৬ সদস্যের সার্চ কমিটি করতে রাষ্ট্রপতির চিঠি: রিজভী বললেন রাষ্ট্রপতির অগ্নিপরীক্ষা
শ্রোতা/ পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ২৫ জানুয়ারি বুধবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।
বাংলাদেশের শিরোনাম:
- ৬ সদস্যের সার্চ কমিটি করতে রাষ্ট্রপতির চিঠি-ইত্তেফাক
- সার্চ কমিটিতে যারা থাকছেন-প্রথম আলো
- ইসি গঠনে সার্চ কমিটির প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে-যুগান্তর
- বাংলাদেশ ১৫তম 'দুর্নীতিগ্রস্ত' দেশ: টিআই-সমকাল
- সার্চ কমিটি গঠন রাষ্ট্রপতির অগ্নি পরীক্ষা : রিজভী-নয়া দিগন্ত
- গুলিস্তানে ফুটপাত দখল ঠেকাতে স্বেচ্ছাসেবক নিয়োগ-সংবাদ
- প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর-সকালের খবর
ভারতের শিরোনাম:
- পুলিশ পাহারায় ভাঙড়ের ‘দখল’ নিলো তৃণমূলের দুষ্কৃতী বাহিনী -গণশক্তি
- বাড়িতে শৌচালয় না থাকলে মিলবে না রেশন-সংবাদ প্রতিদিন
- তুষারধসে এক সেনা অফিসার-সহ পাঁচ জনের মৃত্যু কাশ্মীরে-আনন্দবাজার
- গ্রাহকদের ভুল বুঝিয়ে এখনও দেদার টাকা তুলছে রোজভ্যালি-বর্তমান
শ্রোতা/পাঠক! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ। প্রথমে বাংলাদেশ..
৬ সদস্যের সার্চ কমিটি করতে রাষ্ট্রপতির চিঠি-ইত্তেফাকসহ প্রায় সব দৈনিকের খবর
নতুন নির্বাচন কমিশন গঠনে ছয় সদস্যের সার্চ কমিটির চিঠি মন্ত্রিপরিষদ বিভাগে পাঠিয়েছে রাষ্ট্রপতির কার্যালয়। সেখান থেকে একটি সারসংক্ষেপ আকারে তা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর অনুমোদনের পর সেটি আবার রাষ্ট্রপতির কছে যাবে। রাষ্ট্রপতির অনুমোদনের পর ওই বিষয়ে প্রজ্ঞাপন জারি করবে মন্ত্রিপরিষদ বিভাগ।
রাষ্ট্রপতির কার্যালয় ও মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
মন্ত্রিপরিষদ বিভাগের একটি সূত্র জানায়, সার্চ কমিটির নেতৃত্বে থাকছেন আপিল বিভাগের একজন বিচারপতি। কমিটির সদস্য হিসেবে এখন পর্যন্ত যাঁরা হচ্ছেন বলে শোনা যাচ্ছে, তাঁরা হলেন সরকারি কর্মকমিশনের চেয়ারম্যান মোহাম্মদ সাদিক, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) মাসুদ আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য শিরিন আকতার। এ ছাড়া সার্চ কমিটিতে হাইকোর্ট বিভাগের একজন বিচারপতি থাকছেন। ওই দুজন বিচারপতির নাম প্রধান বিচারপতি ঠিক করবেন।
সার্চ কমিটি গঠনসংক্রান্ত গেজেট আজকালের মধ্যেই হবে বলেও মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানা গেছে।
নতুন কমিশন গঠন নিয়ে গত ১৮ ডিসেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ মোট ৩১টি রাজনৈতিক দলের সঙ্গে রাষ্ট্রপতি আলোচনা করেন।
সার্চ কমিটি গঠন রাষ্ট্রপতির অগ্নি পরীক্ষা : রিজভী-নয়া দিগন্ত
নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে নিরপেক্ষ সার্চ কমিটি গঠন রাষ্ট্রপতির জন্য অগ্নি পরীক্ষা বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, এবার প্রমাণিত হবে যে, রাষ্ট্রপতির কাছে দেশ বড় নাকি আওয়ামী লীগ বড়?
আজ বুধবার দুপুরে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রিজভী বলেন, সার্চ কমিটিতে যদি আবারো দলীয় লোকের নাম থাকে, আমরা আগেই বলেছি আবারো বলছি তা আমরা মানবোনা। দেশের সাধারণ জনগণকে নিয়ে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করবো। তবে এখনো যেহেতু সার্চ কমিটি গঠন ও সবার নাম প্রকাশ হয়নি। তাই এ নিয়ে মন্তব্য করছিনা। নামগুলো প্রকাশ করা হলে দলের পক্ষ থেকে প্রতিক্রিয়া দেয়া হবে।
দুর্নীতির সূচকে এগিয়েছে বাংলাদেশ-টিআই: সমকাল/যুগান্তর/প্রথম আলো
বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের স্থান এখন ১৫তম।
বুধবার বার্লিন থেকে সারাবিশ্বে একযোগে প্রকাশিত দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) ২০১৭ সালের দুর্নীতির ধারণাসূচক প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।
সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে. সবচেয়ে দুর্নীতিগ্রস্থ দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান এবার ১৫। গত বছর যা ছিল ১৩।দুর্নীতির সূচকে এগিয়েছে বাংলাদেশ
বুধবার রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে টিআইএর এর বাংলাদেশ শাখা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য প্রকাশ করেন সংস্থাটির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। তিনি জানান, সবচেয়ে দুর্নীতিগ্রস্থ দেশের মধ্যে অবস্থানের পাশাপাশি স্কোরের দিক দিয়েও উন্নতি হয়েছে বাংলাদেশের। গত বছর যেখানে স্কোর ছিল ২৫, এবার তা এক বেড়ে হয়েছে ২৬।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশের মতোই সমান স্কোর পেয়েছে আরও পাঁচটি দেশ। এগুলো হলো ক্যামেরুন, গাম্বিয়া, কেনিয়া, মাদারগাস্কা ও নিকারাগুয়া।
ধারণা সূচক বিশ্লেষণ করে ইফতেখারুজ্জামান বলেন, বাংলাদেশের স্কোর বাড়া কিংবা অবস্থানে অগ্রগতি দেখে বলা মুশকিল দুর্নীতি বেড়েছে না কমেছে। তিনি আরও বলেন, যেসব দেশ ৪৩ বা তার বেশি স্কোর পায়, ধারণা করা হয়, সেসব দেশ মধ্যম পর্যায়ে দুর্নীতিকে নিয়ন্ত্রণে রাখতে পেরেছে। কিন্তু ধারণা সূচকে দেখা যায়, ৬২ শতাংশের বেশি দেশের স্কোর ৪৩ বা তার নিচে। তিনি বলেন, যেসব দেশ শীর্ষ অবস্থানে আছে, তারাও শতভাগ স্কোর করতে পারেনি। সে কারণে বলা যায়, এখনো বিশ্বব্যাপী দুর্নীতির বিস্তার আছে।
টিআই এর ২০১৭ এ প্রকাশিত দুর্নীতির ধারণা সূচক (করাপশান পারসেপশন ইনডেক্স বা সিপিআই) ২০১৬ অনুযায়ী সূচকের ০-১০০ এর স্কেলে বাংলাদেশে স্কোর ২৬। তালিকায় নিম্নক্রম অনুযায়ী ১৭৬ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৫তম। আগের চেয়ে দুই ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের। এ বছর ঊর্ধ্বক্রম অনুযায়ী বাংলাদেশের অবস্থান ১৪৫তম।
টিআইয়ের দুর্নীতির ধারণাসূচকে ২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত বাংলাদেশ সর্বাধিক দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় শীর্ষে ছিল। ২০০৬ সালে এসে সর্বাধিক দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান এক নম্বর থেকে তিন নম্বরে আসে। ওই বছরের সূচকে বাংলাদেশের নম্বর ছিল দুই। এর পর ২০০৭ সালে সর্বাধিক দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান সাত, ২০০৮ সালে ১০ নম্বর, ২০০৯ সালে ১৩, ২০১০ সালে ১২, ২০১১ ও ২০১২ সালে ১৩, ২০১৩ সালে ১৬, ২০১৪ সালে ১৪ এবং সর্বশেষ ২০১৫ সালে ১৩ নম্বর অবস্থানে ছিল।
খালেদা জিয়ার বিরুদ্ধে মানহানি মামলার আবেদন-ইত্তেফাক
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে আরো একটি মানহানি মামলার আবেদন করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশ আওয়ামী লীগকে নিয়ে কটূক্তি করার অভিযোগে বুধবার ঢাকা মহানগর হাকিম আব্দুল্লাহ আল মাসুদের আদালতে জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী বাদী হয়ে এই মামলার আবেদন করেন।
মামলায় অভিযোগ করা হয় যে, ২০১৬ সালের ৩১ ডিসেম্বর ইঞ্জিনিয়ারিং ইন্সিটিটিউটে জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের স্বাধীনতা চান নাই। তিনি চেয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রীত্ব। জেনারেল জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেয়ায় এদেশের জনগণ যুদ্ধে নেমে ছিল। বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে উন্নয়নের নামে চলছে দুর্নীতি ও লুটপাট। দলীয় লোকদের জঙ্গি বানিয়ে নিরীহ লোকজনকে হত্যা করছে, সংখ্যালঘুদের বাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ করে লুটপাট ও হত্যা করছে। যেমন পুলিশ বাহিনী দিয়ে বিরোধীদলসহ ভাল ভাল লোককে গ্রেফতার করে গুম করছে ও হত্যা করছে। উন্নয়নের নামে পদ্মা সেতু ও ফ্লাইওভারের কাজ বিলম্ব করে ব্যয়বহুল অর্থ দেখিয়ে লুটপাট করছে।
বিএনপির ১৭ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা-মানবকণ্ঠ
বিএনপি নেতা বরকত উল্লাহ বুলু ও সেলিমা রহমানসহ ১৭ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। রাজধানীর খিলগাঁও থানার একটি নাশকতার মামলায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। বুধবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন অভিযোগপত্র আমলে নিয়ে এ পরোয়ানা জারি করেন।
এছাড়াও বিএনপি নেতা শিরিন সুলতানা, শিমুল বিশ্বাস, মারুফ কামাল খান সোহেল, আজিজুল বারি হেলাল ও কাইউম কমিশনার এ মামলার উল্লেখযোগ্য।
গুলিস্তানে ফুটপাত দখল ঠেকাতে স্বেচ্ছাসেবক নিয়োগ-সংবাদ
গুলিস্তান ও আশপাশের এলাকার ফুটপাত পুনর্দখলের হাত থেকে রক্ষায় ভলেন্টিয়ার (স্বেচ্ছাসেবক) ও আনসার নিয়োগ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। ৪৫ জন ভলেন্টিয়ার ও ৩০ জন আনসারের সমন্বয়ে গঠিত টিম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফুটপাত দখলমুক্ত রাখতে দায়িত্ব পালন করবে। পথচারীবান্ধব ফুটপাত করতে বদ্ধপরিকর ডিএসসিসি অবশ্য হকারদের পরিত্যক্ত জায়গা ও বহুতল মার্কেটসহ পুনর্বাসনের জন্য বিভিন্ন পরিকল্পনাও করছে।
গতকাল গুলিস্তান, বঙ্গবন্ধু এভিনিউ, বায়তুল মোকাররম ও মতিঝিল এলাকায় দেখা যায়, হাতে লাঠি ও নির্দিষ্ট পোশাক পড়ে তিন-চারজন করে ফুটপাতের পাশে দয়িত্ব পালন করছে। তাদের একজন বলেন, হকাররা যেন ফুটপাতে না বসতে পারে সেজন্য সিটি করপোরেশন তাদের নিয়োগ দিয়েছে। গুলিস্তানে অবশ্য তাদের সঙ্গে দুজন আনসার সদস্যকেও দেখা গেছে।
শাহজালালে যাত্রীর পায়ুপথ থেকে স্বর্ণ জব্দ-বাংলাদেশ প্রতিদিন
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে এক কেজি ওজনের স্বর্ণেরবার জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউজের প্রিভেনটিভ টিম। ওই যাত্রীর নাম ফজলুল হক। বাড়ি ঢাকার কেরানীগঞ্জে।
মঙ্গলবার রাত ৯টায় বিমানবন্দরে সিঙ্গাপুর এয়ারলাইন্সের এসকিউ-৪৪৬ নম্বর ফ্লাইটটি অবতরণ করার পর ওই যাত্রীকে আটক করা হয়।
ঢাকা কাস্টমস হাউজের প্রিভেনটিভ টিমের সহকারী কমিশনার আহসানুল কবির জানান, বিমানবন্দরে ওই যাত্রী নামার পর তার হাটা দেখে গোয়েন্দাদের সন্দেহ হয়। তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তার পায়ুপথে স্বর্ণেরবারের কথা স্বীকার করেন। ওই যাত্রী জানান, বিমান অবতরণের ৩০মিনিট আগে টয়লেটে গিয়ে সরাসরি পায়ুপথে প্রবেশ করানো হয় ১০টি স্বর্ণেরবার।
প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর-সকালের খবর
প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ যেন বজায় থাকে সে জন্য সবাইকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোন শিক্ষা প্রতিষ্ঠানে যেন অস্ত্রের ঝনঝনানি ফিরে আর না আসে। বুধবার (২৫ জানুয়ারি) গণভবনে ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দের সঙ্গে মত বিনিময়কালে ছাত্রলীগকে তিনি এ কথা বলেন।
জঙ্গিবাদের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে ছাত্রলীগকে দায়িত্ব নেয়ার তথাও বলেন তিনি। জনগণের সাথে যোগাযোগ বাড়ানো এবং সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম জনসমক্ষে তুলে ধরার নির্দেশ দেন তিনি।
শ্রোতা/পাঠক ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।
গ্রাহকদের ভুল বুঝিয়ে এখনও দেদার টাকা তুলছে রোজভ্যালি-বর্তমান
কর্ণধার জেলে। কোম্পানির ব্যাংক অ্যাকাউন্টগুলি ফ্রিজ হয়ে রয়েছে। তারপরেও বিভিন্ন স্কিমের নাম করে রোজভ্যালি চিটফান্ড সংস্থার এজেন্টরা প্রত্যন্ত এলাকাগুলি থেকে এখনও টাকা তুলে যাচ্ছেন। সবটাই চলছে অত্যন্ত গোপনে। বাড়ি বাড়ি গিয়ে নয়, কোনও এজেন্টের বাড়িতে গোপন মিটিং ডেকে টাকা নেওয়া হচ্ছে বলে সিবিআই সূত্রে জানা গিয়েছে। আমানতকারীদের ভুল তথ্য দিয়ে তাঁরা বোঝাচ্ছেন, রোজভ্যালি নিয়ে চলা সমস্ত মামলার নিষ্পত্তি হবে খুব শীঘ্রই। তারপরই মিলবে সব টাকা। চাঞ্চল্যকর এই তথ্য সিবিআইয়ের হাতে এসেছে।
তুষারধসে এক সেনা অফিসার-সহ পাঁচ জনের মৃত্যু কাশ্মীরে-আনন্দবাজার
প্রবল তুষারধসে মারা গেলেন এক সেনা জওয়ান। জম্মু-কাশ্মীরের সোনমার্গের ঘটনা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার ভোরের দিকে মেজর পদমর্যাদার ওই অফিসারের মৃত্যু হয়েছে।
অন্য দিকে, নিয়ন্ত্রণ রেখার কাছে গুরেজ সেক্টরে তুষারধসে বাড়ি চাপা পড়ে মৃত্যু হয়েছে একই পরিবারের চার সদস্যের। এলাকায় যৌথ ভাবে উদ্ধারকাজ শুরু করেছে সেনা ও পুলিশ।
এর আগে গত বছরের মার্চে তুষারধসে সিয়াচেনে কর্মরত ১১ জন জওয়ানের মৃত্যু হয়।
তবে শুধু সোনমার্গে নয়, রাজ্যের বিভিন্ন জায়গায় তুষারপাত হচ্ছে। তুষারপাতের পাশাপাশি ভূমিধসের কবলে সন্ত্রস্ত গোটা উপত্যকা।
পুলিশ পাহারায় ভাঙড়ের ‘দখল’ নিলো তৃণমূলের দুষ্কৃতী বাহিনী –গণশক্তি
আলোচনার প্রস্তাব উড়িয়ে আন্দোলনকারী গ্রামবাসীদের ‘বহিরাগত’ বলে হুঁশিয়ারি দিয়েছিল সরকার।
মঙ্গলবার, বহিরাগত বাহিনী নিয়ে ভাঙড়ে ঢুকে গ্রামবাসীদের অবরোধ ভেঙে এক কৃষিভিত্তিক গরিব জনপদের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা করলো তৃণমূল। তৃণমূলী বহিরাগতদের নিরাপত্তা দিল মমতা ব্যানার্জির পুলিশ বাহিনী। আর তৃণমূলী বহিরাগতদের আতঙ্কে গ্রামবাসীরা রাতের অন্ধকারে আশ্রয় নিলেন ঝোপঝাড়, পুকুরে, খোলামাঠে, ধানখেতের আড়ালে!
সাতদিন আগে বহিরাগত তৃণমূলীদের নিয়েই ভাঙড়ে অভিযান চালিয়েছিল মমতা ব্যানার্জির পুলিশ। পুলিশের গুলিতে মৃত্যু হয়েছিল দুই গ্রামবাসীর, ভাঙচুর হয়েছিল একাধিক বাড়ি। এক সপ্তাহের মাথায় এদিন সেই ভাঙড়েই ফের ঢুকলো বহিরাগত তৃণমূলী বাহিনী।
বাড়িতে শৌচালয় না থাকলে মিলবে না রেশন-সংবাদ প্রতিদিন
দারিদ্র সীমার নিচে বসবাস করলেও এবার এককথায় মিলবে না রেশন৷ মাসিক রেশন পেতে হলে আরও একটি শর্তপূরণ করতে হবে৷ কী সেই শর্ত? মধ্যপ্রদেশ সরকারের তরফে জানিয়ে দেওয়া হল, এবার থেকে রেশনের জন্য বাড়িতে শৌচালয় থাকতেই হবে৷
মস্কো, বেজিং বা টোকিও নয়, দিল্লিকেই কাছে চাইছেন ট্রাম্প-সংবাদ প্রতিদিন
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে হওয়া ফোনালাপের পর এক নতুন মাত্রা পেল ইন্দো-মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্ক৷পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী মঙ্গলবার রাতেই মোদিকে ফোন করেন ট্রাম্প৷ তার আগেই গোটা বিশ্বে জল্পনা মাথাচাড়া দিয়েছিল৷ ওবামার বিদায়ের পর ভারত-মার্কিন সম্পর্কের রূপরেখা ঠিক কেমন হতে চলেছে, তা অনেকটাই নির্ভর করছিল এই ফোনালাপের উপর৷ আন্তর্জাতিক মহলের কাছে এখন তা অনেকটাই স্পষ্ট৷ ওবামা প্রশাসন যেভাবে ভারতের পাশে দাঁড়িয়েছিল, ট্রাম্প প্রশাসনও তার ব্যতিক্রম হবে না৷ সে বার্তা দিয়েই ভারতকে প্রকৃত বন্ধু আখ্যা দিলেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট৷#
পার্সটুডে/জিএআর/২৫