বিএনপির নাম নালিশ পার্টি রাখা উচিত: ওবায়দুল কাদের
শ্রোতাবন্ধুরা! পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ১৭ জানুয়ারি মঙ্গলবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।
বাংলাদেশের শিরোনাম:
- ঘের থেকে ছাত্রলীগ নেতার লাশ উদ্ধার-ইত্তেফাক
- হিউম্যান রাইটস ওয়াচ ভাড়ায় খাটা: আ.লীগ-প্রথম আলো
- বিএনপির নাম নালিশ পার্টি রাখা উচিত: ওবায়দুল কাদের-যুগান্তর
- জেলা পরিষদ নির্বাচন পদ্ধতি পরিবর্তন করা উচিত : সুজন-কালের কণ্ঠ
- দেশে ফিরে বাড়ি যাওয়ার পথে ট্রেনে খুন প্রবাসী-সমকাল
- কাশিমপুরের কনডেম সেলে নূর হোসেন-তারেক সাঈদসহ ৫ আসামি-বাংলাদেশ প্রতিদিন
- নারায়ণগঞ্জের ৭ খুনের মামলার রায় কার্যকর নিয়ে জনগণ শঙ্কিত : বিএনপি-নয়া দিগন্ত
- জবিতে শিক্ষক নিয়োগে ‘অধিকতর যোগ্য’ প্রার্থীকে বাদ দেয়ার অভিযোগ-মানবজমিন
ভারতের শিরোনাম:
- মাদ্রাসাগুলিতেও মিড ডে মিল চালুর সিদ্ধান্ত কেন্দ্রের-সংবাদ প্রতিদিন
- এ টি এম-এ সীমা বাড়িয়ে ১০ হাজার-গণশক্তি
- কংগ্রেসের সঙ্গে জোট বাঁধছেন অখিলেশ-আজকাল
শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ। প্রথমে বাংলাদেশ..
বিএনপির নাম নালিশ পার্টি রাখা উচিত: ওবায়দুল কাদের-যুগান্তর
বাংলাদেশ ন্যাশনাল পার্টি (বিএনপি) থেকে নাম পরিবর্তন করে বাংলাদেশ নালিশ পার্টি রাখা উচিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের হেমায়েতপুর এলাকায় বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) ভ্রাম্যমাণ আদালত পরিদর্শন শেষে মন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, বিএনপি সব বিষয়েই অন্ধকারে ঢিল ছোড়ে। কিন্ত সত্য খুঁজে পায় না। সব সময় নালিশ করতে থাকে। এজন্য তারা এখন নালিশ নির্ভর দলে পরিণত হয়েছে। তাদের নাম বাংলাদেশ ন্যাশনাল পার্টি থেকে পরিবর্তন করে বাংলাদেশ নালিশ পার্টি (বিএনপি) রাখা উচিত। ওবায়দুল কাদের বলেন, বিএনপি জাম্বজেট মার্কা কমিটি করে। নেতারা ঘরে বসে হিন্দি সিরিয়াল দেখে। এ অবস্থায় কর্মীরা মাঠে থেকে কি করবে? প্রশ্ন রাখেন তিনি।
হিউম্যান রাইটস ওয়াচ ভাড়ায় খাটা: আ.লীগ-প্রথম আলো
মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) ভাড়ায় খাটা একটি সংগঠন বলে দাবি করেছে আওয়ামী লীগ। দলটির পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে বলা হয়েছে, ‘এইচআরডব্লিউ এখন ভাড়ায় কাজ করে, ভাড়া খাটে। পয়সার বিনিময়ে বিবৃতি দেয়। বিএনপি-জামায়াতের পক্ষে এরা ভাড়ায় কাজ করে। বিএনপি-জামায়াতের নিয়োগ করা মিলিয়ন ডলারের লবিস্ট ফার্মের তৈরি করা প্রতিবেদন প্রকাশ করেছে সংস্থাটি।’
জেলা পরিষদ নির্বাচন পদ্ধতি পরিবর্তন করা উচিত : সুজন-কালের কণ্ঠ
জেলা পরিষদ নির্বাচনের আইন প্রসঙ্গে সুশাসনের জন্য নাগরিক (সুজন) বলছে, জেলা পরিষদ নির্বাচনের নির্বাচনপদ্ধতি পরিবর্তন করা উচিত। স্থানীয় সরকারের এই প্রতিষ্ঠানটির জন্য নির্বাচকমণ্ডলী একেবারেই গ্রহণযোগ্য নয়। সেই সাথে জেলা পরিষদ নির্বাচন আইন প্রসঙ্গে ৬টি প্রস্তাবনা পেশ করেছে সুজন।
কাশিমপুরের কনডেম সেলে নূর হোসেন-তারেক সাঈদসহ ৫ আসামি-বাংলাদেশ প্রতিদিন
বহুল আলোচিত নারায়ণগঞ্জের সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেন, র্যাব কর্মকর্তা তারেক সাঈদ মোহাম্মদসহ মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচ আসামিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের কনডেম সেলে রাখা হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে তাদের কারাগারের কনডেম সেলে নেওয়া হয়।
নারায়ণগঞ্জের ৭ খুনের মামলার রায় কার্যকর নিয়ে জনগণ শঙ্কিত : বিএনপি-নয়া দিগন্ত
নারায়ণগঞ্জের সাত খুনের মামলার রায় নিয়ে বিএনপি আপাতত স্বস্তিতে আছে। তবে রায় কার্যকর হওয়া নিয়ে জনগণ শঙ্কিত বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসনে আলাল।
তিনি বলেন, নারায়ণগঞ্জ হত্যা মামলার রায় নিয়ে মানুষের কাছে ভুল তথ্য দেয়া হচ্ছে। কারণ এখনো বেশ কয়েকটি আদালত রয়েছে। এ সরকার বড় গলায় বলে যে, বিচার বিভাগ স্বাধীন আছে। কিন্তু তার প্রমাণ পাওয়া যাবে উচ্চ আদালতে এই রায় বলবৎ থাকলে। তবে মামলার রায় হলেও কার্যকর নিয়েও শঙ্কিত দেশের জনগণ। কারণ বর্তমান রাষ্ট্রপতির আমলেই, অনেক মৃত্যুদন্ডপ্রাপ্তদের মুক্তি দেয়া হয়েছে। আর যাদের মুক্তি দেয়া হয়েছে তাদের বেশিরভাগই আওয়ামী লীগ। এই মামলায় যারা ফাঁসির আসামি তাদের যদি আবার রাষ্ট্রপতি ক্ষমা করে দেয় তবে আইনের শাসনের প্রকৃত কারযকর হবে না এবং মানুষের প্রত্যাশাও পূরণ হবে না। আজ মঙ্গলবার বিকেলে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরী সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
দেশের শাসন ব্যবস্থা সম্পর্কে মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, বাংলাদেশে আইনও আছে শাসনও আছে, কিন্তু প্রকৃত শাসন নেই। বাংলাদেশের আইনের শাসন মানে বিএনপির নেতাকর্মীদের ওপর অত্যাচার, জুলুম এবং যাতে তারা মাথা তুলে দাঁড়াতে না পারে তার পক্ষে। তবে এই মামলায় রায়ের বিএনপি আবাদত স্বস্তি পেয়েছে।
হত্যা সম্পর্কিত দুটি খবর ছাপা হয়েছে দৈনিক সমকালসহ বেশ কয়েকটি দৈনিকে। খবর দুটি এরকম- দেশে ফিরে বাড়ি যাওয়ার পথে ট্রেনে খুন প্রবাসী
গাজীপুরে রেললাইনের পাশ থেকে মালয়েশিয়া থেকে আসা এক প্রবাসীর মরদেহউদ্ধার করা হয়েছে। মালয়েশিয়া থেকে ফিরে ট্রেনে সিরাজগঞ্জে গ্রামের বাড়ি যাওয়ার পথে দুর্বৃত্তরা তাকে ট্রেন থেকে ফেলে হত্যা করে বলে জানিয়েছে পুলিশ।নিহত প্রবাসী সফিকুল ইসলামের (৩৫) বাড়ি সিরাজগঞ্জ সদর উপজেলার মাজুআইল গ্রামে। টঙ্গী রেলওয়ে থানা পুলিশের ইনচার্জ সহকারী উপপরিদর্শক (এএসআই) দেলোয়ার হোসেন জানান, ধারণা করা হচ্ছে মালপত্র ছিনিয়ে নিয়ে ট্রেন থেকে ফেলে দেওয়া হয় সফিকুল ইসলামকে।
অন্য খবরটি হচ্ছে-সাতক্ষীরায় মৎস্য ঘের থেকে জেলা ছাত্রলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক হাসিবুল হাসান ইমনের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি খুলনা আজম খাঁন কমার্স কলেজের ছাত্র ও সাতক্ষীরা শহরের সুলতানপুর গ্রামের শেখ ইকবাল হাসান লিটনের ছেলে। এ ঘটনায় জিঙ্গাসাবাদের জন্য মুরাদ ও বিপ্লব নামে তার দুই বন্ধুকে আটক করেছে পুলিশ।
জবিতে শিক্ষক নিয়োগে ‘অধিকতর যোগ্য’ প্রার্থীকে বাদ দেয়ার অভিযোগ-মানবজমিন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নৃবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগে ‘অধিকতর যোগ্য’ প্রার্থীকে বাদ দেয়ার অভিযোগ তুলেছেন বিভাগটির শিক্ষকরা। ফলে আটকে গেছে নিয়োগ প্রক্রিয়া। জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আবদুল কুদ্দুসকে নিজ বিভাগের শিক্ষক হিসেবে নিয়োগের বিষয়টি চূড়ান্ত হওয়ার কথা ছিল বিশ্ববিদ্যালয়ের ৭১তম সিন্ডিকেট সভায়। ওইদিন সকালেই এ নিয়োগের বিষয়ে আপত্তি জানিয়ে ভিসিকে লিখিত অভিযোগ দেন বিভাগটির ৮ জন শিক্ষক। ফলে আটকে যায় পুরো প্রক্রিয়াটি।
নারী নেতৃত্ব বাড়লেও নির্যাতনের হার কমেনি-বাংলাদেশ প্রতিদিন
সাবেক তত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও মানবাধিকার কর্মী মুক্তিযোদ্ধা সুলতানা কামাল বলেছেন, এখন সময় এসেছে কথা বলার। একথা স্বীকার করতে হবে নারী নেতৃত্ব বেড়েছে কিন্তু সেই তুলনায় নারী নির্যাতনের হার কমেনি, সংখ্যালঘু ও সংখ্যাগুরু থাকবেই, কিন্তু বৈষম্যতা কমিয়ে আনতে হবে।
ঢাকায় পাঠ্যপুস্তক বোর্ডে থাকতে জোর তদবির-ইত্তেফাক
পাঠ্যবই ছাপা, পাঠ্যসূচি প্রণয়ন ও বই সম্পাদনার দায়িত্বে থাকা সরকারি প্রতিষ্ঠান জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে (এনসিটিবি) শিক্ষাক্যাডারের ৬৩টি পদ রয়েছে। ঢাকায় থাকার পাশাপাশি এসব পদের ‘আর্থিক সুবিধাও’ অন্যান্য প্রতিষ্ঠানের চেয়ে বেশি। কোনো কোনো পদে অনৈতিক পথে অর্থ আয়ের সুবিধাও বেশি। আর এ কারণে এসব পদে থাকার জন্য একপ্রকার মরিয়া হয়ে উঠেন শিক্ষকরা। তবে ‘পাঠ্যবইয়ে ভুল করে’ এবার প্রথমই বড় ধরনের ধাক্কা খেলেন এ প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
শ্রোতা/পাঠক ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।
কংগ্রেসের সঙ্গে জোট বাঁধছেন অখিলেশ-আজকাল
অনেক টানাপোড়েনের মধ্যে সাইকেল জয় করেছেন। এবার পরের পদক্ষেপে নেমে পড়লেন অখিলেশ যাদব। জল্পনা চলছিলই, এবার একরকম স্পষ্ট যে উত্তরপ্রদেশে ক্ষমতা ধরে রাখতে কংগ্রেসের সঙ্গে গাঁটছড়া বাঁধছে সপা। রাহুল গান্ধীকে বিশ্বস্ত সিপাই করে বিরোধী বসপা, বিজেপি-কে পরাভূত করতে চান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। খুব সম্ভবত আগামীকাল বুধবারই দু’দলের জোট হবে। ছোট দল অজিত সিংয়ের রাষ্ট্রীয় লোকদলকেও সঙ্গে নিয়ে চলতে আগ্রহী তিনি। কংগ্রেসের সঙ্গে আগাগোড়া জোট চেয়েছিলেন অখিলেশ।
মাদ্রাসাগুলিতেও মিড ডে মিল চালুর সিদ্ধান্ত কেন্দ্রের-সংবাদ প্রতিদিন
মাদ্রাসাগুলিতেও এবার মিড ডে মিল চালু করার সিদ্ধান্ত নিল কেন্দ্র। যে সমস্ত মাদ্রাসায় মেনস্ট্রিম পড়াশোনা হয়, সেখানেই এই প্রকল্প চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। মঙ্গলবার এ কথা জানালেন কেন্দ্রীয় মন্ত্রী মুখতার আব্বাস নকভি।
এ টি এম-এ সীমা বাড়িয়ে ১০ হাজার-গণশক্তি
এ টি এম কাউন্টার থেকে টাকা তোলার সীমা বাড়ালো রিজার্ভ ব্যাঙ্ক। মঙ্গলবার থেকে দিনে ১০হাজার টাকা পর্যন্ত তোলা যাবে এ টি এম কাউন্টার থেকে। নোট বাতিলের পর্বে এ টি এম-এ ২৫০০টাকার সীমা বেঁধে দেওয়া হয়েছিল। ১লা জানুয়ারি থেকে সীমা বাড়িয়ে ৪৫০০টাকা করা হয়েছিল। তবে, ব্যাঙ্ক থেকে টাকা তোলায় সপ্তাহে ২৪০০০টাকার সীমা বজায় রাখা হয়েছে। চলতি আমানতে ৫০হাজারের বদলে এখন ১লক্ষ টাকা তোলা যাবে সপ্তাহে।
গ্রাহকদের প্যান কার্ডের তথ্য চাওয়ারও সিদ্ধান্ত নিয়েছে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক।#
পার্সটুডে/জিএআর/১৭