জানুয়ারি ২১, ২০১৭ ১৩:০৬ Asia/Dhaka

পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ২১ জানুয়ারি শনিবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।

বাংলাদেশের শিরোনাম:

  • দেশে ফিরলেন প্রধানমন্ত্রী-ইত্তেফাক
  • জঞ্জাল মুছে স্বপ্নের দিকে যেতে চায় বিএনপি-প্রথম আলো
  • অভিজ্ঞতার অভাবে রামপালের বিরোধিতা: প্রতিমন্ত্রী-যুগান্তর
  • 'তৃতীয় শক্তি' গঠনে সক্রিয় পাঁচ দল-সমকাল
  • মুজিবনগর সীমান্ত থেকে বাংলাদেশিকে নিয়ে গেছে বিএসএফ-মানবকণ্ঠ
  • অগ্নিকাণ্ডে শতকোটি টাকার ক্ষতিতে কাঁদছেন লাকসামের ব্যবসায়ীরা-নয়া দিগন্ত
  • বিএনপির আন্দোলনকে রাজনৈতিকভাবে মোকাবিলা করব-বাংলাদেশ প্রতিদিন

ভারতের শিরোনাম:

  • কেবল মুসলিমদের সাহায্য করেন সুষমা স্বরাজ!-সংবাদ প্রতিদিন
  • নোট বাতিল: সব প্রশ্নেই এড়িয়ে গেলেন উর্জিত-গণশক্তি
  • বাংলায় ২,৩৫,২৯০ কোটি লগ্নির প্রস্তাব: মমতা-আজকাল

শ্রোতা/পাঠক ! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ। প্রথমে বাংলাদেশ..

দেশে ফিরলেন প্রধানমন্ত্রী-ইত্তেফাক

সুইজারল্যান্ডের দাভোস থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকরী এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। শুক্রবার সুইজারল্যান্ডের জুরিখ আর্ন্তজাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় বিকাল তিনটা ১০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের ইকে-০৮৮ ফ্লাইটে দেশের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। বিমানবন্দরে তাকে বিদায় জানান সুইজারল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত ও জেনেভায় জাতিসংঘ দফতরের স্থায়ী প্রতিনিধি শামীম আহসান।
 সুইজারল্যান্ডে পাঁচ দিনের সফরের উদ্দেশে গত ১৬ জানুয়ারি ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী। আবুধাবি হয়ে ঐদিন রাতেই জুরিখে পৌঁছান প্রধানমন্ত্রী। ডব্লিউইএফের প্রতিষ্ঠাতা ও নির্বাহী চেয়ারম্যান ক্লস সোয়াবের আমন্ত্রণে সংস্থাটির বার্ষিক সভায় যোগ দেন তিনি। বাংলাদেশের প্রথম কোনো নির্বাচিত সরকার প্রধান হিসেবে এ সভায় অংশ নিলেন শেখ হাসিনা।

বিএনপির আন্দোলনকে রাজনৈতিকভাবে মোকাবিলা করব-ওবায়দুল কাদের-বাংলাদেশ প্রতিদিন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, "রাষ্ট্রপতির উদ্যোগ যদি পছন্দ না হয় বিএনপির আর সে কারণে তারা যদি আন্দোলনে নামে, তবে তাদের সেই আন্দোলনকে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে মোকাবিলা করবে। " আজ শনিবার সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) জনসচেতনতামূলক কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এই জনসচেতনতামূলক কার্যক্রমের সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন বিআরটিএর চেয়ারম্যানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।
এ সময় বিএনপিকে উপহাস করে তিনি বলেন, ‘বিএনপি তো তাদের নিজের অফিসে বসে একে অন্যকে সরকারের দালাল বলে অভিহিত করে। তাদের মুখে আন্দোলনের কথা আসলেই মানায় না। যাই হোক, অনেকদিন তাদের আন্দোলন-সংগ্রামে দেখি না। সেই সঙ্গে মওদুদ সাহেবকেও দেখি না। তাই, দেখি কী আন্দোলনটা তারা করে। আন্দোলনের নামে জ্বালাও-পুড়াও করলে অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া যাবে। ’

জঞ্জাল মুছে স্বপ্নের দিকে যেতে চায় বিএনপি-প্রথম আলো

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আশা রাষ্ট্রপতি গঠিত সার্চ কমিটি নিরপেক্ষ, যোগ্য এবং সঠিক নির্বাচন কমিশন গঠন করতে সক্ষম হবে। তিনি বলেন, বিএনপি অতীতের সব জঞ্জাল মুছে দিয়ে সামনের দিকে, একটা সুন্দর স্বপ্নের দিকে এগোতে চায়।
আজ শনিবার সকালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে জিয়া পরিষদ নামে একটি সংগঠনের প্রতিনিধি সম্মেলনে বিএনপির মহাসচিব এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘রাষ্ট্রপতি এখনো সার্চ কমিটি ঘোষণা করেননি। আমরা বরাবরই বলেছি আমরা ইতিবাচক রাজনীতি করি। আমরা বিশ্বাস করি গণতন্ত্রের জন্য যারা লড়াই করেছেন রাষ্ট্রপতি তাঁদের মধ্যে একজন। তিনি নিঃসন্দেহে জনগণের আশা আকাংখা পূরণ করবার জন্য বাংলাদেশের মানুষের চোখের ভাষা বুঝে সার্চ কমিটি করবেন।

আশা করি রাষ্ট্রপতি একটা ফলপ্রসূ সমাধান দেবেন: মওদুদ-প্রথম আলো

বিএনপির স্থায়ী কমিটির সদস‌্য মওদুদ আহমদ বলেছেন, নির্বাচন কমিশন যতই শক্তিশালী হোক না কেন, দলীয় সরকার থাকলে তারা নিরপেক্ষভাবে কাজ করতে পারবে না। এ জন‌্য নির্বাচনের সময় একটি ‘সহায়ক সরকার’ থাকতে হবে। ওয়ান-ইলেভেনের সময় গঠিত সরকারকে অবৈধ ও অসাংবিধানিক উল্লেখ করে ওই সময়কার কর্মকাণ্ড একজন সাবেক প্রধান বিচারপতির নেতৃত্বে তদন্ত করার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের লেখা একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মওদুদ আহমদ এ কথা বলেন।

‘জরুরি আইনের সরকারের দুই বছর (২০০৭-২০০৮)’ শীর্ষক বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে অন্য বক্তারা ওই সময়কার সরকারকে অবৈধ বলে উল্লেখ করেন।

মওদুদ আহমদ বলেন, দেশের সবচেয়ে বেশি ক্ষতি করে গেছে ওই সময়ের সেনা-সমর্থিত সরকার। জরুরি আইনের মাধ্যমে যে সরকার গঠিত হয়েছিল, সেই সরকার ছিল অবৈধ এবং অসাংবিধানিক। তিনি বলেন, ‘ওই সময়কার কর্মকাণ্ড সাবেক একজন প্রধান বিচারপতির নেতৃত্বে তদন্ত করার জন্য একটি কমিটি গঠন করার দাবি জানাচ্ছি। আমরা ক্ষমতায় গেলে এটা করা হবে। এবং দোষীদের শাস্তি দেওয়া হবে।’

অভিজ্ঞতার অভাবে রামপালের বিরোধিতা: প্রতিমন্ত্রী-যুগান্তর
সুন্দরবনের কাছে বাগেরহাটের রামপালে নির্মাণাধীন কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের প্রযুক্তির বিষয়ে অভিজ্ঞতার অভাবে বিরোধিতা হচ্ছে জানিয়ে জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন, 'আমাদের কাজ আমরা চালিয়ে যাব। প্রকল্প বাস্তবায়ন হলে পরিবেশবাদীরা তাদের অবস্থান থেকে সরে আসবেন।'

রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে শনিবার 'মিট দ্য রিপোর্টার্স' অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
রামপাল বিদ্যুৎকেন্দ্র স্থাপনে আন্তর্জাতিক চাপ আছে কিনা- এমন প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী বলেন, 'এখানে কোনো আন্তর্জাতিক চাপের কথা আসে না। আমার মনে হয় যারা পরিবেশবাদী ও পরিবেশবিদ তাদের মধ্যে দু'রকম মতামত থাকে।'

মুজিবনগর সীমান্ত থেকে বাংলাদেশিকে নিয়ে গেছে বিএসএফ-মানবজকণ্ঠ

মেহেরপুর জেলার মুজিবনগরের সোনাপাড়া মাঝপাড়া সীমান্ত থেকে রুপ চাঁদ (৩০) নামের এক কৃষককে ধরে নিয়ে গেছে বিএসএফ। 
শনিবার ভোর ৪টার দিকে সীমান্তের ১০৬ নম্বর আন্তর্জাতিক পিলারের ৪ নম্বর সাব পিলারের নিকট থেকে তাকে ধরে নিয়ে গেছে বিএসএফ সদস্যরা।

'তৃতীয় শক্তি' গঠনে সক্রিয় পাঁচ দল-সমকাল
দীর্ঘ বিরতির পর আবারও নতুন জোট গঠনের উদ্যোগ শুরু হয়েছে। ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় ও বিএনপির ২০ দলীয় জোটের বাইরে 'বিকল্প ঐক্য' গড়তেই জোটটি করা হবে। নতুন ওই জোটের নাম চূড়ান্ত না হলেও 'তৃতীয় শক্তি' ধরে আলোচনা চলছে বলে জানা গেছে। সূত্র জানায়, বেশ কিছুদিন চুপ থাকার পর বিকল্প জোট গঠনের প্রক্রিয়া নিয়ে আবারও সক্রিয় হয়েছে আ স ম আবদুর রবের নেতৃত্বাধীন জাতীয় সমাজতান্ত্রিক দল_জেএসডি।

নোট বাতিল: সব প্রশ্নেই এড়িয়ে গেলেন উর্জিত-গণশক্তি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষণার পরে ৫০০ এবং ১০০০টাকার মোট কত নোট বাতিল হয়েছে? জানেন না খোদ রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর উর্জিত প্যাটেল। নোট বাতিল পর্বের ৫২দিনে দেশজুড়ে মোট কত বাতিল নোট জমা পড়লো? জবাব দিতে পারলেন না তিনি।
নোট বাতিলের পরে কেটে গেছে ৭২দিনেরও বেশি। তারপরেও দেশের কেন্দ্রীয় ব্যাঙ্কের প্রধানের এই ‘অজ্ঞানতা’ দেখে কার্যত হতবাক সাংসদরা।

ঢালাও নয়া নোটের বন্দোবস্ত রিজার্ভ ব্যাঙ্কের-সংবাদ প্রতিদিন

নগদের ঘাটতি মেটাতে ফেব্রুয়ারি মাসের শেষে ৭০ শতাংশ নয়া নোট বাজারে চলে আসবে। অর্থাৎ ওই মাসের শেষদিকেই নোট বাতিলের জেরে বাজারের আর্থিক মন্দা অনেকটাই দূর হয়ে যাবে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার রিপোর্টকে উদ্ধৃত করে ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে এ কথা। রিপোর্টে বলা হয়েছে, রিজার্ভ ব্যাঙ্কের তথ্য অনুযায়ী, বাজারে ৭ লক্ষ কোটি টাকা অর্থমূল্যের নোট সরবরাহ হয়েছে। তার মানে বিভিন্ন অর্থমূল্যের ৭০০ কোটি নয়া নোট প্রতিদিন ছাপানো হচ্ছে টাকশালে। মাসে সেই পরিমাণ দাঁড়াচ্ছে ১৮০ কোটিতে। 

শ্রোতা/পাঠক ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।

কেবল মুসলিমদের সাহায্য করেন সুষমা স্বরাজ!-সংবাদ প্রতিদিন

এবার মুসলিম তোষণের অভিযোগ উঠল সুষমা স্বরাজের বিরুদ্ধে। কেন্দ্রীয় বিদেশমন্ত্রী কেবলমাত্র ইসলাম ধর্মাবলম্বীদেরই ভিসা দিতে সাহায্য করছেন। এমনই অভিযোগ আনল হিন্দু জাগরণ সংঘ। টুইটার মারফত প্রবাসী ভারতীয়দের সাহায্য করেন বিদেশমন্ত্রী। প্রবাসীরা কোনও সমস্যায় পড়লে মন্ত্রীকে টুইট মারফত সেই খবর জানালেই, তাঁদের সাহায্যে এগিয়ে আসেন সুষমা। যে কোনও ধরনের পাসপোর্ট এবং ভিসা সংক্রান্ত সমস্যার চটজলদি সমাধান মেলে মন্ত্রীর কাছে।
কিন্তু মন্ত্রী নাকি সকলকে এই সাহায্য করেন না। তিনি বেছে বেছে ইসলাম ধর্মাবলম্বীদের সাহায্য করেন টুইটারে।#


পার্সটুডে/জিএআর/২১