জানুয়ারি ০৬, ২০১৭ ১৩:৫৪ Asia/Dhaka

পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ৬ জানুয়ারি শুক্রবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।

  • বাংলাদেশের শিরোনাম:
  • নির্বাচনে শেখ হাসিনাকে ‍হারানো সম্ভব নয়’-ইত্তেফাক
  • এখনো সমাবেশের অনুমতি পায়নি বিএনপি-প্রথম আলো
  • সঙ্গীসহ 'বন্দুকযুদ্ধে' জঙ্গিনেতা মারজান নিহত-যুগান্তর
  • সবার লেখাপড়ার সুযোগ সৃষ্টি করেছে বর্তমান সরকার : অর্থমন্ত্রী-কালের কণ্ঠ
  • মেয়র মান্নান জামিনে মুক্ত-বাংলাদেশ প্রতিদিন
  • গ্যাসের মূল্য বৃদ্ধির প্রস্তাবনায় এফবিসিসিআই’র উদ্বেগ-মানবজমিন
  • ভারতের শিরোনাম:
  • একধাক্কায় পেট্রল-ডিজেলের দাম বাড়ছে অনেকটাই-সংবাদ প্রতিদিন
  • ৫ বছরে ১১ তৃণমূল বিধায়কের সম্পত্তি বেড়েছে ১-১৫ কোটি! কীভাবে?-গণশক্তি
  • মোদি গলা কাটলেও থামব না:‌মমতা-আজকাল

পাঠক ! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ। প্রথমে বাংলাদেশ..

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

নির্বাচনে শেখ হাসিনাকে ‍হারানো সম্ভব নয়-ওবায়দুল কাদের: ইত্তেফাক
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, 'আমাদের যারা প্রতিপক্ষ তারা বুঝে গেছে, নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনাকে পরাজিত করা সম্ভব নয়। তাই ষড়যন্ত্রই তাদের একমাত্র পথ। এ জন্যই দলের নেতাকর্মীদের সর্তক থাকতে হবে।' আজ ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক মতবিনিয়ময় সভায় এ মন্তব্য করেন তিনি। 
অবাধ্য নেতাকর্মীদের হুঁশিয়ার করে ওবায়দুল কাদের বলেন, দুই একজনের অপর্কমের কারণে যেন শেখ হাসিনার অর্জন নষ্ট না হয়। তারা যদি নিজেরা সংশোধন না হয়, তবে তাদের দল থেকে বের করা দেয়া হবে।

এখনো সমাবেশের অনুমতি পায়নি বিএনপি-প্রথম আলো

বিএনপি

গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি এখনো পায়নি বিএনপি। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী কাল শনিবার বিকেলে বিএনপির এই সমাবেশ হওয়ার কথা। তবে দলটি আশা করছে, শেষ মুহূর্তে তারা সমাবেশের অনুমতি পাবে।
বিএনপির বর্জনের মধ্য দিয়ে ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর থেকে ৫ জানুয়ারি দিনটিকে গণতন্ত্র হত্যা দিবস হিসেবে পালন করে বিএনপি। এবারও দিনটি উপলক্ষে গতকাল দেশের বিভিন্ন জেলায় কালো পতাকা মিছিল করে দলটি। এ ছাড়া কাল শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
আজ দুপুরে বিএনপির একটি প্রতিনিধিদল সমাবেশের অনুমতির বিষয়ে জানতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কার্যালয়ে যায়। তবে তাঁরা ডিএমপি কমিশনারের সাক্ষাৎ পাননি।
আর প্রথম আলোর খবর- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার বিএনপিকে সংঘাতের দিকে ঠেলে দিতে চাইছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে তিনি বলেন, বিএনপি সংঘাতের রাজনীতিতে বিশ্বাস করে না। বিএনপি ভোটের মাধ্যমে ক্ষমতা পরিবর্তনে বিশ্বাসী।

গণতন্ত্রের বিজয়’ দিবসে আওয়ামী লীগের কর্মসূচি: গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা করেছে নির্বাচন-প্রথম আলো
৫ জানুয়ারির নির্বাচনের মাধ্যমে দেশের গণতন্ত্র ও উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা পেয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত দুটি সমাবেশে দলের নেতারা এ কথা বলেন। আওয়ামী লীগের সমাবেশকে কেন্দ্র করে গতকাল রাজধানীজুড়ে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। ফলে সাধারণ মানুষ দ্বিতীয় দিনের মতো দুর্ভোগের শিকার হয়।
দক্ষিণের সমাবেশে বিএনপিকে উদ্দেশ করে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, সার্বভৌমত্ব ও গণতন্ত্রকে হত্যা করার উদ্দেশ্যেই আন্দোলনের নামে বিএনপি ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে গণহত্যা চালিয়েছিল। তবে দেশে আর কোনো গণহত্যা করতে দেয়া হবে না। 

সঙ্গীসহ 'বন্দুকযুদ্ধে' জঙ্গিনেতা মারজান নিহত

সঙ্গীসহ 'বন্দুকযুদ্ধে' জঙ্গিনেতা মারজান নিহত-যুগান্তর
রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' দু'জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিনগত রাত ৩টার দিকে এ বন্দুকযুদ্ধ হয়। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি ছোরা, একটি মোটরসাইকেল ও বিস্ফোরকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশের চার সদস্য আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।

মারজানের মৃত্যুতে কোণঠাসা হয়ে পড়বে জঙ্গিরা-স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল

আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় জঙ্গিরা কোণঠাসা হয়ে পড়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেন, পুলিশের মোস্ট ওয়ান্টেড তালিকার জঙ্গি নেতা নুরুল ইসলাম ওরফে মারজান ও সাদ্দাম নিহত হয়েছে। শুক্রবার ধানমণ্ডির বাসায় সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।   স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাদ্দামের বিরুদ্ধে বিভিন্ন জঙ্গি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এদের মৃত্যুতে জঙ্গিরা আরও কোণঠাসা হয়ে পড়বে।'

লাশ নেয়ার সামর্থ্য নেই মারজানের পরিবারের-যুগান্তর
বিস্তারিত খবরে বলা হয়েছে, গুলশান হামলার অন্যতম মাস্টারমাইন্ড জঙ্গিনেতা মারজানের বাবা হোসিয়ারি শ্রমিক নিজাম উদ্দিন বলেছেন, লাশ ঢাকা থেকে পাবনায় নেয়ার সামর্থ্য নেই আমার। তিনি বলেন, ও দোষ করে থাকলে উপযুক্ত শাস্তি হয়েছে। এ নিয়ে আমার আফসোস নাই। কিন্তু সরকার লাশটা ফেরত দিলে নিজের গ্রামে ওকে দাফন করতে চাই। এদিকে বন্দুকযুদ্ধে মারজানের নিহত হওয়ার খবর পাওয়ার পর থেকে মারজানের বাড়িতে শোকের ছায়া নেমে আসে।

মেয়র মান্নান জামিনে মুক্ত-বাংলাদেশ প্রতিদিন

সাময়িক বরখাস্ত মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক এম এ মান্নান

গাজীপুর সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক এম এ মান্নান জামিনে মুক্ত হয়েছেন। আজ শুক্রবার দুপুর ১টার দিকে কাশিমপুর কারাগার পার্ট-১ থেকে মুক্তি পান তিনি। 

শত ইয়াবা কারখানা ঢাকায়-বাংলাদেশ প্রতিদিনের অনুসন্ধানী প্রতিবেদন

ইয়াবা ট্যাবলেট

ঢাকায় এখনো ধ্বংস করা যায়নি ইয়াবা সাম্রাজ্য। আইন প্রয়োগকারী সংস্থা মাঝে মাঝে অভিযান চালায়। কিন্তু বাস্তবে এখনো ঢাকার প্রতিটি এলাকায় অবাধে বিক্রি হচ্ছে মানবজীবন ধ্বংসকারী ইয়াবা ট্যাবলেট। কক্সবাজারসহ বিভিন্ন সীমান্ত দিয়ে ঢাকায় প্রবেশ করছে ইয়াবার চালান। চাহিদা দিন দিন বাড়তে থাকায় এখন খোদ রাজধানীতেই তৈরি হচ্ছে ইয়াবা। সংশ্লিষ্টদের আশঙ্কা, ছোট-বড় মিলিয়ে রাজধানীতেই রয়েছে ইয়াবার শত কারখানা। এর আগে গুলশানের মতো অভিজাত এলাকায় একাধিক ইয়াবার কারখানা ধ্বংস করেছিল আইন প্রয়োগকারী সংস্থা। তারপরও আইনের চোখ ফাঁকি দিয়ে কতিপয় প্রভাবশালীর ছত্রছায়ায় ইয়াবা তৈরি হচ্ছে। ব্যবসাও চলছে জমজমাট। বিশেষজ্ঞরা বলছেন, ইয়াবা ব্যবসায় জড়িতদের সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়ার মতো কঠোর ব্যবস্থা নিতে হবে। অন্যথায় ইয়াবার আগ্রাসন রোধ করা কঠিন হয়ে পড়বে বলে মনে করেন তারা। 

নাসিরনগরে সহিংসতা: চেয়ারম্যান আঁখির ৭ দিনের রিমান্ড আবেদন-যুগান্তর
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় হিন্দুপল্লীতে হামলার ঘটনার 'মূলহোতা' হিসেবে অভিযুক্ত আওয়ামী লীগ সমর্থিত হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেওয়ান আতিকুর রহমান আঁখির সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।
শুক্রবার দুপুরে চেয়ারম্যান আতিককে গৌরমন্দির ভাঙচুর মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করেছেন।
রোববার ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সরাফ উদ্দিন রিমান্ড আবেদনের বিষয়ে আদেশ দেবেন।

ব্যাংকের পর্ষদ সভায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও এমডি পরিবর্তন ইসলামী ব্যাংকে ‘শান্তিপূর্ণ’বদল-চেয়ারম্যান-প্রথম আলো

ইসলামী ব্যাংকের পরিচালনা ও ব্যবস্থাপনার ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন এসেছে। ব্যাংকটির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক (এমডি), নির্বাহী ও অডিট কমিটির চেয়ারম্যান পদে পরিবর্তন আনা হয়েছে। ব্যাংকটি প্রতিষ্ঠার পর থেকে জামায়াত-নিয়ন্ত্রিত ব্যাংক হিসেবেই পরিচিত ছিল। সেই পরিচয় থেকে ব্যাংকটিকে বের করে আনতে বেশ কিছুদিন ধরে এটির মালিকানা, পরিচালনা ও ব্যবস্থাপনায় ধাপে ধাপে পরিবর্তন আসছিল। সর্বশেষ গতকাল দিনভর অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় বড় ধরনের পরিবর্তন আনা হয়।
জামায়াতে ইসলামীর সঙ্গে ঘনিষ্ঠ প্রতিষ্ঠান ইবনে সিনা ট্রাস্টের প্রতিনিধি হিসেবে এত দিন ব্যাংকটির চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন মুস্তাফা আনোয়ার। তাঁর জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে সরকারের সাবেক সচিব আরাস্তু খানকে।

পাঠক ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।

নারদ কাণ্ডে বড় ধাক্কা খেতে পারে রাজ্য, তদন্তের ভার পেতে পারে সিবিআই-আনন্দবাজার
নারদ কাণ্ডে বড় ধাক্কা খেতে পারে রাজ্য সরকার। সিবিআই-এর হাতে চলে যেতে পারে নারদ কাণ্ডের তদন্তের ভারও। ঘুষ নেওয়ার অভিযোগ খতিয়ে দেখার কোনও প্রয়োজন রয়েছে বলে রাজ্য সরকার মনে করছে না, প্রধান বিচারপতির এজলাসে আজ এমনই মন্তব্য করেন অ্যাডভোকেট জেনারেল জয়ন্ত মিত্র। রাজ্যের এই অবস্থানের প্রেক্ষিতে প্রধান বিচারপতি নিশীথা মাত্রের মন্তব্য, রাজ্য যখন তদন্ত করতে চায় না, তখন কোনও নিরপেক্ষ তদন্তকারী সংস্থাকে দিয়েই এই মামলার তদন্ত করাতে হবে।

মোদি গলা কাটলেও থামব না:‌মমতা-আজকাল

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী

মন্ত্রীসভার কাজের খতিয়ান নিতে আজ টাউন হলে আলোচনায় বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যনার্জি। সেখান থেকে বেরিয়ে এসেই সাংবাদিকদের জানালেন, ব্লক স্তরে আলোচনা করে সাধারণ মানুষের যে সমস্যা তিনি দেখেছেন, তাতে উদ্বেগ বাড়ছে আরও। তাই দেশ বাঁচাতে রাষ্ট্রপতির কাছেই আর্জি জানালেন মমতা। বললেন, ‘দেশ চরম সর্বনাশের দিকে এগিয়ে চলেছে। এই পরিস্থিতিতে আমার রাষ্ট্রপতির কাছে অনুরোধ, আপনি দেশেকে বাঁচান, দেশের অঙ্গরাজ্য গুলিকে বাঁচান।

একধাক্কায় পেট্রল-ডিজেলের দাম বাড়ছে অনেকটাই-সংবাদ প্রতিদিন

ফের একদফা দাম বাড়ছে পেট্রল ও ডিজেলের

ফের একদফা দাম বাড়ছে পেট্রল ও ডিজেলের৷ পশ্চিম এশিয়ার যে দু’টি দেশের কাছ থেকে প্রায় ৪০ শতাংশ অপরিশোধিত তেল আমদানি করে ভারত, তারাই বৃহস্পতিবার থেকে সস্তায় তেল রফতানি বন্ধ করছে৷ যার জেরে এ দেশে একধাক্কায় তেলের দাম অনেকটাই বাড়তে পারে বলে অনুমান বিশেষজ্ঞদের অনুমান৷

৫ বছরে ১১ তৃণমূল বিধায়কের সম্পত্তি বেড়েছে ১-১৫ কোটি! কীভাবে?-গণশক্তি
চিট ফান্ড কেলেঙ্কারিতে এখনও নাম না উঠলেও বহু তৃণমূল বিধায়কের বিপুল সম্পত্তি বৃদ্ধি নিয়ে প্রশ্ন তুললেন বামফ্রন্টের পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী। বৃহস্পতিবার তিনি সাংবাদিকদের কাছে ১১জন এমন তৃণমূল বিধায়কের নামের তালিকা তুলে ধরেন, যাঁদের সম্পত্তির পরিমাণ ২০১১ সাল থেকে ২০১৬ সাল অর্থাৎ পাঁচ বছরে ১ কোটি টাকা থেকে ১৫ কোটি টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। তালিকা দেখিয়ে সুজন চক্রবর্তী বলেন, শিক্ষিত ছেলেমেয়েরা আয় করতে পারছেন না। অথচ কোন যোগ্যতায় তৃণমূলের বিধায়করা কোটি কোটি টাকার সম্পদ বাড়িয়ে ফেলছেন, তা মানুষ জানতে চায়। সাহস থাকলে শাসকদল জবাব দিক।#


পার্সটুডে/জিএআর/৬