পিইসি ও জেএসসি পরীক্ষা অব্যাহত রাখার পক্ষে প্রধানমন্ত্রী
শ্রোতা/ পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ২৯ জানুয়ারি রোববারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।
বাংলাদেশের শিরোনাম:
- প্রধানমন্ত্রীকে ভ্যানে বহনকারী চালক বিমানবাহিনীতে-ইত্তেফাক
- সাংবাদিকের প্রশ্ন ছিঁড়ে ছুড়ে ফেললেন অর্থমন্ত্রী-প্রথম আলো
- বাংলাদেশে তিন ভারতীয় টিভি চ্যানেলের সম্প্রচার চলবে-যুগান্তর
- সার্চ কমিটির বাটন ছিলো প্রধানমন্ত্রীর হাতে : রিজভী-মানবকণ্ঠ
- পিইসি ও জেএসসি পরীক্ষা অব্যাহত রাখার পক্ষে প্রধানমন্ত্রী-নয়া দিগন্ত
- ফের মামলার চাপে খালেদা-তারেক-বাংলাদেশ প্রতিদিন
ভারতের শিরোনাম:
- আউশগ্রামের থানায় ভাঙচুর, আগুন, পালিয়ে বাঁচল পুলিশ-বর্তমান
- জাল্লিকাট্টু: মারিনা বিচে ১৪৪ ধারা জারি-আজকাল
- সংবিধানের সীমার মধ্যে অযোধ্যায় রাম মন্দির হবেই: অমিত শাহ-আনন্দবাজার
- পরীক্ষায় ছাত্রছাত্রীদের সাফল্যের দাওয়াই দিলেন প্রধানমন্ত্রী-সংবাদ প্রতিদিন
শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ। প্রথমে বাংলাদেশ..
প্রধানমন্ত্রীকে ভ্যানে বহনকারী চালক বিমানবাহিনীতে-বাংলাদেশ প্রতিদিনসহ প্রায় সব দৈনিকের খবর
প্রধানমন্ত্রীকে বহনকারী টুঙ্গিপাড়ার ভ্যানচালক ইমাম শেখের মনের বাসনা পূরণ হয়েছে। তিনি বাংলাদেশ বিমান বাহিনীতে তার চাকরি পেয়েছেন। আর প্রধানমন্ত্রীকে বহনকারী ইমামের ভ্যান চলে যাচ্ছে জাদুঘরে।
ইমাম শেখের বাবা মানসিক রোগী আব্দুল লতিফ শেখের চিকিৎসা ও ঘরবাড়ি মেরামতের জন্য বিমানবাহিনীর পক্ষ থেকে ৪০ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়েছে।
রবিবার বেলা সাড়ে ১১টার দিকে বিমানবাহিনীর যশোর ক্যান্টনমেন্টের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ঘাঁটির স্কোয়াড্রন লিডার হারুন-উর- রশিদ টুঙ্গিপাড়া সরদারপাড়া গ্রামে ইমাম শেখের বাড়িতে গিয়ে ইমাম শেখের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেন। এরপর তিনি ইমাম শেখের বাবার চিকিত্সা ও ঘরবাড়ি মেরামতের জন্য ইমামের মা শাহানূর বেগমের হাতে ৪০ হাজার টাকা তুলে দেন।
পিইসি ও জেএসসি পরীক্ষা অব্যাহত রাখার পক্ষে প্রধানমন্ত্রী-নয়া দিগন্ত
প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও মাধ্যমিক শিক্ষা সমাপনী (জেএসসি) পরীক্ষা অব্যাহত রাখার পক্ষে অভিমত ব্যক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এ দুটি পরীক্ষা শিক্ষার্থীদের মাঝে এসএসসি পরীক্ষার জন্য আত্মবিশ্বাস সৃষ্টি করছে।
রবিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০১৭ উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এই অভিমত ব্যক্ত করেন।
শেখ হাসিনা বলেন, সবার জন্য শিক্ষার সমান সুযোগ সৃষ্টি, শিক্ষার্থীদের মাঝ থেকে বোর্ডের পরীক্ষার ভীতি দূর করা, মেধাবী ও দরিদ্রদের মাঝে বৃত্তির নিয়মানুযায়ী বৃত্তি প্রদানের সুবিধার্থে পিইসি এবং জেএসসি পরীক্ষা ২০০৯ সালে চালু করা হয়।
তিনি বলেন, আমি দেখলাম হঠাৎ এই দুইটি পাবলিক পরীক্ষা নিয়ে কিছু কিছুু সমালোচনা শুরু হয়ে গেল এবং এই পরীক্ষা বন্ধ করারও দাবি উঠল। কিন্তু তাদের এই দাবি মোটেও বাস্তবসম্মত নয়।
হাইকোর্টে রিট খারিজ-বাংলাদেশে তিন ভারতীয় টিভি চ্যানেলের সম্প্রচার চলবে-যুগান্তর
ভারতীয় তিন টিভি চ্যানেল স্টার জলসা, স্টার প্লাস ও জি বাংলা বন্ধ নিয়ে রিটের রায় খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
রোববার দুপুরে বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এর ফলে বাংলাদেশে ভারতীয় এ তিনটি টিভি চ্যানেল সম্প্রচার চলতে কোনো বাধা রইল না। গত বুধবার এ নিয়ে রায় ঘোষণার জন্য আজকের দিন ধার্য করেন আদালত।
এর আগে ২০১৪ সালের ১৯ অক্টোবর এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে ভারতীয় এই তিন টিভি চ্যানেল বন্ধে কেন নির্দেশে দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চ।
প্রসঙ্গত, ন্যাশন ওয়াইড মিডিয়া লিমিটেড এবং ডিজি যাদু ব্রডব্যান্ড লিমিটেড নামের দুটি ডিস্ট্রিবিউটর সংস্থা বাংলাদেশে ৫০টি বিদেশি চ্যানেল পরিবেশন করে থাকে। এর মধ্যে ঐ তিনটি চ্যানেল অন্যতম। ২০১৪ সালের জুলাই মাসে রোজার ঈদকে সামনে রেখে স্টার জলসায় প্রচারিত ‘বোঝেনা সে বোঝেনা’ সিরিয়ালের পাখি চরিত্রের নামে পোশাক কিনতে না পেরে বাংলাদেশে অনেকে আত্মহত্যা করে। এ নিয়ে পত্রপত্রিকায় সংবাদ প্রকাশিত হয়।
সাংবাদিকের প্রশ্ন ছিঁড়ে ছুড়ে ফেললেন অর্থমন্ত্রী-প্রথম আলো
সাংবাদিকের লিখিত প্রশ্ন ছিঁড়ে ছুড়ে ফেলে দিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। রাজধানীর সোনারগাঁও হোটেলে আজ রোববার সকালে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা-সম্পর্কিত এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী। কর্মশালার যৌথ আয়োজক অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)।
নিয়মিত বক্তব্য দেওয়ার পর চা-বিরতির আগে এক সাংবাদিক অর্থমন্ত্রীকে একটি চিরকুট পাঠান। তা দেখে অর্থমন্ত্রী জবাব দেওয়ার জন্য প্রস্তুতিও নেন। সাংবাদিকেরা এ সময় অর্থমন্ত্রীকে ডায়াসে দাঁড়িয়ে কথা বলার অনুরোধ জানালে তিনি বলেন, মঞ্চে অতিথিদের জন্য রাখা আসনে বসেই কথা বলবেন তিনি।
অর্থমন্ত্রী চিরকুট পাঠানো সাংবাদিকের উদ্দেশে পাল্টা প্রশ্ন করে বলেন, ‘জলবায়ুর বিভিন্ন প্রকল্পে কী হচ্ছে আপনি কি জানেন? কে বলেছে প্রকল্প বাস্তবায়নের মান খারাপ? কোথায় মান খারাপ?’
সাংবাদিককে উদ্দেশ্য করে অর্থমন্ত্রী আবার প্রশ্ন করেন, ‘কে প্রশ্ন করেছেন? ননসেন্স প্রশ্ন। আপনি কি জানেন কী করা হচ্ছে? প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশ হচ্ছে সেরা পারফরমার। আমি চ্যালেঞ্জ করছি আপনাকে।’
এ সময় চিরকুটটিকে ছিঁড়ে টুকরো করে সামনের দিকে ছুড়ে ফেলে দেন অর্থমন্ত্রী। অর্থসচিব মাহবুব আহমেদসহ কয়েকজন মিলে অর্থমন্ত্রীকে তখন মঞ্চ থেকে নামিয়ে দর্শক-শ্রোতাদের কাতারে নিয়ে যান।
সাত খুন মামলা-অগ্রাধিকার ভিত্তিতে পেপারবুক প্রস্তুতের নির্দেশ-যুগান্তর/ইত্তেফাক
নারায়ণগঞ্জের সাত খুন মামলার ডেথ রেফারেন্স অগ্রাধিকার ভিত্তিতে নিস্পত্তির নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। ওই নির্দেশনার অংশ হিসেবে এই মামলার পেপারবুক দ্রুত প্রস্তুতের জন্য হাইকোর্টের সংশ্লিষ্ট শাখাকে বলা হয়েছে। আজ রবিবার প্রধান বিচারপতি এ সংক্রান্ত নথিতে স্বাক্ষর করেন।
এ প্রসঙ্গে হাইকোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) সাব্বির ফয়েজ ইত্তেফাককে বলেন, ডেথ রেফারেন্সের নথি পাওয়ার পর অগ্রাধিকার ভিত্তিতে পেপারবুক প্রস্তুতের জন্য প্রধান বিচারপতির কাছে নথি উপস্থাপন করা হয়েছিল। তিনি এই পেপারবুক প্রস্তুতের জন্য অনুমতি দিয়েছেন। এখন আমরা এটি প্রস্তুতের জন্য বিজি প্রেসে পাঠাবো।
ফের মামলার চাপে খালেদা-তারেক-বাংলাদেশ প্রতিদিন
আবারও মামলার চাপ বেড়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং তার ছেলে ও দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের। দ্রুত এগোচ্ছে ২১ আগস্ট গ্রেনেড হামলাসহ দুর্নীতি ও নাশকতা সংক্রান্ত বিভিন্ন মামলার কার্যক্রম। গত বুধবারও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থনে আদালতে হাজির না হওয়ায় তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ঢাকার বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আদালত। একই মামলায় আগামী ৩০ জানুয়ারি হাজির না হলে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারির ঘোষণা দিয়েছেন বিচারক আবু আহমেদ জমাদ্দার। দলের নীতিনির্ধারণী মহলের সদস্যদের ধারণা, আগামী জাতীয় নির্বাচনে অযোগ্য ঘোষণাসহ বিএনপিকে নেতৃত্বশূন্য অবস্থা করার লক্ষ্যেই এসব মামলা নিয়ে তাড়াহুড়ো করছে সরকার।
সার্চ কমিটির বাটন ছিলো প্রধানমন্ত্রীর হাতে : রিজভী-মানবকণ্ঠ
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপের পরও একতরফাভাবে সার্চ কমিটি গঠন করা হয়েছে। সার্চ কমিটির আগের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে, নির্বাচন কমিশন গঠনে এক ব্যক্তির ইচ্ছার প্রতিফলন ঘটেছে এবং সার্চ কমিটির বাটন ছিল প্রধানমন্ত্রীর হাতে। এবারো এর ব্যতিক্রম হবে না। পরবর্তী নির্বাচন কমিশন গঠনে যে এক ব্যক্তির ইচ্ছার প্রতিফলন ঘটবে না সেটির সম্ভাবনা উড়িয়ে দেয়ার কোন অবকাশ নেই।
অর্থবছরের দ্বিতীয় ভাগেও একইরকম ‘সতর্ক’ মুদ্রানীতি ঘোষণা-কালের কণ্ঠ
বিনিয়োগ বাড়ানোর মাধ্যমে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য পূরণের পরিবেশ তৈরির পরিকল্পনায় অর্থবছরের প্রথম ভাগের মতই একইরকম ‘সতর্ক’ মুদ্রানীতি ঘোষণা করা হয়েছে জানুয়ারি-জুন মেয়াদের জন্য।
গভর্নর ফজলে কবির রোববার কেন্দ্রীয় ব্যাংকের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে ২০১৬-১৭ অর্থবছরের দ্বিতীয়ার্ধের এই মুদ্রানীতি ঘোষণা করেন। তিনি বলেন, “আমরা অর্থবর্ষের প্রথমার্ধের উৎপাদন সহায়ক, সতর্ক নীতির ভঙ্গিটি অপরিবর্তিত রেখেছি। ”
শ্রোতা/পাঠক ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।
আউশগ্রামের থানায় ভাঙচুর, আগুন, পালিয়ে বাঁচল পুলিশ-বর্তমান
স্কুলের সামনে অবৈধ নির্মাণকে কেন্দ্র করে শুক্রবারের গোলমালের পর শনিবার ফের আউশগ্রাম থানায় হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটল। কয়েকশো ছাত্র, প্রাক্তনী ও অভিভাবক ইট পাথর, লাঠিসোঁটা নিয়ে থানায় ঢুকেই পুলিশ অফিসার ও কর্মীদের মাটিতে ফেলে পেটায়। প্রাণ বাঁচাতে পুলিশ কর্মীরা পিছনের গেট নিয়ে দৌড়ে পালান। এরপর অরক্ষিত থানা এবং লাগোয়া কোয়ার্টারে হামলা চলে।
সংবিধানের সীমার মধ্যে অযোধ্যায় রাম মন্দির হবেই: অমিত শাহ-আনন্দবাজার
ভোটমুখী উত্তরপ্রদেশে আগামিকাল এক সঙ্গে মাঠে নামছেন রাহুল গাঁধী-অখিলেশ যাদব জুটি। সপা-কংগ্রেসের যুব নেতৃত্বের এই জোট নিয়ে রীতিমতো উদ্বিগ্ন বিজেপির শীর্ষ নেতৃত্ব। তাই কাল রাহুল-অখিলেশের প্রচার শুরুর আগে আজ দলীয় ইস্তাহার প্রকাশ করতে গিয়ে ঝুলি থেকে সব তাসই টেনে বের করে ফেললেন নরেন্দ্র মোদীর প্রধান সেনাপতি তথা বিজেপি সভাপতি অমিত শাহ।
বিজেপির ইস্তাহার ‘সঙ্কল্প পত্র’-য় কী নেই! এক দিকে ঋণ মকুবের আশ্বাস, বিনা সুদে ঋণ, আখ চাষিদের বকেয়া মেটানোর প্রতিশ্রুতি দিয়ে কৃষকদের কাছে টানার চেষ্টা করা হয়েছে। আবার অখিলেশের কায়দাতেই পড়ুয়াদের জন্য বিনামূল্যে ল্যাপটপ-ইন্টারনেট, কলেজ চত্বরে ফ্রি ওয়াইফাই ব্যবস্থার কথা বলে যুব সম্প্রদায়ের মন জিততে চেয়েছে দল।
জাল্লিকাট্টু: মারিনা বিচে ১৪৪ ধারা জারি-আজকাল
জাল্লিকাট্টু নিয়ে এখনও সরগরম তামিলনাড়ু। এর মধ্যেই মারিনা বিচে ১৪৪ ধারা জারি করল তামিলনাড়ু প্রশাসন। শনিবার মধ্যরাত থেকে এই নির্দেশ কার্যকর করা হয়েছে। থাকবে ১২ ফেব্রুয়ারি রাত ১২ টা অবধি। এই সময়ের মধ্যে মারিনা বিচ বা তার আশপাশের অঞ্চলে কোনও জমায়েত করা যাবে না। একসঙ্গে চারজনের বেশি ব্যক্তি থাকলেই তাঁদের সরিয়ে দেওয়া হবে। ডি৫ মারিনা, ই১ মায়লাপোর, ডি৩ আইস হাউস, ই৫ ফোরস হোর এস্টেট, ডি১ ট্রিপলিকেন এবং ডি৬ আন্না স্কোয়ার পুলিস স্টেশনে এই ধারা জারি থাকবে। এই অঞ্চলে কোনও প্রকার মিটিং–মিছিল, মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ, অনশন করা যাবে না। পুলিস কমিশনার এস জর্জ এক বিবৃতিতে জানান হয়েছে, ‘চেন্নাইয়ে শান্তি বজায় রাখার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ সাইকেল উল্টোবে না: অখিলেশ, রাহুল-আজকাল
কংগ্রেসের সঙ্গে হাত মেলালেও, এতদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে রা কাড়েননি অখিলেশ যাদব। তবে রবিবার লখনউয়ে আগল ভেঙে বেরিয়ে এলেন তিনি। কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধীকে সঙ্গে নিয়ে তুলোধনা করলেন মোদি সরকারকে। রাজ্য বিধানসভা ভোট উপলক্ষে জোট বাঁধার পর এই প্রথম একমঞ্চে দেখা দিলেন অখিলেশ ও রাহুল। বৈঠকের শুরু থেকেই মোদি সরকারকে নিশানা করে সুর চড়ান রাহুল গান্ধী। বিজেপিকে সরাসরি সাম্প্রদায়িক দল বলে উল্লেখ করেন। দাবি করেন, মায়াবতী বিরোধী হলেও, দেশের পক্ষে বিপজ্জনক নন। বিজেপির মতো সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি করতে চান না। তাই সপার সঙ্গে হাত মিলিয়ে উত্তরপ্রদেশে সুশাসন কায়েম করতে চায় কংগ্রেস।
পরীক্ষায় ছাত্রছাত্রীদের সাফল্যের দাওয়াই দিলেন প্রধানমন্ত্রী-সংবাদ প্রতিদিন
নতুন বছরের প্রথম ‘মন কি বাত’ পড়ুয়াদের উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ বললেন, পরীক্ষাকে উৎসব ভেবে অংশ নিলেই ছাত্রছাত্রীদের সেরাটা বেরিয়ে আসবে৷ ভাল নম্বর পাওয়ার একমাত্র উপায় হল আনন্দের সঙ্গে পরীক্ষা দেওয়া৷ আনন্দ-সহকারে পরীক্ষা দিলে রেজাল্টেও তার প্রতিফলন দেখা যাবে, অল ইন্ডিয়া রেডিওর অনুষ্ঠানে রবিবার বলেন প্রধানমন্ত্রী৷#
পার্সটুডে/জিএআর/২৯