ডিসেম্বর ২৭, ২০১৬ ১৪:৫০ Asia/Dhaka

পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ২৭ ডিসেম্বর মঙ্গলবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।

বাংলাদেশের শিরোনাম:

  • আচরণবিধি লঙ্ঘনের ব্যাপারে সতর্ক করলেন ওবায়দুল কাদের -ইত্তেফাক
  • এই নির্বাচন রসিকতা – নজরুল ইসলাম খান-যুগান্তর
  • সাঁওতাল পল্লীতে তদন্ত শুরু করেছে বিচার বিভাগ ও পিবিআই -প্রথম আলো
  • এবার বিনামূল্যে ৩৬ কোটি ২২ লাখ বই বিতরণ : শিক্ষামন্ত্রী -কালের কণ্ঠ
  • ‘জেলা পরিষদ নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতে বিদ্রোহী প্রার্থী’ -মানবজমিন 
  • ফ্ল্যাটে ফ্ল্যাটে জঙ্গি আস্তানা -বাংলাদেশ প্রতিদিন

ভারতের শিরোনাম:

  • নোট বাতিল ইস্যুতে কংগ্রেস-বিজেপি সংঘর্ষ -সংবাদ প্রতিদিন
  • বাতিল নোট রাখলেই শাস্তি আসছে মোদীর নতুন ফতোয়া -গণশক্তি
  • দেশে চলছে অতি–জরুরি অবস্থা-মমতা -আজকাল

শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ। প্রথমে বাংলাদেশ..

আচরণবিধি লঙ্ঘনের ব্যাপারে সতর্ক করলেন ওবায়দুল কাদের-ইত্তেফাক
জেলা পরিষদ নির্বাচনের আচরণ বিধি লঙ্ঘনের ব্যাপারে সতর্ক করে দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। 
জেলা পরিষদ নির্বাচনের আগে আইন মেনে সংসদ সদস্যদের নির্বাচনী এলাকা ছাড়ার জন্য অনুরোধ  জানিয়ে ওবায়দুল কাদের বলেন, দলের সভাপতি শেখ হাসিনার পক্ষ থেকে নির্দেশনা আছে। নির্বাচন কমিশনের যে আচরণ তা ভায়োলেট করার ব্যাপারে আমাদের অবস্থান অত্যন্ত কঠিন। কেউ কেউ এর মধ্যে আচরণবিধি লঙ্ঘন করেছেন বলে আমাদের কাছে অভিযোগ এসেছে। এ সম্পর্কে যুগান্তরের খবরে বলা হয়েছে, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন, 'আমাদের দেশে নির্বাচনে মানি ফ্যাক্টর এখনও। মানি হ্যাজ এ রোল টু প্লে। এখানে টাকার যে একটা ভূমিকা আছে এটা অস্বীকার করার কোনো উপায় নেই।'

এই নির্বাচন রসিকতা-নজরুল ইসলাম খান- যুগান্তর
জেলা পরিষদ নির্বাচনে জনমতের প্রতিফলন নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। মঙ্গলবার দুপুরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 
নজরুল ইসলাম খান বলেন, 'বিগত দিনে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের নির্বাচনে জোর করে ফলাফল পাল্টে দেয়া হয়েছে। উপজেলা নির্বাচনের প্রথম ও দ্বিতীয় ধাপে আমরা (বিএনপি) আশান্বিত ছিলাম, কিন্তু পরবর্তী ধাপগুলোতে জোর করে দখল করে নিয়েছে।' 
তিনি বলেন, 'পৌরসভা নির্বাচনেও তাই করেছে আর ইউনিয়ন পরিষদ নির্বাচনে তো মনোনয়নপত্র দাখিল করতেই দেয় নাই। কাজেই এই নির্বাচন রসিকতা। ২০১৪ সালে ৫ জানুয়ারির জাতীয় নির্বাচন যেমন ছিল প্রহসনের তেমনি জেলা পরিষদ নির্বাচন আরেকটা লোক দেখানো প্রহসনের নির্বাচন।'
বিএনপির অপর এক নেতা গয়েশ্বর চন্দ্র রায় নির্বাচন নিয়ে মন্তব্য করেছেন এভাবে, বর্তমান সরকারের অধী‌নে নির্বাচনে যাওয়া আর ট্রাকের নিচে মাথা দেয়া একই কথা। তি‌নি বলেন, আত্মহত্যা মহাপাপ। আর শেখ হাসিনার অধী‌নে নির্বাচনে যাওয়া আরও মহাপাপ। আজ জাতীয় প্রেসক্লা‌বে শ‌ক্তিশালী নির্বাচন ক‌মিশন ও নির্বাচনকালীন সরকার:‌ প্রে‌ক্ষিত গ্রহণযোগ্য নির্বাচন শীর্ষক গোল‌টেবিল আলোচনা সভায় তি‌নি এসব কথা বলেন।

সাঁওতাল পল্লীতে তদন্ত শুরু করেছে বিচার বিভাগ ও পিবিআই-প্রথম আলো/ইত্তেফাক
গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জ ইক্ষু খামারের জমিতে দখল উচ্ছেদ ও সহিংসতার ঘটনা তদন্ত করতে সেখানে গেছেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও পিবিআই।
 মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) বগুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. আকতার হোসেনের নেতৃত্বে একটি তদন্ত টিম মাদারপুর ও জয়পুরপাড়ার সাঁওতাল পল্লীতে পৌঁছায়।
শুরুতে তদন্ত টিম ক্ষতিগ্রস্ত মাদারপুর ও জয়পুরপাড়া ঘুরে দেখেন। এসময় তারা ক্ষতিগ্রস্ত সাঁওতালদের সঙ্গে কথা বলেন।
গত ৬ নভেম্বর গোবিন্দগঞ্জে রংপুর চিনিকলের জমিতে আখ কাটাকে কেন্দ্র করে পুলিশ ও চিনিকল শ্রমিক-কর্মচারীদের সঙ্গে সাঁওতালদের সংঘর্ষ হয়। এতে হতাহতের ঘটনা ঘটে। সাঁওতালরা তাদের ওপর হামলা, ঘরে আগুন দেয়া, পুরোনো বসতবাড়িতে লুটপাট ও হত্যার অভিযোগ করে।

আত্মসমর্পণকারী দুই নারী সাত দিনের রিমান্ডে-প্রথম আলো
রাজধানীর আশকোনায় পুলিশের অভিযানের সময় আত্মসমর্পণকারী দুই নারী ‘জঙ্গি জেবুন্নাহার (শীলা) ও তৃষ্ণা মনিকে সাত দিনের রিমান্ডে নিয়েছে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট।
এই দুই নারীকে গতকাল আদালতে হাজির করে প্রত্যেকের ১০ দিনের রিমান্ড চায় পুলিশ। ঢাকা মহানগর হাকিম মেহের নিগার তাঁদের প্রত্যেকের সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
এদিকে কালের কণ্ঠের খবর- জঙ্গি মাঈনুল ইসলাম মুসাকে খোঁজা হচ্ছে। তাকে আটক করতে ক্রাইমসিন ইউনিটের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিসি) মহিবুল ইসলাম।

এবার বিনামূল্যে ৩৬ কোটি ২২ লাখ বই বিতরণ : শিক্ষামন্ত্রী-কালের কণ্ঠ
আগামী বছরের ১ জানুয়ারি সারা দেশে একযোগে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের বিনামূল্যে ৩৬ কোটি ২১ লাখ ৮২ হাজার ২৪৫টি নতুন বই প্রদান করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। ২০১৬ সালের তুলনায় ২০১৭ সালে ২ কোটি ৮৪ লাখ ১৯ হাজার ৪৮৫টি বই বেশি দেওয়া হবে।
২০১৬ সালের ১ জানুয়ারি ৩৩ কোটি ৩৭ লাখ ৬২ হাজার ৭৬০টি বই শিক্ষার্থীদের বিনামূল্যে দেয়া হয়েছিল। প্রতিবছরই বই বিতরণের সংখ্যা বাড়ছে। প্রি-প্রাইমারি, প্রাইমারি থেকে মাধ্যমিক পর্যন্ত স্কুল মাদ্রাসার ছাত্রছাত্রীদের এ বই দেয়া হবে বলে জানান মন্ত্রী।

ফ্ল্যাটে ফ্ল্যাটে জঙ্গি আস্তানা-বাংলাদেশ প্রতিদিনের প্রতিবেদন
রাজধানীর প্রবেশমুখ এবং শহরতলির ঘনবসতিপূর্ণ অনেক এলাকায় নিরাপদ আস্তানা গড়ে তুলেছে জঙ্গিরা। এসব এলাকায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বাসাবাড়ি ভাড়া নেয়া তাদের পছন্দের শীর্ষে রয়েছে। কোথাও কোথাও নির্মাণাধীন বাড়ির ফ্ল্যাট সপরিবারে বসবাসের কথা বলে তারা ভাড়া নিচ্ছেন। সম্প্রতি একটি গোয়েন্দা সংস্থার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো প্রতিবেদনে ঢাকার প্রবেশমুখ ও এর আশাপাশে জঙ্গি এবং শিবির ক্যাডারদের অবস্থানের কথা বলা হয়। রাজধানীতে ছাত্রাবাসের আদলে গড়ে তোলা মেসগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর অব্যাহত অভিযানের মুখে জঙ্গি এবং ছাত্রশিবিরের ক্যাডাররা এখন আবাসিক ফ্ল্যাট আশ্রয়স্থল বানিয়েছে। 

বাংলাদেশ প্রতিদিনের আরেকটি প্রতিবেদনের শিরোনাম: যানজটে প্রতি মাসে ক্ষতি ২২৭ কোটি টাকা।
রাস্তার অপর্যাপ্ততা, অপরিকল্পিত নকশা, অধিক জনসংখ্যার ঘনত্ব, প্রাইভেটকারের সংখ্যা বৃদ্ধি ও অপরিকল্পিত কার পার্কিংয়ের কারণে যানজটে রাজধানীতে প্রতি মাসে আর্থিক ক্ষতি হয় ২২৭ কোটি টাকা।
আজ দুপুরে মহাখালী ব্র্যাক সেন্টার ইন-এ গবেষণাপত্র উন্মোচন করতে গবেষকদল এ তথ্য জানান। ঢাকা মহানগরীর যানজট নিয়ে এ গবেষণাপত্র উন্মোচন করে ব্র্যাক বিশ্ববিদ্যালয়।

শ্রোতাবন্ধুরা ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।

ব্রহ্মপুত্র ইস্যুতে ভারতের বিরুদ্ধে বাংলাদেশকে ঢাল করতে চাইছে চীন: গণশক্তি
নেপাল পাকিস্তানের পর এবার ভারতের বিরুদ্ধে বাংলাদেশকে ঢাল করতে উঠে পড়ে লাগল চীন ৷ ইস্যু ব্রহ্মপুত্র ৷ ব্রহ্মপুত্রের পানি নিয়ে ভারতের সঙ্গে ইচ্ছাকৃত সংঘর্ষ তৈরি করতে চাইছে চীন ৷ তবে ব্রহ্মপুত্র নদ নিয়ে চিন-ভারতের দ্বন্দ্ব অবশ্য নতুন নয় ৷ চীন ইকোনমিক করিডরের সঙ্গে যুক্ত সিল্ক রোড প্রোগ্রামও তৈরি করছে ৷

বাতিল নোট রাখলেই শাস্তি আসছে মোদীর নতুন ফতোয়া-গণশক্তি
নতুন বছরে কোনো কারণে যদি বাতিল ঘোষিত ৫০০ বা ১০০০ রুপির নোট থেকে যায়, তাহলে শাস্তি পেতে হবে। বিপুল জরিমানা ছাড়াও কারাদণ্ডের সম্ভাবনাও থাকছে। এই মর্মে অর্ডিন্যান্স আনতে চলেছে কেন্দ্র। ৮ নভেম্বর প্রধানমন্ত্রীর ঘোষণায় বাতিল হয়ে যায় ৫০০ ও ১০০০ রুপির নোট। 
৮ নভেম্বরের পর থেকে ১২ই ডিসেম্বর পর্যন্ত প্রায় ১২লক্ষ কোটি রুপির বাতিল নোট জমা পড়েছে। ধারণা করা হচ্ছে প্রায় পুরো টাকাই ব্যাঙ্কে ফেরত এসেছে।

দেশে চলছে অতি–জরুরি অবস্থা-মমতা-আজকাল
রাহুল গান্ধীকে সঙ্গে নিয়ে নোট বাতিল নিয়ে মোদি সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কার্যত মোদি সরকারের পদত্যাদের দাবি তুলে দিলেন তৃণমূল নেত্রী। নোট বাতিল হয়রানির সুরাহা করতে ৫০ দিন সময় চেয়েছিলেন প্রধানমন্ত্রী। সময় প্রায় শেষ। মমতার প্রশ্ন, ৫০ দিন পরে সমস্যার সমাধান না হলে আপনি কি পদত্যাগ করবেন? শুরুটা করেছিলেন রাহুলই। কংগ্রেস সহ সভাপতি বলেন, নোট বাতিলের উদ্দেশ্য ব্যর্থ হয়েছে। দুর্নীতি এবং নোট বাতিল এখন সমার্থক হয়ে পড়েছে।#


পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৭