জানুয়ারি ১৯, ২০১৭ ১৩:৫৩ Asia/Dhaka

পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ১৯ জানুয়ারি বৃহষ্পতিবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।

বাংলাদেশের শিরোনাম:

  • বৈষম্য হ্রাস করে টেকসই উন্নয়নের জন্য কাজ করছে বাংলাদেশ'-ইত্তেফাক
  • নিরপেক্ষ সার্চ কমিটি না হলে মানুষ মানবে না: ফখরুল-প্রথম আলো
  • জিম্মি করে ঘুষ গ্রহণ, ডিবির দুই এসআই প্রত্যাহার-যুগান্তর
  • শিক্ষক শ্যামল কান্তিকে লাঞ্ছনার তদন্ত প্রতিবেদন হাইকোর্টে-সমকাল
  • আদালতের চেয়ে ক্ষমতাশালী বিজিএমইএ-বাংলাদেশ প্রতিদিন
  • বিএনপির সঙ্গে সংলাপের আর সুযোগ নেই : কাদের-মানবকণ্ঠ
  • বিভিন্ন স্থানে মৃদু শৈত্যপ্রবাহ -নয়া দিগন্ত

ভারতের শিরোনাম:

  • রাহুলের পোশাক ছেঁড়া, নতুন পাঞ্জাবি কিনে পাঠাল বিজেপি-সংবাদ প্রতিদিন
  • কার গুলি, দাবি তদন্তর-গণশক্তি
  • টানা তিনমাস ধরে মাওবাদীরাই ভাঙড় তাতিয়েছে, গ্রেপ্তারের নির্দেশ মমতার-বর্তমান
  • উঃপ্রদেশে স্কুলবাস–ট্রাক সঙ্ঘর্ষ, মৃত ২৫ শিশু-আজকাল

 

শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ। প্রথমে বাংলাদেশ..

বৈষম্য হ্রাস করে টেকসই উন্নয়নের জন্য কাজ করছে বাংলাদেশ-প্রধানমন্ত্রী

দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মূল সেশনে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বৈষম্য হ্রাসের মাধ্যমে টেকসই উন্নয়নের কাজ করে যাচ্ছে বাংলাদেশ। সুইজারল্যান্ডের ডাভোসে বাংলাদেশের স্থানীয় সময় বুধবার দিবাগত রাতে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মূল সেশনে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন। তিনি বলেন, অর্থনৈতিক উন্নয়নের জন্য বিকল্প শক্তির দিকে ঝুঁকছে বাংলাদেশ। দেশের প্রায় ১ কোটি ৫০ লাখ মানুষ বর্তমানে সৌর বিদ্যুতের মাধ্যমে তাদের শক্তির চাহিদা পূরণ করছে। প্রধানমন্ত্রী  বলেন, কৃষি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতেও কাজ করছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরো বলেছেন, তৈরি পোশাক শিল্পে কর্মপরিবেশ নিশ্চিত করতে তার সরকার দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সম্মিলিত উদ্যোগ গ্রহণে বিশ্ব নেতৃবৃন্দের প্রতিও আহ্বান জানিয়েছেন তিনি।

জিয়ার কবরে খালেদার ফুল-প্রথম আলো

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮১ তম জন্মবার্ষিকীতে তাঁর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮১ তম জন্মবার্ষিকীতে তাঁর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আজ দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়ার কবরে শ্রদ্ধা জানান তিনি। এসময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা চেয়ারপারসনের সঙ্গে ছিলেন।
এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন কমিশন গঠনে নিরপেক্ষ সার্চ কমিটি না হলে মানুষ তা কখনো গ্রহণ করবে না। 
আজ সকালে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর মির্জা ফখরুল ইসলাম সাংবাদিকদের এ কথা বলেন। 
এক প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব বলেন, ‘গণতন্ত্র কখনো ফলপ্রসূ ও কার্যকরী হবে না, যদি রাজনৈতিক দলগুলোর মধ্যে আলাপ-আলোচনা না থাকে। সেটা রাষ্ট্রপতিও বলেছেন। সে জন্য তাঁকে ধন্যবাদ জানাই। আমরা আশা করব, রাষ্ট্রপতি ইসি গঠনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন।’ মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘আমরা বরাবরই ইতিবাচক রাজনীতি করি।

নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির সাথে আলোচনার পর দ্বিতীয় কোনো আলোচনার সুযোগ নেই-ওবায়দুল কাদের: বাংলাদেশ প্রতিদিন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের নাম্বার ওয়ান ব্যক্তির সাথে নির্বাচন কমিশন গঠন নিয়ে বিএনপির আলোচনা হয়েছে। রাষ্ট্রপতির সাথে ইসি গঠন নিয়ে আলোচনা হওয়ার তাদের দ্বিতীয়বার আলোচনার কোন সুযোগ নেই। সংবিধান অনুযায়ী যা হওয়ার তাই হবে। সার্চ কমিটির মাধ্যমে ইসি গঠনের বিষয়টি হল রাষ্ট্রপতির এখতিয়ার। এখানে প্রধানমন্ত্রীরও কোন ভূমিকা নেই।

রাজনৈতিক দলগুলোর সংলাপে রাষ্ট্রপতির আহ্বান-সাড়া নেই আ.লীগে, দোলাচলে বিএনপি-প্রথম আলোর একটি মন্তব্য প্রতিবেদন

রাষ্ট্রপতি বললেও রাজনৈতিক দলগুলোর মধ্যে আলাপ-আলোচনার আহ্বানে এখনই সাড়া দিচ্ছে না ক্ষমতাসীন আওয়ামী লীগ। তাদের প্রধান প্রতিপক্ষ বিএনপিও এ নিয়ে দোলাচলে আছে। তবে রাষ্ট্রপতির এই আহ্বানকে অন্য দলগুলো প্রশংসা করলেও এর বাস্তবায়ন হবে না বলে ধারণা তাদের। গত মঙ্গলবার দুটি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা শেষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছিলেন, ‘আলোচনা বা সংলাপ রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য কমাতে পারে। এ জন্য রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে আলাপ-আলোচনার উদ্যোগ নিতে হবে।’
 সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, বল এখন রাষ্ট্রপতির কোর্টে। তবে রাষ্ট্রপতিকে এভাবে বললে চলবে না, তিনি হয়তো বলতে পারেন আমি সিদ্ধান্ত নেব রাজনৈতিক দলগুলোর সমঝোতার ভিত্তিতে।

জিম্মি করে ঘুষ গ্রহণ, ডিবির দুই এসআই প্রত্যাহার-যুগান্তর

পুলিশের ঘুষ গ্রহণ

এক ব্যক্তিকে জিম্মি করে ঘুষ গ্রহণের অভিযোগে বরিশাল মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) দুই উপ পরিদর্শককে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে। তারা হলেন- ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই)  শামিম ও মাহমুদ। বুধবার রাতে জেলা পুলিশ লাইন্সে তাদের ক্লোজড করা হয়। বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার এসএম রুহুল আমীন বিষয়টি নিশ্চিত করেছেন।

 আদালতের চেয়ে ক্ষমতাশালী বিজিএমইএ-বাংলাদেশ প্রতিদিন

বিজিএমইএ ভবন

আইনকানুন, সরকার, আদালতের নির্দেশ, পরিবেশের প্রতি হুমকি কোনো কিছুই মানে না গার্মেন্ট মালিকদের সংগঠন বিজিএমইএ। অবৈধ ১৬ তলা ভবনটি ভাঙতে আদালতের নির্দেশ নিয়ে রাষ্ট্রকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা দিনের পর দিন গড়িমসি করছে। বিজিএমইএ জনগণের সামনে নিজেদের উপস্থাপন করছে, তারা ধরাছোঁয়ার বাইরে। এতে একদিকে আইনের শাসন প্রশ্নবিদ্ধ হচ্ছে, অন্যদিকে রাজউককে ভাঙার কাজে নিরুৎসাহিত করতে লবিং করছে নতুন করে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এখন দুইটি বিভাগ-ইত্তেফাকসহ প্রায় সব দৈনিকের খবর

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিভাগকে ভেঙে দুটি করা হয়েছে

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিভাগকে ভেঙে দুটি করা হয়েছে। একটি ‘জননিরাপত্তা বিভাগ’ ও অপরটি ‘অভ্যন্তরীণ সুরক্ষা সেবা বিভাগ।মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বৃহস্পতিবার এক প্রজ্ঞাপনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুইটি বিভাগ করার এ তথ্য জানানো হয়। জন নিরাপত্তা বিভাগে থাকছে- পুলিশ, র‌্যাব, বিজিবি, আনসার, কোস্টগার্ড, আইসিটি, তদন্ত সংস্থা, ন্যাশনাল টেলিমনিটরিং সেল। অপরদিকে অভ্যন্তরীণ সুরক্ষা সেবা বিভাগে থাকছে- ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, পাসপোর্ট, কারা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ইত্যাদি।

মানবপাচার ও জিম্মিচক্রের ১৫ সদস্য আটক-যুগান্তর

আন্তর্জাতিক মানবপাচারকারী চক্রের সন্দেহভাজন ১৫ সদস্যকে আটক করা হয়েছে। যাদের মধ্যে জিম্মিকারী চক্রের সসদ্যও রয়েছে বলে জানিয়েছে র‌্যাব। বুধবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব-৩ এর একটি টিম তাদের আটক করে। বৃহস্পতিবার সকালে র‌্যাবের মিডিয়া উইং কর্মকর্তা সিনিয়র এ এস পি মিজানুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এই সময় আটকদের কাছ থেকে বিপুল পরিমাণ পাসপোর্ট, ভিসার ফটোকপি জব্দ করা হয়। এছাড়া উদ্ধার করা হয়েছে নগদ অর্থ।  

শিক্ষক শ্যামল কান্তিকে লাঞ্ছনার তদন্ত প্রতিবেদন হাইকোর্টে-সমকাল

নারায়ণগঞ্জের শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে লাঞ্ছনার ঘটনায় বিচারিক তদন্ত প্রতিবেদন হাইকোর্টে জমা দেওয়া হয়েছে।বৃহস্পতিবার ওই তদন্ত প্রতিবেদনটি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জমা দেওয়া হয়।আগামী রোববার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জেবিএম হাসানের হাইকোর্ট বেঞ্চে প্রতিবেদনটি শুনানির জন্য উপস্থাপন করা হবে।

বিভিন্ন স্থানে মৃদু শৈত্যপ্রবাহ –নয়া দিগন্ত

শৈত্যপ্রবাহ

দেশের বিভিন্ন স্থানে মৃদু শৈত্যপ্রবাহ বইছে। দিনাজপুর, পঞ্চগড়, কুড়িগ্রাম, নীলফামারী, চুয়াডাঙ্গা ও শ্রীমঙ্গল অঞ্চলসমূহের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। আগামী ৭২ ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। আবহাওয়া অধিদফতর একথা জানায়।
বৃহস্পতিবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।  

শ্রোতাবন্ধুরা ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।

টানা তিনমাস ধরে মাওবাদীরাই ভাঙড় তাতিয়েছে, গ্রেপ্তারের নির্দেশ মমতার-বর্তমান

মমতা ব্যানার্জী

তিন মাস ধরে ঘাঁটি গেড়ে পাওয়ার গ্রিড নিয়ে গ্রামবাসীদের তাতিয়েছে বহিরাগত মাওবাদীরা। লোক খেপাতে ছোট ছোট গ্রুপ সভা করার পাশাপাশি কীভাবে গেরিলা কায়দায় চারদিক ঘিরে পুলিশকে ফাঁদে ফেলতে হবে, তার প্রশিক্ষণও দিয়েছে তারা। এমনকী পাওয়ার গ্রিড চালু হলে মানবদেহে তার ক্ষতিকর প্রভাব পড়ার মতো গুজবও ছড়িয়েছে মাওবাদীরা। মঙ্গলবার গোলমালের সময় নানা গুজব ছড়িয়ে পরিস্থিতি আরও অগ্নিগর্ভ করে তুলেছিল এই বহিরাগতরাই। এদের গ্রেফতারের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।

উঃপ্রদেশে স্কুলবাস–ট্রাক সঙ্ঘর্ষ, মৃত ২৫ শিশু-আজকাল
উত্তরপ্রদেশের এটাহ জেলায় স্কুল বাস এবং ট্রাকের সঙ্ঘর্ষে মর্মান্তিকভাবে প্রাণ হারালেন চালক–সহ ২৫ শিশু। গুরুতর জখম ১৬ শিশু। তাদের আলিগড়ের সরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ডিজিপি জাভেদ আহমেদ সকালে জানিয়েছিলেন, দুর্ঘটনায় মারা গেছে ১৫ জন। পরে মৃত্যুর সংখ্যা লাফিয়ে বাড়ে। টুইট করে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।

যৌথ সভার ভাবনা রাহুল ও অখিলেশের-আনন্দবাজার

বিধানসভা ভোটে আসন সমঝোতার পথে অনেকটা এগিয়ে যাওয়ার পর এ বার উত্তরপ্রদেশে রাহুল গাঁধী-অখিলেশ যাদব যৌথ সভার তোড়জোড় শুরু করল কংগ্রেস এবং সমাজবাদী পার্টি।কংগ্রেস সহ-সভাপতির সঙ্গে রাজ্য জুড়ে, বিশেষত সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলিতে যৌথ সভা করতে চান মুলায়ম-পুত্র।

ডিগ্রি গোপন রাখতে প্রভাব খাটান স্মৃতি-আজকাল

স্মৃতি ইরানি

দিল্লি ইউনিভার্সিটিকে তাঁর ডিগ্রি সংক্রান্ত তথ্য গোপন রাখতে বলেছেন স্মৃতি ইরানি। কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে শুনানিতে কেন্দ্রীয় তথ্য কমিশনকে জানাল স্কুল অফ ওপেন লার্নিং। শিক্ষা প্রতিষ্ঠানের জন সংযোগ আধিকারিক ও পি তনওয়ার জানিয়েছেন, ‌যেহেতু বিষয়টি তৃতীয় পক্ষ সংক্রান্ত, তাই স্মৃতি ইরানির সঙ্গে যোগাযোগ করা হয়। তথ্য কমিশনার শ্রীধর আচারযুলুর দাবি, ‘কেন্দ্রীয় মানব সম্পদ মন্ত্রী থাকাকালীন প্রভাব খাটিয়ে নিজের শিক্ষাগত যোগ্যতার নথিপত্র গোপন রাখার নির্দেশ দেন।

রাহুলের পোশাক ছেঁড়া, নতুন পাঞ্জাবি কিনে পাঠাল বিজেপি-সংবাদ প্রতিদিন
ছেঁড়া পোশাক নিয়েও রাজনীতি করেছিলেন রাহুল গান্ধী। উত্তরাখণ্ডের এক দলীয় সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেছিলেন, নিজের ছেঁড়া কুর্তা এবং ফুটো পকেট নিয়ে চিন্তিত নন তিনি। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজের পোশাক সম্পর্কে খুবই সচেতন। বিলাসবহুল জীবনযাপনের পর মোদি দরিদ্র মানুষের পাশে থাকার রাজনীতি কেমন করে করেন তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন কংগ্রেস সহ-সভাপতি। আর এর ঠিক পরেই রাহুলকে তাঁর ছেঁড়া পোশাকের রাজনীতির জবাব দিল বিজেপি। জুনিয়র গান্ধীকে একদম গান্ধীগিরিতেই জবার দিল বিজেপির যুব মোর্চা। কর্ণাটকের বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে কংগ্রেস সহ-সভাপতিকে নতুন পাঞ্জাবি কিনে পাঠানো হয়েছে বলে খবর।

কার গুলি, দাবি তদন্তর-গণশক্তি

ভাঙড়ে গুলিতে নিহত ২, দাবি তদন্তের

ভাঙড়ে গুলি চালানোর ঘটনার তদন্ত হোক। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ময়নাতদন্ত করা হোক ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে। বুধবার ভাঙড়ে এই দাবি জানিয়েছেন সি পি আই (এম) পলিট ব্যুরো সদস্য মহম্মদ সেলিম। তিনি বলেন, ব্যালিস্টিক এক্সপার্টকে ডাকা হোক। দেখা হোক কার বন্দুক, কোন গুলি। বিষয়টিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে। মিথ্যাচার হচ্ছে। তিনি বলেন, ভিড় লক্ষ্য করে গুলি চালানো হয়নি। খুন করা হয়েছে।#


পার্সটুডে/জিএআর/১৯