রামপাল বিদ্যুৎ প্রকল্প বাতিলে ২৫ ফেব্রুয়ারি রাজপথে অবস্থান
শ্রোতা/ পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ২৬ জানুয়ারি বৃহষ্পতিবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।
বাংলাদেশের শিরোনাম:
- সার্চ কমিটি ভালো কিছু দিতে পারবে না: দুদু-ইত্তেফাক
- তারেকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা-প্রথম আলো
- বিনা বিচারে কারাবন্দি ৫ জনের জামিন-যুগান্তর
- রামপাল বিদ্যুৎ প্রকল্প বাতিলে ২৫ ফেব্রুয়ারি রাজপথে অবস্থান-নয়া দিগন্ত
- ৮ জেলার মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটি স্থগিত-কালের কণ্ঠ
- সার্চ কমিটির বিরোধিতা করলে বিএনপিরই বিপদ'-বাংলাদেশ প্রতিদিন
ভারতের শিরোনাম:
- আবারও তুষারধসের কবলে সেনা ছাউনি, মৃত ১০ জওয়ান-সংবাদ প্রতিদিন
- ভোটের পঞ্জাব হারের ভয়ে প্রচারে ‘না’ মোদীর-আনন্দবাজার
- পুলিশ ও শিক্ষক খুনের পান্ডা মাওবাদী নেতার আত্মসমর্পণ-বর্তমান
- দিল্লির রাজপথে দেশের শৌর্য প্রদর্শন-আজকাল
শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ। প্রথমে বাংলাদেশ..
সার্চ কমিটির বিরোধিতা করলে বিএনপিরই বিপদ'-বাংলাদেশ প্রতিদিন
পরবর্তী নির্বাচন কমিশন পুনর্গঠনের জন্য গঠিত সার্চ কমিটি নিয়ে বিরোধিতা করলে বিএনপিরই বিপদ হবে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
বৃহস্পতিবার সকালে সচিবালয়ে জাপানের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে তিনি আরও বলেন, রাষ্ট্রপতি সার্চ কমিটি গঠন করেছেন। সেটিকে আমার কাছে নিরপেক্ষ মনে হয়েছে। এ সার্চ কমিটিকে বির্তকিত করা বিএনপির উচিত হবে না।
এর আগে, বুধবার সন্ধ্যায় আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে প্রধান করে ৬ সদস্যের সার্চ কমিটির গেজেট প্রকাশ করে সরকার।
সার্চ কমিটি ভালো কিছু দিতে পারবে না: দুদু-ইত্তেফাক
সার্চ কমিটি ভাল কিছু করতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ইয়ুথ ফোরামের উদ্যোগে আয়োজিত এক মানবন্ধনে তিনি এই মন্তব্য করেন।
শামসুজ্জামান দুদু বলেছেন, সার্চ কমিটি গঠনের নামে ‘ফার্চ কমিটি’ করা হয়েছে। এই কমিটি ভালো কিছু দিতে পারবে না । এই কমিটির কাছ থেকে আমরা ভালো কিছু আশা করতে পারি না। এই কমিটি নিয়ে বিএনপি হতাশ ও ক্ষুব্ধ। দুদু বলেন, রাষ্ট্রপতির সার্চ কমিটি গঠনের উদ্যোগে জাতি আশাবাদী হয়েছিল। কিন্তু গতকাল ঘোষিত সার্চ কমিটির মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে, সরকার আবারো ৫ জানুয়ারি মার্কা নির্বাচন করতে চায়। তিনি বলেন, বিএনপি আবার রাজপথে তখনই নামবে, যখন দেখবে আলোচনার আর কোনো সুযোগ নেই।
এবার পরীক্ষা ইসি নিয়ে-বাংলাদেশ প্রতিদিন
নতুন নির্বাচন কমিশন নিয়োগে ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করে দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এই কমিটিতে কমপক্ষে একজন নারীসহ প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগে শূন্য পদের বিপরীতে দুইজনের নাম সুপারিশ করতে বলা হয়েছে। এ ছাড়া ১০ কর্মদিবসের মধ্যে কমিটিকে রাষ্ট্রপতির কাছে নতুন নির্বাচন কমিশনের জন্য নাম সুপারিশ করতে বলা হয়েছে। গতকাল সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সার্চ কমিটির প্রজ্ঞাপন জারি হয়। এ ছাড়া প্রজ্ঞাপনে কমিটির কার্যবিধি ও কর্মপদ্ধতি নির্ধারণ করে দেওয়া হয়েছে। এর আগে সকালে রাষ্ট্রপতির কার্যালয় থেকে ছয় সদস্যের সার্চ কমিটি গঠনের বিষয়ে চিঠি পাঠানো হয় মন্ত্রিপরিষদ বিভাগে। এদিকে স্বল্প সময়ের মধ্যে গ্রহণযোগ্য ইসি গঠনে ‘নিরপেক্ষ সদস্য’ খুঁজে বের করাটাও সার্চ কমিটির জন্য কঠিন পরীক্ষা বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, কর্মপরিধি নিয়েও চ্যালেঞ্জের মুখে পড়তে হবে সার্চ কমিটিকে। নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে অনুষ্ঠিত সংলাপে রাজনৈতিক দলগুলো আইন করার প্রস্তাব দিলেও সময়-স্বল্পতার কারণে তা আর হয়নি। এবারও সার্চ কমিটির মাধ্যমেই ইসি গঠন হচ্ছে। বর্তমান নির্বাচন কমিশনের সময়ও ঘনিয়ে আসছে। তাদের মেয়াদ রয়েছে আর মাত্র ১২ দিন। ফেব্রুয়ারির ৮ তারিখে বিদায় নেবেন তারা।
হরতাল-সমর্থকদের ওপর পুলিশের কাঁদানে গ্যাস-প্রথম আলো/নয়া দিগন্ত/ইত্তেফাক
রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প, সুন্দরবন-বিনাশী সব চুক্তি বাতিলসহ সাত দফা দাবিতে আজ বৃহস্পতিবার রাজধানীতে আধাবেলা হরতাল পালিত হয়েছে। তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির ডাকা এই হরতালের সমর্থনে রাজধানীর বিভিন্ন এলাকায় মিছিল-সমাবেশ হয়। শাহবাগে হরতাল-সমর্থকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশ জলকামান ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। শাহবাগের ঘটনায় বেশ কয়েকজন হরতাল-সমর্থক আহত হয়েছেন বলে জানিয়েছেন গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি। জাতীয় কমিটির সদস্যসচিব অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, গতকাল বুধবার রাত থেকেই হরতাল-সমর্থকদের নানাভাবে ভয়ভীতি দেখানো হচ্ছিল। হরতালের সমর্থনে আজ সকালে শাহবাগ এলাকায় শান্তিপূর্ণ মিছিলে হামলা করে পুলিশ। এতে কয়েকজন আহত হন। ভয়ভীতি ও হামলা সত্ত্বেও তাঁদের আন্দোলন চলবে।
রামপাল বিদ্যুৎ প্রকল্প বাতিলে ২৫ ফেব্রুয়ারি রাজপথে অবস্থান-নয়া দিগন্ত
সুন্দরবনের পাশে রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বাতিলে আগামী ২৫ ফেব্রুয়ারি সারা দেশে রাজপথে অবস্থান কর্মসূচির ডাক দিয়েছে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি । এর পাশাপাশি তারা রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবিতে হরতালের সমর্থণে আজ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ-মিছিলে পুলিশের হামলা-নির্যাত আর টিয়ার সেল নিক্ষেপের প্রতিবাদে সারা দেশে ২৮ জানুয়ারি বিক্ষোভ কর্মসূচি দিয়েছে। এছাড়া প্রকল্পটি বাস্তবায়িত হলে যারা ক্ষতিগ্রস্থ হবে সেসব এলাকার মানুষদের নিয়ে খুলনায় ১১মার্চ সমাবেশেরও কর্মসূচি দেয়া হয়। আর যুগান্তরের খবর- সুন্দরবন বাঁচানোর হরতালে পুলিশি নির্যাতনের শিকার দুই সাংবাদিক।
হরতাল শেষে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ একর্মসূচি ঘোষণা করেন।
তারেকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা-প্রথম আলো
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জামিন বাতিল করে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। আজ ঢাকার তিন নম্বর বিশেষ জজ আদালতের বিচারক আবু আহমেদ জমাদার এই আদেশ দেন বলে প্রথম আলোকে জানিয়েছেন তারেকের আইনজীবী জয়নাল আবেদিন মেজবাহ।
মেজবাহ বলেন, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় তারেক রহমান হাইকোর্ট থেকে জামিনে ছিলেন। আজ এ মামলার আসামিদের আত্মপক্ষ সমর্থনের শুনানির দিন ধার্য ছিল। শুনানির দিনে তিনি হাজির না থাকায় আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন।
এদিকে,জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের অসমাপ্ত বক্তব্য দেয়ার জন্য ফের পিছিয়ে ২ ফেব্রুয়ারি দিন ধার্য করেছে আদালত।
বিনা বিচারে কারাবন্দি ৫ জনের জামিন-যুগান্তর
এক যুগেরও বেশি সময় কারাগারে বন্দি পাঁচ আসামিকে জামিন দিয়েছেন আদালত।
তবে বাকি দুই আসামির জামিন নামঞ্জুর করে তিন মাসের মধ্যে তাদের মামলা নিষ্পত্তির নির্দেশ দেয়া হয়েছে।
বৃহস্পতিবার বিচারপতি মো. নুরুজ্জামান ও বিচারপতি এস এইচ মো. নুরুল হুদা জায়গীরদারের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
জামিনপ্রাপ্তরা হলেন, কুষ্টিয়ার রাসেল শেখ, ব্রাহ্মণবাড়িয়ার পৈতলার বাসিন্দা মোহাম্মদ পারভেজ, মতিঝিলের মাসুদ, নেত্রোকোনার কমলাকান্দার চেংগিনির বাসিন্দা গারো তরুণ লিটন চাম্বু গং ও বাবু।
ড. ইউনূসের কর-সুবিধার তদন্ত হচ্ছে: অর্থমন্ত্রী-সমকাল
গ্রামীণের নামে সব প্রতিষ্ঠানে ড. মুহাম্মদ ইউনূসের নেওয়া কর-সুবিধার তদন্ত হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বৃহস্পতিবার সচিবালয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। অর্থমন্ত্রী বলেন, অধ্যাপক ইউনূস গ্রামীণের নামে সব প্রতিষ্ঠানে কর-সুবিধা নিয়েছেন। এটা অবৈধ। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ড. ইউনূসের কর-সুবিধার বিষয়টি উল্লেখ করে সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সমালোচনা করার পরদিনই একথা বললেন অর্থমন্ত্রী।
৮ জেলার মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটি স্থগিত-কালের কণ্ঠ
মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ের জন্য করা আট জেলার কমিটির ওপর স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্ট। গোপালগঞ্জের কোটালীপাড়ার মুক্তিযোদ্ধা কমান্ডারের করা এক রিট আবেদনের শুনানি নিয়ে আজ বৃহস্পতিবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি কাজী মো.ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেয়।
শ্রোতাবন্ধুরা ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।
ভোটের পঞ্জাব হারের ভয়ে প্রচারে ‘না’ মোদীর-আনন্দবাজার
বিজেপি নেতারা রসিকতা করে বলতেন, রাহুল গাঁধী কোথাও প্রচারে গেলে নিশ্চিন্ত হন তাঁরা। কারণ, সে ক্ষেত্রে একটা ব্যাপার নিশ্চিত। ভোটে কথার খই যতই ফুটুক, চোখ বন্ধ করে বলে দেওয়া যায়, কংগ্রেসের হার কেউ ঠেকাতে পারবে না।
রাহুলকে হাসির খোরাক করে এমন কথা কিন্তু এখন বলতে শোনা যাচ্ছে না বিজেপির শীর্ষ নেতাদের। কেননা, পঞ্জাবের ভোটের আগে হারের ভয় ধরেছে গোটা বিজেপি শিবিরেই। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে ভয়ের চোটে স্বয়ং নরেন্দ্র মোদী পর্যন্ত প্রচারে যেতে চাইছেন না।
পুলিশ ও শিক্ষক খুনের পান্ডা মাওবাদী নেতার আত্মসমর্পণ-বর্তমান
আইবি’র ইনসপেক্টর পার্থসারথি বিশ্বাস ও স্কুল শিক্ষক সৌম্যজিৎ বসুকে পুরুলিয়ার অযোধ্যা পাহাড় থেকে অপহরণ করে খুনের ঘটনায় অভিযুক্ত মাওবাদী নেতা রঞ্জিত পাল ও তাঁর স্ত্রী আত্মসমর্পণ করলেন পুলিশের কাছে। বুধবার ভবানী ভবনে রাজ্য পুলিশের ডিজি সুরজিৎ কর পুরকায়স্থর সামনে তিনি ও তাঁর স্ত্রী অনিতা পাল আত্মসমর্পণ করেন।
আবারও তুষারধসের কবলে সেনা ছাউনি, মৃত ১০ জওয়ান-সংবাদ প্রতিদিন
সাধারণতন্ত্র দিবসের দিনই তুষারধসের কবলে পড়ল ভারতীয় সেনার ছাউনি। এদিন সকালে, জম্মু-কাশ্মীরের গুরেজ সেক্টরে বিএসএফ-এর একটি ছাউনির উপর নেমে এল তুষারধস। সেনা সূত্রে খবর, এই ঘটনায় মৃত্যু হয়েছে দশ জওয়ানের।
দিল্লির রাজপথে দেশের শৌর্য প্রদর্শন-আজকাল
আজ ৬৮ তম সাধারণতন্ত্র দিবস। ১৯৫০ সালের এই দিনটিতেই ভারতের সংবিধান কার্যকর করা হয়েছিল। ১৯৫০ সালের এই দিনটিতেই শপথ নিয়েছিলেন ভারতের প্রথম রাষ্ট্রপতি ড. রাজেন্দ্র প্রসাদ। প্রতি বছরের মতো এই বছরেও সাধারণতন্ত্র দিবসের এই অনুষ্ঠানের সূচনা করেন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। সাধারণতন্ত্র দিবসের প্যারেড রাজপথ থেকে শুরু হয়ে যায় লালকেল্লা পর্যন্ত। এই কুচকাওয়াজেই প্রদর্শিত হয় দেশের সামরিক পেশীশক্তি। দেখানো হয় নানা প্রযুক্তির সাহায্যে দেশীয় প্রযুক্তিতে তৈরি অস্ত্রশস্ত্র।#
পার্সটুডে/জিএআর/২৬