জানুয়ারি ০৭, ২০১৭ ১৫:১৮ Asia/Dhaka
  • দেশের অশুভ শক্তি বিএনপি-জামায়াত- হানিফ: সরকারের নির্যাতন মাত্রা ছাড়িয়ে গেছে- রিজভী

পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ৭ জানুয়ারি শনিবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।

  • বাংলাদেশের শিরোনাম:
  • রোববার দেশব্যাপী বিএনপির বিক্ষোভ-ইত্তেফাক
  • কারাগারে গিয়ে জঙ্গিরা অন্যদের জঙ্গিবাদে উদ্বুদ্ধ করছে: আইজিপি-প্রথম আলো
  • দুই বাংলাদেশীকে আটক করে নিয়ে গেছে বিএসএফ-যুগান্তর
  • নির্যাতন মাত্রা ছাড়িয়ে গেছে : রিজভী-কালের কণ্ঠ
  • থানায় যুবককে উল্টো ঝুলিয়ে রাখা ছবিতে তোলপাড়-বাংলাদেশ প্রতিদিন
  • ভারতের শিরোনাম:
  • জনসংখ্যা বৃদ্ধিতে নাম না করে মুসলিমদের দায়ী করলেন বিজেপি সাংসদ-সংবাদ প্রতিদিন
  • বি জে পি-তে আপত্তি নেই-মমতা-গণশক্তি
  • নোট-কাণ্ডের বলি: আত্মঘাতী স্কুলছাত্র-আজকাল

পাঠক! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ। প্রথমে বাংলাদেশ..

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সেনাবাহিনী অশুভ শক্তিকে প্রতিহত করতে প্রস্তুত: প্রধানমন্ত্রী-প্রথম আলো
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমাদের মুক্তিযুদ্ধের আদর্শে গড়ে ওঠা এই সেনাবাহিনী যেকোনো অশুভ শক্তিকে দৃঢ়ভাবে প্রতিহত করতে আগের চেয়ে অনেক বেশি প্রস্তুত।’ তিনি আরও বলেন, সাঁজোয়া, গোলন্দাজ ও পদাতিক বাহিনীর নতুন প্রবর্তিত যুদ্ধ সরঞ্জামে সুসজ্জিত সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা আরও সুদৃঢ় হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার সকালে নোয়াখালীর স্বর্ণদ্বীপে (জাহাইজ্জার চর) বাংলাদেশ সেনাবাহিনীর ম্যানুভার অনুশীলন-২০১৬ মহড়া অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন।
 

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ

রোববার দেশব্যাপী বিএনপির বিক্ষোভ-ইত্তেফাক
রাজধানীতে সমাবেশ কর্মসূচি পালন করতে না দেয়ার প্রতিবাদে রোববার দেশব্যাপী বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে বিএনপি।
শনিবার সকালে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
তিনি বলেন, ৫ জানুয়ারি 'গণতন্ত্র হত্যা দিবস' উপলক্ষে আজকের সমাবেশ কর্মসূচি ঠেকাতে ক্ষমতাসীনদের বর্বর পদক্ষেপের প্রতিবাদে আগামীকাল সারাদেশে জেলা সদর ও মহানগরে এবং ঢাকা মহানগরের থানায় থানায় বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।

দৈনিকটির অন্য একটি খবরের শিরোনাম: নয়াপল্টনে বিএনপির কার্যালয় ঘিরে রেখেছে পুলিশ
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ও আশপাশের এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। শনিবার সকাল থেকে বিএনপি কার্যালয়ের সামনে পুলিশের অবস্থান রয়েছে। কার্যালয়ের সামনে দুই সারিতে পুলিশ দাঁড়িয়ে আছে। সাদা পোশাকেও রয়েছে বাহিনীর সদস‌্যরা

পুলিশ বলছে, এক ‘জঙ্গি’ পালিয়ে গেছেন-প্রথম আলো
বন্দুকযুদ্ধে’ নিহত দুই জঙ্গি নুরুল ইসলাম মারজান ও সাদ্দাম হোসেনের সঙ্গে মোটরসাইকেলে আরও একজন জঙ্গি ছিলেন। পুলিশ বলছে, তাঁদের সঙ্গে গোলাগুলির সময় ওই জঙ্গি পালিয়ে যান। জঙ্গিদের মোহাম্মদপুর থানা এলাকায় হামলার পরিকল্পনা ছিল বলেও জানিয়েছে পুলিশ।

এদিকে প্রথম আলোর আরেকটি খবরে লেখা হয়েছে, পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত দুই জঙ্গি নুরুল ইসলাম মারজান ও সাদ্দাম হোসেনের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। তাঁদের শরীরে একাধিক গুলির চিহ্ন দেখা গেছে। জঙ্গি সাদ্দামের শরীর থেকে তিনটি গুলি বের করা হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে দুই জঙ্গির ময়নাতদন্ত হয়।

কারাগারে গিয়ে জঙ্গিরা অন্যদের জঙ্গিবাদে উদ্বুদ্ধ করছে: আইজিপি-প্রথম আলো
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) শহীদুল হক বলেছেন, বর্তমান ব্যবস্থায় জঙ্গিরা কারাগারে যাচ্ছে। সেখানে গিয়ে অন্যদেরও জঙ্গিবাদে উদ্বুদ্ধ করছে। বাইরের সঙ্গেও যোগাযোগ রাখছে।

আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধবিজ্ঞান বিভাগ আয়োজিত একটি আন্তর্জাতিক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শহীদুল হক এ কথা বলেন।

সার্চ কমিটি করে ইসি পুনর্গঠনে রাষ্ট্রপতিকে প্রস্তাব দেবে আওয়ামী লীগ-ইত্তেফাক
সার্চ কমিটি গঠন করে নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন করতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে প্রস্তাব জানাবে আওয়ামী লীগ। আগামী ১১ জানুয়ারি বঙ্গভবনের দরবার হলে ইসি পুনর্গঠন নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে আওয়ামী লীগের সংলাপ হবে। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দলের প্রতিনিধি দল এ সংলাপে অংশ নেবে।
থানায় যুবককে উল্টো ঝুলিয়ে রাখা ছবিতে তোলপাড়-বাংলাদেশ প্রতিদিন
থানা ভবনের ভিতরে উল্টো করে ঝুলানো এক যুবকের ছবি নিয়ে যশোরে তোলপাড়ের সৃষ্টি হয়েছে। প্রথমে ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়, পরে কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে এবং দৈনিক পত্রিকায় এ নিয়ে রিপোর্ট প্রকাশিত হয়। এসব রিপোর্টে বলা হয়, আবু সাঈদ নামের ওই যুবককে প্রথমে আটকের পর তার কাছে দুই লাখ টাকা ঘুষ দাবি করে না পাওয়ায় দুই টেবিলের মাঝে তাকে ঝুলিয়ে নির্যাতন করা হয়। স্বজনরা ৫০ হাজার টাকা দেওয়ার পর তাকে ছেড়ে দেওয়া হয়। 
ঘটনা তদন্তে দুই সদস্যের কমিটি গঠন করা হয়েছে।অভিযোগ প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এদিকে যার ওপর নির্যাতন হয়েছে বলে অভিযোগ তিনি নির্যাতনের কথা অস্বীকার করেছেন। এ ঘটনার পর গতকাল সকাল থেকে যশোর কোতোয়ালি থানায় সাংবাদিকদের প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় পত্রিকার সাংবাদিকরা।

দুই বাংলাদেশীকে আটক করে নিয়ে গেছে বিএসএফ-যুগান্তর
নওগাঁর পোরশার নিতপুর সীমান্ত থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) নাইমুল হক (৪০) ও জিয়াউর রহমান (২৫) নামে দুই বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শুক্রবার রাতে ভারতের অভ্যন্তরে ক্যাদারীপাড়া বিএসএফ সদস্যরা তাদের আটক করে নিয়ে যায়।

যুগান্তরের অর্থনীতি বিষয়ক খবরের শিরোনাম: সবচেয়ে সমস্যাগ্রস্ত ছিল ব্যাংকিং খাত: সিপিডি
গত অর্থবছরে আর্থিকখাতে সবচেয়ে সমস্যাগ্রস্ত ছিল ব্যাংকিং খাত। এই খাতে বিপুল পরিমাণে অলস তারল্য জমা হওয়ার পাশাপাশি বেড়েছে কু-ঋণ, হয়েছে বড় বড় কেলেংকারি। ঘটেছে রিজার্ভ চুরির মতো ঘটনা। এ অবস্থায় আগামী দিনও ব্যাংকিং খাতের জন্য চ্যালেঞ্জ অপেক্ষা করছে বলে মনে করে সেন্টার পর পলিসি ডায়ালগ-সিপিডি। 
শনিবার রাজধানীর ব্র্যাক সেন্টারে সিপিডি আয়োজিত অর্থবছরের ৬ মাসের পর্যালোচনা নিয়ে মিডিয়া ব্রিফিংয়ে এসব কথা বলেন সংগঠনের সম্মানিত ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য।তিনি আরও বলেন, বাজেটে রাজস্ব আদায়ের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তা বাস্তব সম্মত নয়। ধারণা করা হচ্ছে, এ বছরও ৪০ হাজার কোটি টাকার মতো ঘাটতি থাকবে।

নির্যাতন মাত্রা ছাড়িয়ে গেছে : রিজভী-কালের কণ্ঠ
আওয়ামী লীগের বর্তমান সরকার আমলে বিরোধী দল বিশেষ করে নারীদের ওপর নির্যাতনের মাত্রা অতীতের যেকোনো সময়কে ছাড়িয়ে গেছে বলে দাবি করেছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। রিজভী বলেন, বিরোধী দলের নিশ্চিহ্ন করার জন্যই অনাচারের পথ বেছে নিয়েছে সরকার।

দেশের অশুভ শক্তি বিএনপি-জামায়াত: হানিফ-প্রথম আলো

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ

বিএনপি-জামায়াতকে দেশের অশুভ শক্তি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। তিনি বলেছেন, ‘বিএনপি-জামায়াত পাকিস্তানের প্রেতাত্মা। বাংলাদেশের অশুভ শক্তি। তারা পাকিস্তানের হয়ে কাজ করছে। এই অশুভ শক্তিকে কাজে লাগিয়ে তারা বাংলাদেশকে ধ্বংস করতে চায়।’

দুর্নীতি প্রতিরোধে প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা-কালের কণ্ঠ
যেকোনো দুর্নীতি প্রতিরোধে প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা বলে জানিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবির) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।  
তিনি বলেন, দুর্নীতি একটি মহামারি রোগ। এটি প্রতিরোধ করতে একদিকে যেমন প্রয়োজন জনসচেতনতা অন্যদিকে প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা। কেননা সংসদের উর্ধ্বতন কর্মকর্তারা যদি দুর্নীতি প্রতিরোধে কাজ না করেন তাহলে কোনোভাবেই দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব নয়। কারণ জনগণের ভোটে নির্বাচিত রাজনৈতিক প্রতিনিধিরাই পারেন একটি সুন্দর সমাজ গড়তে। জনগণ তাদের পছন্দ করেন বিধায় তারা রাজনৈতিক নেতাকে নির্বাচিত করে থাকেন। তাই দুর্নীতি প্রতিরোধে রাজনৈতিক কর্মীদের ভূমিকা মুখ্য।

পাঠক ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।

বিজেপি সাংসদ স্বাক্ষী মহারাজ

জনসংখ্যা বৃদ্ধিতে নাম না করে মুসলিমদের দায়ী করলেন বিজেপি সাংসদ-সংবাদ প্রতিদিন
উত্তরপ্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে জাতপাতের রাজনীতির আগুন উসকে দিলেন বিজেপি সাংসদ সাক্ষী মহারাজ। নাম না করে মুসলমানদের বিরুদ্ধে তোপ দাগলেন উন্নাওয়ের সাংসদ। মীরাটে একটি সভায় তাঁর বিস্ফোরক মন্তব্য, ‘জনসংখ্যা হিন্দুদের জন্য বাড়ছে না। বাড়ছে তাঁদের জন্য যাঁরা চারজন করে স্ত্রী ও ৪০টি করে সন্তান জন্ম দেওয়ার নীতিকে সমর্থন করেন।”

মীরাটে একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে এসে এই কথা বলেন বিজেপি সাংসদ।

মমতা জানালেন ‘মন কি বাত’ বি জে পি-তে আপত্তি নেই-মমতা: গণশক্তি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী  মমতা ব্যানার্জী

বিজেপি-র সঙ্গে সরকারে যেতে চাইছেন মমতা ব্যানার্জি। এটাই মুখ্যমন্ত্রীর ‘মন কি বাত’।
শুক্রবার টাউন হলে প্রশাসনিক রিভিউ মিটিং থেকে মমতা ব্যানার্জি তাঁর এই মনের কথা সাংবাদিকদের কাছে জানিয়ে যান। বিজেপি’রই নেতৃত্বে জাতীয় সরকার হলে তাঁর কোনো আপত্তি নেই বলে এদিন একাধিকবার জানিয়েছেন। এমনকি নতুন সরকারে লালকৃষ্ণ আদবানি, রাজনাথ সিং ও অরুণ জেটলির নাম উল্লেখ করে তাঁদের দায়িত্ব দেওয়ার সওয়াল পর্যন্ত করেছেন মমতা ব্যানার্জি।

নোট বাতিল কাণ্ডে স্কুল ছাত্রের আত্মহত্যা

নোট-কাণ্ডের বলি: আত্মঘাতী স্কুলছাত্র-আজকাল
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নোট বাতিলের জেরে আরও একটি মৃত্যুর খবর এল। এবার নোট–কাণ্ডের বলি হায়দরাবাদের এক স্কুলছাত্র। নোট বাতিলের জন্য গত দু’মাস ধরে পরিবারের তরফ থেকে‌ স্কুলের মাইনে দিতে পারেনি। আর সে কারণেই ইফহাম ট্যালেন্ট স্কুলের নবম শ্রেনীর ছাত্রকে হেনস্থা প্রিন্সিপালের। অপমান সহ্য করতে না পেরে গত বুধবার স্কুল থেকে ফিরে গলায় ওড়নার ফাঁস দিয়ে আত্মহত্যা করল মির্জা সলমন বেগ নামে ওই ছাত্র। পরিবারের অভিযোগ, স্কুল কর্তৃপক্ষের হেনস্থার কারণে এই মর্মান্তিক ঘটনা।#


পার্সটুডে/জিএআর/৭