তেলের দাম আর আপাতত কমছে না: নসরুল হামিদ
পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ১৮ জানুয়ারি বুধবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।
বাংলাদেশের শিরোনাম:
- তেলের দাম আর আপাতত কমছে না'-ইত্তেফাক
- পোশাকশিল্পে কর্মপরিবেশ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী-প্রথম আলো
- কাদের সিদ্দিকীর আপিল খারিজ-যুগান্তর
- '৫০ বছর ধরে শুনছি শিক্ষার মান কমে গেছে'-কালের কণ্ঠ
- হৃদরোগ ইনস্টিটিউটে হচ্ছেটা কী-বাংলাদেশ প্রতিদিন
ভারতের শিরোনাম:
- ভাঙড় ও রসপুঞ্জের পরিস্থিতি নিয়ে ভবানীভবনে বৈঠক মুখ্যমন্ত্রীর-সংবাদ প্রতিদিনপুলিশি জুলুম চললে রাস্তায় নামবে বামপন্থীরা-গণশক্তি
- ছেলেকে নিয়ে বিজেপি–তে গেলেন তিওয়ারি-আজকাল
শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ। প্রথমে বাংলাদেশ..
পোশাকশিল্পে কর্মপরিবেশ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী-প্রথম আলো
তৈরি পোশাকশিল্পে কর্মপরিবেশ নিশ্চিত করতে সরকার দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আমাদের অর্থনীতিতে তৈরি পোশাক ও বস্ত্রশিল্পের অবদান বিশাল। এই শিল্পে শ্রমিকের অধিকার, কর্মস্থলের নিরাপত্তা, মানোন্নয়নসহ কর্মপরিবেশ নিশ্চিত করার ব্যাপারে সরকার দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। গতকাল সুইজারল্যান্ডের দাভোস শহরে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ৪৭তম বার্ষিক সম্মেলনে এক কর্মশালায় প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাউথ এশিয়ান এসোসিয়েশন ফর রিজিওনাল কোপারেশন (সার্ক)-এর কার্যকারিতা হারানোর অভিযোগকে উড়িয়ে দিলে বলেন, এই আঞ্চলিক জোট ‘খুব ভালোভাবেই সক্রিয় আছে’।
তেলের দাম আর আপাতত কমছে না-নসরুল হামিদ-ইত্তেফাক
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, 'তেলের দাম আর আপাতত কমছে না।' আজ সচিবালয়ে এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, দুই ধাপে তেলের দাম কমানোর কথা ছিল। আমরা সরকারের কাছে প্রস্তাবও পাঠিয়েছিলাম। কিন্তু হঠাৎ করে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে গেছে। তাই এখনই তেলের দাম কমানো সম্ভব হচ্ছে না। এমনকি আগামী বছরেও এই দাম কমার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না।
কাদের সিদ্দিকীর আপিল খারিজ-যুগান্তর
উপ-নির্বাচনে অংশ নেয়া সংক্রান্ত হাইকোর্টের রায় বাতিল চেয়ে করা বঙ্গবীর কাদের সিদ্দিকীর আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ।
বুধবার প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের আট বিচারপতির বেঞ্চ এই আদেশ দেন।
এ রায়ের ফলে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের উপ-নির্বাচনে কৃষক- শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম নির্বাচনে অংশ নিতে পারবেন না। একই সঙ্গে এই আসনে উপ-নির্বাচন হতে আর কোনো আইনগত বাধা থাকল না।
উল্লেখ্য, ২০১৫ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে একটি অনুষ্ঠানে হজ নিয়ে বিতর্কিত মন্তব্য করায় টাঙ্গাইল-৪ আসনের সংসদ সদস্য আবদুল লতিফ সিদ্দিকীকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়। ফলে টাঙ্গাইল-৪ আসন শূন্য হয়।
এমপি রানার জামিন নিয়ে হাইকোর্টের রুল-সমকাল
টাঙ্গাইলের মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলায় এমপি আমানুর রহমান রানাকে কেন জামিন দেয়া হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
বুধবার সকালে বিচারপতি শেখ আবদুল আওয়াল ও বিচারপতি মোহম্মদ খসরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। রুলে বিবাদীদের আগামী চার সপ্তাহের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।
হৃদরোগ ইনস্টিটিউটে হচ্ছেটা কী-বাংলাদেশ প্রতিদিন
প্রত্যেক অপারেশনেই পকেটে যাচ্ছে আরও ২১-২৫ হাজার টাকা। আর সরকারি হাসপাতালে অপারেশনের দীর্ঘ লাইনে আছেন রোগীরা। প্রত্যেকের কষ্টের ৫০-৬০ হাজার টাকা হাসপাতাল থেকে লুটে নিচ্ছে মাত্র কয়েকজন। এদের মধ্যে একজন ক্ষমতাসীন দলের চিকিৎসক নেতা হওয়ায় হাসপাতালের অন্য কেউ কথা বলার সাহসও পাচ্ছেন না। বরং সিন্ডিকেটের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টায় বেশিরভাগেরাই।
'৫০ বছর ধরে শুনছি শিক্ষার মান কমে গেছে-শিক্ষামন্ত্রী-কালের কণ্ঠ
গত ৫০ বছর ধরে শুনছি, শিক্ষার মান কমে গেছে। বিষয়টি যদি সত্য হতো, তাহলে এতদিনে মান বলে কিছুই থাকতো না। তারপরও যারা মান নিয়ে কথা বলছেন, তারা যদি মানের মাপকাঠি নির্ধারণ করে দিতেন, সেটিকে সামনে রেখে আমরা এগিয়ে যেতাম। আজ বুধবার বিকেলে বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে আয়োজিত এক কর্মশালায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এসব কথা বলেন।
শ্রোতাবন্ধুরা ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।
পুলিশি জুলুম চললে রাস্তায় নামবে বামপন্থীরা-গণশক্তি
গরিব কৃষকদের বিরুদ্ধে মমতা ব্যানার্জির সরকার যুদ্ধ ঘোষণা করলে আমরা কৃষকদের সঙ্গে নিয়ে রাস্তায় নামবো। মঙ্গলবার সি পি আই (এম) রাজ্যদপ্তরে আয়োজিত সাংবাদিক বৈঠকে ভাঙড় পরিস্থিতি নিয়ে একথা বললেন পার্টির পলিট ব্যুরো সদস্য মহম্মদ সেলিম। বললেন, রাতের অন্ধকারে পুলিশি জুলুম চালিয়ে, গরিব কৃষকদের ওপর মিথ্যা মামলা চাপিয়ে যদি তৃণমূল সরকার মনে করে আন্দোলন থামিয়ে দেওয়া সম্ভব তাহলে বলবো ভুল ভাবছে। অবিলম্বে ভাঙড়ের গরিব কৃষিজীবী মানুষের ওপর পুলিশের জুলুম বন্ধের দাবি তোলা হয়েছে সি পি আই (এম)-র পক্ষ থেকে।
ভাঙড় ও রসপুঞ্জের পরিস্থিতি নিয়ে ভবানীভবনে বৈঠক মুখ্যমন্ত্রীর-সংবাদ প্রতিদিন
পাওয়ার গ্রিড হবে না৷ জোর করে জমি নেবে না সরকার৷ এলাকার সাধারণ মানুষ না চাইলে এই প্রকল্প হবে না৷ ভাঙড় নিয়ে স্পষ্ট বার্তা রাজ্য সরকারের৷ বহিরাগত-নকশালরা পুলিশ ও সাধারণ মানুষের উপর আক্রমণ চালিয়ে পরিস্থিতি অগ্নিগর্ভ করে তুলেছিল৷ গুলিতে দু’জনের মৃত্যুর পর জেলা পুলিশের তরফ থেকে রাজ্য সরকারের কাছে এই রিপোর্ট পাঠানো হয়েছে বুধবার৷ এদিকে, ভাঙড় এবং রসপুঞ্জের পরিস্থিতি নিয়ে ভবানীভবনে জরুরি বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
ছেলেকে নিয়ে বিজেপি–তে গেলেন তিওয়ারি-আজকাল
ছেলে রোহিত শেখরের জন্য উত্তরাখণ্ডের কুমায়ুন আসনের টিকিট চেয়েছিলেন। সম্মতি দেওয়ার পরেই বুধবার বিজেপি–তে যোগ দিলেন উত্তরপ্রদেশে কংগ্রেসের বিশিষ্ট নেতা এনডি তিওয়ারি। দিল্লিতে বিজেপি সভাপতি অমিত শাহর বাসভবনে ছেলের সঙ্গে গিয়ে আনুষ্ঠানিকভাবে বিজেপি–তে যোগ দিলেন। ভাঙার আগে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্র্রী ছিলেন ৯১ বছরের তিওয়ারি। পরে উত্তরাখণ্ডেরও মুখ্যমন্ত্রী হন। আগামী মাসে উত্তরাখণ্ডে বিধানসভা নির্বাচন।#
পার্সটুডে/জিএআর/১৫