জানুয়ারি ১৫, ২০১৭ ১২:৩৫ Asia/Dhaka

পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ১৫ জানুয়ারি রোববারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।

বাংলাদেশের শিরোনাম:

  • বিচারকদের শৃঙ্খলা বিধি গেজেট হয়নি, আবারো সময় পেল সরকার -ইত্তেফাক
  • আখেরি মোনাজাতে লাখো মুসল্লি -প্রথম আলো
  • চলতি অর্থবছরে প্রবৃদ্ধি হবে ৭.৫%-আ হ ম মোস্তফা কামাল-যুগান্তর
  • ফখরুলদের বিরুদ্ধে অভিযোগ গঠন ২৭ মার্চ-কালের কণ্ঠ
  • খুলনায় কলেজ শিক্ষককে খুন করে মালামাল লুট-বাংলাদেশ প্রতিদি

ভারতের শিরোনাম:

  • পুরোটাই ষড়যন্ত্র, দিদির কীর্তি, আদালতের পথে অভিযোগ জয়প্রকাশের-সংবাদ প্রতিদিন
  • প্রতারণার দায়ে গ্রেপ্তার বি জে পি নেতা-গণশক্তি
  • পতাকা–পাপোষের পরে চটিতে গান্ধী!-আজকাল

পাঠক/শ্রোতা! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ। প্রথমে বাংলাদেশ..

আখেরি মোনাজাতে লাখো মুসল্লি-প্রথম আলো

গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত

গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নিয়েছেন লাখো মুসল্লি।

আজ বেলা ১১টার একটু পরেই মোনাজাত শুরু হয়। সাড়ে ১১টার পরে তা শেষ হয়। মোনাজাত পরিচালনা করেন তাবলীগ জামাতের শীর্ষ মুরব্বি ও ভারতের দিল্লির মাওলানা মোহাম্মদ সা’দ। মোনাজাত শেষে মুসল্লিরা জোটবদ্ধ হয়ে ইসলামি দাওয়াতি কাজে বের হবেন।

ঢাকায় গণভবন থেকে আখেরি মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গুলশানের কার্যালয় থেকে মোনাজাতে অংশ নেন। মোনাজাতে মুসলিম উম্মাহর শান্তি ও মঙ্গলকামনা করা হয়।

বিচারকদের শৃঙ্খলা বিধি গেজেট হয়নি, আবারো সময় পেল সরকার –ইত্তেফাক

সুপ্রিম কোর্ট

নিম্ন আদালতের বিচারকদের শৃঙ্খলা বিধি সংক্রান্ত গেজেট জারি করেনি সরকার। গেজেট জারির জন্য আবারো আদালতে সময় প্রার্থনা করা হয়েছে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ঐ সময় আবেদন মঞ্জুর করে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত সরকারকে সময় দিয়েছে। এই সময়ের মধ্যে শৃঙ্খলা বিধিমালা গেজেট করে জারি করে আদালতে দাখিল করতে অ্যাটর্নি জেনারেলকে নির্দেশ দেয়া হয়েছে।

চলতি অর্থবছরে প্রবৃদ্ধি হবে ৭.৫%-আ হ ম মোস্তফা কামাল-যুগান্তর

বাংলাদেশের পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল

চলতি অর্থবছর জিডিপি প্রবৃদ্ধি ৭ দশমিক ৫ শতাংশ প্রাক্কলন করার কথা জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, 'অর্থবছরের প্রথম ৬ মাস দেশের সামষ্টিক অর্থনীতি বেশ ভালো অবস্থানে রয়েছে। এ ধারা অব্যাহত থাকলে ২০১৭ সালের অর্থনীতি ২০১৬ সালের চেয়েও শক্তিশালী অবস্থানে থাকবে।' 

রোববার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে মিট দ্য প্রেস অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ফখরুলদের বিরুদ্ধে অভিযোগ গঠন ২৭ মার্চ-কালের কণ্ঠ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ও নাশকতার মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৪৬ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য ২৭ মার্চ দিন ধার্য করেছেন আদালত। আসামিপক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে রবিবার ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরী এ দিন ধার্য করেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১২ সালের ২৯ এপ্রিল হরতাল চলাকালে আসামিরা পরস্পর যোগসাজশে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটান।

খুলনায় কলেজ শিক্ষককে খুন করে মালামাল লুট-বাংলাদেশ প্রতিদিন

খুলনায় চিত্তরঞ্জন বাইন (৪৫) নামে এক কলেজ শিক্ষককে খুন করে মালামাল লুট করেছে ডাকাতরা। আজ রবিবার দুপুর ২টার দিকে মহানগরীর শের এ বাংলা রোডের ৫৯ নম্বর বাড়ির নিচ তলায় ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

রাতের কোনো এক সময় ডাকাতরা ডাকাতি করতে ঘরে ঢুকলে চিত্তরঞ্জন তাদের দেখে ফেলায় তাকে হত্যা করে মালামাল লুট করে নিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে।

পাঠক/শ্রোতা ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।

পতাকা–পাপোষের পরে চটিতে গান্ধী!-আজকাল

ভারতীয় পতাকা ছাপা পাপোষের পর মহাত্মা গান্ধীর মুখ আঁকা চটি

ভারতীয় পতাকা ছাপা পাপোষের পর মহাত্মা গান্ধীর মুখ আঁকা চটি। অ্যামাজনের মার্কিন পোর্টালে এই ‘গান্ধী ‌ফ্লিপ ফ্লপস’–ই বিক্রি হচ্ছে। দাম ১৬.‌৯৯ পাউন্ড। ভারতীয় মুদ্রায় প্রায় ১২০০ টাকা। টুইটারে কয়েক জন বিষয়টি পোস্ট করে প্রধানমন্ত্রী মোদি এবং বিদেশমন্ত্রী সুষমা স্বরাজকে ট্যাগ করেছেন। যদিও এই নিয়ে বিদেশ মন্ত্রক সরাসরি কোনও মন্তব্য করেনি। শনিবার অনলাইন বিকিকিনি সংস্থা অ্যামাজন–কে ক্ষোভ জানিয়ে চিঠি পাঠানো হয়।

প্রতারণার দায়ে গ্রেপ্তার বি জে পি নেতা-গণশক্তি

প্রতারণার অভিযোগে এফ আই আর দায়ের হয়েছিল পাঁচ মাস আগে। সেই অভিযোগের ভিত্তিতেই রাজ্য বি জে পি’র সহ সভাপতি জয়প্রকাশ মজুমদারকে শনিবার সকাল থেকে প্রায় আট ঘণ্টা জেরা শেষে রাতে গ্রেপ্তার করলো বিধাননগর(উত্তর) থানার পুলিশ। রোজভ্যালি কেলেঙ্কারিতে সি বি আই তদন্তে পরপর দুই তৃণমূল সাংসদ গ্রেপ্তার হওয়ার পরেই বি জে পি’র এক নেতাকে রাজ্য পুলিশের গ্রেপ্তারির ঘটনায় তৃণমূল এবং বি জে পি’র দুপক্ষই পালটা ‘প্রতিহিংসার’ রাজনীতির অভিযোগ তুলতে শুরু করেছে।

পুরোটাই ষড়যন্ত্র, দিদির কীর্তি, আদালতের পথে অভিযোগ জয়প্রকাশের-সংবাদ প্রতিদিন

টেট প্রার্থীদের কাছ থেকে ৭.২০ লক্ষ টাকা নেওয়ার অভিযোগে ধৃত রাজ্য বিজেপির সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে সরব হলেন। শনিবার বিধাননগর উত্তর থানায় দিনভর ম্যারাথন জেরার পর তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। রবিবার তাঁকে বিধাননগর আদালতে পেশ করা হয়। এদিনে বিধাননগর কমিশনারেটের ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানা থেকে তাঁকে বের করে আদালতে নিয়ে যাওয়ার পথে সংবাদমাধ্যমের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তোলেন। জয়প্রকাশের মন্তব্য, ‘পুরোটাই ষড়যন্ত্র, দিদির কীর্তি!’#

পার্সটুডে/জিএআর/১৫