নারায়ণগঞ্জের ৭ খুনের মামলায় নূর হোসেন, তারেক সাঈদসহ ২৬ জনের মৃত্যুদণ্ডের রায়
পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ১৬ জানুয়ারি সোমবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।
বাংলাদেশের শিরোনাম:
- টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ থেকে এমপি রানা বহিষ্কার-ইত্তেফাক
- নূর হোসেন, তারেক সাঈদসহ ২৬ জনের মৃত্যুদণ্ড-প্রথম আলো
- পাচারের ৯৭ শতাংশ অর্থ ৪৩ হাজার কোটি টাকা হিসাবের বাইরে-যুগান্তর
- আমি ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছি: নূর হোসেন-কালের কণ্ঠ
- শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে-বাংলাদেশ প্রতিদিন
ভারতের শিরোনাম:
- খাদির ক্যালেন্ডারে ছবি, জানেনই না প্রধানমন্ত্রী-সংবাদ প্রতিদিন
- নৌকাডুবিকে ঘিরে শুরু রাজনৈতিক চাপানউতোর -গণশক্তি
- কংগ্রেস নাকি তাঁর আসল ঘর, দাবি সিধুর-আজকাল
শ্রোতা/পাঠক! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ। প্রথমে বাংলাদেশ..
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ৭ খুনের মামলায় প্রধান আসামী নূর হোসেন, তারেক সাঈদসহ ২৬ জনের মৃত্যুদণ্ডের খবরটি আজকের সব দৈনিকে বিশেষভাবে প্রকাশিত হয়েছে। প্রথম আলোর খবর-নারায়ণগঞ্জে আলোচিত সাত খুনের মামলায় সাবেক কাউন্সিলর নূর হোসেন, র্যাবের সাবেক কর্মকর্তা লে. কর্নেল তারেক সাঈদ মোহাম্মদসহ ২৬ আসামিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। বাকি নয় আসামির সবাইকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ সকালে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেন এই রায় ঘোষণা করেন।
রায়ের পর বিভিন্ন জনের প্রতিক্রিয়া ছাপা হয়েছে মানবকণ্ঠে। এ সম্পর্কিত খবরগুলো হচ্ছে-রায়ে সন্তোষ প্রকাশ করেছে নিহতের স্বজনরা তবে নিরুত্তর আসামিদের পরিবার। রায়ের সময় এজলাসে কাঁদলেন তারেক, গম্ভীর ছিলেন নূর হোসেন। রায়ের প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অপরাধ করে কেউ পার পারবে না। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, মামলার তদন্ত প্রভাবমুক্ত ও নিরপেক্ষ ছিল। আর আইনমন্ত্রী বলেছেন, সুষ্ঠু বিচারের দায়িত্ব পালন করেছে রাষ্ট্র। তবে কালের কণ্ঠের খবর- নূর হোসেন বলেছেন আমি ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছি। আর বর্তমানের খবর- নূর হোসেনের আইনজীবী বলেছেন- নূর হোসেন আপিল করবেন। তবে ওবায়দুল কাদের বলেন, ফাঁসির রায় উচ্চ আদালতেও বহাল থাকবে।
সেই রসরাজের জামিন-মানবকণ্ঠ
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ধর্মীয় অবমাননাকর ছবি পোস্টের ঘটনায় পুলিশের করা আইসিটি আইনের মামলায় গ্রেফতার রসরাজ দাসের জামিন মঞ্জুর করেছেন আদালত।
টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ থেকে এমপি রানা বহিষ্কার-ইত্তেফাক
টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির সভায় এমপি আমানুর রহমান খান রানা ও তার অপর তিন ভাইকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির সভায় এমপি আমানুর রহমান খান রানা ও তার অপর তিন ভাইকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
মুক্তিযোদ্ধা ও জেলা আওয়ামী লীগ নেতা ফারুক আহমেদকে হত্যা ও ঘাটাইল উপজেলা ছাত্রলীগ নেতা আবু সাঈদ রুবেলকে হত্যার পরিকল্পনার অভিযোগে এমপি রানাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়।
পাচারের ৯৭ শতাংশ অর্থ ৪৩ হাজার কোটি টাকা হিসাবের বাইরে-যুগান্তর
প্রতি বছর দেশ থেকে পাচার হচ্ছে গড়ে প্রায় ৪৫ হাজার কোটি টাকা। এর বিপরীতে মামলা হচ্ছে মাত্র দেড় হাজার কোটি টাকার। এটি মোট পাচারকৃত অর্থের ৩ শতাংশ। আর বাকি প্রায় ৯৭ শতাংশ অর্থ (৪৩ হাজার কোটি টাকা) পাচারের কোনো রেকর্ড নেই। ফলে এ পরিমাণ অর্থ হিসাবের আওতায় আসছে না। পাচার হওয়া অর্থের একটি বড় অংশ জমা আছে সুইস ব্যাংকে।
শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে-বাংলাদেশ প্রতিদিন
দেশের বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি ধরণের শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে। সোমবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
শ্রোতা/পাঠক ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।
খাদির ক্যালেন্ডারে ছবি, জানেনই না প্রধানমন্ত্রী-সংবাদ প্রতিদিন
খাদির ক্যালেন্ডার ও ডায়েরিতে যে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহৃত হয়েছে, সেই তথ্যই নেই প্রধানমন্ত্রীর দফতরের(পিএমও) কাছে। প্রধানমন্ত্রীর অনুমোদন ছাড়াই ব্যবহার করা হয়েছে তাঁর ছবি, এমনটাই জানানো হল প্রধানমন্ত্রীর দপ্তর থেকে।
সম্প্রতি খাদি গ্রামোদ্যোগ কমিশনের ওয়াল ক্যালেন্ডার ও টেবিল ডায়েরিতে মহাত্মা গান্ধীর বদলে ব্যবহার করা হয় নরেন্দ্র মোদির ছবি। প্রধানমন্ত্রীর চরকায় সুতো কাটার ছবি ঘিরে শুরু হয় বিতর্ক। প্রশ্ন ওঠে, গান্ধীজির ছবির বদলে কেন প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করা হল! এরপরই নড়েচড়ে বসে পিএমও।
কংগ্রেস নাকি তাঁর আসল ঘর, দাবি সিধুর-আজকাল
কংগ্রেসই নাকি তাঁর আসল ঘর। সেই ঘরেই তিনি ফিরে এলেন। কংগ্রেসে যোগ দিয়ে এমনই দাবি নভজ্যোৎ সিং সিধুর। রবিবারই রাহুল গান্ধীর সঙ্গে দেখা করে কংগ্রেসে যোগদান করেন। তাঁকে উপ মুখ্যমন্ত্রী করতে হবে, এমন শর্ত আরোপ করেছিলেন। সূত্রের খবর, কংগ্রেস এমন কোনও প্রতিশ্রুতি তাঁকে দেয়নি। বলা হয়েছে, আগে দল ক্ষমতায় আসুক, তারপর দেখা যাবে।
বিজেপি–তে থাকার সময় বারবার আক্রমণ করেছেন কংগ্রেসের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংকে। তাঁকে নিয়ে অনেক মস্করাও করেছেন। এখন সেই অমরিন্দরের নেতৃত্ব মেনেই লড়তে হবে।
নৌকাডুবিকে ঘিরে শুরু রাজনৈতিক চাপানউতোর-গণশক্তি
বাড়তি লাভের আশায় অতিরিক্ত যাত্রী তোলা হয়েছিল নৌকায়। আর তাতেই ঘটে গেল বিপত্তি। শেষপর্যন্ত ২৪টি দেহ উদ্ধার করেছে প্রশাসন। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিলেও এই নৌকাডুবিকে ঘিরে ইতিমধ্যে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়ে গিয়েছে। বি জে পি সরাসরি শূলে চড়িয়েছে রাজ্য সরকারকে। পরিচালন ব্যবস্থার ত্রুটি এবং গাফিলতির অভিযোগ তোলা হয়েছে।
এটিএম থেকে টাকা তোলায় নয়া বিধিনিষেধ কেন্দ্রের!-সংবাদ প্রতিদিন
নোট বাতিলের পর ফের বড়সড় ধাক্কা। এটিএম থেকেও টাকা তোলার উপর এবার জারি হচ্ছে নয়া কেন্দ্রীয় বিধিনিষেধ। এক মাসে তিনবারের বেশি ফ্রি-তে তোলা যাবে না টাকা। আসন্ন কেন্দ্রীয় বাজেটেই এই ঘোষণা হয়ে যেতে পারে, দাবি একটি সর্বভারতীয় সংবাদপত্রের। ইতিমধ্যেই এ বিষয়ে একটি খসড়া কেন্দ্রের কাছে জমা পড়েছে।
২৪ সপ্তাহের অন্তঃসত্ত্বাকে গর্ভপাতে অনুমতি-সংবাদ প্রতিদিন
ভ্রুণের খারাপ স্বাস্থ্যের কথা মাথায় রেখে ২৪ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক মহিলাকে গর্ভপাতে অনুমতি দিল সুপ্রিম কোর্ট। ভারতে চলতি আইনে সন্তানসম্ভবা হওয়ার ২০ সপ্তাহ পার করলে গর্ভপাত করা যায় না। ২০ ডিসেম্বর মহিলা গর্ভস্থ শিশুর খুলির ত্রুটির কথা জানতে পারেন। ২০ ডিসেম্বর তাঁর গর্ভপাতের আর্জি খারিজ করে দেন মুম্বইয়ের চিকিৎসকরা। তাঁদের যুক্তি ছিল, গর্ভধারণের পর ২০ সপ্তাহ অতিক্রান্ত।এরপর গর্ভপাতের অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্ত হয়েছিলেন মুম্বইয়ের ২২ বছরের ওই মহিলা।
সমঝোতার আশা ছাড়ছেন মুলায়ম-আজকাল
ছেলে অখিলেশের সঙ্গে সমঝোতার আশা ছেড়েই দিলেন যাদবকুলপতি মুলায়ম সিং যাদব। সোমবার লখনউতে দলের কর্মী সমর্থকদের সঙ্গে মতামত বিনিময় করেন তিনি। সেখানে তিনি বলেন, ‘আমি অখিলেশকে তিনবার ডেকেছি। কিন্তু ও এক মিনিটের জন্য আসে। আমার কথা শুরুর আগেই চলে যায়।’ তিনি অভিযোগ করেন, কোনও কেন্দ্রেই মুসলিমকে প্রার্থী করেননি অখিলেশ। হয়ত এ কারণেই অখিলেশ ‘মুসলিমদের স্বার্থ বিরোধী’ বলে প্রতিপন্ন হবেন। তাতে ক্ষতি হবে দলের। উত্তরপ্রদেশে ১৯ শতাংশ ভোটারই মুসলিম।#
পার্সটুডে/জিএআর/১৬