জানুয়ারি ৩১, ২০১৭ ১৪:৫৪ Asia/Dhaka

শ্রোতা/ পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ৩১ জানুয়ারি মঙ্গলবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।

বাংলাদেশের শিরোনাম:

  • সাঁওতাল পল্লীতে আগুন: প্রতিবেদনের ওপর রায় ৭ ফেব্রুয়ারি-ইত্তেফাক
  • দলের দেওয়া নাম অনুসন্ধান কমিটিতে-প্রথম আলো
  • সাঁওতালপল্লীতে হেলমেট পরে আগুন দিয়েছে পুলিশ: তদন্ত প্রতিবেদন-যুগান্তর
  • শিগগিরই অভিজিৎ হত্যার প্রতিবেদন: ডিএমপি কমিশনার-কালের কণ্ঠ
  • এসএসসি, দাখিল পরীক্ষা শুরু ২ ফেব্রুয়ারি-নয়া দিগন্ত
  • ময়মনসিংহের এসপি নুরুলকে ট্রাইব্যুনালে তলব-সমকাল

ভারতের শিরোনাম:

  • মোদি-ট্রাম্পের বন্ধুত্বেই গৃহবন্দি লস্কর প্রধান!-সংবাদ প্রতিদিন
  • রাষ্ট্রপতির বক্তৃতায় শুরু বাজেট অধিবেশন-আজকাল//কাল থেকেই এটিএমে টাকা তোলার ঊর্ধ্বসীমা থাকছে না-বর্তমান

শ্রোত/পাঠক! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ। প্রথমে বাংলাদেশ..

দলের দেওয়া নাম অনুসন্ধান কমিটিতে-প্রথম আলো

সার্চ কমিটিকে নাম দিয়েছে রাজনৈতিক দলগুলো

নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে রাষ্ট্রপতি গঠিত অনুসন্ধান কমিটির কাছে ২৭টি রাজনৈতিক দলের দেওয়া নাম পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার বিকেল চারটার দিকে মন্ত্রী পরিষদ বিভাগ থেকে নামগুলো ছয় সদস্যের অনুসন্ধান কমিটির সদস্যদের কাছে দেওয়া হয়। সরকারের একজন কর্মকর্তা বলেছেন, ২৭টি দলের মোট ১৩৫টি নাম তারা পৌঁছে দিয়েছেন। 

এদিকে যুগান্তরের খবরে বলা হয়েছে-সার্চ কমিটির কাছে নাম দেয়নি ৪টি দল

নির্বাচন কমিশন-ইসি গঠনে সার্চ কমিটির কাছে নাম জমা দেয়নি চারটি রাজনৈতিক দল। দলগুলো হলো- ইসলামী আন্দোলন বাংলাদেশ, বিকল্প ধারা বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিশ ও গণফোরাম। এছাড়া বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চিঠি দিলেও তারা কোনো নাম দেয়নি। দলটি নির্বাচন কমিশন গঠনের এ প্রক্রিয়ার সঙ্গে দ্বিমত পোষণ করেছে।

সাঁওতালপল্লীতে হেলমেট পরে আগুন দিয়েছে পুলিশ: তদন্ত প্রতিবেদন-যুগান্তর/ইত্তেফাক

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালদের বাড়ি-ঘরে আগুন লাগানোর ঘটনা

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালদের বাড়ি-ঘরে আগুন লাগানোর ঘটনায় বিচারিক প্রতিবেদনের ওপর রায় ৭ ফেব্রুয়ারি দেয়া হবে। মঙ্গলবার প্রতিবেদন উপস্থাপনের পর বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এই দিন ধার্য করেন।
হাইকোর্টের নির্দেশে গঠিত বিচারিক তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় কতিপয় ব্যক্তি এবং উক্ত ঘটনার সময়ে দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর কতিপয় সদস্য দায়ী। 
তবে এ সম্পর্কিত খবরে দৈনিক যুগান্তর লিখেছে-গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালপল্লীতে আগুন দেয়ার ঘটনায় একজন ডিবিসহ তিন পুলিশ সদস্য জড়িত থাকার প্রমাণ মিলেছে। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি বলে আদালতকে জানিয়েছেন গাইবান্ধার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।

ঢাকার নেতারা কেউ এলাকায় ভাব নেবেন না: কাদের-প্রথম আলো

বাংলাদেশের সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘ঢাকার নেতারা কেউ এলাকায় গিয়ে ভাব নেবেন না। আমাদের নেত্রী নিতেও জানেন, বাদ দিতেও জানেন।’ আগামী নির্বাচনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাঠপর্যায়ে খোঁজখবর নিচ্ছেন বলেও জানান তিনি। আজ বাগেরহাটের খানজাহান আলী কলেজমাঠে জেলা আওয়ামী লীগের বিশেষ প্রতিনিধি সভায় ওবায়দুল কাদের এসব কথা বলেন।
দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগ, আওয়ামী লীগের শত্রু হবেন না। নেতা-কর্মীদের মূল্যায়ন করবেন। 
এ সম্পর্কে ইত্তেফাকের খবরে লেখা হয়েছে, ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি সংলাপের রাস্তা আগেই বন্ধ করে দিয়েছে। তারপরও মহামান্য রাষ্ট্রপতি সকলের সঙ্গে সংলাপ করেছেন। সার্চ কমিটি হয়েছে, আওয়ামী লীগের কোন লোক সার্চ কমিটির মেম্বার হয়নি। তারপরও বিএনপি মানি না মানব না বলে যাচ্ছে। ওরা ২০১৪ সালের নির্বাচনের পরও মানি না মানব না বলেছিল। তারপর শুরু করল পেট্রোলবোমা।

শিগগিরই অভিজিৎ হত্যার প্রতিবেদন: ডিএমপি কমিশনার-কালের কণ্ঠ

ঢাকা মহানগর পুলিশের কমিশনার আছাদুজ্জামান মিয়া

মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা ও বিজ্ঞান লেখক অভিজিৎ রায় হত্যা মামলার তদন্ত 'চুড়ান্ত পর্যায়ে' রয়েছে বলে জানিয়েন ঢাকা মহানগর পুলিশের কমিশনার আছাদুজ্জামান মিয়া। শিগগিরই আদালতে এ মামলার প্রতিবেদন জমা দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। আছাদুজ্জামান মিয়া বলেন, "হত্যাকাণ্ডে জড়িত সবাইকে চিহ্নিত ও শনাক্ত করা হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন আটজনকে গ্রেপ্তার করেছি, মূল আসামি মুকুল রানা খিলগাঁওয়ের মেরাদিয়ায় বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। বাকিদেরও খুব শিগগির গ্রেপ্তার করা যাবে বলে আশা করছি।

প্রশ্নফাঁসের গুজবে কান দেবেন না: অভিভাবকদের শিক্ষামন্ত্রী-নয়া দিগন্ত/ইত্তেফাক

বাংলাদেশের শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ

প্রশ্নফাঁসের গুজবে অভিভাবকদের কান না দেয়ার জন্য আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান। নুরুল ইসলাম নাহিদ বলেছেন, প্রশ্নপত্র ফাঁসের গুজবে কান দেবেন না। ফেসবুকসহ সামাজিক যোগাযোগ সাইটগুলোতে নজরদারি থাকবে মনিটরিং কমিটির। তিনি বলেন,  সারাদেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ পরীক্ষার সংশ্লিষ্টদের সর্তক থাকার জন্য নির্দেশনা দেয়া হয়েছে যাতে কোনভাবেই প্রশ্ন ফাঁস না হয়। আগামী ২ ফেব্রুয়ারি এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে।  এবার এসএসসি পরীক্ষায় বসছে ১৭ লাখ ৮৬ হাজার ৬১৩ জন শিক্ষার্থী।


ময়মনসিংহের এসপি নুরুলকে ট্রাইব্যুনালে তলব-সমকাল

মৃত যুদ্ধাপরাধীকে জীবিত দেখিয়ে পুলিশের তদন্ত প্রতিবেদন দেওয়ার ঘটনায় ময়মনসিংহের পুলিশ সুপার (এসপি) সৈয়দ নুরুল ইসলামকে তলব করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী ১৬ ফেব্রুয়ারি ওই এসপিকে সশরীরে হাজির হয়ে ট্রাইব্যুনালে এ ব্যাপারে ব্যাখা দিতে বলা হয়েছে। মঙ্গলবার বিচারপতি শাহিনুর রহমানের নেতৃত্বে দুই সদস্যের ট্রাইব্যুনাল বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে পুলিশের মহাপরিদর্শককে এ ব্যাপারে লিখিত জবাব দিতে বলেছে ট্রাইব্যুনাল। 

শ্রোতা/পাঠক ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।

কাল থেকেই এটিএমে টাকা তোলার ঊর্ধ্বসীমা থাকছে না-বর্তমান

কাল থেকে এটিএমে টাকার উর্ধ্বসীমা থাকছে না

১ ফেব্রুয়ারি থেকেই এটিএমে টাকা তোলার কোনও ঊর্ধ্বসীমা থাকছে না। কিন্তু সপ্তাহে ২৪ হাজার টাকার বেশি তোলা যাবে না বলে নির্দেশিকায় স্পষ্ট জানিয়েছে রিজার্ভ ব্যাংক। পাশাপাশি কারেন্ট অ্যাকাউন্টস, ক্যাশ-ক্রেডিট অ্যাকাউন্টস ও ওভারড্রাফ্ট অ্যকাউন্টস থেকে নগদ তোলার ঊর্ধ্বসীমা এদিন থেকেই তুলে দিল কেন্দ্রীয় ব্যাংক। গত ৮ নভেম্বর ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের সিদ্ধান্ত ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি এটিএম থেকে টাকা তোলার ঊর্ধ্বসীমা দু’হাজার টাকা করে দেয় সরকার। 

রাষ্ট্রপতির বক্তৃতায় শুরু বাজেট অধিবেশন-আজকাল

ভারতের প্রেসিডেনট্ট প্রণব মুখার্জী (ফাইল ফরেটা)

আজ থেকে শুরু হয়েছে বাজেট অধিবেশন। বুধবার সংসদে বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি।আজ দুই কক্ষের যৌথ অধিবেশনে ভাষণ দিলেন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। তার পরে শুরু বাজেট–পূর্ববর্তী আর্থিক সমীক্ষা পেশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে,
❏ প্রধানমন্ত্রী যুব যোজনার আওতায় ৭ লক্ষ যুবককে প্রশিক্ষণ দিয়ে স্বাধীন ব্যবসার উপযোগী করেছে
❏‌ স্বাধীনতার পর থেকে বিদ্যুৎ ছিল না এমন ১৮ হাজার গ্রামের মধ্যে ১১ হাজার গ্রামে বিদ্যুৎ সংযোগ আনা হয়েছে
❏‌ ১৩ কোটি গরিব মানুষকে বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় আনা হয়েছে


মোদি-ট্রাম্পের বন্ধুত্বেই গৃহবন্দি লস্কর প্রধান!-সংবাদ প্রতিদিন

মোদি-ট্রাম্পের বন্ধুত্বেই গৃহবন্দি লস্কর প্রধান  হাফিজ সইদ

মোদি, ট্রাম্পের জন্যই তাঁর এই হাল৷ নিজের দেশে গৃহবন্দি হওয়ার পর এভাবেই ক্ষোভ উগরে দিলেন লস্কর প্রধান হাফিজ সইদ৷ দীর্ঘদিন ধরেই সইদকে আন্তর্জাতিক জঙ্গি তকমা দেয়ার আর্জি জানিয়েছে ভারত৷ কিন্তু ভারতের সে আবেদন গ্রাহ্য করা হয়নি৷ মুম্বই হামলার মূলচক্রী হাফিজের মুক্তাঞ্চল ছিল পাকিস্তান৷ এ ব্যাপারে পাকিস্তানের পাশেই ছিল চিন৷ চিনের হস্তক্ষেপেই নিরাপদ ছিল সইদ৷ তবে মার্কিন রাজনীতিতে পালাবদলের পরই সমীকরণগুলো বদলাতে থাকে৷ তার দাবি, মোদির সঙ্গে ট্রাম্পের বন্ধুত্বের জেরেই, সইদকে নজরবন্দি করায় চাপ দেয়া হয়েছে মার্কিন প্রশাসন থেকে৷ তার জেরেই এই পদক্ষেপ৷#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৩১