পুলিশ সপ্তাহ উদ্বোধন পুলিশ সেবা আরও জনবান্ধব করতে হবে: প্রধানমন্ত্রী
পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ২৩ জানুয়ারি সোমবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।
বাংলাদেশের শিরোনাম:
- ১২ দফা বাস্তবায়নের দাবি-খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলায় পণ্য পরিবহন বন্ধ-ইত্তেফাক
- পুলিশের কাছেও সব অস্বীকার আরাফাত সানির-প্রথম আলো
- রাজনৈতিক বিবেচনায় জলবায়ু তহবিলের বরাদ্দ: টিআইবি-যুগান্তর
- কেএম হাসানের নাম প্রস্তাব করা হয়নি: মির্জা ফখরুল -সমকাল
- মুক্তিযোদ্ধা যাচাইয়ে কমিটি কেন অবৈধ নয় -মানবকণ্ঠ
- ওবায়দুল কাদের নির্বাচন কমিশন নিয়ে না জেনে কথা বলেননি’ -বাংলাদেশ প্রতিদিন
ভারতের শিরোনাম:
- স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিটি জনপদ হবে ভাঙড়-গণশক্তি
- ফেব্রুয়ারিতেই নতুন জেলা হচ্ছে কালিম্পং, ঘোষণা মুখ্যমন্ত্রীর-সংবাদ প্রতিদিন
- ছাড় পেয়েও জাল্লিকাট্টু নিয়ে অশান্ত চেন্নাই, পুড়ল ২০টি বাইক-আনন্দবাজার
- দুবাইতে জলসা করে টাকা পাচার করেছিলেন গৌতম--বর্তমান
- ৪৫ শতাংশ আইনজীবীই ভুয়ো: বার কাউন্সিল--আজকাল
শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ। প্রথমে বাংলাদেশ..
পুলিশ সপ্তাহ উদ্বোধন পুলিশ সেবা আরও জনবান্ধব করতে হবে: প্রধানমন্ত্রী-যুগান্তর
এ সম্পর্কে একটি অনলাইনের শিরোনাম এরকম- প্রধানমন্ত্রী বলেছেন, একটি চক্র সন্ত্রাসের পথ বেছে নিয়েছে।
বিস্তারিত খবরে বলা হয়েছে, বৈশ্বিক সমস্যা, সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনে পুলিশ সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
উদ্বোধন অনুষ্ঠানে শেখ হাসিনা আরো বলেন, ‘দেশ যখন এগিয়ে যাচ্ছে, তখন দেশি-বিদেশি একটি চক্র গণতান্ত্রিক পথে ব্যর্থ হয়ে দেশের অগ্রযাত্রাকে বানচালের জন্য সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। আর দেশের পুলিশ বাহিনী তা প্রতিরোধ ও নির্মূলে বীরত্বের সঙ্গে কাজ করছে।’
পুলিশের কাছেও সব অস্বীকার আরাফাত সানির-প্রথম আলো
বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার আরাফাত সানিকে এক দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। পুলিশের কাছে আরাফাত দাবি করেছেন, ওই নারীকে তিনি বিয়ে করেননি। আপত্তিকর কোনো ছবিও ফেসবুক মেসেঞ্জারে পাঠাননি। পুলিশ বলছে, তদন্তের পর আসল ঘটনা জানা যাবে।
মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. ইয়াহিয়া প্রথম আলোকে বলেন, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে করা মামলায় কথার গুরুত্ব কম। ধর্মীয় অনুভূতিতে আঘাতের মামলা-খালেদা জিয়ার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ১৯ ফেব্রুয়ারি। ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে করা মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৯ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত। এ নিয়ে এ মামলায় ২৭ বার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় পেছাল। আজ সোমবার ঢাকার মহানগর হাকিম আবদুল্লাহ আল মাসুদ এ দিন ধার্য করেন।
অন্য একটি খবরে বলা হয়েছে, আরাফাত সানি ও তাঁর মা নার্গিস আক্তারের বিরুদ্ধে এবার যৌতুকের মামলা করলেন সেই তরুণী। আজ ঢাকার মহনগর হাকিমের আদালতে তিনি এ মামলা করেন। বিচারক রায়হান আহম্মেদ মামলাটি আমলে নিয়ে আরাফাত সানি ও তাঁর মায়ের বিরুদ্ধে সমন জারি করেছেন।
১২ দফা বাস্তবায়নের দাবি-খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলায় পণ্য পরিবহন বন্ধ-ইত্তেফাক
খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলায় ১২ দফা বাস্তবায়নের দাবিতে অনির্দিষ্টকালের জন্য পণ্যবাহী পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। এর সঙ্গে একাত্মতা প্রকাশ করে জ্বালানি তেলবাহী ট্যাংকলরিও ধর্মঘটের সঙ্গে যুক্ত হয়েছে। ফলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে পণ্যবাহী সকল পরিবহনের চাকা বন্ধ রয়েছে।
এতে খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে দেশের বিভিন্ন স্থানে পণ্য পরিবহনও বন্ধ হয়ে গেছে। সোমবার সকাল থেকে পূর্ব নির্ধারিত এ ধর্মঘট শুরু করে দক্ষিণ-পশ্চিমাঞ্চল (২১ জেলা) পণ্য পরিবহণ মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।
ধর্মঘটে খুলনা বিভাগের সব চেয়ে বড় সোনাডাঙ্গা ট্রাক টার্মিনালসহ এসব জেলার বিভিন্নস্থানে আটকা পড়েছে পণ্যবাহী হাজারও ট্রাক।
রাজনৈতিক বিবেচনায় জলবায়ু তহবিলের বরাদ্দ: টিআইবি-যুগান্তর
রাজনৈতিক বিবেচনায় জলবায়ু সংক্রান্ত সরকারি তহবিল বরাদ্দ করা হয়েছে বলে তথ্য দিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি।
সোমবার রাজধানীর ধানমণ্ডিতে অবস্থিত প্রতিষ্ঠানটির কার্যালয়ে জলবায়ু অর্থায়ন ও স্থানীয় সরকার প্রতিষ্ঠান: প্রকল্প বাস্তবায়নে সুশাসন শীর্ষক এক গবেষণা প্রতিবেদনের সারসংক্ষেপে এ তথ্য জানানো হয়।
টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান গবেষণা প্রতিবেদনের সার সংক্ষেপ তুলে ধরে বলেন, জলবায়ু তহবিল ব্যবহারে প্রকল্পগুলোতে বরাদ্দে রাজনৈতিক বিষয় প্রাধান্য পেয়েছে। সরকারের অন্যান্য তহবিলের মতোই এ তহবিল ব্যবহার করা হয়েছে।তিনি বলেন, গবেষণায় প্রাপ্ত তথ্যানুযায়ী জলবায়ু সংক্রান্ত ৬টি প্রকল্পের মধ্যে ৫টিতেই অনিয়ম-দুর্নীতির অভিযোগ রয়েছে।
হরতাল সফলে দেশবাসীর সমর্থন চেয়েছে জাতীয় কমিটি-প্রথম আলো
সুন্দরবনের কাছে রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ বন্ধের দাবিতে ২৬ জানুয়ারি ডাকা আধাবেলা হরতাল সফল করতে দেশবাসীর সমর্থন চেয়েছে তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি।
আজ সোমবার রাজধানীর পুরানা পল্টনের মুক্তি ভবনে এক সংবাদ সম্মেলনে দেশবাসীর কাছে এই সমর্থন চান জাতীয় কমিটির সদস্যসচিব অধ্যাপক আনু মুহাম্মদ।রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ বন্ধের দাবিতে ২৬ জানুয়ারি সকাল ছয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত হরতাল ডেকেছে জাতীয় কমিটি।
রাষ্ট্রপতির ভাষণে হতাশ নয় বিএনপি:রিজভী-ইত্তেফাক
বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন,জাতীয় সংসদের ১৪তম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণে নির্বাচন কমিশন পুনর্গঠনের বিষয়ে কোনো বক্তব্য না আসায় আমরা হতাশ নই। সংসদ অধিবেশনের শুরুতে রাষ্ট্রপতি এসব নিয়ে কথা না-ই বলতে পারেন। এখানে না হলেও আমরা আশা রাখি যে তিনি নির্দিষ্টভাবে শুধু নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে সুস্পষ্ট বক্তব্য তুলে ধরবেন।
কেএম হাসানের নাম প্রস্তাব করা হয়নি: মির্জা ফখরুল-সমকাল
বিএনপি নির্বাচন কমিশন গঠনের সার্চ কমিটিতে সাবেক প্রধান বিচারপতি কেএম হাসানকে রাখার প্রস্তাব রাষ্ট্রপতির কাছে দিয়েছে বলে ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক যে বক্তব্য দিয়েছেন, তাকে 'সর্বৈব মিথ্যা' অভিহিত করে তা প্রত্যাহারের দাবি জানিয়েছে দলটি।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 'সার্চ কমিটিতে কেএম হাসানকে রাখতে রাষ্ট্রপতির কাছে দলের পক্ষ থেকে নাম প্রস্তাবের কথা মিথ্যা ও ভিত্তিহীন। বিএনপির সন্দেহ রাষ্ট্রপতির সুনাম ক্ষুণ্ণ করতে ও তাকে বিতর্কিত করতে এ ধরনের কথা বলা হচ্ছে।'
ওবায়দুল কাদের নির্বাচন কমিশন নিয়ে না জেনে কথা বলেননি’ -বাংলাদেশ প্রতিদিন
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নির্বাচন কমিশন (ইসি) গঠনের বিষয়ে না জেনে কোনো কথা বলেননি। আর বিএনপি বিচারপতি কে এম হাসানের নাম প্রস্তাব করেছে নাকি করেনি সে বিষয়ে কিছুই জানিনা আমি। " সোমবার দুপুরে সচিবালয়ের নিজ কার্যালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
এ সময় বাণিজ্যমন্ত্রী বলেন, "বিএনপি একজন সাবেক প্রধান বিচারপতির অধীনে সার্চ কমিটি গঠনের কথা বলেছে। ওবায়দুল কাদের একজন দক্ষ রাজনীতিবিদ এবং সেই সঙ্গে তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি না জেনে এ কথা বলেননি। এমন নয় যে রাষ্ট্রপতির কাছ থেকেই এই তথ্য পেতে হবে। বিএনপিতেই এমন অনেক লোক আছে এই তথ্য জানানোর।
শ্রোতাবন্ধুরা ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।
৪৫ শতাংশ আইনজীবীই ভুয়ো: বার কাউন্সিল—আজকাল
আদালত চত্বরে আইনজীবীর পোশাক পরে ঘুরে বেড়ান অনেকেই। এমনকী আদালত কক্ষে সওয়াল জবাবে যোগও দেন তাঁরা। তাঁদের সওয়ালে নানা গুরুত্বপূর্ণ মামলার ফায়সালাও হয়েছে। অথচ তথ্য বলছে, এই আইনজীবীদের প্রায় অর্ধেকই ভুয়ো। দু’বছর আগে সদস্যদের ডিগ্রি এবং নথি যাচাই শুরু করে বার কাউন্সিল অব ইন্ডিয়া (বিসিআই)। গত সপ্তাহে বিসিআই প্রধান মনন কুমার মিশ্র সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি জেএস কেহরকে জানিয়েছেন, তাঁদের নথি যাচাই প্রক্রিয়ার ফলে প্রকৃত আইনজীবীর সংখ্যা ৫৫ থেকে ৬০ শতাংশে নেমে এসেছে।
ছাড় পেয়েও জাল্লিকাট্টু নিয়ে অশান্ত চেন্নাই, পুড়ল ২০টি বাইক-আনন্দবাজার
সপ্তাহব্যাপী মোটের উপর শান্তিপূর্ণ প্রতিবাদ সোমবার অগ্নিগর্ভ পরস্থিতিতে পরিণত হল। তামিলনাড়ুর মেরিনা সৈকতে আন্দোলনকারীদের হঠাতে গেলে পুলিশের সঙ্গে কার্যত খণ্ডযুদ্ধ বেঁধে যায় আন্দোলনকারীদের। বিক্ষুব্ধ জনতা পুলিশকে লক্ষ্য করে পাথর ছুড়তে থাকেন। আগুন লাগিয়ে দেওয়া হয় ২০টি মোটরবাইকে। পরে লাঠিচার্জ করে, কাঁদানে গ্যাস ছুড়ে বিক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করে পুলিশ। ঘটনায় ১০ জন আন্দোলনকারী এবং ২০ জন পুলিশ কর্মী জখন হয়েছেন। তাঁরা স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন।
এদিকে দৈনিক বর্তমানের খবরে বলা হয়েছে, জালিকাট্টুতে অংশগ্রহণ করে মৃত্যু হল দু’জনের। রবিবার এই দুর্ঘটনাটি ঘটেছে পুদুকোট্টাই জেলার রাপুসালে।
টানা তিন বছর বন্ধ থাকার পর আন্দোলনকারীদের প্রতিবাদে গত শনিবারই জাল্লিকাট্টুতে ছাড়পত্র পায় তামিলনাড়ু।
স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিটি জনপদ হবে ভাঙড়-সূর্যমিশ্র-গণশক্তি
জমিহাঙর, মাটিমাফিয়া, সিন্ডিকেটরাজ আর পুলিশি সন্ত্রাসের বিরুদ্ধে নজিরবিহীন প্রতিরোধ গড়ে তুলেছেন ভাঙড়ের মানুষ। রাজ্যের স্বৈরাচারী শাসন জমানার বিরুদ্ধে এ রাজ্যের প্রতিটি লোকালয়, জনপদ হয়ে উঠবে ভাঙড়। রোববার বহরমপুরে সমাবেশে একথা বলেন সি পি আই (এম) রাজ্য সম্পাদক সূর্য মিশ্র।#
পার্সটুডে/জিএআর/২৩