জানুয়ারি ০৯, ২০১৭ ১৪:১১ Asia/Dhaka

পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ৯ জানুয়ারি সোমবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।

বাংলাদেশের শিরোনাম:

  • পরিকল্পিতভাবে জঙ্গি হামলার আশঙ্কা না থাকলেও বিচ্ছিন্নভাবে হতে পারে'-ইত্তেফাক
  • ১৩ হাজার গাছ কাটার অনুমোদন মন্ত্রিসভার-প্রথম আলো-প্রথম আলো
  • পড়ার উপযোগী প্রেসক্রিপশনের নির্দেশ-যুগান্তর
  • দেশকে পিছিয়ে দেওয়ার দিন শেষ হয়েছে : প্রধানমন্ত্রী-কালের কণ্ঠ
  • আওয়ামী লীগের দুই বছরের পরিকল্পনা -বাংলাদেশ প্রতিদিন
  • ঢাকায় বিদেশী কূটনীতিকের মিথ্যে ঘোষণায় আনা রোলস রয়েস জব্দ- মানবজমিন

ভারতের শিরোনাম:

  • রোজভ্যালি-সারদা যোগ, সুদীপ্ত সেনকে হেফাজতে চায় সিবিআই-সংবাদ প্রতিদিন-সংবাদ প্রতিদিন
  • টাকা ফেরত কবে,বিধ্বস্ত জীবনে প্রশ্ন একটাই-গণশক্তি
  • মোদিকে সমন পাঠাতে পারে পিএসি -আজকাল

পাঠক ! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ। প্রথমে বাংলাদেশ..

মঙ্গলবার জাতির পিতা বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস-ইত্তেফাক

মঙ্গলবার বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস

১০ জানুয়ারি মঙ্গলবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। পাকিস্তানের বন্দীদশা থেকে মুক্তি পেয়ে ১৯৭২ সালের এদিন বেলা একটা ৪১ মিনিটে জাতির অবিসংবাদিত নেতা ও মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সদ্য স্বাধীন বাংলাদেশের মাটিতে প্রত্যাবর্তন করেন। তিনি পাকিস্তান থেকে লন্ডন যান। তারপর দিল্লী হয়ে ঢাকা ফেরেন। দিবসটি পালন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ ও দলের বিভিন্ন সহযোগী সংগঠনসহ বিভিন্ন দল ও সংগঠন ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে।

দেশকে পিছিয়ে দেওয়ার দিন শেষ হয়েছে : প্রধানমন্ত্রী-কালের কণ্ঠ

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ফটো)

দেশকে পিছিয়ে দেওয়ার দিন শেষ হয়েছে মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, হত্যা-ক্যু’র রাজনীতি বিদায় নিয়েছে। এখন আমরা উন্নয়নের মহাসড়কে।

বাংলাদেশ এখন বিশ্বসভায় উন্নয়নের রোল মডেল। আমরা সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) অর্জনের পর এখন স্থায়ী উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনেও কাজ করছি।গতকাল গণভবনে তিনি একথা বলেন।

আওয়ামী লীগের দুই বছরের পরিকল্পনা -বাংলাদেশ প্রতিদিন

আগামী ১২ জানুয়ারি আওয়ামী লীগ সরকারের তৃতীয় বর্ষপূর্তি। সরকারের ক্ষমতার মেয়াদ আছে আরও দুই বছর। এই সময়ে বিরোধী দল বিএনপিকে নিয়ন্ত্রণে রাখতে নানা ইস্যুতে তাদের ব্যস্ত রাখা হবে। পাশাপাশি মেগাপ্রকল্পসহ সব উন্নয়ন প্রকল্প যথাসময়ে সমাপ্ত করার পরিকল্পনা আছে সরকারের। এ জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে মনিটরিং করা হবে। 

পরিকল্পিতভাবে জঙ্গি হামলার আশঙ্কা না থাকলেও বিচ্ছিন্নভাবে হতে পারে'-ইত্তেফাক

ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) আছাদুজ্জামান মিয়া

ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) আছাদুজ্জামান মিয়া বলেছেন, 'পরিকল্পিতভাবে জঙ্গি হামলার আশঙ্কা না থাকলেও বিচ্ছিন্নভাবে জঙ্গি হামলার ঘটনা ঘটতে পারে। এই দুষ্কৃতিকারীদের সঙ্গে সমাজ, দেশ বা জাতির কোনো আঁতাত নেই। তাদের পরিহার করুন।' 
আজ সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদর দফতরে হলি আর্টিজান হামলায় নিহত দুই পুলিশ কর্মকর্তার পরিবারকে আর্থিক অনুদান দেয়ার সংক্রান্ত একটি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 
 সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, হলি আর্টিজান হামলার মামলার তদন্তের কাজ অনেক দূর এগিয়ে গেছে। তদন্তে যেসব তথ্য-উপাত্ত পাওয়া গেছে. তা যাচাই-বাচাই করা হচ্ছে। যাচাই-বাচাইয়ের পরেই চার্জশিট প্রদান করা হবে।

পরিকল্পিতভাবে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করছে সরকার : বিএনপি-ইত্তেফাক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

দেশকে ধ্বংস করার অপচেষ্টার অংশ হিসাবেই সরকার শিক্ষা ব্যবস্থাকে পরিকল্পিতভাবে ধ্বংস করছে বলে অভিযোগ বিএনপি। সোমবার দুপুরে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন দলের শিক্ষা বিষয়ক সম্পাদক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। 
এর আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরেন গণমাধ্যমের সামনে। তিনি অভিযোগ করেন, সরকার সভা-সমাবেশের অনুমতির ক্ষেত্রে নিজেদের জন্য এক আইন করেছে আর অন্য রাজনৈতিক দলের জন্য আরেক আইন।তিনি বলেন, বিএনপিকে দুর্বল ভাবলে ভুল করবে সরকার।

বিএনপিতে নেতৃত্বের পরিবর্তন দরকার: হাছান মাহমুদ-ইত্তেফাক

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ

বিএনপিতে নেতৃত্বের পরিবর্তন দরকার বলে মন্তব্য করছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। আজ জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। হাছান মাহমুদ বলেছেন, আমরা পেট্রলবোমা ও নৈরাজ্য সৃষ্টিকারী বিএনপিকে চাই না। আমরা চাই একটি গণতান্ত্রিক ও শক্তিশালী বিএনপি।
আর সাবেক প্রেসিডেন্ট ওজাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, বিএনপির এখন টিকে থাকাই কঠিন হয়ে দাঁড়িয়েছে।

১৩ হাজার গাছ কাটার অনুমোদন মন্ত্রিসভার-প্রথম আলো

তিতাস গ্যাসের সঞ্চালন পাইপ লাইন নির্মাণের জন্য ১৩ হাজার ৩৫৬টি গাছ কাটার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। তবে এসব গাছ কাটার পর তিতাসকে দ্বিগুণ গাছ রোপন করতে হবে। অর্থাৎ আরো ২৬ হাজার গাছ রোপন করতে হবে তিতাসকে।
আজ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।মন্ত্রিসভায়- পিরোজপুরের জিয়ানগর উপজেলার নাম পরিবর্তন করে ইন্দুরকানি করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। 

পড়ার উপযোগী করে প্রেসক্রিপশন করার নির্দেশ-যুগান্তর/ইত্তেফাক/প্রথম আলো

ব্যবস্থাপত্র নিয়ে আদালতের নির্দেশ

চিকিৎসকদের ব্যবস্থাপত্র (প্রেসক্রিপশন) যেন পড়ার উপযোগী হয়, সে বিষয়ে ৩০ দিনের মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়কে সার্কুলার জারি করতে নির্দেশ দিয়েছে আদালত।
আজ সোমবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
বিচার সম্পর্কিত খবরে আজকের দৈনিকগুলো লিখেছে, মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক এস এম নাসিরউদ্দিন এলানের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে করা মামলার কার্যক্রম চলবে। আজ সোমবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি শহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ অভিযোগ গঠনের বিরুদ্ধে আসামি আদিলুর রহমানের করা আপিল খারিজ করে দেন। এদিকে, আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের পাসপোর্ট ফেরত দেয়ার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

শ্রোতাবন্ধুরা ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।

রোজভ্যালি-সারদা যোগ, সুদীপ্ত সেনকে হেফাজতে চায় সিবিআই-সংবাদ প্রতিদিন
রোজভ্যালি-সারদা যোগসূত্র খতিয়ে দেখতে ফের সারদা কর্তা সুদীপ্ত সেনকে নিজেদের হেফাজতে চায় সিবিআই৷ সারদা সংক্রান্ত নতুন একটি মামলায় তাঁকে আবারও সিবিআই গোয়েন্দাদের জেরার মুখে পড়তে হবে৷ ভুবনেশ্বরে নিয়ে গিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানা যাচ্ছে৷

জাতীয় সরকার’ অর্থহীন:  ইয়েচুরি –গণশক্তি
মমতা ব্যানার্জির তথাকথিত ‘জাতীয় সরকার’ গঠনের কথাকে ‘গুরুত্বহীন’ বলে উড়িয়ে দিলেন সি পি আই (এম)–র সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। পার্টির কেন্দ্রীয় কমিটির তিনদিনের বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে প্রশ্নের উত্তরে ইয়েচুরি বলেন, মমতা ব্যানার্জি মোদীর বদলে আদবানির কথা বলছেন। অর্থাৎ মতাদর্শের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই তাঁর, নীতির পার্থক্য নিয়ে তিনি চিন্তিত না। এইসব বাজে কথা। আসল বিকল্পের ভিত্তি হতে হবে বিকল্প নীতি।

টাকা ফেরত কবে,বিধ্বস্ত জীবনে প্রশ্ন একটাই-গণশক্তি

টাকা ফেরত ইস্যু

দুঃসহ যন্ত্রণা নিয়ে টিভির পর্দা, খবরের কাগজের পাতা থেকে দিনরাত তাঁরা খুঁজে বেড়ান শুধুই টাকা ফেরতের খবর।
সি বি আই তদন্তে সারদা-রোজভ্যালির দোষীদের থেকে কি আদৌ টাকা উদ্ধার হবে? তবে কি টাকা ফেরত পাব? গ্রেপ্তার হওয়া তৃণমূল নেতারা কি হদিশ দেবেন আমাদের টাকার? আশা-নিরাশার দ্বন্দ্ব বুকে নিয়ে গভীর রাতে সেই স্বপ্নই দেখে চলেছেন লালটু আদক, প্রণবেশ সৎপথী, কমলিকা দাস, নিয়ামত মণ্ডলরা। সত্যিই আর সংসার টানতে পারছেন না তাঁরা। তাঁদের একমাত্র লক্ষ্য- ধ্যান- জ্ঞান এখন সারদা- রোজভ্যালিতে জমা ওই টাকা ফেরতের!

মোদিকে সমন পাঠাতে পারে পিএসি-আজকাল
নোট বাতিলের সিদ্ধান্তের জেরে বিপাকে পড়তে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁকে ডেকে পাঠাতে পারে পাবলিক অ্যাকাউন্টস কমিটি (‌পিএসি)‌। ২০ জানুয়ারি বৈঠকে বসছে পিএসি।
 

সুদীপ এবার  জড়াচ্ছেন সারদাকাণ্ডেও-গণশক্তি

একা রামে রক্ষা নেই, সুগ্রীব দোসর! ‘বন্ধু’ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে দেখতে তাঁরা ভুবনেশ্বরে এসেছেন বলে দাবি তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের। ১৭ হাজার কোটি টাকার আর্থিক কেলেঙ্কারিতে ধৃত দলীয় সাংসদদের জন্য ভুবনেশ্বরে ‘প্রতিবাদ ধরনা’-ও করা হবে বলে জানিয়েছেন।
তাপস পালকে ‘ব্রাত্য’ রেখে তাঁরই জন্য কলকাতা থেকে দলীয় নেতারা এখানে এলেও সুদীপ বন্দ্যোপাধ্যায়ের অস্বস্তি এতটুকুও কমেনি। বরং সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিড়ম্বনা আরও বাড়তে চলেছে। রোজভ্যালি কর্তার সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা, পনজি স্কিমের ব্যবসা প্রসারে তাঁর সক্রিয় ভূমিকা নিয়ে ইতিমধ্যেই সম্পূর্ণ নিশ্চিত হয়েছে সি বি আই। প্রথম চারদিন জেরার মুখে মনোবল ধরে রাখতে পারলেও ক্রমেই জেরায় সহযোগিতার পথেই হাঁটাও শুরু করে দিয়েছেন ধৃত সাংসদ।#


পার্সটুডে/জিএআর/৯