জানুয়ারি ১৪, ২০১৭ ১২:৩৬ Asia/Dhaka
  • উন্নয়ন বিএনপির চোখে পড়ে না- কাদের: বিএনপি মানে আসামি, অন্ধকারে হত্যা’- ফখরুল

পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ১৪ জানুয়ারি শনিবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।

বাংলাদেশের শিরোনাম:

  • হলি আর্টিজানে হামলার পরিকল্পনাকারী রাজীব গান্ধী গ্রেফতার-ইত্তেফাক
  • রাষ্ট্রপতির সিদ্ধান্ত মেনে নেবে আ. লীগ: কাদের -প্রথম আলো
  • ‘বিএনপি মানে আসামি, অন্ধকারে হত্যা’ : মির্জা ফখরুল -যুগান্তর
  • বিচারকের অভাবে মামলাজট: প্রধান বিচারপতি -কালের কণ্ঠ
  • লালমনিরহাট-কুড়িগ্রাম রেল লাইনে এবার বাঁশ-বাংলাদেশ প্রতিদিন

ভারতের শিরোনাম:

  • রাহুল গান্ধীর বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে নালিশ বিজেপির-সংবাদ প্রতিদিন
  • জওয়ান-ক্ষোভে ব্যবস্থার  আশ্বাস সেনাপ্রধানের -গণশক্তি
  • অনশনে যজ্ঞপ্রতাপ সিং, নিষেধাজ্ঞা স্মার্টফোনে-আজকাল

পাঠক! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ। প্রথমে বাংলাদেশ..

হলি আর্টিজানে হামলার পরিকল্পনাকারী রাজীব গান্ধী গ্রেফতার-ইত্তেফাক

জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধী

রাজধানীর গুলশানের হলি আর্টিজান রেস্টুরেন্টে হামলার আরেক পরিকল্পনাকারীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট। তার নাম জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধী (৩০)। শুক্রবার রাতে টাঙ্গাইল থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন ডিএমপির মিডিয়া শাখার উপ-কমিশনার মাসুদুর রহমান।

এ সম্পর্কিত খবরে সংবাদ প্রতিদিনে লেখা হয়েছে, ২২টি হত্যার সঙ্গে নিজের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধী ওরফে সুভাষ ওরফে শান্ত ওরফে টাইগার ওরফে আদিল ওরফে জাহিদ। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ডিএমপির মিডিয়া সেন্টারে  এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম (সিটি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।

এ সময় সিটি প্রধান মনিরুল ইসলাম বলেন, “নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে নিহত ‘নব্য জেএমবির প্রধান তামিম আহমেদ চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী ছিলেন এই রাজীব গান্ধী। তিনি নব্য জেএমবির উত্তরবঙ্গ অঞ্চলের সামরিক কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

দেশের উন্নয়ন বিএনপির চোখে পড়ে না-ওবায়দুল কাদের-সংবাদ প্রতিদিন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের (ফাইল ফটো)

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, “উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশ এখন বিশ্বের বিস্ময়। কিন্তু এসব উন্নয়ন বিএনপির চোখে পড়ে না। ” শনিবার সুনামগঞ্জে একটি সেতু নির্মাণকাজের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

এ সময় বিএনপির উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, “বিএনপি আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ হয়ে এখন নালিশ পার্টিতে পরিণত হয়েছে। তারা বলেছিল যে সরকার পদ্মা সেতু করতে পারবে না। এখন পদ্মা সেতুর ৪০ ভাগ কাজ হয়ে গেছে। এখন হয়তো বিএনপি বলবে এই সেতুর সিমেন্ট-রড ভালো না, এই সেতু ভেঙে পড়তে পারে। ”

প্রথম আলোতে ওবায়দুল কাদেরের বক্তব্য এভাবে ছঠাপা হয়েছে, নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতি যে সিদ্ধান্ত দেবেন সেটি আওয়ামী লীগ মেনে নেবে বলে মন্তব্য করেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘রাষ্ট্রপতির প্রতি আমাদের আস্থা, বিশ্বাস ও সম্মান আছে।

আরো ধৈর্য ধরুন: বিএনপিকে নাসিম-ইত্তেফাক

বিএনপিকে আরো ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। শনিবার দুপুরে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত ১৪ দলের বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন। মোহম্মদ নাসিম বলেন,  এত দিন ধৈর্য ধরেছেন আর দুইটি বছর ধৈর্য ধরে সাংবিধানিক পন্থায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিন।

ইসি গঠন নিয়ে কোনো আইন না করার দাবি রিজভীর-ইত্তেফাক

নির্বাচন কমিশন গঠন নিয়ে বর্তমান সংসদে কোনো আইন না করার দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তার দাবি, বর্তমান সংসদ একতরফা। এখানে কোনো আইন করা হলে সেটিও একতরফা হবে। আওয়ামী লীগ আগামী নির্বাচনে ই-ভোটিং চালুর প্রস্তাব করলেও এর বিরোধিতা করছেন রিজভী।

‘বিএনপি মানে আসামি, অন্ধকারে হত্যা’ : মির্জা ফখরুল-যুগান্তর

বিএনপি মহাসচিব  ফখরুল ইসলাম আলমগীর 

বিএনপি মানে আসামি, বিএনপি মানে অন্ধকারে হত্যা, বিএনপি মানে বাসা বাড়ি ছেড়ে পালিয়ে বেড়ানো।  নিজ দল বিএনপির চলমান অবস্থাকে এভাবেই তুলে ধরেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনিষ্টিটিউটে কবি আব্দুল হাই শিকদারের লিখা ‘জোতির্ময় জিয়া এবং কালো মেঘের দল’ শীর্ষক কবিতার বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।  

লালমনিরহাট-কুড়িগ্রাম রেল লাইনে এবার বাঁশ-বাংলাদেশ প্রতিদিন

মৌলভীবাজারের মনু রেলসেতুতে রেললাইনের স্লিপারের ওপরে বাঁশ ব্যবহারের খবর প্রকাশের রেশ না কাটতেই এবার লালমনিরহাটের তিস্তা থেকে কুড়িগ্রামগামী রেলপথের বিভিন্ন জায়গায় কাঠের স্লিপারের ওপর বাঁশ এবং লাইনের উভয়দিকে গাছের সরু ডাল ব্যবহার করতে দেখা গেছে। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

 সরেজমিনে দেখা গেছে, লালমনিরহাট তিস্তা-কুড়িগ্রাম রেলপথের টোগরাইহাট স্টেশনের প্রায় ৫০০ মিটার পূর্ব দিকে যোতগোবরধন এলাকায় অবস্থিত প্রায় ৫০ মিটার রেলসেতুর ওপর রেললাইনের উভয়দিকে কাঠের স্লিপারের ওপর দিয়ে সরু বাঁশের ফালি লাগিয়ে দেয়া হয়েছে।

শৈত্য প্রবাহ অব্যাহত থাকবে: আবহাওয়া অধিদপ্তর-কালের কণ্ঠ

Image Caption

টাঙ্গাইল, শ্রীমঙ্গল, রাজশাহী, পাবনা, দিনাজপুর, কুড়িগ্রাম, নীলফামারী, পঞ্চগড় ও চুয়াডাঙ্গা অঞ্চল সমূহের উপর দিয়ে তীব্র শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে। এ ছাড়া বরিশাল বিভাগ এবং ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, সীতাকুণ্ড, রাঙ্গামাটি, কুমিল্লা, ফেনী, বগুড়া, সিরাজগঞ্জ, রংপুর, সৈয়দপুর, খুলনা, সাতক্ষীরা, যশোর ও কুষ্টিয়া অঞ্চল সমূহের উপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে।আজ সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়েছে এ শৈত্য প্রবাহ পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।

পাঠক ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।

রাহুল গান্ধীর বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে নালিশ বিজেপির-সংবাদ প্রতিদিন

রাহুল গান্ধী

ধর্মীয় ভাবাবেগে আঘাত করার জন্য রাহুল গান্ধীর বিরুদ্ধে অভিযোগ জানাল বিজেপি৷ নির্বাচনী লড়াইয়ে ধর্মীয় ভাবাবেগকে অস্ত্র হিসাবে ব্যবহার করার জন্যই রাহুলের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে৷ শুক্রবার বিজেপি’র একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশনের কাছে গিয়ে কংগ্রেস সহ-সভাপতির বিরুদ্ধে অভিযোগ জানায়৷

জওয়ান-ক্ষোভে ব্যবস্থার  আশ্বাস সেনাপ্রধানের –গণশক্তি

সীমান্ত সেনার খাবারের মান নিয়ে অভিযোগের জেরে সেনাদের থেকে অভিযোগ নিতে বিশেষ ব্যবস্থা গ্রহণের কথা ঘোষণা করলেন সেনাপ্রধান বিপিন রাওয়াত। শুক্রবার সাংবাদিক সম্মেলনে তিনি তা ঘোষণা করেন। গতমাসে সেনাপ্রধানের দায়িত্ব গ্রহণ করেছেন রাওয়াত। এদিন প্রথম সাংবাদিক সম্মেলনেই তিনি কার্যত স্বীকার করে নেন সীমান্ত প্রহরায় থাকা সেনার সেই অভিযোগ। সোস্যাল মিডিয়ায় এক সৈনিক সেনাবাহিনীতে নিম্ন মানের খাবারের কথা সরাসরি জানিয়ে দিয়েছেন। যা রীতিমতো হইচই ফেলে দিয়েছে সারা দেশে। বিব্রত করেছে কেন্দ্রের মোদী সরকারকে।

লিঙ্গভেদে বাড়তি সুবিধা নয় বাহিনীতে, স্পষ্ট জানালেন নয়া সেনাপ্রধান-সংবাদ প্রতিদিন

ভারতীয় মহিলা সেনা

সমানাধিকার থেকে আসে সমান দায়িত্ব। তাই মহিলাদেরই সিদ্ধান্ত নিতে হবে যে, পৃথক সুযোগ-সুবিধা ছাড়া তাঁরা পুরুষদের সঙ্গে যুদ্ধক্ষেত্রে যাবেন কি না। শুক্রবার এমনই মন্তব্য করলেন দেশের নবনিযুক্ত সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত। তিনি আরও জানিয়েছেন, জওয়ানরা ট্যাঙ্কের ভিতরেই জীবনযাপন করেন। সেখানেই রান্নাবান্না করেন ও ঘুমোন। মহিলারা কমব্যাট বাহিনীতে থাকলেও তাঁদের যুদ্ধক্ষেত্রে পাঠানো হয় না। জেনারেল রাওয়াত আরও উল্লেখ করেছেন, পেট্রলিংয়ের সময় শৌচাগারের বন্দোবস্ত থাকে না।

অনশনে যজ্ঞপ্রতাপ সিং, নিষেধাজ্ঞা স্মার্টফোনে-আজকাল

শুক্রবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ এনেছিলেন বিএসএফ জওয়ান যজ্ঞপ্রতাপ সিং। সেই সিং শনিবার অনশন শুরু করলেন। জানিয়েছেন যজ্ঞপ্রতাপের সিংয়ের স্ত্রী। বলেন, ‘আমার স্বামীর মোবাইল কেড়ে নেওয়া হয়েছে। ৮ টার সময় শেষবার কথা হয়েছে। মাত্র পাঁচ সেকেন্ডের জন্য কথা বলতে পেরেছে। ফোনে কাঁদছিল।‌ ইতিমধ্যে খাওয়া–দাওয়া বন্ধ করে দিয়েছে।’ এর আগে গতকাল সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছিলেন ল্যান্সনায়েক যজ্ঞপ্রতাপ সিং।#

পার্সটুডে/জিএআর/১৪