ডিসেম্বর ২৯, ২০১৬ ১৫:৫১ Asia/Dhaka

পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ২৯ ডিসেম্বর বৃহষ্পতিবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।

বাংলাদেশের শিরোনাম:

  • জেএসসি-জেডিসি ও পিইসির ফল প্রকাশ-ইত্তেফাক
  • পিইসি-জেএসসি পরীক্ষা শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী করছে: প্রধানমন্ত্রী-প্রথম আলো
  • রিজার্ভ চুরি: সন্দেহে বাংলাদেশ ব্যাংকের আইটি টেকনিশিয়ানরা-যুগান্তর
  • নির্বাচনে যড়যন্ত্রের প্রমাণ দিন : খালেদাকে কাদের-কালের কণ্ঠ
  • ‘জেলা পরিষদ নির্বাচন জনগণের নির্বাচন না’-মানবজমিন 
  • আওয়ামী লীগ হারল ১৩ জেলায় ভোটে দাপট বিদ্রোহীদের, বিচ্ছিন্ন সংঘর্ষ বোমাবাজি হামলা -বাংলাদেশ প্রতিদিন

ভারতের শিরোনাম:

  • জাতির উদ্দেশে মোদির ভাষণের পরই বাজারে নতুন ১০০০ টাকার নোট?-সংবাদ প্রতিদিন
  • ৫০দিন: কোনো প্রশ্নেরই উত্তর দিচ্ছেন না মোদী-গণশক্তি
  • স্বামীকে বশে আনতে গিয়ে তান্ত্রিকের কাছে ধর্ষিত-আজকাল

 

পাঠক! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ। প্রথমে বাংলাদেশ..

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন-জেএসসি পরীক্ষা শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী করছে

জেএসসি, জেডিসির ও পিইসির ফল প্রকাশ, প্রধানমন্ত্রী বললেন পিইসি-জেএসসি পরীক্ষা শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী করছে-ইত্তেফাক/প্রথম আলো

বিস্তারিত খবরে বলা হয়েছে, অষ্টম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি), জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) ও পিইসি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে পাসের হার ৯২.৩৩। জেএসসি ও জেডিসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে মোট ২ লাখ ৪৭ হাজার ৫৮৮ জন শিক্ষার্থী। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার পর এ ফল প্রকাশ করা হয়। প্রধানমন্ত্রীর সরকারি বাসভন গণভবন থেকে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ ফল ঘোষণা করেন। প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী  বা পিইসি পরীক্ষায় পাসের হার ৯২.৮৯ শতাংশ। মোট জিপিএ-৫ পেয়েছে ২ লাখ ৩৫ হাজার ৫৯ জন শিক্ষার্থী। বৃহস্পতিবার দুপুরে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান সংবাদ সম্মেলন করে ফল প্রকাশ করেন।

পিইসি-জেএসসি পরীক্ষা শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী করছে: প্রধানমন্ত্রী-প্রথম আলো

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও সমমানের পরীক্ষার যৌক্তিকতা তুলে ধরে বলেন, এ পরীক্ষা ভবিষ্যতের জন্য শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাসের সৃষ্টি করছে। এই আত্মবিশ্বাস বোর্ডের উচ্চতর পরীক্ষাগুলোতে অংশগ্রহণের ক্ষেত্রে শিক্ষার্থীদের কাজে লাগবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ গণভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এ বছরের পিইসি, জেএসসি এবং সমমানের পরীক্ষার ফল গ্রহণকালে এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘আমি জানি না অভিভাবকেরা পরীক্ষার ফল দেখেন কি না। পড়ালেখার ক্ষেত্রে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ছে এবং জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি হয়েছে। এটা খুব জরুরি।

রিজার্ভ চুরি: সন্দেহে বাংলাদেশ ব্যাংকের আইটি টেকনিশিয়ানরা-যুগান্তর

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায়  তথ্যপ্রযুক্তি টেকনিয়ানদের জড়িত থাকার সন্দেহ তদন্ত কর্মকর্তার

রয়টার্সের বরাত দিয়ে যুগান্তরের খবরে বলা হয়েছে, নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে সংরক্ষিত বাংলাদেশের আট কোটি ১০ লাখ ডলার চুরির ঘটনায় কেন্দ্রীয় ব্যাংকের কয়েকজন তথ্যপ্রযুক্তি (আইটি) টেকনিশিয়ান জড়িত বলে সন্দেহ করছেন একজন শীর্ষ তদন্ত কর্মকর্তা। 

নির্বাচনে যড়যন্ত্রের প্রমাণ দিন : খালেদাকে কাদের-কালের কণ্ঠ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ভেতরে ষড়যন্ত্রের যে অভিযোগ করেছেন তার তথ্য প্রমাণ দিতে বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, দেশে বিদেশে সবাই এই নির্বাচনকে অবাধ শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন বলে মন্তব্য করেছেন।

অন্য একটি খবরে ওবায়দুল কাদের বলেছেন, আগামী ৫ই জানুয়ারি ‘গণতন্ত্রের বিজয় দিবস’ পালন করবে আওয়ামী লীগ। দশম জাতীয় সংসদ নির্বাচনের তিন বছরপুর্তি হচ্ছে ওইদিন।

জেলা পরিষদ নির্বাচন জনগণের নির্বাচন না-এরশাদ: মানবজমিন

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক প্রেসিডেন্ট এইচ এম এরশাদ

সাংগঠনিক দুর্বলতার কারণে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এবং জনগণের নির্বাচন না হওয়ায় জেলা পরিষদ ভোটে জাতীয় পার্টির অংশ নেয়নি বলে জানিয়েছেন দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। বৃহস্পতিবার রাজধানীর গুলশানের একটি কনভেনশন সেন্টারে মিট দ্য প্রেস অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

আওয়ামী লীগ হারল ১৩ জেলায়-ভোটে দাপট বিদ্রোহীদের, বিচ্ছিন্ন সংঘর্ষ বোমাবাজি হামলা: বাংলাদেশ প্রতিদিন

বিএনপি-জাতীয় পার্টিসহ অধিকাংশ রাজনৈতিক দল অংশ না নিলেও জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ১৩ জেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর ভরাডুবি হয়েছে। দল সমর্থিত প্রার্থীর প্রতি চ্যালেঞ্জ ছুড়ে ১১ বিদ্রোহী ও দুই স্বতন্ত্র প্রার্থী বিজয় ছিনিয়ে নিয়েছেন। যেসব জেলায় আওয়ামী লীগ প্রার্থীরা বিজয়ী হয়েছেন, সেখানেও বিদ্রোহীদের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। অন্তত ৩০ জেলায় আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থীরা বিদ্রোহীদের  চ্যালেঞ্জের মুখে ছিল বলে দলীয় সূত্রে জানা গেছে। 

জেলা পরিষদ নির্বাচনে দেশের কয়েকটি স্থানে সংঘর্ষ, বোমা বিস্ফোরণ ও হামলার ঘটনা ঘটেছে। এ সময় এক জেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী ও এক ইউপি চেয়ারম্যানসহ অন্তত ১৪ জন আহত হয়েছেন। 

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি বলেছেন, জেলা পরিষদের নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। স্থানীয় সরকারের এ নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘জেলা পরিষদ নির্বাচন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। তাই বিএনপি এ নির্বাচনে অংশগ্রহণ করেনি। 

জঙ্গিদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে: আইজিপি-ইত্তেফাক

পুলিশ প্রধান (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, জঙ্গিদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। বাংলাদেশ জঙ্গিদের আস্তানা হতে পারে না। বৃহস্পতিবার দুপুরে পুলিশ সদর দফতরে অনুষ্ঠিত জঙ্গিবাদ সংক্রান্ত এক বিশেষ সভায় এ কথা বলেন তিনি।দৈনিকটির অন্য একটি খবরে বলা হয়েছে, থার্টি ফার্স্টে রাত আটটার মধ্যে ঘরে ফিরতে হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার।

পাঠক ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।

জাতির উদ্দেশে মোদির ভাষণের পরই বাজারে নতুন ১০০০ টাকার নোট?-সংবাদ প্রতিদিন

ভারতে নোট বাতিল ইস্যু

১ ডিসেম্বর জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ বছরের শেষ দিন প্রধানমন্ত্রী কী ঘোষণা করবেন, সেদিকে এখন তাকিয়ে রয়েছে গোটা দেশ৷এর মধ্যেই হোয়াটসঅ্যাপে নতুন ১০০০ টাকার নোটের একটি ছবি ভাইরাল হয়ে গিয়েছে৷ হালকা সবুজ রঙের নয়া নোটের ছবি এখন আম আদমির স্মার্টফোন থেকে দেদার শেয়ার হচ্ছে৷

৫০দিন: কোনো প্রশ্নেরই উত্তর দিচ্ছেন না মোদী-গণশক্তি

নোট বাতিলের নাটকীয় ঘোষণার পরে বুধবার কেটে গেল ৫০দিন। প্রধানমন্ত্রী গোয়ার পানাজিতে এক বক্তৃতায় যে ‘৫০দিন’ সময় চেয়েছিলেন সরকারিভাবে তা ফুরবে ৩০শে ডিসেম্বর। ঘোষণার পঞ্চাশ দিনে অবশ্য ৬০টি নতুন নির্দেশ এসেছে। বস্তুত অর্ডিন্যান্সের মাধ্যমে বুধবার এসেছে সর্বশেষ নির্দেশ। আগামী বছরের ৩১শে মার্চ পর্যন্তও ‘যথোপযুক্ত কারণ দেখিয়ে’ বাতিল নোট জমা দেয়া যাবে।

স্বামীকে বশে আনতে গিয়ে তান্ত্রিকের কাছে ধর্ষিত-আজকাল

স্বামীর সঙ্গে নিত্যদিনের দাম্পত্য কলহ। বদমেজাজি স্বামীকে বশে আনতে তান্ত্রিকের শরণাপন্ন হয়েছিলেন এক তরুণী। কাজ তো হলই না। উল্টে ওই তান্ত্রিকের কাছে দু’বছর ধরে ধর্ষিতা হতে হল ওই তরুণীকে। অবশেষে ওই তান্ত্রিকের বিরুদ্ধে এফআইআর করলেন তরুণী। ঘটনাটি ঘটেছে গোয়ালিয়রে। পুলিশ তাকে গ্রেফতার করেছে।#

 

পার্সটুডে/জিএআর/২৯