রাজনৈতিক দলগুলোর কাছে ৫টি করে নাম চেয়েছে অনুসন্ধান কমিটি
শ্রোতা/ পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ২৮ জানুয়ারি শনিবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।
বাংলাদেশের শিরোনাম:
- রাজনৈতিক দলগুলোর কাছে নাম চেয়েছে সার্চ কমিটি-ইত্তেফাক
- ইত্তেফাকের অন্য একটি খবরের শিরোনাম: সার্চ কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
- নিরাশ ফখরুল, আশাবাদী মওদুদ-প্রথম আলো
- সোমবার ১২ বিশিষ্ট নাগরিকের সঙ্গে সার্চ কমিটির বৈঠক-যুগান্তর
- সাংবাদিকদের মানববন্ধনে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার দাবি-নয়া দিগন্ত
- মানবাধিকার ইস্যুতে চ্যালেঞ্জ রয়েছে: আইনমন্ত্রী-কালের কণ্ঠ
- ‘ট্যাক্স ফ্রি’ গাড়ি থাকলেও বিমান ছাড়া চলেন না-মানবকণ্ঠ
- সাংবাদিকদের মানববন্ধনে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার দাবি-নয়া দিগন্ত
- আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের মস্তিস্ক বিকলাঙ্গ হয়েছে'-বাংলাদেশ প্রতিদিন
ভারতের শিরোনাম:
- সুনন্দা পুষ্করের মৃত্যু হয়েছে বিষপ্রয়োগে: এইমস -সংবাদ প্রতিদিন
- পাঞ্জাবে ভোট-মুখ্যমন্ত্রীর পরিবারের হাজার বাস !-গণশক্তি
- উঃপ্রদেশে ১৫০ আসনে প্রার্থী পাচ্ছে না বিজেপি-আজকাল
- অবরোধে ইতি টানল ভাঙড়, ভাঙচুরে সম্পত্তি বাজেয়াপ্ত, কড়া মমতা-আনন্দবাজার
- বরফ খুঁড়ে উদ্ধার মেজর, উপত্যকায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩-বর্তমান
শ্রোতা/পাঠক! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ। প্রথমে বাংলাদেশ..
রাজনৈতিক দলগুলোর কাছে ৫টি করে নাম চেয়েছে অনুসন্ধান কমিটি- এ খবরটি আজকের প্রথম আলো/ইত্তেফাক/যুগান্তরসহ সব জাতীয় এবং অনলাইন
পোর্টালের প্রধান খবর হিসেবে এসেছে। খবরটিতে বলা হয়েছে,
নতুন নির্বাচন কমিশন গঠনের জন্য রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোকে নাম প্রস্তাব করতে বলেছে সার্চ কমিটি। শনিবার সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে সার্চ কমিটির প্রথম সভার পর মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এই তথ্য জানান। মোহাম্মদ শফিউল আলম বলেন, যে ৩১টি দল সংলাপে অংশ নিয়েছে, তাদের ৩১ জানুয়ারি বেলা ১১টার মধ্যে পাঁচটি করে নাম প্রস্তাব করতে বলা হয়েছে। এছাড়া নতুন নির্বাচন কমিশন গঠনে মতামত নেওয়ার জন্য আগামী সোমবার১২ জন বিশিষ্ট নাগরিকদের সঙ্গে বৈঠক করবে সার্চ কমিটি।
সার্চ কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট-ইত্তেফাক
নির্বাচন কমিশন পুনর্গঠনের জন্য গঠিত সার্চ কমিটির বৈঠতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। শনিবার আইনজীবী অ্যাডভোকেট ইউনূস আলী আকন্দ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন। রিটে ইসি সচিব, মন্ত্রিপরিষদ সচিব ও আইন সচিবকে বিবাদী করা হয়েছে। আগামীকাল রোববার বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপিত জেবিএম হাসানের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনের ওপর শুনানি হতে পারে বলে জানা গেছে। রিট আবেদনে বলা হয়েছে, সার্চ কমিটি গঠন সংবিধানের ১১৮ (১) অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক। সংবিধানের সপ্তম ১১৮ (১) অনুচ্ছেদে বলা হয়েছে, ‘প্রধান নির্বাচন কমিশনার এবং অনধিক চার জন নির্বাচন কমিশনারকে লইয়া বাংলাদেশের একটি নির্বাচন কমিশন থাকিবে এবং উক্ত বিষয়ে প্রণীত কোন আইনের বিধানাবলী-সাপেক্ষে রাষ্ট্রপতি প্রধান নির্বাচন কমিশনারকে ও অন্যান্য নির্বাচন কমিশনারকে নিয়োগদান করিবেন।’
নিরাশ ফখরুল, আশাবাদী মওদুদ-প্রথম আলো
নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে গঠিত সার্চ কমিটি নিয়ে নতুন কোনো আশা দেখছেন না বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন থাকলেও কমিটি নিয়ে আশাবাদী হতে চান দলটির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ।
আজ শনিবার আলাদা অনুষ্ঠানে বিএনপির জ্যেষ্ঠ দুই নেতা তাঁদের বক্তব্য তুলে ধরেন।
আজ সকালে যুবদলের নতুন কমিটির সদস্যদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানান মির্জা ফখরুল। পরে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, সার্চ কমিটি কী কাজ করবে তা স্পষ্ট। তাই তাদের কাছ থেকে নতুন কোনো আশার আলো তাঁরা দেখছেন না। তিনি বলেন, মানুষ দেশের রাজনৈতিক সংকট উত্তরণে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের আশা করেছিল। কিন্তু সার্চ কমিটিতে যাঁদের রাখা হয়েছে, তাঁদের কাছ থেকে নিরপেক্ষ নির্বাচন কমিশন আশা করা যায় না। তারপরও যদি তাঁরা নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করতে পারেন, তাহলে মানুষ বুঝবে, দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে তাঁরা কাজ করেছেন।
রাষ্ট্রপতির সঙ্গে জাতিসংঘের আলোচনার প্রস্তাবের বিষয়ে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, সার্চ কমিটি গঠনের আগে এই উদ্যোগ নেওয়া হলে এটা ফলপ্রসূ হতো। তবে এর আগে জাতিসংঘের কোনো উদ্যোগই সফল হয়নি।
অন্যদিকে আজ দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেন, বিএনপি সার্চ কমিটির যে কাঠামো প্রস্তাব করেছিল, ঠিক তার উল্টো কমিটি করা হয়েছে। বিএনপি কোনো নাম দেয়নি। বিএনপি বলেছিল, অবসরপ্রাপ্ত ও সরকারের লাভজনক পদে নেই এমন ব্যক্তিদের নিয়ে সার্চ কমিটি গঠন করতে। মওদুদ বলেন, সার্চ কমিটি নিয়ে অনেকে নিরাশার কথা বলছেন। তারপরও তিনি আশাবাদী।
বগুড়ায় ওবায়দুল কাদের-সার্চ কমিটি নিয়ে বিদেশিদের নাক গলানোর কিছু নেই-ওবায়দুল কাদের: প্রথম আলো
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে রাষ্ট্রপতির গঠিত সার্চ কমিটির ব্যাপারে বিদেশিদের নাক গলানোর কিছু নেই। দেশের অভ্যন্তরীণ বিষয়ে বাইরের কারও হস্তক্ষেপ করার অধিকার নেই।
বগুড়ার আলতাফুন্নেছা খেলার মাঠে গতকাল শুক্রবার বিকেলে জেলা আওয়ামী লীগ আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘সার্চ কমিটিতে আওয়ামী লীগের কোনো নেতা এসেছেন? তারপরও বিএনপি বিদেশিদের কাছে নালিশ করেছে। এখন আবার বলে, বিদেশিরা সার্চ কমিটি নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে চায়। সাড়া মেলেনি।’
আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের মস্তিস্ক বিকলাঙ্গ হয়েছে'-বাংলাদেশ প্রতিদিন
'বিএনপি নালিশ নির্ভর দল' আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়েদুল কাদেরের এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, 'মাঝে মধ্যে মনে হয়, ওনার মস্তিস্ক বিকলাঙ্গ হয়েছে। নালিশ দেয়ার অভ্যাস তো তাদের (আওয়ামী লীগ) জন্মলগ্ন থেকে। ১৯৯৬ সালে আন্দোলনের সময় তারা দেশ-বিদেশে ধর্না কম দেয়নি। তখন তারা উন্নয়ন সহযোগীদের চিঠি দিয়েও বিএনপি’কে সহযোগীতা না করার কথা বলেছিলো। '
শনিবার সকালে বরিশালের সাবেক এমপি আবুল হোসেন খানের পৌর শহরের সাহেবগঞ্জ সড়কের বাসায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন, 'জাতীসংঘ, ইউরোপ, আমেরিকা কথা বললে, আওয়ামী লীগ বলে বিএনপি নালিশ দেয়। আর যখন ভারত কথা বলে তখন তারা বলে উপদেশ দিয়েছে ভালো পথে চলার জন্য। '
বিএনপি আগামী নির্বাচনে না গেলে তাদের নিবন্ধন বাতিল হবে- এমন প্রশ্নে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, 'এটা হচ্ছে তাদের ভয় দেখানো, ব্লাক মেইলিং। ওই ভয়ে দেখিয়ে লাভ নেই। বিএনপি যদি জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে না পারে, তাহলে সেই লাইসেন্স দিয়ে কি হবে। সোজা পথে আসতে হবে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। তিনি বলেন, নিবন্ধন বাতিল হলে তো আর বিএনপি বাতিল হয়ে যাবেনা। '
সাংবাদিকদের মানববন্ধনে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার দাবি-নয়া দিগন্ত
বেসরকারি টিভি চ্যানেল এটিএন নিউজের দুই সাংবাদিককে মারধরের ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সাংবাদিকরা। একই সঙ্গে এই ঘটনা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর করা ‘বেফাঁস’ মন্তব্য প্রত্যাহারেরও দাবি জানানো হয়। সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে আজ শনিবার শাহবাগে সাংবাদিকদের উদ্যোগে আয়োজিত মানববন্ধন শেষে বিএফইউজের (একাংশের) সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল স্বরাষ্ট্রমন্ত্রীকে তাঁর বক্তব্য প্রত্যাহারের দাবি জানান।
তিনি বলেন, এটিএন নিউজের দুই সংবাদকর্মীর ওপর হামলা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল যে বক্তব্য দিয়েছেন, তাতে পুলিশ সদস্যরা উসকানি পাবেন।
এটিএন নিউজের হেড অফ নিউজ মুন্নী সাহা প্রশ্ন তোলেন, সাংবাদিক নির্যাতন করলে পুরস্কৃত হওয়া যায় কি না? অভিযুক্ত পুলিশকে সাময়িক প্রত্যাহারের নামে ‘জামাই আদরে’রাখারও সমালোচনা করেন তিনি।
‘ট্যাক্স ফ্রি’ গাড়ি থাকলেও বিমান ছাড়া চলেন না-মানবকণ্ঠ
নতুন একটি সংসদ যাত্রা শুরু করতে না করতেই এমপিরা প্রতিযোগিতায় নামেন ‘ট্যাক্স ফ্রি’ সুবিধায় বিলাসবহুল গাড়ি আমদানিতে। প্রথম ৬ মাসেই অধিকাংশ এমপি গাড়ির বিষয়টি চুকিয়ে ফেলেন। নতুন এমপিদের পাশাপাশি পুরনোরাও প্রতিটি সংসদের শুরুতেই এ সুবিধা নিতে মরিয়া হয়ে ওঠেন। অথচ জাতীয় সংসদের হিসাবের খাতা উল্টালে দেখা যায়, বেশিরভাগ এমপিই গাড়ি ব্যবহারের চেয়ে বিমানে চলাচলে স্বাচ্ছন্দ্য বোধ করেন। গাড়ির জ্বালানি খরচ নেয়ার পাশাপাশি বিমানে চলাচলের টিকিটের দামও তুলে নিচ্ছেন নিয়মিত। চলমান দশম জাতীয় সংসদের তিন বছরেই ৩৫০ এমপির মধ্যে ২১৫ জনই নিয়েছেন বিমান ভাতা। এর আগের সংসদগুলোর চিত্রও এক। আওয়ামী লীগ নেতৃত্বাধীন বিগত নবম সংসদেও ২১৬ এমপি বিমান ভাতা নিয়েছেন। আর বিএনপি নেতৃত্বাধীন অষ্টম সংসদে এ সুবিধা ভোগ করেছেন ১৭০ এমপি।
সংসদ ও রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এমপিদের এই প্রতিযোগিতামূলক বিলাসী মনোভাব একেবারেই অনুচিত। তাদের মতে, একজন এমপি প্রতি মাসে সম্মানীসহ বিভিন্ন ভাতাদি বাবদ পৌনে দুই লাখ টাকারও বেশি জাতীয় সংসদ থেকে পেয়ে থাকেন। এ ছাড়া যাতায়াতের সুবিধার্থে ‘ট্যাক্স ফ্রি’ গাড়ির সুবিধাও নিচ্ছেন। আর এই ট্যাক্স ফ্রি গাড়িতে চড়ে এসে তারা বিমানের ভাতা উত্তোলন করে নিচ্ছেন। এটি একেবারেই অনৈতিক। এ বিষয়ে এমপিদেরকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসা জরুরি বলেও মনে করেন তারা।
মানবাধিকার ইস্যুতে চ্যালেঞ্জ রয়েছে: আইনমন্ত্রী-কালের কণ্ঠ
মানবাধিকার ইস্যুতে বাংলাদেশ চ্যালেঞ্জের মুখে রয়েছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। এ প্রসঙ্গে তিনি বলেন, মানবাধিকার ইস্যুতে মানবপাচার ও শিশু নিয়ে সবচেয়ে বেশি উদ্বেগজনক অবস্থায় রয়েছে। তিনি বলেন, এখনও অনেক দরিদ্র মানুষ রয়েছেন যারা আইনি সহায়তা পান না। দরিদ্র মানুষ যাতে আইনি সহায়তা পেতে পারেন সেজন্য সরকার বেশ কিছু সুবিধা চালু করেছে। আজ শনিবার রাজধানীর সোনারগাঁওয়ে মানবাধিকার বিষয়ক এক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এখন এপিপি হন দলীয়রা: প্রধান বিচারপতি-প্রথম আলো
প্রতিটি জেলার প্রখ্যাত আইনজীবীদের বদলে এখন দলীয় আইনজীবীরা সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) হন বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। তিনি বলেছেন, ‘আগে প্রতিটি জেলায় প্রখ্যাত আইনজীবীরা ফৌজদারি মামলায় এপিপি হিসেবে নিয়োগ পেতেন। এই নীতি বেশ কিছু সময় চলার পর এখন আর দেখা যাচ্ছে না। এখন এপিপি বলতে যেকোনো সরকারি দলের, যে-ই থাকে, তাদের একটি প্যানেল লিস্ট করা হয়। এর বাইরে নিয়োগ দেওয়া হয় না।’
শ্রোতা/পাঠক ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।
অবরোধে ইতি টানল ভাঙড়, ভাঙচুরে সম্পত্তি বাজেয়াপ্ত, কড়া মমতা-আনন্দবাজার
বিভ্রান্তি ছড়িয়ে উন্নয়নের কাজ থমকে দেওয়ার রাজনীতি যে তিনি বরদাস্ত করবেন না, প্রশাসনিক স্তরে তা আগেই স্পষ্ট করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভাঙড়ে গত ৭২ ঘণ্টা ধরে পুলিশ ও শাসক দলের যে অভিযান চলেছে, তার মধ্যেও সেই বার্তা ছিল পরিষ্কার। এ বার আন্দোলনকারীদের উদ্দেশে প্রকাশ্যে হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী। শুক্রবার রেড রোডে একটি সরকারি অনুষ্ঠানে ভাঙড়ের নাম মুখে না আনলেও মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আন্দোলনের নামে কেউ যদি সরকারি সম্পত্তি নষ্ট করে, সরকার ছেড়ে কথা বলবে না। ক্ষতিপূরণের টাকা তার কাছ থেকেই উসুল করা হবে। দরকার হলে তার সম্পত্তি বাজেয়াপ্ত করবে সরকার। এ ব্যাপারে সরকার আইন প্রণয়ন করবে বলেও জানান মুখ্যমন্ত্রী। মমতার এই হুঁশিয়ারির আগেই অবশ্য এ দিন ভাঙড়ে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা।
বরফ খুঁড়ে উদ্ধার মেজর, উপত্যকায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩-বর্তমান
উপত্যকা বিভিন্ন জায়গা জুড়ে লাগাতার ধসে ক্রমশ বেড়ে চলেছে মৃতের সংখ্যা। গত দু’দিনে ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও শুক্রবার সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩। তবু তার মধ্যেও এক সেনার বেঁচে ফেরার ঘটনাই আশা জোগাচ্ছে উদ্ধারকারীদের মনে।
প্রায় তিন ঘণ্টা ১২ ফুট বরফের গভীরে আটকে ছিলেন মেজর শ্রীহরি কুগাজি। বাঁচার আশা প্রায় ছিল না বললেই চলে। তবু অসম্ভব মনের জোরকে সম্বল করেই যুদ্ধ জয় করেছেন বেলাগাভির এই বাসিন্দা।
উঃপ্রদেশে ১৫০ আসনে প্রার্থী পাচ্ছে না বিজেপি-আজকাল
লোকসভা আর বিধানসভা ভোট যে এক নয়, হাড়ে হাড়ে বুঝছে বিজেপি। বিশেষত উত্তরপ্রদেশে, যেখানে ভোটে জাতপাতের রাজনীতিই প্রাধান্য পায়। ২০১৪ লোকসভা ভোটে ৮০টি আসনের মধ্যে ৭১টিই ঝুলিতে পুরেছিল মোদি–শাহর দল। সেখানে বিধানসভা ভোটে ১৫০টি আসনে যোগ্য প্রার্থীই খুঁজে পেল না বিজেপি।
১১ ফেব্রুয়ারি থেকে রাজ্যে ভোট শুরু। বিধানসভায় মোট আসন সংখ্যা ৪০৩। তার মধ্যে ৩৭১টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। এখনও বাকি ৩২ আসন।
সুনন্দা পুষ্করের মৃত্যু হয়েছে বিষপ্রয়োগে: এইমস -সংবাদ প্রতিদিন
বিষ প্রয়োগেই মৃত্যু হয়েছিল কংগ্রেস সাংসদ শশী থারুরের স্ত্রী সুনন্দা পুষ্করের। শনিবার এই বলে কার্যত বোমা ফাটালেন ‘অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস’ বা এইমসের ফরেসনিক বিভাগের প্রধান সুধীর গুপ্ত। শনিবার তিনি জানিয়েছেন, স্বাভাবিক মৃত্যু হয়নি সুনন্দা পুষ্করের। তাঁর মৃত্যু অস্বাভাবিক, বিষ প্রয়োগে মারা গিয়েছেন তিনি।#
পার্সটুডে/জিএআর/২৮