ডেটলাইন ৫ জানুয়ারি: আ.লীগের বিজয় র্যালি, বিএনপির পতাকা সমাবেশ
পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ৫ জানুয়ারি বৃহষ্পতিবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।
বাংলাদেশের শিরোনাম:
- শপথ নিলেন মেয়র আইভীসহ নাসিকের কাউন্সিলররা-ইত্তেফাক
- চ্যারিটেবল ট্রাস্ট মামলার পরবর্তী তারিখ ১২ জানুয়ারি-প্রথম আলো
- তদন্ত কমিটি নিয়ে প্রশ্ন বৈদ্যুতিক লাইন থেকে আগুনের ক্লু মেলেনি-যুগান্তর
- সব মার্কেট কর্তৃপক্ষকে সতর্ক থাকার নির্দেশ সাঈদ খোকনের-কালের কণ্ঠ
- পুড়ল ৬০০ কোটি, রাস্তায় ব্যবসায়ীরা, মার্কেট ছাড়বেন না, নাশকতার অভিযোগ অব্যাহত-বাংলাদেশ প্রতিদিন
- ডেটলাইন-৫ জানুয়ারি; আওয়ামী লীগের বিজয় র্যালি,সারা দেশে বিএনপি’র পতাকা সমাবেশ-মানবজমিন
ভারতের শিরোনাম:
- প্রধানমন্ত্রীর কার্যালয়ে অভিযান, আটক তৃণমূল সাংসদরা-সংবাদ প্রতিদিন
- উত্তর প্রদেশে সাত দফায় নির্বাচন-গণশক্তি
- সব টাকাই জমা পড়েছে ব্যাঙ্কে, হতাশ কেন্দ্র-আজকাল
শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ। প্রথমে বাংলাদেশ..
চ্যারিটেবল ট্রাস্ট মামলার পরবর্তী তারিখ ১২ জানুয়ারি-প্রথম আলো
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট-সংক্রান্ত দুর্নীতি মামলার পরবর্তী তারিখ ১২ জানুয়ারি ধার্য করা হয়েছে। আর জিয়া অরফানেজ ট্রাস্ট-সংক্রান্ত দুর্নীতির মামলার শুনানির সময়
আদালতে হট্টগোল হয়েছে। এ জন্য এক আইনজীবী আদালতে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন।
পুরান ঢাকার বকশীবাজারে আলিয়া মাদ্রাসাসংলগ্ন মাঠে স্থাপিত বিশেষ জজ আদালত-৩-এর অস্থায়ী এজলাসে এই দুই মামলার বিচারকাজ চলে। দুই মামলায় আত্মপক্ষ সমর্থন করতে আজ বেলা সাড়ে ১১ টার দিকে আদালতে হাজির হন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে অর্থ লেনদেনের অভিযোগে খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
জিয়া অরফানেজ ট্রাস্টের অর্থ আত্মসাতের অভিযোগে খালেদা জিয়াসহ ছয়জনের বিরুদ্ধে অপর মামলাটি করে দুদক।
দুটি মামলায় ২০১৪ সালের ১৯ মার্চ অভিযোগ গঠন করেন আদালত।
বিচার সম্পর্কিত আরো বেশ কয়েকটি খবর ছাপা হয়েছে প্রথম আলোয়। খবরগুলো এরকম যে,পৃথক হত্যা মামলায় বিনা বিচারে দীর্ঘদিন ধরে কারাগারে থাকা দুই বন্দীকে কেন জামিন দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে শফিকুল ইসলাম ও ছাবিদ আলী নামের ওই দুই বন্দীকে আগামী ১৯ জানুয়ারি আদালতে হাজির করতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে।
তুরাগ-তীরে অবৈধ স্থাপনার বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছে উচ্চ আদালত।
উচ্চ আদালতের বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে ন্যস্ত করে আনা সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণার রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের ওপর শুনানির তারিখ আগামী ৮ ফেব্রুয়ারি ধার্য করা হয়েছে।
শপথ নিলেন মেয়র আইভীসহ নাসিকের কাউন্সিলররা-ইত্তেফাক
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র সেলিনা হায়াৎ আইভী শপথ নিয়েছেন। একইসঙ্গে তার সঙ্গে শপথ নিয়েছেন সংরক্ষিত নয় নারী কাউন্সিলরসহ ৩৬ কাউন্সিলর। আজ বৃহস্পতিবার সকাল ১০টা ২০ মিনিটে প্রধানমন্ত্রী কার্যালয়ের শাপলা হলে তাদের শপথবাক্য পাঠ করানো হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শপথবাক্য পাঠ করান মেয়র সেলিনা হায়াৎ আইভীকে।
ডেটলাইন ৫ই জানুয়ারি আওয়ামী লীগের বিজয় র্যালি-মানবজমিন
আওয়ামী লীগ ২০১৪ সালের ৫ই জানুয়ারির দশম জাতীয় সংসদ নির্বাচনের ৩য় বর্ষপূর্তির দিনে দেশব্যাপী ‘গণতন্ত্রের বিজয় দিবস’ উদযাপন করবে। দিবসটি উদযাপন উপলক্ষে আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। রাজধানী ঢাকাসহ দেশের সব মহানগরী, জেলা ও উপজেলায় আওয়ামী লীগ সভা-সমাবেশ করবে।
এদিকে, ডেটলাইন ৫ই জানুয়ারি সারা দেশে বিএনপি’র পতাকা সমাবেশের খবরটিও ছাপা হয়েছে একই দৈনিকে। তবে যুগান্তরের খবরে লেখা হয়েছে,
বরিশালে বিএনপি’র বিক্ষোভ সমাবেশে তিন দফা হামলা চালিয়েছে যুবলীগ ও ছাত্রলীগ। ৫ জানুয়ারি দল ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশ ও কালো পতাকা মিছিলে অংশগ্রহণের জন্য বৃহস্পতিবার সকাল থেকেই সদর রোডের দলীয় কার্যালয়ে জড়ো হয় বিএনপি নেতাকর্মীরা। এরই এক পর্যায়ে সকাল সাড়ে ১০টায় দলীয় কার্যালয়ের সামনে অবস্থানরত বিএনপি নেতাকর্মীদের উপর প্রথম হামলা চালানো হয়। এ সময় যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা পুলিশের উপস্থিতিতে বিএনপি নেতাকর্মীদের উপর অতর্কিতে হামলা চালায়। প্রাণ বাঁচাতে দলীয় কার্যালয়ে অবস্থান নেয় বিএনপি নেতাকর্মীরা। পরে পুলিশ ছাত্রলীগ-যুবলীগকে দূরে সরিয়ে দেয়।
তদন্ত কমিটি নিয়ে প্রশ্ন বৈদ্যুতিক লাইন থেকে আগুনের ক্লু মেলেনি-যুগান্তর
গুলশানের ডিসিসি মার্কেট ভস্মীভূত হওয়ার ঘটনায় গঠিত তদন্ত কমিটি গতকাল থেকেই কাজ শুরু করেছে। নানা আঙ্গিক থেকে রহস্য উদ্ঘাটনের চেষ্টা করেছেন কমিটির সদস্যরা। এর মধ্যে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাতের বিষয়টি বেশি গুরুত্ব দিয়ে দেখেন তারা। তবে প্রথম দিনের তদন্তে এমন কোনো ক্লু পাননি বলে দাবি করেছেন কমিটির সদস্যরা। বরং তাদের কাছে মনে হয়েছে, বৈদ্যুতিক লাইন থেকে আগুন ছড়ানোর শংকা ক্ষীণ।
আর বাংলাদেশ প্রতিদিনের এ সম্পর্কিত খবরের শিরোনাম:
পুড়ল ৬০০ কোটি, রাস্তায় ব্যবসায়ীরা, মার্কেট ছাড়বেন না, নাশকতার অভিযোগ অব্যাহত।
আগুনে ক্ষতিগ্রস্ত গুলশান মার্কেটের ব্যবসায়ীরা দুই দিন আগেও ছিলেন বিত্তশালী। এখন অনেকে পথে বসে পড়েছেন। প্রাথমিক হিসাব অনুযায়ী তাদের ক্ষযক্ষতির পরিমাণ ৬০০ কোটি টাকা। তবে ব্যবসায়ীরা বলছেন, ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে। কারণ এখনো ধসে পড়া মার্কেটের ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছে। কোনো কিছুই রক্ষা পায়নি। তাদের মতে, গান পাউডার ছিটিয়ে হয়তো আগুন লাগানো হয়েছে। নইলে মাত্র ৩০ মিনিটে কী করে একটি এত বড় ভবন ধসে পড়ল! তাদের অভিযোগের তীর মেট্রো গ্রুপের বিরুদ্ধে। গতকালও তীব্র ক্ষোভ ছিল ব্যবসায়ীদের কণ্ঠে।
আর ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক আগুন প্রসঙ্গে বলেছেন, তদন্তের আগেই ‘দুর্ঘটনা’বলা ভুল ছিল।
এদিকে কালের কণ্ঠের শিরোনাম:
সব মার্কেট কর্তৃপক্ষকে সতর্ক থাকার নির্দেশ সাঈদ খোকনের
খবরে বলা হয়েছে, গুলশানের ডিএনসিসি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের কথা মাথায় রেখে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সব মার্কেট কর্তৃপক্ষকে সর্বোচ্চ সর্তক থাকার নির্দেশ দিয়েছেন মেয়র সাঈদ খোকন।
আগামী নির্বাচনকে সামনে রেখে নতুন চক্রান্তের জাল বুনছেন খালেদা জিয়া- ইত্তেফাক
তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু ৫ জানুয়ারির নির্বাচনকে সংবিধান রক্ষার নির্বাচন উল্লেখ করে বলেছেন, নির্বাচন কখনোই খালেদা জিয়ার উদ্দেশ্য ছিল না, এখনো নেই। সাংবিধানিক প্রক্রিয়া ধ্বংস করাই তার উদ্দেশ্য।
তিনি বলেন, ‘নির্বাচন কখনোই খালেদা জিয়ার উদ্দেশ্য ছিল না এখনও নেই।
বেদেরাও চায় সন্তানেরা লেখাপড়া শিখে ভিন্ন পেশা বেছে নেবে-ইত্তেফাকের প্রতিবেদন
মোরা এক ঘাটেতে রান্ধি-বাড়ি, মোরা আরেক ঘাটেতে খাই, মোদের ঘরবাড়ী নাই। সব দুনিয়া বাড়ি মোদের,সকল মানুষ ভাই। জনপ্রিয় এই লোক সঙ্গীতটি কানে ভেসে আসলেই চোখের সামনে চলে আসে যে ছবি তার নাম বেদে অর্থাৎ বেদে সম্প্রদায়। গ্রামের মেঠোপথে ঘুরে শিঙ্গা লাগানো আর সাপ খেলা দেখান এদের প্রধান পেশা হলেও বর্তমানে বেশির ভাগ বেদেরাই চায় তাদের সন্তানেরা লেখাপড়া শিখে ভিন্ন পেশা বেছে নিক। তাদের মধ্যেই অনেকেই বুঝতে পেরেছে শিঙ্গা লাগানো আর সাপ খেলা দেখান ভাল পেশা হতে পারে না।
শ্রোতাবন্ধুরা ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।
উত্তর প্রদেশে সাত দফায় নির্বাচন-গণশক্তি
উত্তর প্রদেশসহ পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করলো নির্বাচন কমিশন। বুধবার মুখ্য নির্বাচন কমিশনার নাসিম জাইদি জানিয়েছেন, দু’মাসেরও বেশি সময়ের এই ভোটপর্ব শুরু হবে ৪ঠা ফেব্রুয়ারি, শেষ হবে ৮ই মার্চ। ভোটগণনা ১১ই মার্চ।
একই দৈনিকের অন্য একটি খবর-বাজেট পিছনোর দাবিতে - নির্বাচন কমিশনে বিরোধীরা
৫টি রাজ্যে বিধানসভা ভোটের আগে কেন্দ্রীয় সরকার যেন বাজেট পেশ না করে। এই দাবিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হলেন বিরোধী রাজনৈতিক দলের নেতারা। ৪ঠা ফেব্রুয়ারি থেকে পাঞ্জাব, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, গোয়া, মণিপুরে বিধানসভা ভোট শুরু।
সব টাকাই জমা পড়েছে ব্যাঙ্কে, হতাশ কেন্দ্র-আজকাল
৯৭ শতাংশ পুরনো নোটই জমা পড়ে গেছে ব্যাঙ্কে। তাই নোট বাতিল করে লাভ হল না কিছুই। কেন্দ্রীয় সরকারের অন্দরে এমন কথা ভাসছে। সরকারি হিসেবে ১৫ লক্ষ কোটি টাকার বাতিল নোট বাজারে ছিল। প্রশাসন ভেবেছিল জমা পড়বে ১০ লক্ষ কোটি থেকে ১০.৫০ লক্ষ কোটি টাকা। কিন্তু ৩০ ডিসেম্বর অবধি জমা পড়েছে ১৪.৯৭ লক্ষ কোটি টাকার পুরনো ৫০০ এবং ১০০০ টাকার নোট। বাকি টাকার বেশিটাই রয়েছে বিদেশে থাকা ভারতীয় বা অন্যান্য দেশে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে অভিযান, আটক তৃণমূল সাংসদরা-সংবাদ প্রতিদিন
সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গ্রেপ্তারির পর থেকে রাজধানীতে আন্দোলনের মাত্রা বাড়িয়েছে তৃণমূল৷ গতকাল মোদির বাসভবনের সামনে অভিযান চালাতে চেয়েছিল তৃণমূল৷ সে সময় আটক করা হয় সাংসদদের৷ বৃহস্পতিবারও সে ঘটনার পুনরাবৃত্তি দেখা গেল৷ মোদির কার্যালয়ে অভিযান চালাতে গিয়ে ফের আটক হলেন তৃণমূল সাংসদরা৷#
পার্সটুডে/জিএআর/৫