'তাদের মুখে গণতন্ত্রের কথা মানায় না: প্রধানমন্ত্রী
পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ১০ জানুয়ারি মঙ্গলবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।
বাংলাদেশের শিরোনাম:
- বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ-ইত্তেফাক
- দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা: শিক্ষামন্ত্রী-প্রথম আলো/যুগান্তর/মানবজমিন
- শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গভবনে যাবে আ.লীগ-প্রথম আলো
- ৬৫ হাজার রোহিঙ্গা বাংলাদেশে: জাতিসংঘ-যুগান্তর
- এমপি লিটন হত্যা: শিবির নেতাসহ গ্রেফতার ২-কালের কণ্ঠ-কালের কণ্ঠ
- সংলাপের পরই সার্চ কমিটি-বাংলাদেশ প্রতিদিন
ভারতের শিরোনাম:
- ধর্মীয় ভাবাবেগে আঘাত, নির্বাচন কমিশনের রোষে সাক্ষী মহারাজ- সংবাদ প্রতিদিন
- অখিলেশই মুখ্যমন্ত্রী হবে, হঠাৎ বললেন মুলায়াম-গণশক্তি
- কর ফাঁকির ৩–৪ লক্ষ কোটি জমা ব্যাঙ্কে-আজকাল
পাঠক! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ। প্রথমে বাংলাদেশ..
সোহরাওয়ার্দীর সমাবেশে শেখ হাসিনা 'তাদের মুখে গণতন্ত্রের কথা মানায় না-যুগান্তর
বিএনপির প্রতি ইঙ্গিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা মানুষ খুন করে, যুদ্ধাপরাধীদের ক্ষমতায় বসায়, তাদের মুখে গণতন্ত্রের কথা মানায় না।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মঙ্গলবার বিকালে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জনসভায় তিনি একথা বলেন।
এসময় প্রধানমন্ত্রী বলেন,'দেশের একটি মানুষও গৃহহীন থাকবে না। আমরা প্রত্যেকের জন্য আবাসনের ব্যবস্থা করব। সে লক্ষ্যে আমরা কাজ করছি। দেশের সকল নাগরিকের জন্য মানসম্মত আবাসন গড়ে তোলাই আমাদের অঙ্গীকার।'তিনি বলেন, 'জাতির পিতা বেঁচে থাকলে দেশ আরও আগেই উন্নত হতো। কিন্তু '৭৫ এ তাকে হত্যা করে স্বাধীনতাবিরোধীরা তা হতে দেয়নি। এরপর যারাই ক্ষমতায় এসেছে, তারাই জাতিকে মাথা উঁচু করতে দেয়নি। ২১ বছর পর ক্ষমতায় এসে আমরাই দেশের উন্নয়নে কাজ করেছি।'
পাঠ্যপুস্তকে ভুল-দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা: শিক্ষামন্ত্রী-প্রথম আলো/যুগান্তর
চলতি শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তকে ভুলের কথা স্বীকার করে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, চলতি শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তকে ভুলের জন্য যারা দায়ী তাদের সবার বিরুদ্ধেই শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। নুরুল ইসলাম নাহিদ বলেন, এরই মধ্যে দুইজনকে ওএসডি করা হয়েছে। দোষী প্রমাণ হলে সবার বিরুদ্ধেই শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।
তিনি বলেন, কোনো ভুল-ত্রুটি হবে না কখনোই বলিনি। কম সময়ে ছাপাতে গিয়ে বইয়ে ভুল হতে পারে। ভুল থাকবে, আমরা তা সমাধান করে করে এতদিন এগিয়েছি।
শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গভবনে যাবে আ.লীগ-প্রথম আলো
নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে আলোচনায় আওয়ামী লীগের ১৯ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন দলটির সভানেত্রী শেখ হাসিনা। প্রতিনিধিদলে থাকবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলী, উপদেষ্টা পরিষদ ও যুগ্ম সম্পাদকগণ।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আগামীকাল বুধবার বিকেল চারটায় বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতির সঙ্গে আওয়ামী লীগের আলোচনা হবে।
ইসি গঠন নিয়ে রাষ্ট্রপতিকে আওয়ামী লীগের প্রস্তাব ও সুপারিশমালা দিতে ইতিমধ্যে দলটির পক্ষ থেকে ১০ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
সংলাপের পরই সার্চ কমিটি-বাংলাদেশ প্রতিদিন
বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ আছে মাত্র ২৯ দিন। ৯ ফেব্রুয়ারি বিদায় নেবেন তারা। আসবে নতুন কমিশন। তাদের অধীনে অনুষ্ঠিত হবে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন। আর নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করছেন রাষ্ট্রপতি। ইতিমধ্যে ২২টি দলের সঙ্গে সংলাপ হয়েছে। কাল ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে সংলাপে বসার কথা। সংলাপ শেষ করে চলতি মাসের শেষ সপ্তাহে নতুন নির্বাচন কমিশনারদের ‘নামের সুপারিশ’ তৈরি করতে সার্চ (অনুসন্ধান) কমিটি গঠন করা হতে পারে। এর আগেও ২০১২ সালে ইসি নিয়োগের ১৪ দিন আগে সার্চ কমিটি করা হয়েছিল। বর্তমান ইসি নিয়ে নানা বিতর্ক থাকলেও এবারে নতুন নির্বাচন কমিশন নিয়ে কোনো ধরনের বিতর্কে জড়াতে চাইছে না সরকারও।
এমপি লিটন হত্যা: শিবির নেতাসহ গ্রেফতার ২-কালের কণ্ঠ
দুর্বৃত্তদের গুলিতে নিহত সুন্দরগঞ্জের এমপি লিটন হত্যা ঘটনায় গাইবান্ধা শহর ছাত্র শিবিরের সভাপতি আব্দুল্যা আল মামুনসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গত তিনদিনে এই হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ মোট আটজনকে রিমান্ডে নিয়েছে। এদের মধ্যে একজন সুন্দরগঞ্জ সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা আহসান হাবিব মাসুদ, একজন সুন্দরগঞ্জ উপজেলা পূর্ব অঞ্চলের জামায়াত আমীর সাইফুল ইসলাম মন্ডল এবং অন্য ছয়জনও জামায়াত নেতা-কর্মী।
৬৫ হাজার রোহিঙ্গা বাংলাদেশে: জাতিসংঘ-যুগান্তর
মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবিহনীর অভিযানে অন্তত ৬৫ হাজার রোহিঙ্গা মুসলিম শরণার্থী হয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। সম্প্রতি জাতিসংঘ এ তথ্য প্রকাশ করার পাশাপাশি রাখাইন রাজ্যে যে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হচ্ছে, সে বিষয়ে আলোকপাত করেছে। একই সঙ্গে বিভিন্ন মানবাধিকার গ্রুপগুলো বিষয়টি নিয়ে সোচ্চার রয়েছে। তবে মিয়ানমার সরকার বরাবরই বিষয়টি অস্বীকার করে আসছে।
পাঠক ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।
কর ফাঁকির ৩–৪ লক্ষ কোটি জমা ব্যাঙ্কে-আজকাল
নোট বাতিলের পর দেশের ৬০ লক্ষ ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২ লক্ষ টাকার বেশি করে জমা পড়েছে। বিবৃতি জারি করে জানাল আয়কর দপ্তর। বলা হয়েছে, নোট বাতিলের পর থেকে কর ফাঁকি দিয়ে দেশের ব্যাঙ্কগুলিতে ৩ থেকে ৪ লক্ষ কোটি টাকা জমা পড়েছে। শুধুমাত্র দেশের উত্তর–পূর্বের রাজ্যগুলিতেই এই অঙ্ক ১০,৭০০ কোটি ছাড়িয়েছে। গত ৮ নভেম্বর পুরনো ৫০০ এবং ১০০০ টাকার নোট বাতিল ঘোষণা হওয়ার পর দেশের সমস্ত ব্যাঙ্কের লেনদেনের ওপর কড়া নজর রেখেছে আয়কর দপ্তর। তাতেই এমন তথ্য সামনে এসেছে।
ধর্মীয় ভাবাবেগে আঘাত, নির্বাচন কমিশনের রোষে সাক্ষী মহারাজ- সংবাদ প্রতিদিন
উত্তরপ্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে জাতপাতের রাজনীতির আগুন উসকে দিয়েছিলেন বিজেপি সাংসদ সাক্ষী মহারাজ। নাম না করে মুসলিমদের বিরুদ্ধে তোপ দাগেন তিনি। ভারতের জনসংখ্যা বৃদ্ধির জন্য সংখ্যালঘু সম্প্রদায়কেই দায়ি করেছিলেন বিজেপি সাংসদ৷ তাঁর এমন মন্তব্যে দেশ জুড়ে বিতর্কের ঝড় উঠেছিল৷ তারই জেরে এবার নির্বাচন কমিশনের রোষের মুখে পড়লেন মহারাজ৷ তাঁর মন্তব্যের পক্ষে যথাযথ যুক্তি চেয়ে নোটিস পাঠানো হল৷ কমিশনের দাবি, এমন মন্তব্য করে নির্বাচনী বিধি লঙ্ঘন করেছেন তিনি৷ বুধবারের মধ্যে কমিশনের কাছে এর জবাবদিহি করতে হবে উন্নাওয়ের সাংসদকে৷
পাঞ্জাবে নাশকতার ছক আইএসআইএলের-আজকাল
আসন্ন বিধানসভা ভোটের আগে পাঞ্জাবে নাশকতা চালাতে পারে জঙ্গিরা। আইএসআইয়ের মদতে সাম্প্রদায়িক অস্থিরতাও তৈরি হতে পারে। ঠিক ২০১৫ সালের মতো। পাঞ্জাব পুলিসের ডিজিপি সুরেশ আরোরাকে জানাল কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর। বানচাল করতে তৎপর আইএসআই। পাঁচ রাজ্যে বিধানসভা ভোটে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা করতে সম্প্রতি একটি বৈঠক হয়। সেখানেই পাঞ্জাবে নাশকতার সম্ভাবনার কথা জানানো হয়। পাঁচ রাজ্যে বিধানসভা ভোটের জন্য ৮৫,০০০ নিরাপত্তারক্ষীবাহিনীর ব্যবস্থা করেছে স্বরাষ্ট্র দপ্তর।
অখিলেশই মুখ্যমন্ত্রী হবে,হঠাৎ বললেন মুলায়াম-গণশক্তি
ভোটের প্রক্রিয়া শুরু হয়ে গেলেও সমাজবাদী পার্টির অভ্যন্তরের নাটকে কোনো যবনিকা পড়ছে না। সোমবার মুলায়াম সিং নির্বাচন কমিশনে পৌঁছে দলের প্রধান হিসেবে নিজেকে ঘোষণা করে প্রতীক তাঁর কাছে রাখার দাবি জানালেন। অখিলেশ শিবিরের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে বলা হলো দ্রুত সিদ্ধান্ত নিন সাইকেল প্রতীক দেওয়া হবে কি না। যখন মনে হচ্ছে দুই পক্ষই অনড়, আর সমঝোতার কোনো সম্ভাবনা নেই। তখনই রাতের দিকে সংবাদসংস্থা এ এন আই-কে মুলায়াম সিং জানালেন, অখিলেশ যাদবই দলের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী। ভোটের পর অখিলেশই মুখ্যমন্ত্রী হবে।#
পার্সটুডে/জিএআর/১০