ডিসেম্বর ২৪, ২০১৬ ১৩:১৭ Asia/Dhaka

পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ২৪ ডিসেম্বর শনিবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।

বাংলাদেশের শিরোনাম:

  • নিহত জঙ্গি জাহিদের স্ত্রীসহ ৪ 'জঙ্গি'র আত্মসমর্পণ-ইত্তেফাক
  • জঙ্গিদের আত্মসমর্পণে বাধ্য করা পুলিশের বড় সাফল্য-যুগান্তর
  • রাষ্ট্রের প্রতিটি সংস্থা আধিপত্যের প্রতিযোগিতায় লিপ্ত: প্রধান বিচারপতি-প্রথম আলো
  • আমাদের মেয়েরা এখন আর পিছিয়ে নেই : শিক্ষামন্ত্রী-কালের কণ্ঠ
  • নাসিকে আমাদের আংশিক জয় হয়েছে’-মানবজমিন 

ভারতের শিরোনাম:

  • ক্ষণিকের অসুবিধা হলেও দীর্ঘমেয়াদী লাভ পাবেন মানুষ-সংবাদ প্রতিদিন
  • ধান কেনায় সরকারি প্রতারণা, ক্ষুব্ধ কৃষকদের বিক্ষোভ,অবরোধ রাজ্যজুড়ে -গণশক্তি
  • ফের মোদিকে আক্রমণ রাহুলের-আজকাল

পাঠক! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ। প্রথমে বাংলাদেশ..
 

নিহত জঙ্গি জাহিদের স্ত্রীসহ ৪ 'জঙ্গি'র আত্মসমর্পণ-ইত্তেফাক

বাংলাদেশের রাজধানীর আশকোনায় জঙ্গিদের বিরুদ্ধে অভিযান

 

রাজধানীর আশকোনায় একটি বাড়িতে রাত ভর অভিযান চালিয়ে সন্দেহভাজন দুই নারী জঙ্গি ও তাদের দুই শিশু সন্তানকে আটক করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড টান্সন্যাশনাল ইউনিট (সিটি)।  
আটককৃতদের মধ্যে রূপনগরে অভিযানে নিহত জঙ্গি জাহিদুল ইসলামের স্ত্রী জেবুন্নেছা ও তার সন্তান, কলকাতায় আটক মুসার স্ত্রী তৃষ্ণা ও তার ছেলে। এসময় একটি পিস্তল ও ছয় রাউন্ড গুলি ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। তবে পুলিশ দাবি করেছে, তারা আত্মসমর্পণ করেছেন। 
এ সম্পর্কে  যুগান্তরের খবরে লেখা হয়েছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, রাজধানীর দক্ষিণখান থানার পূর্ব আশকোনার জঙ্গি আস্তানায় অভিযান চালিয়ে কয়েকজন জঙ্গিকে আত্মসমর্পণে বাধ্য করা আইনশৃংখলা বাহিনীর জন্য অনেক বড় সাফল্য।
কালের কণ্ঠের খবর-স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আশকোনায় জঙ্গি আস্তানায় অভিযান সমাপ্ত ঘোষণা করেছেন। এতে নারীসহ দুই জঙ্গি নিহত হয়েছে বলে জানা গেছে।

বিএনপিকে উপযুক্ত জবাব দিয়েছে নারায়ণগঞ্জবাসী: প্রধানমন্ত্রী-প্রথম আলো

নাসিক নির্বাচনে বিজয়: বিজয়ী আইভীকে জড়িয়ে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

 

নারায়ণগঞ্জ নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি নির্বাচন নিয়ে এত দিন যে অভিযোগ করত, সেই অভিযোগের একটা উপযুক্ত জবাব নারায়ণগঞ্জবাসী দিয়ে দিয়েছে। তিনি বলেন, ‘আমার একটাই নির্দেশ ছিল—নির্বাচন হতে হবে শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু। সাধারণ মানুষ যেন ভোটটা সঠিকভাবে দিতে পারে।’

নাসিকে জনগণ আপনাদের ভোট দিলে জাতীয় নির্বাচন দিন-যুগান্তর/ইত্তেফাক/প্রথম আলো

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ

 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, নারায়ণগঞ্জে মানুষ আসলেই আওয়ামী লীগকে ভোট দিয়ে থাকলে দলটির ভয়ের কিছু নেই। তাদের উচিত এখনই নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন দেয়া। তবে তিনি দাবি করেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে সব প্রার্থীর জন্য সমান সুযোগ ছিল না। মওদুদ আহমেদ সরকারের উদ্দেশে বলেন, নাসিক নির্বাচনে যদি জনগণ আপনাদের ভোট দিয়েই থাকে তাহলে ভয়ের কী? প্রশাসন, আইনশৃঙ্খল বাহিনী নিরপেক্ষ করে দিয়ে একটি তত্বাবধায়ক বা নির্বাচনকালীন সহায়ক সরকার গঠন করুন। এখনই নির্বাচন দিন। যারা জিতবে তারা দেশ পরিচালনা করবে। এটা তো সরকারের জন্য সবচেয়ে বড় সুযোগ। এই নির্বাচনে শেখ হাসিনার সরকার জিতলে আমরা মেনে নেব। আর আমরা জিতলে তারা মেনে নেবে।
আর মানবজমিনের একটি খবরে লেখা হয়েছে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নারায়ণগঞ্জের নির্বাচনের ভেতরের খবর আমরা এখনো জানি না। তবে নির্বাচন সুষ্ঠু হয়েছে। জনগণ ভোট দিতে এসেছেন। আর তার মধ্য দিয়ে ভোটের অধিকারের পক্ষে আমাদের সংগ্রাম কিছুটা হলেও সফল হয়েছে।

রাষ্ট্রের প্রতিটি সংস্থা আধিপত্যের প্রতিযোগিতায় লিপ্ত: প্রধান বিচারপতি-প্রথম আলো

বাংলাদেশের প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা

 

রাষ্ট্রের কোনো অঙ্গ বিভাগ বা সংস্থার সমালোচনা করছেন না জানিয়ে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা জানিয়েছেন, রাষ্ট্রের প্রতিটি সংস্থা অন্য সংস্থার ওপর আধিপত্য বিস্তারের প্রতিযোগিতায় লিপ্ত। শুধু সংস্থা বা প্রতিষ্ঠানগুলোই নয়, রাষ্ট্রের বিভাগগুলোও এ প্রতিযোগিতার বাইরে নেই। কেবল বিচার বিভাগই এর ব্যতিক্রম।
যারা ক্ষমতার কাছাকাছি থাকে, তাদের মধ্যে এ আধিপত্য বিস্তারের প্রবণতা বেশি মাত্রায় প্রতীয়মান হয়। কিন্তু বিচার বিভাগ কখনো এ প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করেনি এবং করবেও না।
প্রধান বিচারপতি বলেন, ‘আমরা বরং সব সময় রাষ্ট্রের বিভাগ ও প্রতিষ্ঠানগুলোর মধ্যে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করেছি।

আমাদের মেয়েরা এখন আর পিছিয়ে নেই : শিক্ষামন্ত্রী-কালের কণ্ঠ

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ

 

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, আমাদের মেয়েরা এখন আর পিছিয়ে নেই। তারা বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে এবং মেধার স্বাক্ষর রাখছে।

মেয়েদেরকে দেশের জন্য দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে সরকার সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে।

পাঠক ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।

ফের মোদিকে মিথ্যাবাদী বলে আক্রমণ রাহুলের-আজকাল

ভারতের কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধী (ফাইল ফটো)

 

কেন্দ্রের‌ নোট বাতিলের সিদ্ধান্তে প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদিকে ফের একবার আক্রমণ করলেন কংগ্রেস সহ-‌সভাপতি রাহুল গান্ধী। শনিবার ধর্মশালার জনসভায় মোদিকে মিথ্যেবাদী বললেন রাহুল। সেই সঙ্গে নরেন্দ্র মোদি যে গরীবকে আক্রমণ করছেন, সেই অভিযোগও করেন তিনি। এক নজরে ধর্মশালার সভায় রাহুলের বক্তব্য: নরেন্দ্র মোদি মিথ্যে বলছেন, নাটক করছেন। তিনি চোরকে বাঁচিয়ে গরীবকে মারতে চান। আধিবাসীদের জমি কেড়ে নেয়া হয়েছে। ৯৯ শতাংশ মানুষ সৎভাবে উপার্জন করছে, অথচ ১ শতাংশ মানুষের হাতে কালো টাকা।  ১ শতাংশ মানুষের হাতে দেশের ৬০ শতাংশ সম্পদ। এরাই মোদির সঙ্গে বিমানে চেপে বিদেশভ্রমণে যান।

ক্ষণিকের অসুবিধা হলেও দীর্ঘমেয়াদী লাভ পাবেন মানুষ-মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (ফাইল ফটো)

 

এখন অল্প কষ্ট সহ্য করলে ভবিষ্যতে দীর্ঘমেয়াদী লাভ হবে সাধারণ মানুষেরই৷ নোট বাতিলের ফলে সাধারণ মানুষের দুঃখ-দুর্দশার প্রসঙ্গে শনিবার এই কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
মহারাষ্ট্রে এক অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, “স্বল্পমেয়াদী রাজনৈতিক ফায়দার কথা না ভেবে, দেশের স্বচ্ছ ও উজ্জ্বল ভবিষ্যতের কথা ভেবে প্রয়োজনে আরও সিদ্ধান্ত নেবে কেন্দ্র৷”

ধান কেনায় সরকারি প্রতারণা, ক্ষুব্ধ কৃষকদের বিক্ষোভ,অবরোধ রাজ্যজুড়ে-গণশক্তি

ধানের ন্যায্য মূল্যের দাবিতে কৃষদের প্রতিবাদ

 

কেন্দ্রীয় সরকারের ঘোষিত ন্যূনতম সহায়ক মূল্যে ধান কেনার দাবি জানালেন কৃষকরা। তাঁদের দাবি, প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকায় একাধিক ক্রয়-বিক্রয় কেন্দ্র চালু করতে হবে। ধান কিনতে হবে আরো বেশি পরিমাণে। এই দাবিতে শুক্রবার সারা ভারত কৃষকসভার ডাকে রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষোভ ও ডেপুটেশন দিলেন কৃষকরা। এদিনের কৃষক বিক্ষোভে উত্তাল হয়েছে হয়েছে বাঁকুড়া জেলা।#


পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৪