ডিসেম্বর ২৮, ২০১৬ ১৬:৪২ Asia/Dhaka

পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ২৮ ডিসেম্বর বুধবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।

বাংলাদেশের শিরোনাম:

  • জেলা পরিষদ নির্বাচন বেআইনি: রিজভী-ইত্তেফাক
  • শান্তিপূর্ণ ভোট জেলা পরিষদে, চলছে গণনা-কোনো কোনো জেলায় ফল প্রকাশ-যুগান্তর
  • জেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ: সিইসি-প্রথম আলো
  • আত্মঘাতী নারীর নাম শাকিরা: মনিরুল-কালের কণ্ঠ
  • ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে ঢাবি শিক্ষক চাকরিচ্যুত-মানবজমিন-মানবজমিন 

ভারতের শিরোনাম:

  • পাকিস্তানের মতো ‘পাগল’ নয়, NSG-তে ভারতকে চান অস্ত্র ব্যবসায়ীরা-সংবাদ প্রতিদিন
  • মোদিকে এবার ৫ প্রশ্নের বাণ রাহুলের-গণশক্তি
  • বাড়তি বাতিল নোটে জরিমানা, অর্ডিন্যান্স-আজকাল

পাঠক! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ। প্রথমে বাংলাদেশ..

শান্তিপূর্ণ ভোট জেলা পরিষদে, চলছে গণনা-যুগান্তর
দেশে প্রথমবারের মতো জেলা পরিষদ নির্বাচনে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। সারা দেশে ৬১ জেলায় জেলা পরিষদে নির্বাচনের ভোটগ্রহণ ও গণনা শেষে ফলাফল প্রকাশ শুরু হয়েছে।বুধবার সকাল ৯টা থেকে একটানা বেলা ২টা পর্যন্ত দেশের ৫৯ জেলায় এ ভোট হয়। তবে এই নির্বাচনে ভোটাররা নির্বাচিত জনপ্রতিনিধি হওয়ায় উপিস্থিতির ক্ষেত্রে তেমন সাড়া মেলেনি। 
কোথাও কোথাও তিন-চার ঘণ্টাতেও একটি ভোট পড়েনি। আর বেশিরভাগ ক্ষেত্রেই মিলেছে আচরণবিধি লংঘনের চিত্র। 
এরই মধ্যে বেশ কয়েকটি জায়গায় নির্বাচন স্থগিত করা হয়েছে। সুনামগঞ্জের একটি কেন্দ্র থেকে নগদ এক লাখ টাকা ও মোবাইল ফোনসহ এক ইউপি সদস্য ভোটারকে আটক করেছে পুলিশ। ৬১ জেলায় মোট ভোটার ৬৩ হাজার ১৪৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪৮ হাজার ৩৪৩ জন এবং নারী ভোটার ১৪ হাজার ৮০০ জন।এ নির্বাচনে মূলত প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন আওয়ামী লীগ সমর্থিত এবং একই দলের বিদ্রোহী প্রার্থীরা। 
বিএনপি, জাতীয় পার্টি ও জামায়াত অংশ নেয়নি। তবে এ তিন দলের ভোটাররাই জয়ের ক্ষেত্রে অন্যতম প্রধান ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছেন।২০১১ সালের ১৫ ডিসেম্বর সরকার ৬১ জেলায় আওয়ামী লীগের জেলা পর্যায়ের নেতাদের প্রশাসক নিয়োগ দেয়। এবার প্রতিটি জেলা পরিষদ পরিচালনায় একজন জেলা পরিষদ চেয়ারম্যান এবং ১৫ জন সাধারণ ও পাঁচজন সংরক্ষিত মহিলা সদস্য জনপ্রতিনিধি হতে যাচ্ছেন।

জেলা পরিষদ নির্বাচন বেআইনি: রিজভী-ইত্তেফাক
জনগণের প্রত্যক্ষ ভোট ছাড়া একতরফা জেলা পরিষদ নির্বাচন সংবিধান, আইন বিরোধী ও বেআইনি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।
রুহুল কবির রিজভী বলেছেন, এই নির্বাচনে জনগণের সম্পৃক্তা নেই। সংবিধানে আছে জনগণের প্রত্যাক্ষ ভোটে জনপ্রতিনিধি নির্বাচন করতে হবে। কিন্তু এটা হচ্ছে পরোক্ষ ভোটে। সুতরাং এই নির্বাচন হচ্ছে বেআইনি।
বুধবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেছেন, আরো একটি এক তরফা নির্বাচন হতে যাচ্ছে সম্পূর্ণ অবৈধ, অসাংবিধানিক ও বেআইনি এ নির্বাচন জনগণের সাথে প্রহসন ছাড়া কিছুই না।   

জেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ: সিইসি-প্রথম আলো
প্রথমবারের মতো অনুষ্ঠিত জেলা পরিষদের নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ। তিনি বলেন, নির্বাচনী আচরণবিধি অনুযায়ী অতিগুরুত্বপূর্ণ ব্যক্তিরা যাতে নির্বাচনে প্রভাব বিস্তার করতে না পারেন, সে জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়।

জানুয়ারিতেই জ্বালানি তেলের দাম কমছে- অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, '২০১৭ সালের জানুয়ারিতেই জ্বালানি তেলের দাম কমছে।' আজ বুধবার সচিবালয়ে সাধারণ বীমা করপোরেশনের লভ্যাংশ জমা দেয়া বিষয়ক এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
 অর্থমন্ত্রী বলেন, জানুয়ারিতে জ্বালানি তেলের মূল্য কমানোর জন্য উদ্যোগ নিবে সরকার। গত অর্থবছরে (২০১৫-১৬) অর্থনীতি পরিস্থিতি ভালো ছিল। বর্তমান পরিস্থিতি স্থিতিশীল থাকলে চলতি অর্থবছরে প্রবৃত্তি অর্জনের হার সাড়ে সাত শতাংশ হবে। অর্থমন্ত্রী বলেন, ক্যালেন্ডার বছরে (তেলের দাম) আমরা কিছুটা অ্যাডজাস্ট করেছি, অ্যান্ড দ্যাট ইজ গুড এনাফ। এটার জন্য এমন কোনো ওরিড না।

আত্মঘাতী নারীর নাম শাকিরা: মনিরুল-কালের কণ্ঠ
রাজধানীর পূর্ব আশকোনার সূর্য ভিলার জঙ্গি আস্তানায় আত্মঘাতী বোমায় নিহত নারীর নাম শাকিরা। বাড়ি ভোলায়।

তিনি গত অক্টোবরে তেজগাঁও এলাকা থেকে গ্রেপ্তার হওয়া জেএমবির সদস্য রাশেদুর রহমান ওরফে সুমনের স্ত্রী। সুমন গ্রেপ্তার হওয়ার পরই শাকিরা নব্য জেএমবিতে যোগ দেন। আজ বুধবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম সংবাদ ব্রিফিং করে এসব তথ্য জানান।

প্রধানমন্ত্রীর বিমানে ত্রুটি এক সপ্তাহের রিমান্ডে ২ বিমান কর্মকর্তা-বাংলাদেশ প্রতিদিন
প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটির মামলায় আত্মসমর্পণকারী দুই আসামির সাত দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন ঢাকা সিএমএম আদালত। বুধবার দুই অভিযুক্তকে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম জাকির হোসেন টিপু সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।  

এর আগে বৃহস্পতিবার প্রকৌশল কর্মকর্তা এসএম রোকনুজ্জামান ও টেকনিশিয়ান সিদ্দিকুর রহমান আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। ঢাকা মহানগর হাকিম স্নিগ্ধা রানী চক্রবর্তী আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
হঠাৎ বেড়েছে সোনা চোরাচালান-বাংলাদেশ প্রতিদিনের প্রতিবেদন
দেশে হঠাৎ সোনা চোরাচালান বেড়েছে। চলতি বছর কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও বছর শেষে গত কয়েকদিনে ব্যাপক আটক হয়েছে অবৈধ পথে আসা সোনা। এ বছর ৩৪ কোটি টাকা দামের ৬৯ কেজির বেশি সোনা আটক করে শুল্ক গোয়েন্দা। সংস্থাটি বিগত ৪ বছরে ১৩১ জন আসামিসহ মোট ১ হাজার ৬৫ কেজি ৭২৬ গ্রাম সোনা আটক করে। এই সোনার দাম ৫০১ কোটি ৭ লাখ ৪৫ হাজার টাকা। 

৫৬০টি পর্নোসাইট বন্ধ করেছে বিটিআরসি-ইত্তেফাক
৫৬০টি পর্নো ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা (বিটিআরসি)। বিটিআরসির সচিব ও মুখপাত্র সরওয়ার আলম বুধবার দৈনিক ইত্তেফাককে এ খবর নিশ্চিত করেছেন।
 
তিনি জানান, এই সাইটগুলো বন্ধে মোবাইল অপারেটর, ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান (আইএসপি), ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়েসহ (আইআইজি) বন্ধের কার্যক্রম পরিচালনাকারী সংশ্লিষ্ট সব পক্ষকে একটি তালিকা পাঠানো হয়েছে।
বেশকিছু দিন ধরেই পর্নোগ্রাফি সাইটগুলো বন্ধের কথা বলছিলেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে ঢাবি শিক্ষক চাকরিচ্যুত-মানবজমিন/প্রথম আলো
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক এমরান হোসাইনকে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন ঢাবি’র উপ-উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান। তিনি জানান, এমরান হোসাইনের বিরুদ্ধে এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ ওঠার পর তাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছিল। এরপর অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রমাণ পাওয়ায় তাকে চাকরি থেকে অব্যাহতি দেয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পাঠক ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।

পাকিস্তানের মতো ‘পাগল’ নয়, NSG-তে ভারতকে চান অস্ত্র ব্যবসায়ীরা-সংবাদ প্রতিদিন
নিউক্লিয়ার সাপ্লায়ার্স গ্রুপ বা আন্তর্জাতিক পরমাণু ক্লাবে ভারতের প্রবেশে কোনও আপত্তি নেই৷ কিন্তু পাকিস্তানকে যেন কোনওমতেই এনএসজি-তে প্রবেশের অনুমতি না দেওয়া হয়৷ এই ভাষাতেই ওয়াশিংটনের আর্মস কন্ট্রোলার অ্যাসোসিয়েশন সতর্ক করে দিল ওবামা প্রশাসনকে৷

বাড়তি বাতিল নোটে জরিমানা, অর্ডিন্যান্স-আজকাল
পুরনো নোট নিয়ে এবার নতুন অর্ডিন্যান্স। এই অর্ডিন্যান্স কোনও ব্যক্তি নিজের কাছে সর্বোচ্চ ১০টি বাতিল নোট রাখতে পারবেন। এর বেশি থাকলে জেল ও জরিমানা হতে পারে। তবে কতটা শাস্তি হবে, সেটা এখনও চূড়ান্ত হয়নি। তবে সূত্রের খবর, ৩১ মার্চের পরও বাতিল নোট রাখলে ৪ বছর পর্যন্ত জেল হতে পারে। অর্থাৎ কারও কাছে যদি ১১টি বাতিল নোট পাওয়া যায়, তাহলে তাঁকে ৫৫ হাজার টাকা জরিমানা হিসাবে দিতে হবে।
শ্রোতাবন্ধুরা ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।

মোদিকে এবার ৫ প্রশ্নের বাণ রাহুলের-আজকাল
কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে ফের রাহুল গান্ধীর নিশানায় নরেন্দ্র মোদি। এদিন বক্তৃতার শুরুতেই রাহুল বলেন, কংগ্রেস মানে সাধারণ মানুষের কথা শোনা, সকলের কথা শোনা, কংগ্রেসই দেশের স্বাধীনতার অর্থ প্রথম শিখিয়েছিল। এভাবে বক্তৃতা শুরু করলেও, শেষ পর্যন্ত রাহুল গান্ধী চলে যান নোট বাতিল ইস্যুতে। সরাসরি বলেন, ‘দেশের ১ শতাংশ মানুষের লাভের জন্য মোদি নোট বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন। এই মতকে কখনওই সমর্থন করা যায় না।’ সারা দেশে কংগ্রেস কর্মীদের প্রতি রাহুল গান্ধীর বার্তা, সাধারণ মানুষের কাছে কর্মীদেরই মোদির আসল উদ্দেশ্য পরিষ্কার করে দিতে হবে।#


পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৮