ডিসেম্বর ৩১, ২০১৬ ১২:৪১ Asia/Dhaka

পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ৩১ ডিসেম্বর শনিবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।

বাংলাদেশের শিরোনাম:

  • কোনো কিছুই রাতারাতি পরিবর্তন সম্ভব নয়-প্রধানমন্ত্রী-ইত্তেফাক
  • আ.লীগ নেতাকে লক্ষ্য করে গুলি, পথচারী নিহত-প্রথম আলো
  • নতুন বছরে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান খালেদার-যুগান্তর
  • চার কোটি শিক্ষার্থী পাবে নতুন বই, অপেক্ষা উৎসবের-কালের কণ্ঠ
  • গণতন্ত্র এখন পথের ধূলায় লুটোপুটি খাচ্ছে’-মানবজমিন 
  • পলিটিশিয়ান অব দ্য ইয়ার শেখ হাসিনা-বাংলাদেশ প্রতিদিন

 

ভারতের শিরোনাম:

  • পেটিএম মারফত চিনকে তথ্য পাচার করছেন মোদি, তোপ মমতার-সংবাদ প্রতিদিন
  • টাকা তোলার বিধিনিষেধ তুলে নিতে হবে পলিট ব্যুরোর দাবি-গণশক্তি
  • নতুন বছরে ভারতে নাশকতার ছক!‌-আজকাল

 

শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ। প্রথমে বাংলাদেশ..

কোনো কিছুই রাতারাতি পরিবর্তন সম্ভব নয়-প্রধানমন্ত্রী

গণভবনে এক অনুষ্ঠানে ২০১৭ শিক্ষাবর্ষে বিভিন্নস্তরের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যের পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান

শিক্ষার মান নিয়ে প্রশ্ন উত্থাপনকারীদের শিক্ষার মানোন্নয়নে এগিয়ে আসার অহবান জানিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, 'যারা শিক্ষার মান নিয়ে প্রশ্ন তোলেন  তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই- কোনো কিছুই রাতারাতি পরিবর্তন সম্ভব নয়। আগে তারা (সামালোচকরা) ভলান্টিয়ার সার্ভিস দিন, সুবিধা বঞ্চিতদের জন্য কিছু করুন, শিক্ষা দিন। তারপর কথা বলুন।' তিনি সমালোচকদের কাছে এ প্রশ্ন রাখেন, শিক্ষার মানের মাত্রাটা আসলে কী? আজ সকালে তার সরকারি বাসভবন গণভবনে এক অনুষ্ঠানে ২০১৭ শিক্ষাবর্ষে বিভিন্নস্তরের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যের পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। কালের কণ্ঠের খবর- এবছর চার কোটি শিক্ষার্থী পাবে নতুন বই, অপেক্ষা উৎসবের।
 আর  ইত্তেফাকের খবরে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ‘দেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মহাপরিকল্পনা অনুযায়ী কাজ চলছে। দেশের শিল্প, অর্থনীতি ও পর্যটন সম্ভাবনা নিয়ে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।’ শুক্রবার রাতে মৌলভীবাজারে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।

পলিটিশিয়ান অব দ্য ইয়ার শেখ হাসিনা-বাংলাদেশ প্রতিদিন
কয়েক বছর ধরে দেশ ও দেশের বাইরে বাংলাদেশ সংশ্লিষ্ট রাজনীতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরেই আবর্তিত হচ্ছে। ২০১৬ সালেও ছিল সেই ধারাবাহিকতা। তবে আগে বিভিন্ন বছর নানান রাজনৈতিক উত্তাপ থাকলেও এ বছর সেগুলোর লেশমাত্র ছিল না। নিজের প্রজ্ঞা ও বিচক্ষণতার মাধ্যমে দেশকে শুধুই উন্নয়নের দিকে এগিয়ে নিয়েছেন শেখ হাসিনা। বছরের মাঝামাঝি জঙ্গি ও সন্ত্রাসবাদ হলি আর্টিজানে ন্যক্কারজনক ঘটনার জন্ম দিয়ে দেশকে অস্থিতিশীল করতে চাইলেও শেখ হাসিনার জিরো টলারেন্সের কারণে তা সফল হয়নি। বরং প্রায় সমূল উৎপাটিত হয়েছে নব্য জেএমবি নামের অপশক্তি। এ নিয়ে বিদেশিদের কূটনৈতিক দৌড়ঝাঁপও সামলেছেন বলিষ্ঠ হাতে। ফলে বাংলাদেশে আইএসের সম্পৃক্ততার তিলক আঁকতে পারেনি বিশ্বের পরাক্রমশালী কোনো রাষ্ট্রই। দুই কুখ্যাত যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামী ও মীর কাসেম আলীর ফাঁসি হলেও কোনো টুঁ শব্দ হয়নি বাংলাদেশে। এসব কারণেই  বাংলাদেশ প্রতিদিন  ২০১৬-তে শেখ হাসিনাকে পলিটিশিয়ান অব দ্য ইয়ার ঘোষণা করেছে। ঘটনাপ্রবাহ অনুসারে, ২০১৬ সালের শুরু থেকেই বিদেশিদের নিরাপত্তাহীনতার শঙ্কা ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য চ্যালেঞ্জ। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশ তাদের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণের ওপর সতর্কতা জারি করে। স্পষ্ট বিভক্তি দেখা যায় কূটনৈতিক অঙ্গনে। তবে এই বিভক্তিতে পশ্চিমা রাষ্ট্রগুলোর সবই ছিল বিপক্ষ শিবিরে। কিন্তু ভারত ও রাশিয়ার সঙ্গে শেখ হাসিনার বন্ধুত্ব কাজে এসেছে বাংলাদেশের। 

আমাদের উন্নয়ন বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে-ওবায়দুল কাদের: প্রথম আলো
বিগত বছর নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘ফেলে আসা বছরে আমাদের উন্নয়ন ও অর্জন বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। তারপরও হলি আর্টিজান ও শোলাকিয়া সাময়িকভাবে বিচলিত-ধৈর্যহারা করেছিল, কিন্তু দিশেহারা করতে পারেনি।’

নতুন বছরে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান খালেদার-যুগান্তর

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, নতুন বছরটি সবার জীবনে বয়ে আনুক বিজয়, অনাবিল সুখ ও শান্তি। বাংলাদেশসহ সারা বিশ্বে প্রবাহিত হোক শান্তির অমিয় ধারা, দূর হয়ে যাক সব অন্যায়-উৎপীড়ন, নির্যাতন।


তিনি বলেন, 'বন্ধ হোক হত্যা, গুম, খুন, যুদ্ধ বিগ্রহ ও অমানবিকতাসহ সকল ধরনের দমনমূলক নৃশংসতা-নববর্ষের শুরুতে আমি এ কামনা করছি। হৃত গণতন্ত্র ও ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্য বাংলাদেশের সংগ্রামী জনগণকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানাই।'


এদিকে মানবজমিনের খবরে লেখা হয়েছে, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশে গণতন্ত্র এখন পথের ধূলায় লুটোপুটি। দেশবাসী জানে না কবে তারা দাসত্বের নির্বাসন দণ্ড থেকে মুক্ত হবে। আজ শনিবার নয়াপল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, দেশে আওয়ামী লীগ নিজেদের দল ছাড়া ভিন্ন দল বা ভিন্ন মত সহ্য করতে পারে না। তাই তাদের মুখরচক গণতন্ত্রে সভা- সামবেশ নিষিদ্ধ থাকারই কথা।


আর প্রথম আলোর খবর: বিএনপি নেতা ড. মোশাররফ বলেছেন, কর্মসূচিতে বাধা দিলে বিএনপির ক্ষতি নেই। এতে বরং সরকারই ক্ষতিগ্রস্ত হবে। বাধা দিলে নতুন করে সরকারের মুখোশ উন্মোচিত হবে।

আ.লীগ নেতাকে লক্ষ্য করে গুলি, পথচারী নিহত-প্রথম আলো
খুলনা মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং সাবেক কাউন্সিলর জেড এ মাহমুদ ডনকে লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।   এতে তিনি অক্ষত থাকলেও গুলিতে এক নারী পথচারী নিহত হয়েছেন।   শনিবার সকালে নগরীর সাতরাস্তা মোড়ে এ ঘটনা ঘটে।   নিহত শিপ্রা কুন্ডু শিল্পব্যাংক খুলনা শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার চিত্তরঞ্জন কুণ্ডুর স্ত্রী।

শ্রোতাবন্ধুরা ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।

মমতা ব্যানার্জী নোট ইস্যুতে ও তাপস পাল গ্রেফতারে মোদিকে তোপ দাগলেন

নোট বাতিল সম্পর্কে দৈনিক গণশক্তির কয়েকটি খবর তুলে ধরছি। ব্যাঙ্কে নিজের আমানত থেকে টাকা তোলার বিধিনিষেধ অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে সি পি আই (এম)। একই সঙ্গে গত দু’মাসে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের যে ক্ষতি হয়েছে, তার ফলে জনগণের বিরাট অংশই যেভাবে দুর্ভোগে পড়েছেন তা লাঘব করতেও কৃষকদের ঋণ মকুব, ছোটো ব্যবসায়ীদের ছাড়ের দাবিও জানিয়েছে পার্টির পলিট ব্যুরো

রোজভ্যালি কাণ্ডে তাপস পালকে গ্রেফতার নিয়ে সংবাদ প্রতিদিনের খবর-মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বলেছেন, তাপস পালকে গ্রেফতারের নির্দেশ বিজেপি অফিস থেকেই দেয়া হয়েছে।এরপর মমতা ব্যানার্জী মোদিকে উদ্দেশ করে নতুন তোপ দেগেছেন। তিনি বলেছেন, পেটিএম মারফত চিনকে তথ্য পাচার করছেন মোদি। এদিকে সেলিম বললেন, চিটফান্ড কাণ্ডের তদন্ত যেন ফের ধামাচাপা না পড়ে যায়।

নতুন বছরে ভারতে নাশকতার ছক!‌-আজকাল
নতুন বছরের শুরুতে ভারতে নাশকতা চালাতে পারে জঙ্গিরা। মূলত বিদেশি পর্যটকরাই নিশানায়। ভারতে ছুটি কাটাতে আসা পর্যটকদের সতর্ক করে জানাল ইজরায়েলের সন্ত্রাস দমন বিভাগ।#


পার্সটুডে/জিএআর/৩১