জানুয়ারি ০৩, ২০১৭ ১৪:৫৬ Asia/Dhaka

পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ৩ জানুয়ারি মঙ্গলবারে কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।

বাংলাদেশের শিরোনাম:

  • ‘দুর্ঘটনা নাকি পরিকল্পিত খতিয়ে দেখতে হবে’-ইত্তেফাক
  • আরিফুল ও গউছের জামিন বহাল, মুক্তিতে বাধা নেই-প্রথম আলো
  • ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ-যুগান্তর
  • ডিএনসিসির মার্কেটে আগুন নাশকতা : ব্যবসায়ীদের অভিযোগ-কালের কণ্ঠ
  • বিশ্বব্যাংক ২০১১ সালে পদ্মাসেতু প্রকল্পে অর্থায়ন বন্ধ করলো কেন?' বাংলাদেশ প্রতিদিন
  • লিটন হত্যাকাণ্ড: অন্ধকারে পুলিশ-মানবজমিন

ভারতের শিরোনাম:

  • ধর্মীয় রাজনীতি করবে না বিজেপি: রাজনাথ সিং-সংবাদ প্রতিদিন
  • গ্রেপ্তার তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়-গণশক্তি

পাঠক! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ। প্রথমে বাংলাদেশ..

রাজধানীর গুলশান-১ এর ডিএনসিসি মার্কেটের অগ্নিকাণ্ডের খবরটি আজকের প্রায় সব দৈনিকে বিশেষ গুরুত্বসহ ছাপা হয়েছে। এ সম্পর্কে ইত্তেফাকের শিরোনাম-

রাজধানীর গুলশান-১ এর ডিএনসিসি মার্কেটের অগ্নিকাণ্ড

 

দুর্ঘটনা নাকি পরিকল্পিত খতিয়ে দেখতে হবে-কাজী রিয়াজুল হক
ডিএনসিসি মার্কেটের অগ্নিকাণ্ড দুর্ঘটনা নাকি পরিকল্পিত তা খতিয়ে দেখার কথা বলেছেন  জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক। এজন্য ফায়ার সার্ভিসের পাশাপাশি পুলিশ ও দোকান মালিক সমিতির পৃথক তদন্ত কমিটির কথাও বলেছেন তিনি।  মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মানবাধিকার কমিশন চেয়ারম্যা  রিয়াজুল হকে বলেন, তদন্তে যদি পরিকল্পিত ঘটনার প্রমাণ পাওয়া যায় তবে জড়িতদের বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে।

ঢাকা উত্তরের মেয়র আনিসুলক হক

তবে যুগান্তরের খবরে বলা হয়েছে, উত্তরের মেয়র আনিসুল হক বলেছেন, নাশকতা নয় এটি দুর্ঘটনা। তবে কালের কণ্ঠের খবরে ব্যবসায়ীরা অবিযোগ করে বলেছেন, ডিএনসিসির মার্কেটে আগুন নাশকতা। খবরে বলা হয়েছে, মার্কেটে আগুন নেভানোর পর্যাপ্ত ব্যবস্থা ছিল না। আগুন লাগার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এখনও কোনো পরিসংখ্যান না এলেও সর্বশান্ত হওয়া মানুষের করুণ আহাজারির খবর দৈনিকগুলোতে ছাপা হয়েছে।

খুন করে পার পাওয়া যাবে না : ওবায়দুল কাদের-কালের কণ্ঠ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, খুন করে পার পাওয়া যাবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কিছু হলে সারা বাংলাদেশে আগুন জ্বলবে। তিনি বলেন, ‘পরিষ্কারভাবে বলতে চাই, ১৯৭৫-এ বঙ্গবন্ধুকে যে বুলেট খুন করেছে। ২০১৭ সালে সেই বঙ্গবন্ধু হাজার গুণ শক্তিশালী। তার রক্তের উত্তরাধীকার শেখ হাসিনাও অনেক বেশি শক্তিশালী।’ 
আজ ঢাকা সিটি করপোরেশন দক্ষিণের সকল কাউন্সিলরদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
এদিকে, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া জনবিচ্ছিন্নতা থেকে দলকে রক্ষা করতে মিথ্যাচারের পথ বেছে নিয়েছেন। তিনি বলেন, ‘সম্প্রতি স্থানীয় সরকার নির্বাচনে বিশেষ করে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির ভরাডুবির পর তাদের জনপ্রিয়তা যে তলানীতে তা বেগম খালেদা জিয়া উপলদ্ধি করতে পেরেছেন।’

বিশ্বব্যাংক ২০১১ সালে পদ্মাসেতু প্রকল্পে অর্থায়ন বন্ধ করলো কেন?' –রিজভী: বাংলাদেশ প্রতিদিন

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

 

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, বিএনপি জানতে চায়- বিশ্বব্যাংক ২০১১ সালে পদ্মাসেতু প্রকল্পে অর্থায়ন বন্ধ করলো কেন? সেতুর কাজ পেতে তৎকালীন যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেনকে দেশপ্রেমিক সার্টিফিকেট দিয়ে মন্ত্রিত্ব কেড়ে নিয়েছিলেন কেন? সচিবসহ কয়েকজন কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছিল কেন?
পদ্মাসেতুর দুর্নীতির প্রমাণ না দিতে পারলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দেওয়া হবে বলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দেওয়া বক্তব্যের সমালোচনা করে আজ দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বক্তব্য গণতন্ত্রের জন্য বড় হুমকি উল্লেখ করে রিজভী বলেন, বর্বর অগণতান্ত্রিক এই সরকার, জনগণের ম্যান্ডেটবিহীন। তারা গণতন্ত্রকে দুমড়ে-মুচড়ে মানুষের কথা বলা বন্ধ করতেই এ ধরনের হুমকি দিচ্ছে। তারা দুর্নীতি করে বলেই মানুষের কথা বলা বন্ধ করার জন্য এসব হুমকি।

নির্বাচন কমিশন নিয়ে রাষ্ট্রপতির সংলাপ সংবিধান বিরোধী-নাজমুল হুদা-বাংলাদেশ প্রতিদিন
বাংলাদেশ ন্যাশনাল এ্যালায়েন্সের (বিএনএ) জাতীয় কমিটির চেয়ারম্যান ও তৃণমূল বিএনপি প্রধান ব্যারিস্টার নাজমুল হুদা বলেছেন, 'নির্বাচন কমিশন নিয়ে রাষ্ট্রপতির চলমান সংলাপ সংবিধান বিরোধী। কারণ, নির্বাচন কমিশন গঠনে প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া রাষ্ট্রপতির অন্য কোনো ব্যাক্তি বা প্রতিষ্ঠানের মতামত গ্রহণের এখতিয়ায় সংবিধান রাষ্ট্রপতিকে দেয়নি। এমনকি নির্বাচন কমিশন গঠনের জন্য সার্চ কমিটি গঠনের এখতিয়ারও সংবিধান রাষ্ট্রপতিকে দেয়নি! বাংলাদেশ ন্যাশনাল এ্যালায়েন্স প্রেরিত এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
আরিফুল-গউছের জামিন বহাল-যুগান্তর
পৃথক দুই মামলায় সিলেট সিটি করপোরেশনের (বরখাস্তকৃত) মেয়র আরিফুল হক চৌধুরী ও হবিগঞ্জ পৌরসভার মেয়র জিকে গউছকে হাইকোর্টের দেয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ।
মঙ্গলবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ জামিন বহালের আদেশ দেন।
 

লিটন হত্যাকাণ্ড: অন্ধকারে পুলিশ-মানবজমিন

এমপি লিটন হত্যা

শনিবার নিজ বাসায় এমপি মঞ্জুরুল ইসলাম লিটন হত্যাকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত সুনির্দিষ্ট কোনো কারণ জানাতে পারেনি পুলিশ। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করলেও এ পর্যন্ত উল্লেখ করার মতো কোনো ক্লু মিলেনি বলে দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন। তবে হত্যা রহস্য উদ্‌ঘাটনে সর্বোচ্চ তৎপরতা চলছে বলে জানিয়েছেন তারা।

পাঠক ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।

সি বি আই গ্রেপ্তার করলো তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে

দীর্ঘক্ষণ জেরার পর রোজভ্যালি কাণ্ডে মঙ্গলবার সি বি আই গ্রেপ্তার করলো তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে। এদিন সকাল সাড়ে ১০টা নাগাদ বিধাননগরের সি বি আই দপ্তর সি জি ও কমপ্লেক্সে পৌঁছান তৃণমূলের সাংসদ। টানা সাড়ে চার ঘন্টা ধরে জেরায় তৃণমূল সাংসদ সঠিক জবাব দিতে ব্যর্থ হন। এরপরেই সি বি আই গ্রেপ্তার করে তাঁকে। 

প্রতিহিংসার রাজনীতির বিরুদ্ধে পথে নামবে তৃণমূল, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর-সংবাদ প্রতিদিন

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর হুঁশিয়ারি

প্রথমে সাংসদ তাপস পাল এবং ঠিক তার তিনদিন পরেই গ্রেপ্তার হলেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দোপাধ্যায়৷ আর সুদীপ বন্দোপাধ্যায়ের গ্রেপ্তারির বিরোধিতায় সোচ্চার হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়৷ তৃণমূল সাংসদের গ্রেপ্তারির ঘটনায় মুখ্যমন্ত্রী বলেন, “রাজনৈতিক বিরোধিতার জন্য প্রতিহিংসার রাজনীতি করছে কেন্দ্র৷ এর বিরোধিতায় কাল থেকেই পথে নামবে দল৷

এবার অগ্নি ৪’র পরীক্ষামূলক-উৎক্ষেপণে সাফল্য ভারতের: গণশক্তি
এক সপ্তাহের মধ্যেই ফের পরমাণু অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণে সফল হলো ভারত। গত সোমবার অগ্নি ৫ ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণের পর এবার অগ্নি ৪ চূড়ান্ত পরীক্ষামূলক উৎক্ষেপণ করলো ভারত। ওডিশা উপকূলে আব্দুল কালাম আইল্যান্ডে ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জের ৪ নম্বর লঞ্চ কমপ্লেক্স থেকে সোমবার বেলা ১১টা ৫৫ মিনিটে উৎক্ষেপিত হয়েছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অগ্নি ৪।

ধর্মীয় রাজনীতি করবে না বিজেপি: রাজনাথ সিং-সংবাদ প্রতিদিন
বিজেপি ধর্মীয় রাজনীতির মাধ্যমে দেশে কোনও অসহিষ্ণুতার পরিবেশ তৈরি করতে চায় না৷ স্পষ্ট জানিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং৷ ধর্মের নামে রাজনীতি বন্ধ করার জন্য সম্প্রতি সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে তারই প্রসঙ্গে এই কথা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী৷ ধর্মের নামে ভোট চাওয়া যাবে না, কার্যত এই কথাই স্পষ্ট জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট৷

নজরে ভোট, দ্বন্দ্ব মেটাতে বৈঠকে মুলায়ম-অখিলেশ-সংবাদ প্রতিদিন

মুলায়েম-অখিলেশ

 

সকালে ফোনে কথা, আর তার পরই বাবার সঙ্গে দেখা করতে তরিঘড়ি লখনউয়ে মুলায়মের বাড়িতে হাজির অখিলেশ যাদব৷ বিধানসভা নির্বাচনের ঠিক আগে আগেই যাদবকুলে যে কোন্দল দেখা দিয়েছে তার প্রভাব ভোটে পড়তে পারে৷ সম্ভবত, এই আঁচ পেয়েছেন বাবা-ছেলে দুজনেই৷ আর তাই যুদ্ধবিরতি সূত্র খোঁজার চেষ্টাতেই এই বৈঠক বলে মনে করা হচ্ছে৷ যদিও আসলে, বাবা-ছেলের দ্বন্দ্ব মেটাতে উদ্যোগী হয়েছেন সমাদবাদী পার্টির অন্যতম নেতা আজম খান৷ তিনিই মঙ্গলবার সকালে মুলায়ম-অখিলেশের মধ্য ফোনে কথা বলার ব্যবস্থা করে দেন৷#


পার্সটুডে/জিএআর/৩