়ার মতো মারাত্মক অভিযোগ তুলেছেন কংগ্রেস সহসভাপতি রাহুল গান্ধী। কিন্তু বৃহস্পতিবার দিনভর নিজের নির্বাচনী কেন্দ্র বারাণসীতে একাধিক সভায় ভাষণ দিলেও রাহুলের মূল অভিযোগটি কার্যত পাশ কাটিয়েই গেলেন প্রধানমন্ত্রী। ‘ঘুষ’ নেওয়ার অভিযোগটি স্পষ্টভাষায় অস্বীকারও করলেন না, এব্যাপারে যথাযথ তদন্তের দাবিটি নিয়েও মুখ খুললেন না। বরং রাহুল গান্ধীকে ব্যক্তিগত কটাক্ষ এবং ব্যঙ্গ করতেই এদিন বেশি ব্যস্ত ছিলেন তিনি।
অভিযোগের জবাব দিন মোদী: ইয়েচুরি-গণশক্তি
বিরোধীদের ‘পাকিস্তানী’ বলে গাল না পেড়ে নিজের বিরুদ্ধে উত্থাপিত গুরুতর অভিযোগের জবাব দিন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার এই দাবি করলেন সি পি আই (এম) সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি।
ইয়েচুরি এদিন বলেছেন, সাহারা ডায়েরি সংক্রান্ত অভিযোগের তদন্ত অন্তত হওয়া উচিত। সবাই জানে সব নজির ছাপিয়ে গত লোকসভা ভোটে নরেন্দ্র মোদীর নেতৃত্বে প্রচারে বিপুল খরচ করেছে বি জে পি। বেনজির খরচের মানে বেনজির অঙ্কে টাকা তুলেছে বি জে পি।
ঘুষের অভিযোগ হালকা করার নানা চেষ্টা করলেও তদন্তের দাবি মেনে নেওয়ার ইঙ্গিতও দেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইয়েচুরি মনে করিয়েছেন যে জৈন এবং হাওয়ালা কেলেঙ্কারিতে একই ধরনের অভিযোগ উঠেছিল।
ডিজিটাল লেনদেনের তালিকায় মাত্র ২৫ লক্ষ গ্রামবাসী!-আজকাল
নগদ লেনদেন বন্ধ করে প্রধানমন্ত্রী ‘ক্যাশলেস’ ভারত গড়ার ডাক দিয়েছেন বটে। কিন্তু আদৌ সাড়া মিলছে কি? নীতি আয়োগ কমিটি নিযুক্ত কার্যনির্বাহী দলের পরিসংখ্যান কিন্তু উল্টো কথাই বলছে। দেখা গিয়েছে, ৮ নভেম্বর মধ্য রাতে থেকে এখনও পর্যন্ত মাত্র ৫৫,০০০ ব্যবসায়ী লেনদেনের জন্য ডিজিটাল মাধ্যম বেছে নিয়েছেন। গ্রামাঞ্চলগুলিতে এই সংখ্যা সব মিলিয়ে মাত্র ২৫ লক্ষ। গ্রামোন্নয়ন সচিব অমরজিত সিনহা জানিয়েছেন, ‘গ্রামের মানুষ জটিল পদ্ধতি পছন্দ করেন না। আঙুলের ছাপ দিয়ে টাকা তুলতেই বেশি স্বচ্ছন্দ্য বোধ করেন তাঁরা। এমন অবস্থায় ক্যাশলেস অর্থনীতিতে গড়তে গেলে ডিজিটাল মাধ্যমে লেনদেনের পদ্ধতি আরও সহজ করে তুলতে হবে।
আমেরিকাকেও ‘ঠান্ডা’ করতে পারি, ভারত তো শিশু: চিন-সংবাদ প্রতিদিন
ভারতকে ফের সতর্ক করল চিন। দলাই লামাকে ‘তাস’ হিসাবে ব্যবহার করে বেজিংকে বেকায়দায় ফেলা যাবে না, দাবি চিনা সংবাদসংস্থার। নয়াদিল্লি ‘বখে যাওয়া শিশু’র মতো আচরণ করছে, গ্লোবাল টাইমস-এ প্রকাশিত এক প্রতিবেদনে এমটাই উল্লেখ করা হল। ‘ডোনাল্ড ট্রাম্পের মতো ব্যক্তিত্বও চিনকে সমঝে চলেন’, এই বলে যেন নয়াদিল্লিকে আরও একবার হুঁশিয়ারিই দিল বেজিং।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৩