খালেদাকে -ওবায়দুল কাদের : রাষ্ট্রপতিকে কে এম হাসানের নাম দিয়েছেন, তিনি নিরপেক্ষ?
পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ২২ জানুয়ারি রোববারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।
বাংলাদেশের শিরোনাম:
- সুরঞ্জিতের সাবেক এপিএসের ৫ বছর কারাদণ্ডাদেশ-ইত্তেফাক
- খালেদাকে কাদের -রাষ্ট্রপতিকে কে এম হাসানের নাম দিয়েছেন, তিনি নিরপেক্ষ? -প্রথম আলো
- ক্রিকেটার সানি রিমান্ডে-যুগান্তর
- শিক্ষা প্রতিষ্ঠানকে ক্রীড়া-সংস্কৃতি চর্চায় গুরুত্ব দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর -সমকাল
- সাত খুন মামলার ডেথ রেফারেন্সের নথি হাইকোর্টে-বাংলাদেশ প্রতিদিন
ভারতের শিরোনাম:
- গ্রামবাসীদের নিয়ে ভাঙড় অবরোধ মুক্ত করল তৃণমূল-গণশক্তিসংবাদ প্রতিদিন
- অন্ধ্র প্রদেশে ট্রেন বেলাইন, মৃত ৩২-গণশক্তি
- অখিলেশ-প্রিয়ঙ্কা বৈঠকে রফা, ১০৫ আসন ছেড়ে দিয়ে জোটের পথে সপা-বর্তমান
- ১০৫ আসনে সপা–কংগ্রেসের রফা-আজকাল
শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ। প্রথমে বাংলাদেশ..
শিক্ষা প্রতিষ্ঠানকে ক্রীড়া-সংস্কৃতি চর্চায় গুরুত্ব দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর-সমকাল
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চায় সমান গুরুত্ব দিতে হবে। খেলাধুলা, সঙ্গীত চর্চা, সাংস্কৃৃতিক, রচনা, হস্তলেখা প্রতিযোগিতাসহ বিভিন্ন প্রতিযোগিতার মধ্য দিয়ে আমাদের শিশুদের মেধা ও মনন বিকাশের সুযোগ হয়।
রোববার সকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তর আয়োজিত ৪৬তম শীতকালীন জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। খবর বাসসের
ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনে যুক্ত থাকলে শিক্ষার্থীরা জঙ্গি ও সন্ত্রাসবাদ থেকে দূরে থাকবে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদকাশক্তি থেকে আমাদের ছেলে-মেয়েদেরকে দূরে থাকতে হবে। যারা শিক্ষক তাদেরকে আমি বলব, তারা এদিকে আরো মনযোগী হবেন। শুধু সারাদিন যদি ‘পড়’, ‘পড়’, ‘পড়’- বলতে থাকেন তাহলে এটা কারোই ভাল লাগে না।
রাষ্ট্রপতিকে কে এম হাসানের নাম দিয়েছেন, তিনি নিরপেক্ষ? -প্রথম আলো
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘আপনি যাঁকে প্রধান উপদেষ্টা করতে চেয়েছিলেন, সেই সাবেক বিচারপতি কে এম হাসানকে সার্চ কমিটিতে রাখার জন্য নাম প্রস্তাব করেছেন। সেই হাসান সাহেব কি বিএনপির আন্তর্জাতিক-বিষয়ক সম্পাদক ছিলেন না? তাহলে কোনটা পক্ষ, কোনটা নিরপেক্ষ?’
আজ দুপুরে রাজধানীর গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের অন্তর্গত ২০ নম্বর ওয়ার্ডের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের এসব কথা বলেন। নির্বাচন কমিশন গঠনে বিএনপি বা অন্য রাজনৈতিক দল রাষ্ট্রপতিকে সার্চ কমিটিতে রাখার জন্য কাদের নাম প্রস্তাব করেছেন, সেটা প্রকাশ হয়নি। ওবায়দুল কাদেরই প্রথম কারোর নাম প্রকাশ করলেন।
গতকাল শনিবার রাতে গুলশানের নিজ কার্যালয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেন, ‘সরকারের ইচ্ছা অনুযায়ী ও মেরুদণ্ডহীন লোক দিয়ে নির্বাচন কমিশন গঠন করা হলে তা গ্রহণযোগ্য হবে না।’
যুবলীগের আজকের কর্মসূচিতে খালেদা জিয়ার এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘আপনার সঙ্গে আমি দ্বিমত করছি না। সবিনয়ে বলছি, আপনি যে আজিজ মার্কা ইসি করেছিলেন, সেই এম এ আজিজ কি বিএনপির লোক ছিলেন না?’ ইসি গঠনে সরকারের হস্তক্ষেপের সম্ভাবনা নাকচ করে দিয়ে কাদের বলেন, ‘রাষ্ট্রপতি হচ্ছেন রাষ্ট্রের অভিভাবক। তিনি যে নাম দেবেন, সেখানে বিএনপি-আওয়ামী লীগের কোনো কমিটি বা প্রকাশ্যে আওয়ামী লীগের কোনো সমর্থকের নাম থাকবে না, এটা পরিষ্কারভাবে বলতে পারি। বিএনপি যা করেছে, আওয়ামী লীগ তা করবে না।’
সুরঞ্জিতের সাবেক এপিএসের ৫ বছর কারাদণ্ডাদেশ-ইত্তেফাক
দুর্নীতির মামলায় আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা সুরঞ্জিত সেনগুপ্তরে সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মোহাম্মদ ওমর ফারুকের পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। রবিবার ঢাকার ৪ নম্বর বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক আতাউর রহমান এই আদেশ দেন।
একই সঙ্গে এক কোটি ২৩ লাখ ৪৭ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই বছর ছয় মাস কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়া মোহাম্মদপুরে তার একটি ফ্ল্যাট বাজেয়াপ্ত করার নির্দেশ দেয়া হয়েছে।
সাত খুন মামলার ডেথ রেফারেন্সের নথি হাইকোর্টে-বাংলাদেশ প্রতিদিন
নারায়ণগঞ্জের সাত খুন মামলার ডেথ রেফারেন্সের নথি হাইকোর্টে পাঠানো হয়েছে। আজ রবিবার সকালে নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেন এই নথি প্রেরণ করেন। হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. সাব্বির ফয়েজ এ তথ্য জানান।
গত ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জের সাত খুন মামলায় প্রধান আসামি নূর হোসেন, র্যাবের চাকরিচ্যুত কর্মকর্তা তারেক সাঈদ মোহাম্মদ, আরিফ হোসেন, এম এম রানাসহ ২৬ জনকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। এছাড়া রায়ে নয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়।
নারায়ণগঞ্জে ৭ খুনে আদালতের পর্যবেক্ষণ র্যাবের সম্মান গেলেও সার্বিকভাবে সুনাম ক্ষুণ্ন হয়নি-প্রথম আলো
র্যাবের কয়েকজন ব্যক্তি জনসাধারণের সঙ্গে মিশে নারায়ণগঞ্জে আলোচিত হত্যাকাণ্ড ঘটিয়েছেন, এর দায় তাঁদের। তাঁরা উচ্চাভিলাষী জায়গা থেকে ঘৃণ্যতম অপরাধটি সংঘটিত করেছেন। তাঁদের দ্বারা র্যাবের মান-সম্মান ক্ষুণ্ন হলেও সার্বিকভাবে বাহিনীর সুনাম ক্ষুণ্ন হয়নি। নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের মামলার রায়ের পর্যবেক্ষণে আদালত এসব কথা বলেছেন।
ক্রিকেটার সানি রিমান্ডে-যুগান্তর
তথ্যপ্রযুক্তি আইনের মামলায় গ্রেফতার বাংলাদেশ জাতীয় দলের বাম-হাতি অফ স্পিনার আরাফাত সানির ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) ইয়াহিয়া ৫ দিনের রিমান্ড আবেদন করেন। পরে শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম প্রণব কুমার হুইয়ে সানির একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে রোববার ভোরে নিজ বাড়ি সাভারের আমিন বাজার থেকে সানিকে গ্রেফতার করে মোহাম্মদপুর থানা পুলিশ।
মোহাম্মদপুর থানার ওসি মীর জামাল উদ্দিন যুগান্তরকে বলেন, চার-পাঁচ দিন আগে নাসরিন সুলতানা নামে এক তরুণীর দায়ের করা তথ্য-প্রযুক্তি আইনের মামলায় আরাফাত সানিকে গ্রেফতার করা হয়েছে।
তিনি জানান, সানি দীর্ঘদিন ধরে ওই তরুণীর নোংরা ছবি প্রকাশের ভয়ভীতি দেখিয়ে আসছিলেন বলে অভিযোগ এসেছে।
শেয়ার বাজার নিয়ে আবারও উৎকণ্ঠা-কারসাজির নায়করা ফের মাঠে-বাংলাদেশ প্রতিদিন
শেয়ার কারসাজির নায়করা আবারও মাঠে নেমেছেন। নতুন করে শেয়ার কারসাজিতে সক্রিয় হয়ে উঠেছে এই সিন্ডিকেট। ১৯৯৬ ও ২০১০ সালে সাধারণ বিনিয়োগকারীদের পথে বসিয়ে হাজার হাজার কোটি টাকা লোপাটকারীরা নতুন করে মাঠে নেমেই গুজব, মিথ্যা তথ্য ছড়িয়ে কারসাজি শুরু করেছেন। সম্প্রতি কোনো কারণ ছাড়াই দুর্বল, জেড ক্যাটাগরির শেয়ারের দর বাড়ছে অস্বাভাবিক হারে। ফলে দিন দিন শেয়ারবাজারের সূচক লেনদেন বৃদ্ধি পাচ্ছে। সরগরম হয়ে উঠেছে ব্রোকারেজ হাউসগুলো। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ১১ ধরনের কারসাজি চিহ্নিত করেছে। এভাবে অস্বাভাবিক বাজার বৃদ্ধিতে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।
শ্রোতাবন্ধুরা ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।
অখিলেশ-প্রিয়ঙ্কা বৈঠকে রফা, ১০৫ আসন ছেড়ে দিয়ে জোটের পথে সপা-বর্তমান
জোট ভাঙেনি। উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে সপা এবং কংগ্রেস হাত মিলিয়েই লড়ছে। কর্মী-সমর্থকদের স্বস্তি দিয়ে দু’দলের তরফেই বৃহস্পতিবার এ কথা জানানো হল। লখনউতে সপা সদর দফতরে নির্বাচনী ইস্তেহার প্রকাশের অনুষ্ঠানে দলের সর্বভারতীয় সভাপতি অখিলেশ যাদব নিজেই জানালেন, জোট ভাঙেনি। কংগ্রেসের তরফেও দিল্লি থেকে রবিবার জানানো হল একই কথা। শেষ পর্যন্ত ১০৫টি আসন কংগ্রেসকে ছাড়ছে সপা। কংগ্রেস ও সপা সূত্রে এই খবর পাওয়া গিয়েছে।
গত কয়েকদিন ধরে তুমুল টানাপড়েনের মুখে সপা-কংগ্রেস জোট। আসন বণ্টন নিয়ে কংগ্রেসের ক্ষোভ থাকায়, জোট নিয়ে টানাপড়েন তৈরি হয়েছিল। ৪০৩ আসনের উত্তরপ্রদেশে কংগ্রেস ১২১টি আসন চেয়েছিল। কিন্তু অখিলেশ যাদব কংগ্রেসকে ৯০টির বেশি আসন ছাড়তে রাজি ছিলেন না। পরে তা বাড়িয়ে ৯৯টি আসন ছাড়তে রাজি হন অখিলেশ।
অন্ধ্র প্রদেশে ট্রেন বেলাইন, মৃত ৩২-গণশক্তি
শনিবার মধ্য রাতে অন্ধ্র প্রদেশে জগদলপুর-ভুবনেশ্বর এক্সপ্রেসের ৯টি কামরা বেলাইন হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ৩২ জনের। জখম হয়েছেন বহু যাত্রী। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে আজকালের খবরে বলা হয়েছে মৃতের সংখ্যা বেড়ে ৩৯ জনে পৌঁছেছে।
গ্রামবাসীদের নিয়ে ভাঙড় অবরোধ মুক্ত করল তৃণমূল-গণশক্তি
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শান্তি বজায় রাখার ডাকে সাড়া দিয়ে তৃণমূল নেতাদের সঙ্গে রেখে গতকাল চারটি গ্রামের অবরোধ-ব্যারিকেড তুলে নিলেন ভাঙড়ের বিক্ষোভকারীরা৷ অবরোধ উঠে যাওয়ায় এদিন পুরোপুরি স্বাভাবিক জীবনযাত্রা ফিরে এল শ্যামনগর, ঢিপঢিপে, জয়নগর ও পদ্মপুকুর গ্রামে৷ একইসঙ্গে তৃণমূল শীর্ষ নেতৃত্বের সঙ্গে খামারাইট, মাছিভাঙা এবং নতুনহাট গ্রামের আন্দোলনকারী নেতারাও আলোচনায় বসলেন৷ অবরোধ-ব্যারিকেড তুলে নেওয়া নেতারা প্রকাশ্যে স্বীকার করেছেন, ‘‘বহিরাগত মাওবাদী এবং মৌলবাদীদের জন্যই ভাঙড়ের শান্ত জীবনযাত্রায় অশান্তির ঝড় উঠেছিল৷#
পার্সটুডে/জিএআর/২২