ডিসেম্বর ২৬, ২০১৬ ১৫:০০ Asia/Dhaka

পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ২৬ ডিসেম্বর সোমবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।

বাংলাদেশের শিরোনাম:

  • গ্যাসের দাম না বাড়ানোর আহ্বান বিএনপির-ইত্তেফাক
  • দোকানে ইয়াবা রেখে চাঁদা দাবি-ব্যবসায়ীকে ফাঁসাতে গিয়ে জনরোষের শিকার পুলিশ-যুগান্তর
  • সমাবেশে শ্রমিক নেতারা পেটের দায়ে এই আন্দোলন-প্রথম আলো
  • শাহজালাল বিমানবন্দরে ১১ কেজি স্বর্ণ জব্দ-কালের কণ্ঠ
  • প্রবাসীরা হারাবেন সাংবিধানিক ও নাগরিক অধিকার-মানবজমিন 
  • পাঁচদিন পর খুলল আশুলিয়ার কারখানা,মন্ত্রিসভার অভিনন্দন -বাংলাদেশ প্রতিদিন

ভারতের শিরোনাম:

  • থানায় মত্ত যুবকদের তাণ্ডব, মহিলা পুলিশের শ্লীলতাহানি-সংবাদ প্রতিদিন-সংবাদ প্রতিদিন
  • টাকা তোলার বিধিনিষেধ উঠবে না-গণশক্তি
  • রাহুলের বিপরীতে শীলা, সাহার ডায়েরি খারিজ-আজকাল

শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ। প্রথমে বাংলাদেশ..

আশুলিয়ায় পোশাক কারখানা খুলল, মন্ত্রিসভার অভিনন্দন

 

আশুলিয়ার কারখানা খুলল, মালিক-শ্রমিকদের অভিনন্দন মন্ত্রিসভার-বাংলাদেশ প্রতিদিন

সাভারের আশুলিয়ায় শ্রমিক অসন্তোষের জেরে বন্ধ হওয়া ৫৯টি তৈরি পোশাক কারখানা আজ সোমবার সকাল থেকে খুলে দেয়া হয়েছে। শ্রমিকরাও শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন।

এ কারণে শ্রমিক ও মালিকদের অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা। দেশের অর্থনীতির কথা বিবেচনা করে তাদের এ উদ্যোগকে স্বাগত জানানো হয়। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ উদ্যোগকে স্বাগত জানানো হয়। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ফ্যাক্টরিগুলো বন্ধ থাকলে আমাদের দেশের শত শত কোটি টাকার ক্ষতি। সমস্যা সমাধানের জন্য সমন্বিত উদ্যোগের মাধ্যমে আজ থেকেই সবগুলো প্রতিষ্ঠান খুলে দেয়া হয়েছে। ৮০ থেকে ৯০ শতাংশ শ্রমিক কাজে যোগদান করেছেন।

সমাবেশে শ্রমিক নেতারা পেটের দায়ে এই আন্দোলন-প্রথম আলো

তৈরি পোশাকশ্রমিকদের মানববন্ধন ও সমাবেশ

 

তৈরি পোশাকশ্রমিকদের মজুরি ১৬ হাজার টাকা করা ও আশুলিয়ার শ্রমিক আন্দোলনের ঘটনায় গ্রেপ্তার করা শ্রমিক নেতাদের মুক্তির দাবি জানিয়েছে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি। সংগঠনটির নেতা-কর্মীরা আজ সোমবার এসব দাবিতে রাজধানীর কারওয়ান বাজারে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ ভবনের সামনে মানববন্ধন ও সমাবেশ করেন।

কর্মসূচিতে সংগঠনের নেতারা বলেন, আশুলিয়ার পোশাকশ্রমিকেরা পেটের দায়ে মজুরি বৃদ্ধি ও কারখানার ভেতরের নির্যাতনের প্রতিবাদে আন্দোলন করেছেন। তাঁদের আন্দোলন বেআইনি বা অযৌক্তিক নয়। কারখানা খুলে দেওয়া হলেও ভীতির পরিবেশ রয়ে গেছে। শ্রমিকদের ছাঁটাই করছে কারখানাগুলো।

ইসি গঠনের পর নির্বাচনকালীন সরকারের কাঠামো দেবে বিএনপি: নজরুল ইসলাম খান

বিএনপি নেতা নজরুল ইসলাম খান

 

স্বাধীন ও শক্তিশালী নির্বাচন কমিশন গঠনের পর বিএনপি নির্বাচনকালীন সরকারের কাঠামো প্রকাশ করবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আজ এক আলোচনা সভায় তিনি এ কথা জানান। নজরুল ইসলাম বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায় বিএনপি।

গ্যাসের দাম না বাড়ানোর আহ্বান বিএনপির-ইত্তেফাক

আগামী জানুয়ারি থেকে সরকার গ্যাসের দাম বাড়ানোর যে সিদ্ধান্ত নিয়েছে তা থেকে সরে দাড়াঁনোর আহ্বান জানিয়েছে বিএনপি। দলটি অভিযোগ করে  বলছে, দেশের ব্যবসা-বাণিজ্য ও পোশাক শিল্প ধ্বংসের ষড়যন্ত্র হচ্ছে।

দৈনিকটির অন্য এক খবরে বলা হয়েছে, কম গ্যাস ব্যবহার করে বেশি বিল দিচ্ছে গ্রাহক- তারপরও দাম বৃদ্ধির পায়তারা চলছে। গ্যাসের অবৈধ সংযোগ আছে, চুরি ও অবৈধভাবে চাপ বাড়িয়ে নেয়া হচ্ছে, বন্ধ হয়নি অপচয়ও। এরপরও দেশে গ্যাস বিতরণ কোম্পানিগুলো ‘সিস্টেম গেইন’ করছে। অর্থাৎ তারা গ্যাস উৎপাদন বা উত্তোলন কোম্পানিগুলোর কাছ থেকে যে পরিমাণ গ্যাস কিনছে, গ্রাহক পর্যায়ে তার চেয়ে বেশি পরিমাণ বিক্রি করছে।

দোকানে ইয়াবা রেখে চাঁদা দাবি-ব্যবসায়ীকে ফাঁসাতে গিয়ে জনরোষের শিকার পুলিশ-যুগান্তর

যশোরের কেশবপুরে এক ব্যবসায়ীর দোকানে ইয়াবা ট্যাবলেট রেখে তাকে ফাঁসাতে গিয়ে জনরোষের শিকার হয়েছেন পুলিশের চার সদস্য

 

যশোরের কেশবপুরে এক ব্যবসায়ীর দোকানে ইয়াবা ট্যাবলেট রেখে তাকে ফাঁসাতে গিয়ে জনরোষের শিকার হয়েছেন পুলিশের চার সদস্য। রোববার রাত ৮টায় কেশবপুর উপজেলার জাহানপুর বাজারে এ ঘটনা ঘটে। বাজার ব্যবসায়ীসহ হাজার হাজার জনতা ভালুকঘর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মিজানসহ ৪ পুলিশ সদস্যকে এসময় তিন ঘন্টা একটি দোকানে তালাবদ্ধ করে রাখে। পুলিশের অপর সদস্যরা হলেন- কনস্টেবল ইসমাইল হোসেন, ইউসুফ আলি ও যোবায়ের রহমান। পরে কেশবপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে দোষীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়ে জনরোষ থেকে তাদের উদ্ধার করে।

প্রবাসীরা হারাবেন সাংবিধানিক ও নাগরিক অধিকার-মানবজমিন

প্রস্তাবিত নাগরিকত্ব আইন পাস হলে প্রবাসীরা সাংবিধানিক ও নাগরিক অধিকার হারাবেন বলে মনে করেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। গত ১লা ফেব্রুয়ারি ‘বাংলাদেশ নাগরিকত্ব আইন-২০১৬’-এর  খসড়া মন্ত্রিপরিষদের নিয়মিত  বৈঠকে অনুমোদন লাভ করে। প্রস্তাবিত এ খসড়া আইন কোনো ব্যক্তির বাংলাদেশের নাগিরকত্ব লাভ, নাগরিকত্ব পেতে যোগ্যতা, অযোগ্যতা, নাগরিকত্ব বাতিল এবং তা নিয়ন্ত্রণের জন্য প্রথমবারের মতো প্রণীত পূর্ণাঙ্গ আইন। প্রস্তাবিত এ আইনে প্রবাসী বাংলাদেশি নাগরিক, দ্বৈত নাগরিকত্ব অর্জনকারী বাংলাদেশি এবং বাংলাদেশে অবস্থানকারী অভিবাসীদের নাগরিকত্ব অর্জনের বিধানের সমালোচনা করছেন আইনজ্ঞ, অভিবাসী বিশেষজ্ঞ, মানবাধিকার নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টরা। বিশেষজ্ঞরা বলছেন, এ আইন কার্যকর হলে যারা প্রবাসী নাগরিক তারা বেশকিছু সাংবিধানিক ও নাগরিক অধিকার হারাবেন। তাদের মতে, আইনটি কার্যকর হলে প্রবাসী বাংলাদেশিরা দ্বিতীয় শ্রেণির নাগরিকে পরিণত হবেন।

দলে ঐক্য আরো জোরদার করার আহ্বান সেতুমন্ত্রীর-ইত্তেফাক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের

 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নিজেদের মধ্যে মতপার্থক্য ভুলে গিয়ে দলে দৃঢ় ঐক্য গড়ে তুলতে সকল স্তরের নেতা-কর্মীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি নিজেদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক প্রতিষ্ঠা এবং যে কোন সমস্যা সমাধানে যাতে পদক্ষেপ নেয়া যায়, এ জন্য তৃণমূল পর্যায়ের প্রকৃত সমস্যা দলকে জানাতে দলের নেতাদের প্রতি আহ্বান জানান।

আর ইত্তেফাকের অন্য একটি খবরে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বাংলাদেশে জঙ্গিদের উৎপাত অব্যাহত রয়েছে এবং শেখ হাসিনার সরকার তা দমনে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। গত আট বছর ধরে বেগম খালেদা জিয়া প্রমাণ করেছেন তিনি এই যুদ্ধে জঙ্গিদের পক্ষে আছেন।

শ্রোতাবন্ধুরা ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।

টাকা তোলার বিধিনিষেধ উঠবে না-গণশক্তি

ভারতে নোট বাতিল ইস্যু

 

‘৫০দিন’ শেষ হবে ৩০শে ডিসেম্বর। কিন্তু ব্যাঙ্ক-এ টি এম থেকে টাকা তোলার ওপরে নিয়ন্ত্রণ চলতেই থাকবে। বাতিল নোটের বদলে প্রয়োজনীয় সংখ্যায় নতুন নোট জোগান দেওয়া হয়নি। ব্যাঙ্কগুলিতে নগদ টাকার অভাব এখনও তীব্রই। এই অবস্থায় টাকা তোলার ক্ষেত্রে বিধিনিষেধ প্রত্যাহার করা হবে না বলেই ব্যাঙ্কশিল্পের ধারণা।

থানায় ঢুকে তাণ্ডব মদ্যপ যুবকদের- মহিলা পুলিশের শ্লীলতাহানি: সংবাদ প্রতিদিন

থানায় মদ্যপদের তাণ্ডব ও মহিলা পুলিশের শ্লীলতাহনি

 

বড়দিনের রাতে প্রকাশ্যে মদ্যপান চলছিল  উত্তর ২৪ পরগণার পানিহাটি পৌরসভার ৩২ নম্বর ওয়ার্ডের সি ব্লকের একটি মাঠে৷ সে সময় মদ্পানের জন্য তিন যুবককে হাতেনাতে ধরে থানায় নিয়ে যায় পুলিশ। আটক যুবকরা ফোনে বন্ধুদের খবর দিলে কিছুক্ষণের মধ্যেই সেখানে চড়াও হয় প্রায় ৩০ জন উন্মত্ত যুবক৷ সকলেই মদ্যপ অবস্থায় থানায় কর্তব্যরত পুলিশকর্মীদের উপর চড়াও হয়  এবং মহিলা পুলিশের শ্লীলতাহানি করে।

রাহুলের বিপরীতে শীলা, সাহার ডায়েরি খারিজ-আজকাল

যে ডায়েরির পাতা খুলে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছিলেন কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধী, সেই ‘সাহারা ডায়েরি’কে উড়িয়ে দিলেন শীলা দীক্ষিত। জানালেন, ‘এগুলো সব জনশ্রুতি। এতে সত্যের ছিঁটেফোঁটাও নেই। আমি পুরোপুরি এই অভিযোগ খারিজ করছি।’ ঘটনা হল, সেই ডায়েরিতেই ঘুষ নেওয়ার তালিকায় নাম রয়েছে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলার। এমিনতেই কমনওয়েলথ দুর্নীতিতে নাম রয়েছে শীলার। এই অবস্থায় সাহারার থেকে ঘুষ নেওয়ার অভিযোগ হলে বিপাকে পড়বেন, তাই আগেভাগেই সাহারা ডায়েরিকে খারিজ করে দিলেন তিনি।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৬