জানুয়ারি ০১, ২০১৭ ১৫:৪০ Asia/Dhaka

পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ১ জানুয়ারি রোববারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।

বাংলাদেশের শিরোনাম:

  • মৌলবাদী শক্তিকে চরম মূল্য দিতে হবে: ওবায়দুল কাদের-ইত্তেফাক
  • ময়নাতদন্ত সম্পন্ন-ঘাতকের বুলেট এফোঁড়-ওফোঁড় করেছে সাংসদের বুক-প্রথম আলো
  • ক্ষমতায় গেলে সংখ্যালঘুদের জন্য সর্বস্তরে কোটা চালু করা হবে -যুগান্তর
  • নতুন বই আমরা সব সময় পেতাম না: মুহিত-কালের কণ্ঠ
  • জামায়াত-শিবির জঙ্গিগোষ্ঠী এ হত্যাকাণ্ড ঘটিয়েছে : নানক-মানবজমিন 
  • চৌদ্দগ্রামে টাকা ছাড়া মিলছে না বই-বাংলাদেশ প্রতিদিন

ভারতের শিরোনাম:

  • মোদির বিরুদ্ধে অশ্লীল মন্তব্য পাকিস্তানের-সংবাদ প্রতিদিন
  • গোটা দিন পেরনোর আগেই অখিলেশকে ফেরালেন মুলায়াম-গণশক্তি 
  • দরকার পড়লে বলপ্রয়োগ করা হবে:‌ সেনাপ্রধান-আজকাল

শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ। প্রথমে বাংলাদেশ..

ময়নাতদন্ত সম্পন্ন-ঘাতকের বুলেট এফোঁড়-ওফোঁড় করেছে সাংসদের বুক-প্রথম আলো
ক্ষমতাসীন দলের সাংসদ মনজুরুল ইসলাম লিটনের বুকের ডান দিক দিয়ে ঢুকে একটি গুলি বেরিয়ে গেছে। শরীরের ভেতরে থেকে যাওয়া অপর গুলিটি বের করা হয়েছে। ময়নাতদন্ত শেষে রংপুর মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান নারায়ণ চন্দ্র সাহা সাংবাদিকদের এসব কথা জানান।
গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সাংসদ মনজুরুল ইসলাম লিটনের লাশের ময়নাতদন্ত আজ রোববার সকাল সোয়া ১০টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সম্পন্ন হয়। এরপর নারায়ণ চন্দ্র সাহা সাংবাদিকদের বলেন, ‘সাংসদ লিটনের বুকের ডান দিকে একটি গুলি বিদ্ধ হয়ে বেরিয়ে যায়। একটি ভেতরে আটকা পড়ে। এটি বের করা হয়েছে। এ ছাড়া তাঁর বাঁ হাতেও তিনটি গুলি লাগে।’
ময়নাতদন্ত প্রতিবেদন শিগগিরই দেওয়া হবে বলে জানান নারায়ণ চন্দ্র সাহা।

মৌলবাদী শক্তিকে চরম মূল্য দিতে হবে: ওবায়দুল কাদের-ইত্তেফাক
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গাইবান্ধা-১ আসনের সাংসদ মনজুরুল ইসলাম লিটনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এজন্য ধর্মীয় মৌলবাদী শক্তিকে চরম মূল্য দিতে হবে।
রোববার আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর এক জরুরি সভা শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, প্রাথমিকভাবে প্রতীয়মান হচ্ছে, এই হত্যাকাণ্ড সাম্প্রদায়িক অপশক্তির কাপুরুষোচিত কাজ। ধর্মীয় মৌলবাদী শক্তিকে এর জন্য চরম মূল্য দিতে হবে।
শনিবার সন্ধ্যায় সুন্দরগঞ্জের গুলিবিদ্ধ হন গাইবান্ধা-১ আসনের সরকারদলীয় সাংসদ মনজুরুল ইসলাম লিটন। তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এদিকে মানবজমিনের খবরে বলা হয়েছে, এমপি মঞ্জুরুল ইসলাম লিটনকে জামায়াত-শিবির হত্যা করেছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক। আর যুগান্তরের খবরে বলা হয়েছে এমপি লিটন হত্যার প্রতিবাদে সুন্দরগঞ্জে স্বতঃস্ফূর্ত হরতাল-রেলপথ অবরোধ হয়েছে।
প্রথম আলোর খবর-স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘সাংসদ মনজুরুল ইসলাম লিটনকে হত্যার ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে বলে আমি মনে করি না। আমি মনে করি, পরিস্থিতি সঠিকই রয়েছে।’আজ রোববার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

২০১৬ সালে সড়ক দুর্ঘটনায় ৪১৪৪ জন নিহত-ইত্তেফাক
২০১৬ সালে সারাদেশে সড়ক দুর্ঘটনায় চার হাজার ১৪৪ জন নিহত ও পাঁচ হাজার ২৫৫ জন আহত হয়েছে। রবিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে ২০১৬ সালের সড়ক দুর্ঘটনার পরিসংখ্যান প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এই তথ্য জানানো হয়। পরিসংখ্যান প্রতিবেদন উপস্থাপন করেন নিরাপদ সড়ক চাইয়ের (নিসচা) চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ২০১৬ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট দুর্ঘটনার সংখ্যা দুই হাজার ৩১৬টি। ২০১৫ সালের তুলনায় এই সংখ্যা ৩১০টি কম।
২০১৫ সালে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা ছিল পাঁচ হাজার তিনজন। অপরদিকে ২০১৬ সালে চার হাজার ১৪৪ জন নিহত হয়েছে। ২০১৫ সালের তুলনায় ২০১৬ সালে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা ১৭ দশমিক ১৬ শতাংশ কমেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

দেশীয় বাজার সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী-ইত্তেফাক/
রফতানির পাশাপাশি ব্যবসায়ীদেরকে দেশীয় বাজার সৃষ্টির আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০১৭ এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।
 শেখ হাসিনা বলেন, বাংলাদেশ যত পণ্য সরবরাহ করতে পারবে আর কোন দেশ পারবে না। এজন্য ব্যবসায়ীদের  নতুন নতুন বাজার খুঁজে বের করতে হবে। সঙ্গে বিদেশি বিনিয়োগ বাড়ানোর বিষয়টির দিকেও লক্ষ্য রাখতে হবে। 
 তিনি বলেন, প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে আমাদের নতুন-নতুন পণ্য উদ্ভাবন করতে হবে। আর সেই পণ্যের বিস্তার ঘটাতে হবে। এই বাণিজ্য মেলা থেকে বিভিন্ন দেশের পণ্যের বিনিময় হবে, মানুষের সঙ্গে ভাব বিনিময় হবে। এতে পণ্য বহুমুখী করার সুযোগ সৃষ্টি হবে।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকার শূন্য থেকে যাত্রা শুরু করেছে। সেই যাত্রা অব্যাহত রয়েছে। এখন ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতিসহ সব ক্ষেত্রে উন্নয়ন হয়েছে।

ক্ষমতায় গেলে সংখ্যালঘুদের জন্য সর্বস্তরে কোটা চালু করা হবে-যুগান্তর
ক্ষমতায় গেলে সংখ্যালঘুদের জন্য সর্বস্তরে কোটা চালু করবেন বলে ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।   রোববার রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় পার্টির মহাসমাবেশে তিনি এ ঘোষণা দেন।জাতীয় পার্টির ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ মহাসমাবেশ  অনুষ্ঠিত হয়।
আগামী জাতীয় নির্বাচনে জাতীয় পার্টি এককভাবে নির্বাচন করবে বলে আবারও ঘোষণা দেন এরশাদ। তিনি বলেন, এই সরকার (ব্যবস্থা) দিয়ে মানুষ উপকৃত হয় নাই, তারা নিষ্পেষিত হয়েছে। জনগণ মুক্তি চায়। 
এরশাদ বলেন, নির্বাচন পদ্ধতির সংস্কার বা পরিবর্তন চাই।  তিনি বলেন, আমি জোর করে ক্ষমতা গ্রহণ করিনি, ক্ষমতা দেয়া হয়েছিলো জাতিকে রক্ষা করার জন্য। আমরা সেই প্রতিশ্রুতি রক্ষা করেছি। দুই বছরের মধ্যে শান্তি ফিরিয়ে এনেছিলাম। অভ্যুত্থান করি নাই, রক্তপাত হয় নাই। 

পাঠ্যপুস্তক উৎসব ৪ কোটি শিক্ষার্থী পাচ্ছে নতুন বই-ইত্তেফাক
খবরটিতে বলা হয়েছে, সারাদেশে নানা বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে রবিবার পাঠ্যপুস্তক উৎসব পালিত হচ্ছে। প্রাথমিক, মাধ্যমিক, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের চার কোটি ২৬ লাখ ৩৫ হাজার ৯২৯ জন শিক্ষার্থীদের মধ্যে ৩৬ কোটি ২১ লাখ ৮২ হাজার ২৪৫টি বই বিনামূল্যে বিতরণ করা হবে।
রবিবার সকালে শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল এন্ড কলেজ মাঠে পাঠ্যপুস্তক উৎসবের মূল অনুষ্ঠান উদ্বোধন করেন।

নতুন বই আমরা সব সময় পেতাম না: মুহিত-কালের কণ্ঠ
আর অর্থমন্ত্রী বলেন, শৈশবে বছরের প্রথম দিনে নতুন বইয়ের ‘গন্ধ’ না পাওয়ার আক্ষেপ ঝরেছে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কণ্ঠে।  তিনি বলেন, এই রকম নতুন বই আমরা সবসময় পেতাম না। অনেক সময় পুরনো বই দিয়ে ক্লাস করতে হতো।
আজ রবিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় খেলার মাঠে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বই বিতরণ উৎসবে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এসব কথা বলেন।  
 

শ্রোতাবন্ধুরা ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।
 

প্রশ্নের উত্তর দিলেন না মোদী-গণশক্তি
বর্ষশেষের ভাষণে প্রধানমন্ত্রী বললেন যতটা, গোপন করলেন তার চেয়ে বেশি। ৪৫মিনিটের ভাষণে অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতার ধরনে বেশ কিছু প্রকল্পের (যার অধিকাংশই চলতি প্রকল্প, আদৌ নতুন নয়) কথা বললেও যে প্রশ্নের উত্তর পেতে দেশের মানুষ টেলিভিশনের সামনে বসেছিলেন তার উত্তর মিললো না।

দরকার পড়লে বলপ্রয়োগ করা হবে:‌ সেনাপ্রধান-আজকাল
দরকার পড়লে ক্ষমতা দেখাতে কার্পণ্য করবে না সেনা। জানালেন নতুন সেনাপ্রধান বিপিন রাওয়াত। সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর রবিবার সাউথ ব্লকে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়। অনুষ্ঠানে তিনি পরিষ্কার করে জানান সেনাবাহিনীর কাজ হল সীমান্তে শান্তি এবং স্থিতাবস্থা বজায় রাখা। তবে প্রয়োজন পড়লে বলপ্রয়োগ করতে কুণ্ঠিত হবে না সেনা। বয়সে প্রবীণ দুই সেনা আধিকারিক— প্রবীণ বক্সী এবং পি এম হারিজকে টপকে ২৭তম সেনাপ্রধান হিসেবে জেনারেল রাওয়াতকে নিয়োগ করেছে কেন্দ্র। এই নিয়ে বিতর্ক হয়েছে।

একবারও ‘মিত্রোঁ’ বললেন না মোদি, দেশকে কি UNFRIEND করলেন!-সংবাদ প্রতিদিন
মিত্রোঁ….চেনা সুরে পরিচিত মেজাজে এ ডাক শোনার জন্য মুখিয়ে ছিল দেশবাসী৷ কিন্তু কোথায় কী! বছরশেষের বক্তৃতায় একটিবারও সে কথা শোনা গেল না প্রধানমন্ত্রীর মুখে৷ জাতির উদ্দেশে তিনি অনেক কিছু বললেন ঠিকই, কিন্তু তা যেন তাঁর সিগনেচার স্টাইল থেকে অনেকটাই হটকে৷ নেটদুনিয়ার অবশ্য চোখ এড়ায়নি বিষয়টি৷ সেখানে তাই ঢেউ তুলছে প্রশ্ন- মোদি কি দেশকে তাহলে আনফ্রেণ্ড করলেন?

টুইটারে মোদিকে খোঁচা মালিয়ার-আজাকাল
‘দরিদ্র কৃষকদের কাছে ডিজিটাল ইন্ডিয়ার বুলি আওড়ালে চলবে!‌ তদন্তকারী সংস্থাগুলিকেও সড়গড় হতে বলুন!‌’ ‌বর্ষবরণের রাত পোহাতেই টুইটারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে টিপ্পনি ঋণ খেলাপি মামলায় অভিযুক্ত শিল্পপতি বিজয় মালিয়ার। তিনি লিখেছেন, ‘২০১৭ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাবনা–চিন্তার নিরপেক্ষ, আইনত প্রণয়ন হবে বলে আশা করছি।

মোদির বিরুদ্ধে অশ্লীল মন্তব্য পাকিস্তানের-সংবাদ প্রতিদিন
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে অশ্লীল মন্তব্যের অভিযোগ পাকিস্তানের বিরুদ্ধে৷ সার্জিক্যাল স্ট্রাইকের ‘প্রতিশোধ’ নিতে রবিবার এনএসজি-র ওয়েবসাইটে হামলা চালায় একদল পাক হ্যাকার৷ ভূমি থেকে ভূমির লড়াইতে ভারতীয় সেনাবাহিনীর সামনে যে তারা টিকতে পারবে না, সে কথা আঁচ করতে পেরেই কি এবার হ্যাকারদের এগিয়ে দিল পাকিস্তান, উঠছে প্রশ্ন৷

গোটা দিন পেরনোর আগেই  অখিলেশকে ফেরালেন মুলায়াম-গণশক্তি
পুরো একটা দিন পার হওয়ার আগেই অখিলেশ যাদবের শাস্তি প্রত্যাহার করে দলে ফিরিয়ে নিলেন মুলায়াম সিং যাদব। সাথে ভাই রামগোপাল যাদবকেও। উত্তর প্রদেশ বিধানসভা ভোটের মুখে সমাজবাদী পার্টি আড়াআড়ি ভাঙনের মুখ থেকে সরে এলো। আমরা সবাই একসঙ্গে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই করবো, জানিয়েছেন দলের প্রদেশ সভাপতি শিবপাল যাদব।খোদ মুখ্যমন্ত্রীকেই দল থেকে তাড়িয়ে দেওয়ার নজিরবিহীন ঘোষণা করেছিলেন মুলায়াম সিং যাদব।#


পার্সটুডে/জিএআর/১