ইজতেমায় আগত বিদেশি মেহমানদের ওপর বাড়তি নজরদারি
পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ১২ জানুয়ারি বৃহস্পতিবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ তুলে ধরব।
বাংলাদেশের শিরোনাম:
- জঙ্গি দমনে কোস্ট গার্ডকেও কাজ করতে হবে: প্রধানমন্ত্রী-ইত্তেফাক
- সাংসদ হত্যার প্রধান সন্দেহভাজন আটক: র্যাব-প্রথম আলো
- সালমান এফ রহমানের শেয়ার কেলেঙ্কারি বেক্সিমকোর মামলা বাতিলের দায় বিএসইসির-যুগান্তর
- ইজতেমায় আগত বিদেশি মেহমানদের ওপর বাড়তি নজরদারি-কালের কণ্ঠ
- 'রঙিন খোয়াব দেখে লাভ নেই বিএনপির-বাংলাদেশ প্রতিদিন
ভারতের শিরোনাম:
- মোদির নোট বাতিলের সিদ্ধান্তকে স্বাগত বিশ্ব ব্যাংকের-সংবাদ প্রতিদিন
- সরকার পাশে নেই মঙ্গলকোটে আত্মঘাতী কৃষক-গণশক্তি
পাঠক! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ। প্রথমে বাংলাদেশ..
জঙ্গি দমনে কোস্ট গার্ডকেও কাজ করতে হবে: প্রধানমন্ত্রী-ইত্তেফাক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘উপকূলীয় এলাকায় কোস্ট গার্ড আস্থা ও নির্ভরতার প্রতীকে পরিণত হয়েছে। মানবপাচার, চোরাচালান রোধসহ কোস্ট গার্ড নানা কাজ করছে। জঙ্গিবাদ প্রতিরোধে বাংলাদেশ সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তাই জঙ্গি দমনে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি কোস্ট গার্ডকেও কাজ করতে হবে।’
আজ চট্টগ্রামে বিমানবাহিনীর জহুরুল হক ঘাঁটিতে কোস্টগার্ডের দুইটি জাহাজের কমিশনিং অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ কোনো জঙ্গি রাষ্ট্র নয়। জঙ্গি দমনে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। জঙ্গিবাদের আশ্রয়-প্রশ্রয় ও মদদ দাতাদের বর্তমান সরকার কোনো ধরনের ছাড় দেবে না।
সালমান এফ রহমানের শেয়ার কেলেঙ্কারি বেক্সিমকোর মামলা বাতিলের দায় বিএসইসির-যুগান্তর
শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) দোষেই বাতিল হয়েছে বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানের শেয়ার কেলেংকারির দুটি গুরুত্বপূর্ণ মামলা। দায়সারা আইনজীবী দিয়েই মামলা পরিচালনা করছে কমিশন। বর্তমানে ট্রাইব্যুনালে একটি মামলার শুনানিতে বিএসইসির আইনজীবীর ফি মাত্র ৫০০ টাকা। কিন্তু বিপক্ষের আইনজীবীরা প্রতি শুনানির জন্য দুই লাখ টাকা পর্যন্ত ফি পান।
এছাড়া মামলার আইনজীবী পরিবর্তনের ব্যাপারে ২০১২ সালে সুপারিশ করেছিল অর্থ মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় কমিটি। কিন্তু রহস্যজনক কারণে তা আমলে নেয় নি বিএসইসি।
এদিকে উচ্চ আদালতে মামলা বাতিলের পর নিয়মরক্ষার জন্য এখন আপিলের প্রস্তুতি নিচ্ছে কমিশন। যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেন বিএসইসির নির্বাহী পরিচালক সাইফুর রহমান।
অর্থনীতিবিদরা বলছেন, সুনির্দিষ্ট প্রমাণ থাকার পরও মামলাটি দুর্বলভাবে সাজানো হয়। কেননা, বেক্সিমকো নিজস্ব ব্রোকারেজ হাউস দিয়ে ১৯৯৬ সালে শেয়ার কারসাজি করে। এর প্রমাণ রয়েছে তদন্ত কমিটির রিপোর্টে।
জানা গেছে, শুধু ১৯৯৬ সালেই নয়, ২০০৯ সালেও বিভিন্ন উপায়ে শেয়ারবাজার থেকে ১ হাজার ৬০০ কোটি টাকা তুলে নিয়েছে বেক্সিমকো
'রঙিন খোয়াব দেখে লাভ নেই বিএনপির -বাংলাদেশ প্রতিদিন
'এরপর থেকে সোহরাওয়ার্দীতে অনুমতি না পেলে অনুমতি ছাড়াই বিএনপি জনসভা করবে'- বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যে দল (বিএনপি) গত তিন বছরে তিন মিনিটের জন্য রাজপথে উত্তাপ ছড়াতে পারেনি, সে দলের রূপকথার রাজ্যে রঙিন খোয়াব দেখে লাভ নেই।
এ সম্পর্কিত খবরে ইত্তেফাকে বলা হয়েছে, গত তিন বছরে সরকারের সাফল্য ও ব্যর্থতা নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কিছু ব্যর্থতা থাকলেও ক্ষমতার তিন বছরে সরকারের সফলতার পাল্লাই ভারি। ওবায়দুল কাদের বলেন, ১৯৭৫ সালের পর ২৬ বছরে কোনো সরকার যা করতে পারে নি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার তিন বছরে তা করে দেখিয়েছে।
এদিকে, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, 'বিএনপি নেতা রিজভী আহমেদের বক্তব্যেই স্পষ্ট হয়েছে তারা দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চান।' তাই সব ধরনের নৈরাজ্য ও অগণতান্ত্রিক পথ থেকে ফিরে এসে বিএনপিকে জনগণের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন ড. হাছান।
ইজতেমায় আগত বিদেশি মেহমানদের ওপর বাড়তি নজরদারি-কালের কণ্ঠ
বিশ্ব ইজতেমার ময়দানে আগত সব বিদেশি মেহমানদের সার্বিক নিরাপত্তা ও তাদের ওপর নজরদারির সুবিধার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। এ ছাড়া আলাদা কোনো দেশই নয়, সব দেশের মেহমানদের প্রতি সমান নজরদারিও থাকবে।
আজ দুপুর ১২টার দিকে গাজীপুর টঙ্গীর তুরাগ নদে বিশ্ব ইজতেমার ময়দান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সার্বিক পরিস্থিতি পরিদর্শনের পর গাজীপুর জেলার পুলিশ সুপার (এসপি) হারুন অর রশিদ সংবাদিকদের এসব কথা বলেন।
সাংসদ হত্যার প্রধান সন্দেহভাজন আটক: র্যাব-প্রথম আলো
গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সাংসদ মনজুরুল ইসলাম হত্যার ‘প্রধান সন্দেহভাজন’ ব্যক্তিকে তাঁর এক সহযোগীসহ আটকের দাবি করেছে র্যাব।
সাক্ষীদের শপথকে চ্যালেঞ্জ করায় খালেদার আত্মপক্ষ সমর্থন পেছাল-প্রথম আলো
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া যখন আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য দিচ্ছেন, তখন মামলার সাক্ষীদের শপথকে চ্যালেঞ্জ করে তাঁর পক্ষ থেকে উচ্চ আদালতে আবেদন করা হয়েছে। এ উপলক্ষে তাঁর আইনজীবীদের সময় চেয়ে করা আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত খালেদা জিয়ার অসমাপ্ত বক্তব্য উপস্থাপনের জন্য ২৬ জানুয়ারি তারিখ ধার্য করেন।
পাঠক ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।
সরকার পাশে নেই মঙ্গলকোটে আত্মঘাতী কৃষক-গণশক্তি
মুখ্যমন্ত্রী কোটি কোটি টাকা খরচ করে মাটি উৎসবে ব্যস্ত, সেই সময় মঙ্গলকোটের এক ভাগচাষি সরকারি সহায়ক মূল্যে ধান বিক্রি করতে না পেরে আত্মহত্যা করেছেন। আত্মঘাতী ভাগচাষির নাম কলেজ মাজি (২৯)। বাড়ি মঙ্গলকোটের ভাল্যগ্রাম গ্রাম পঞ্চায়েতের কুলসোনা গ্রামে। কলেজ মাজির আত্মহত্যার খবরে গোটা গ্রামে বিষণ্ণতা নেমে আসে।
মোদির নোট বাতিলের সিদ্ধান্তকে স্বাগত বিশ্ব ব্যাঙ্কের-সংবাদ প্রতিদিন
প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের দাবি উড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নোট বাতিলের সিদ্ধান্তকে স্বাগত জানাল বিশ্ব ব্যাংক। এক বিবৃতিতে বিশ্ব ব্যাংক জানিয়েছে, নোট বাতিলের ফলে সাধারণ মানুষের উপর যে প্রভাব পড়েছে তা দ্রুতই দূর হবে ও মানুষ এর সুফল পেতে শুরু করবেন।#
পার্সটুডে/জিএআর/১২