বিএনপি এখনই হরতাল-অবরোধের মতো রাজপথের কর্মসূচিতে নামছে না: দলীয় নেতারা
পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ৮ জানুয়ারি রোববারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।
বাংলাদেশের শিরোনাম:
- লিটন হত্যা মামলায় ছয়জনের রিমান্ড মঞ্জুর-ইত্তেফাক
- সরকারের আচরণে ‘নমনীয়তা’ দেখছে না বিএনপি-প্রথম আলো
- পুঁজিবাজারে স্থিতিশীলতা ফিরে এসেছে: প্রধানমন্ত্রী -যুগান্তর
- 'সমন্বিত প্রচেষ্টায় দুর্নীতি ও অনৈতিক কাজগুলো প্রতিরোধ করা সম্ভব'-দুদক চেয়ারম্যান-কালের কণ্ঠ
- বরিশালে বিএনপি'র বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা-বাংলাদেশ প্রতিদিন
- এমপি লিটন হত্যা মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার- মানবজমিন
ভারতের শিরোনাম:
- নরেন্দ্র মোদিকে ন্যাড়া করে, কালি ঢালার ফতোয়া বরকতির-সংবাদ প্রতিদিন
- ইয়েচুরি:নোট বাতিলের অভিযানে সাদা করা হলো কালো টাকাই-গণশক্তি
- সপায় বিরোধ নেই, জানালেন মুলায়ম-আজকাল
পাঠক! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ। প্রথমে বাংলাদেশ..
সরকারের আচরণে ‘নমনীয়তা’ দেখছে না বিএনপি-প্রথম আলো
বিএনপির ব্যাপারে সরকারের কঠোর অবস্থানের কোনো পরিবর্তন হয়নি, ভবিষ্যতে সরকার আরও কঠোর হবে—এমনটাই মনে করছেন দলটির নেতারা। তাঁদের মতে, বিএনপি যতই নমনীয় হোক বা গণতান্ত্রিক রাজনীতি করুক না কেন, সরকারের আচরণে শিগগির কোনো পরিবর্তন আসবে না।
চলতি বছরের ৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে বিএনপির নেওয়া কর্মসূচি ঘিরে সরকারের আচরণের পর দেশের অন্যতম প্রধান এই রাজনৈতিক দলের নেতারা এমনটাই মনে করছেন।
প্রথম আলোর সঙ্গে আলাপকালে দলটির নেতারা বলছেন, এখন সে অর্থে বিএনপির কোনো কর্মসূচি নেই। তবু তাদের দিবসভিত্তিক কর্মসূচিও পালন করতে দেওয়া হচ্ছে না। সরকার বিএনপিকে আবারও সহিংসতার দিকে নিয়ে যেতে চাইছে। কিন্তু বিএনপি এখনই হরতাল-অবরোধের মতো রাজপথের কর্মসূচিতে নামার চিন্তা করছে না।
এদিকে বাংলাদেশ প্রতিদিনের এ সম্পর্কিত খবরের শিরোনাম: বরিশালে বিএনপি'র বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা
বরিশালে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করতে চাইলে বাধা দেয় পুলিশ। এ নিয়ে কিছুক্ষণ বাদানুবাদ হলেও শেষ পর্যন্ত মিছিল করতে না পেরে ফিরে যায় বিএনপি নেতাকর্মীরা।
লিটন হত্যা মামলায় ছয়জনের রিমান্ড মঞ্জুর-ইত্তেফাক
লিটন হত্যা মামলায় গ্রেফতার ছয় জামায়ত-শিবির নেতা-কর্মীকে সাতদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
এদিকে এ সম্পর্কে মানবজমিনের খবরে বলা হয়েছে, গাইবান্ধার-১ আসনের এমপি মঞ্জুরুল ইসলাম লিটন হত্যার ঘটনায় সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা আহসান হাবিব মাসুদকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সকালে উপজেলা শহরের বাসা থেকে মাসুদকে গ্রেপ্তার করা হয়। সুন্দরগঞ্জ থানার ওসি আতিয়ার রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
নাসিরনগরে হামলা : ৫ দিনের রিমান্ডে চেয়ারম্যান আঁখি
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের মন্দির ও বাড়িঘরে হামলার অন্যতম হোতা হরিপুর ইউনিয়নের আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান দেওয়ান আতিকুর রহমান আঁখি ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
রোববার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সরাফ উদ্দিনের আদালতে হাজির করে পুলিশ তার ৭ দিনের রিমান্ড আবেদন করে। পরে শুনানি শেষে আদালত তার ৫ দিনের রিমান্ড মুঞ্জুর করে।
রবিবার সকালে সুন্দগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ময়নুল হাসান ইউসুফ তাদের বিরুদ্ধে এ রিমান্ড মঞ্জুর করেন।
ইসলামী ব্যাংক এক নম্বর ব্যাংক: অর্থমন্ত্রী-প্রথম আলো
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ব্যবসার দিক দিয়ে ইসলামী ব্যাংক এক নম্বর ব্যাংক। তবে তাদের বিদেশি অংশীদার পরিবর্তন হয়েছে। যা কিছু হয়েছে তাদের চাপেই হয়েছে।
আজ সচিবালয়ে এক বৈঠকে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সাম্প্রতিক পরিবর্তন নিয়ে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে এসব কথা বলেন অর্থমন্ত্রী।
অর্থমন্ত্রী বলেন, ‘ইয়েস, ইট লুকস গুড...। তবে তাদের মুনাফা আসলে কোথায় যায়, এটা নিয়ে একটা প্রশ্ন তো ছিলই। ইসলামী ব্যাংকের ফরেনার পার্টনার চেঞ্জ হয়েছে।
পুঁজিবাজারে স্থিতিশীলতা ফিরে এসেছে: প্রধানমন্ত্রী-যুগান্তর
সরকার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করায় দেশের পুঁজিবাজারে স্থিতিশীলতা ফিরে এসেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ফিন্যান্সিয়াল লিটারেসি কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা জানান।
প্রধানমন্ত্রী বলেন,'পুঁজিবাজার বিকশিত হতে আমরা সব সময় সব রকম সহযোগিতার হাত প্রসারিত করে রেখেছি। একটি স্থিতিশীল, স্বচ্ছ, জবাবদিহিমূলক পুঁজিবাজার গড়ে তুলতে আমরা বিভিন্ন পদক্ষেপও গ্রহণ করেছি।'
তিনি বলেন, 'পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সরকারের এসব নানামুখী উদ্যোগের কারণেই পুঁজিবাজারে আস্থার সংকট কেটে গেছে।'
বিশ্ব ইজতেমায় কোনো হুমকি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী-বাংলাদেশ প্রতিদিন
আগামী ১৩ জানুয়ারি শুরু হতে যাওয়ার বিশ্ব ইজতেমা সুন্দরভাবে সম্পন্ন করার জন্য সব ধরণের ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
তিনি বলেন, আইন-শৃঙ্খলা বাহিনী সব সময় প্রস্তুত রয়েছি। যা কিছু হতে পারে বা হবে সবকিছু মাথায় নিয়ে কাজ করা হচ্ছে। গোয়েন্দারা তৎপর রয়েছে। বিশ্ব ইজতেমা সুন্দর হবে। নিরাপত্তার বিষয়ে কোন হুমকি আমাদের কাছে নেই।
পাঠক ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।
ইয়েচুরি:নোট বাতিলের অভিযানে সাদা করা হলো কালো টাকাই-গণশক্তি
কালো টাকা উদ্ধারের নামে কালো টাকা সাদা করার বিরাট অভিযানই চালিয়েছে কেন্দ্রীয় সরকার। শনিবার এই অভিযোগ করেছেন সি পি আই (এম)-র সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। পার্টির কেন্দ্রীয় কমিটির বৈঠক চলাকালীন তিরুবনন্তপুরমে শনিবার বিশাল জনসমাবেশে ইয়েচুরি বলেন, নভেম্বর মাসে সরকার বলেছিল ১৫লক্ষ কোটি টাকা কালো টাকা আছে। তার অনেকটাই আর ব্যাঙ্কে ফেরত আসবে না। এখন দেখা যাচ্ছে সব টাকাই এসে গেছে। উপরন্তু যেটুকু টাকা কালো এবং জাল হতে পারে বলে অনুমান করা হচ্ছিল তা-ও ঢুকে পড়েছে। ইয়েচুরি বলেন, সাধারণ মানুষের রুটি-রুজি বিপন্ন।
সপায় বিরোধ নেই, জানালেন মুলায়ম-আজকাল
দলের মধ্যে কোনও বিরোধ নেই। রোববার লখনউ–তে সমাজবাদী পার্টির সদর দপ্তরে কর্মীদের সঙ্গে বৈঠকের পর মন্তব্য মুলায়ম সিং যাদবের। ভাই শিবপাল যাদবের সঙ্গে এ দিন দীর্ঘক্ষণ বৈঠক সারেন তিনি। এরপর শিবপালকে নিয়ে দিল্লি রওনা দেন তিনি। ৩ জানুয়ারি বিরোধ প্রকাশ্যে আসার পর নির্বাচন কমিশনের কাছে দল এবং সাইকেল প্রতীক নিজেদের কাছে রাখার দাবি জানিয়েছেন ছেলে অখিলেশ এবং মুলায়ম।
দৈনিকটির অন্য একটি খবরের শিরোনাম: বিজেপিকে চাপে রাখার কৌশল আপের
উত্তরপ্রদেশে বিজেপিকে চাপে রাখতে চাইছে আম আদমি পার্টি। ভোটে না লড়লেও বিজেপির বিরুদ্ধে প্রচার চালাবে অরবিন্দ কেজরিওয়ালের দল। পাঞ্জাব, গোয়ায় নির্বাচনে লড়ছে আপ। কিন্তু উত্তরপ্রদেশে কোনও প্রার্থী দিচ্ছে না আপ। এই রাজ্যে শুধু বিজেপির বিরুদ্ধে প্রচার চালানোর সিদ্ধান্ত নিয়েছে দিল্লির শাসকদল।
নোট বাতিলের দু’মাস, জেটলির নিশানায় রাহুল গান্ধী-সংবাদ প্রতিদিন
গতবছরের ৮ নভেম্বর নোট বাতিলের পর কেটে গিয়েছে দু’মাস। তবে এখনও দেশের অর্থনৈতিক অবস্থা স্বাভাবিক হয়নি বলে বিরোধীদের লাগাতার আক্রমণের মুখে রবিবার ফের মুখ খুললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। একের পর এক ফেসবুক পোস্টে তাঁর নিশানায় কখনও কালো টাকা, কখনও আবার রাহুল গান্ধী।
জেটলি এদিন তাঁর পোস্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূয়সী প্রশংসা করার পাশাপাশি বিরোধীদের একহাত নেন।#
পার্সটুডে/জিএআর/৮