ফেব্রুয়ারি ০২, ২০১৭ ১৪:৩৩ Asia/Dhaka

শ্রোতা/ পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ২ ফেব্রুয়ারি বৃহষ্পতিবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।

বাংলাদেশের শিরোনাম:

  • বিচারকের প্রতি অনাস্থা খালেদা জিয়ার-ইত্তেফাক
  • আইএস এলাকায় যাওয়া ব্যক্তিরা কালো তালিকাভুক্ত-প্রথম আলো
  • সিম ক্লোন করে প্রতারণা, উত্তরা থেকে আটক ১৪-যুগান্তর
  • আইন সংশোধন করলে বাড়বে বিনিয়োগ: আইনমন্ত্রী-কালের কণ্ঠ
  • শিক্ষার্থীদের মানবসেতুতে চেয়ারম্যান : ৫ জনের বিরুদ্ধে মামলা-নয়া দিগন্ত
  • রাগীব আলী ও ছেলের ১৪ বছর কারাদণ্ড- সমকাল

ভারতের শিরোনাম:

  • গ্রেপ্তার করা হয়েছে তেজ বাহাদুরকে, দাবি স্ত্রীর-সংবাদ প্রতিদিন
  • পাঞ্জাবে নির্বাচনী প্রচারে বিস্ফোরণে মৃত বেড়ে ৫,রিপোর্ট দিতে বলল নির্বাচন কমিশন-বর্তমান
  • জোটের হয়ে প্রচারে নামতে রাজি মুলায়ম-আজকাল
  • সুনির্দিষ্ট দিশা খুঁজছিল দেশ, দেখাতে পারলেন না মোদী-জেটলি-আনন্দবাজার

শ্রোতা/পাঠক! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ। প্রথমে বাংলাদেশ..

বিচারকের প্রতি অনাস্থা খালেদা জিয়ার-ইত্তেফাক/নয়া দিগন্ত

আদালতে খালেদা জিয়া

সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিচারকের প্রতি অনাস্থা দিয়েছেন আইনজীবীরা। বৃহস্পতিবার ঢাকার বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদ্দারের আদালতে- বেলা ১১ টা ২৫ মিনিটে খালেদা জিয়া উপস্থিত হন। এদিন আইনজীবীরা অত্র আদালতে ন্যায়বিচার পাবেন না বলে বিচারকের প্রতি অনাস্থা দেন। 
আজ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থন ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় আত্মপক্ষ সমর্থনের অসমাপ্ত বক্তব্য দেয়ার দিন ধার্য রয়েছে।
এদিকে খালেদা জিয়ার হাজিরা দেয়ার সময় তার আইনজীবীদের প্রবেশ করতে বাধা দেয়ার অভিযোগ উঠেছে।

'প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ নেই'-শিক্ষামন্ত্রী-ইত্তেফাক/প্রথম আলো

বাংলাদেশের অর্থমন্ত্রী নুরুল ইসলাম নাহিদ

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদনুরুল ইসলাম নাহিদ বলেছেন, 'এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ নেই। সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য একটি মহল প্রশ্ন ফাঁসের গুজব ছড়ায়।’    আজ এসএসসি ও সমমানের পরীক্ষা শুরুর পর ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ ল্যাবরেটরি স্কুল কেন্দ্র পরিদর্শনে এসে অভিভাবকদের সহযোগিতার আহ্বান জানান তিনি। শিক্ষামন্ত্রী বলেন, প্রশ্ন ফাঁস হওয়া আমরা বন্ধ করেছি। আপনারা আমাদের সহযোগিতা করেন। আমরা উন্নত শিক্ষায় ছেলেমেয়েদের শিক্ষিত করতে চাই।তিনি বলেন, শিক্ষা ব্যবস্থায় আমরা নতুন পরিবর্তন আনছি। এতে আপনারা হতাশ হবেন না। ভুলের মধ্যেই আমাদের শিখতে হবে।মন্ত্রীকে কাছে পেয়ে একজন অভিভাবক পাবলিক পরীক্ষায় দুটো বিষয়ের পরীক্ষার মধ্যে আরও সময় রাখার দাবি জানান। এ সময় নাহিদ বলেন, ভবিষ্যতে দুই বেলা পরীক্ষা নেওয়া হবে, সেই প্রস্তুতি নিন। আগে পাঁচ দিনে সব পরীক্ষা নেওয়া হতো।

আইএস এলাকায় যাওয়া ব্যক্তিরা কালো তালিকাভুক্ত-প্রথম আলো

বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে যাঁরা ইরাক ও সিরিয়ার আইএস-অধ্যুষিত এলাকায় চলে গেছেন, তাঁরা আর ফিরতে পারবেন না

বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে যাঁরা ইরাক ও সিরিয়ার আইএস-অধ্যুষিত এলাকায় চলে গেছেন, তাঁরা আর ফিরতে পারবেন না। তাঁদের কালো তালিকাভুক্ত করা হয়েছে।

পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের কর্মকর্তারা বলছেন, ইরাক ও সিরিয়ার বড় অংশ থেকে আইএস যোদ্ধারা সরে যেতে বাধ্য হয়েছেন বা নিহত হয়েছেন। এ অবস্থায় বাংলাদেশ থেকে ওই অঞ্চলগুলোয় থাকা ব্যক্তিদের প্রবেশ ঠেকানো জরুরি হয়ে পড়েছে।

তবে আইএস যোগ দিতে বাংলাদেশ থেকে কতজন গিয়েছেন, সে সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য পুলিশ দিচ্ছে না। তাদের ধারণা, এই সংখ্যা ৫০-এর বেশি হবে না।

পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের প্রধান মনিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, তাঁরা বৈধ পথে আসার চেষ্টা করবেন বলে তিনি মনে করেন না।

এবার ছাত্রদের কাঁধে হাঁটলেন স্কুলের জমিদাতা- নয়া দিগন্ত/প্রথম আলো/  যুগান্তরসহ প্রায় সব দৈনিকের খবর

এবার ছাত্রদের কাঁধে হাঁটলেন স্কুলের জমিদাতা, মামলা

স্কুলের ছাত্রদের গড়া মানবসেতুর ওপর দিয়ে চাঁদপুরের হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুর হোসেন পাটোয়ারীর হেঁটে যাওয়ার ঘটনা সারা দেশে সমালোচনার ঝড় তুলেছে। এই ঝড়ের মধ্যে ঘটে গেল একই ঘটনা। জামালপুরে গত ২৯ জানুয়ারি স্কুলের ছোট ছোট শিক্ষার্থীর কাঁধের ওপর পা রেখে হেঁটেছেন ওই স্কুলে জমিদাতা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে তা ছড়িয়ে পড়েছে।
এ  ঘটনায় মামলা দায়ের হয়েছে।  বুধবার রাত ১১টার দিকে কাদির গাজী নামের এক অভিভাবক বাদী হয়ে হাইমচর থানায় মামলাটি দায়ের করেন। মামলায় চাঁদপুরের হাইমচর উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর হোসেনসহ ৫ জনকে আসামি করা হয়েছে। 
  
সিম ক্লোন করে প্রতারণা, উত্তরা থেকে আটক ১৪-যুগান্তর

র‍্যাব

সরকারি কর্মকর্তাদের মোবাইলের সিম ক্লোনিং করে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়া চক্রের ১৪ সদস্যকে আটক করেছে র‌্যাব।রাজধানীর উত্তরা থেকে বুধবার রাতে তাদের আটক করা হয়।এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত অ্যাপস, মোবাইল, বিপুলসংখ্যক সিম, ল্যাপটপ, কম্পিউটার ও টাকা উদ্ধার করা হয়েছে। র‌্যাবের সিনিয়র এএসপি মিজানুর রহমান ভুঁইয়া যুগান্তরকে এসব তথ্য দেন।

আইন সংশোধন করলে বাড়বে বিনিয়োগ: আইনমন্ত্রী-কালের কণ্ঠ

বাংলাদেশের আইনমন্ত্রী আনিসুল হক

দেশে বিনিয়োগ বাড়াতে চার-পাঁচটি আইনের পরিবর্তন ও সংশোধনের প্রয়োজনীয়তা দেখছেন আইনমন্ত্রী আনিসুল হক। সংসদের আগামী অধিবেশনেই এসব আইন পাসের জন্য উত্থাপন করা হতে পারে।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের দফতরে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান কাজী আমিনুল ইসলামের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান আইনমন্ত্রী।
হ্যাট্রিক করবে আ'লীগ: এনামুল হক শামীম-বাংলাদেশ প্রতিদিন
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম বলেছেন, তৃণমূলকে শক্তিশালী করুন। দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হলে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ হ্যাট্রিক করবে।
আজ সকালে ধানমন্ডিতে তিনি এসব কথা বলেন।
নেতাকর্মীদের উদ্দেশ্যে এনামুল হক শামীম বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলছে। উন্নয়নে বাংলাদেশ এখন বিশ্বেও বিস্ময়। এই মুহূর্তে জননেত্রী শেখ হাসিনা শুধু বাংলাদেশেই নয়, বিশ্বের অন্যতম জনপ্রিয় নেত্রী ও উন্নয়নের রূপকার। নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে পৃথিবীর কোন শক্তি নেই আওয়ামী লীগকে পরাজিত করতে পারে।

পুরোহিত সেজে বিয়ে পড়ান 'হাফেজ' মিলন!-বাংলাদেশ প্রতিদিন

আশরাফুল ইসলাম মিলন-প্রতারণার দায়ে গ্রেফতার

আশরাফুল ইসলাম মিলন (৩৫) ১৮ পারা কোরআনে হফেজ। কিন্তু নিজেকে মিলন চক্রবর্তী পরিচয় দিয়ে চার বছর আগে বিয়ে করেছেন এক হিন্দু মেয়েকে।

বিয়ের পর থেকে সদর উপজেলা চেঙ্গারডাঙ্গা গ্রামে শ্বশুর বাড়ীতে অবস্থান করছেন। গলায় ব্রাহ্মণের পৈতা পরে পুরোহিত সেজে মিলন ঠাকুর দীর্ঘ দিন ধরে এলাকায় বিভিন্ন বাড়িতে পূজা-অর্চণা করে আসছেন । এ পর্যন্ত এক ডজনের উপরে হিন্দু বিয়েও পড়িয়েছেন তিনি। অবশেষে প্রতারণার ও অর্থ আত্মসাতের অভিযোগে মঙ্গলবার রাতে ডিবি পুলিশ হাতে আটকের পর পুলিশি জিজ্ঞাসাবাদে এ রকম চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে। 
আটক মিলন চেঙ্গারডঙ্গী গ্রামের চয়ন বিশ্বাস নামের এক যুবককে চাকরি দেয়ার কথা বলে ৬ লক্ষ টাকা নেয়। পরে চাকরি না পেয়ে চয়ন বিশ্বাস ডিবি পুলিশের কাছে অভিযোগ করে। এ অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার রাতে মিলনকে শশুর বাড়ি থেকে আটক করা হয়।
এদিকে, বৃহস্পতিবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের এক মামলায় প্রতারক মিলনকে আদালতে নেওয়া হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।  জিজ্ঞাসবাদে পাওয়া তথ্য অনুয়ায়ী এই পুলিশ কর্মকর্তা আরও জানান, ১৮ পারা কোরঅানে হাফেজ আশরাফুল ইসলাম মিলন খুলনার ডুমুরিয়া উপজেলার কাঞ্চন নগর গ্রামের মৃত লুৎফর রহমানের পুত্র। সেখানে তার পূর্বের স্ত্রী ও একটি সন্তান রয়েছে। ভারতে যাতাযাতের সূত্র ধরেই মাগুরা সদরের চেঙ্গারডাঙ্গা গ্রামের বিকাশ বিশ্বাসের সাথে তার পরিচয় ও তাদের বাড়িতে যাতায়াত। পরে ২০১৩ সালে হিন্দু ব্রাক্ষ্মণ পারিচয়ে তার মেয়ে অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী মিতা বিশ্বাসকে বিয়ে করে শ্বশুর বাড়িতে বসবাস করে সে এলাকায় পুরোহিতের পেশা বেছে নিয়েছে।

আটক মিলনের পাসপোর্ট উদ্ধার করে দেখা গেছে গত দুই/তিন বছরে সে ৫০ বার ভারতে গেছে। তাছাড়া ভারত ও বাংলাদেশে তার নামে একাধিক ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। সে বড় কোন অপরাধী চক্রের সদস্য কিনা, কোন অপরাধ করে আত্মগোপনে রয়েছে বা কোন অপরাধ সংগঠনের জন্য এখানে অবস্থান কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান এস আই সালাহউদ্দিন।

রাগীব আলী ও ছেলের ১৪ বছর কারাদণ্ড- সমকাল

রাগীব আলী ও তাঁর ছেলে আবদুল হাইকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত

জালিয়াতির মামলায় রাগীব আলী ও তাঁর ছেলে আবদুল হাইকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার বেলা ৩টায় সিলেটের মুখ্য মহানগর বিচারিক হাকিম মো. সাইফুজ্জামান হিরোর আদালতে এ রায় ঘোষণা করা হয়। দুজনের বিরুদ্ধে দেবোত্তর সম্পত্তির তারাপুর চা-বাগান বন্দোবস্ত নিতে ভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতির দুটি মামলা হয়।

গৃহকর্মীদের অধিকার প্রতিষ্ঠায় মনিটরিং সেল গঠনের নির্দেশ-মানবজমিন
গৃহকর্মীদের অধিকার প্রতিষ্ঠায় নীতিমালা অনুযায়ী ছয় মাসের মধ্যে সরকারকে একটি মনিটরিং সেল গঠনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
 

গৃহকর্মীদের অধিকার প্রতিষ্ঠায় মনিটরিং সেল গঠনের নির্দেশ হাইকোর্টের

আগামী ছয় মাসের মধ্যে সিটি করপোরেশন, শ্রম মন্ত্রণালয়, জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) এ মনিটারিং সেল গঠন করতে বলা হয়েছে। একইসঙ্গে সরকারের তৈরি নীতিমালার বিধান বাস্তবায়নের নির্দেশ দিয়েছে আদালত।
আজ বৃহস্পতিবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী এবং বিচারপতি কাজী মো. ইজহারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট এই আদেশ দেন। 
 
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায়।
 
পরে আইনজীবী মনজিল মোরসেদ জানান, মনিটরিং সেলে বিভিন্ন অভিযোগ দায়ের করা যাবে। এই মনিটরিং সেল নীতিমালা বাস্তবায়ন হচ্ছে কি না, গৃহকর্মীদের কী কী সমস্যা হচ্ছে, তা দেখবে।
 
তিনি বলেন, দেশে লাখ লাখ গৃহকর্মী কাজ করে। তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য কোনো আইন ছিল না। এ জন্য মানবাধিকার লঙ্ঘন হচ্ছিল। এ জন্য আমরা রিট দায়ের করেছিলাম। আদালত ওই রিট শুনে আদেশ দিয়েছিলেন গৃহকর্মীদের নির্যাতন বন্ধে কেন আইন তৈরির নির্দেশ দেওয়া হবে না। ওই রুলের ওপর আজ শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত উপরোক্ত আদেশ দেয়।

গতকাল বুধবার ওই আদালতে এ মামলার যুক্তিতর্ক শেষ হওয়ার পরপরই আজকে রায়ের তারিখ নির্ধারণ হয়।

শ্রোতা/পাঠক ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।

সুনির্দিষ্ট দিশা খুঁজছিল দেশ, দেখাতে পারলেন না মোদী-জেটলি-আনন্দবাজার

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অর্থমন্ত্রী অরুণ জেটলি

প্রত্যাশা ছিল অনেক। প্রধানমন্ত্রী বললেন, প্রত্যেকের প্রত্যাশা পূরণ করেছে এই বাজেট। কিন্তু বাস্তবটা ঠিক বিপ্রতীপ, কোনও প্রত্যাশাই পূরণ হল না। ভারসাম্যের নিখুঁত পরীক্ষার মুখোমুখি হওয়ার কথা ছিল নরেন্দ্র মোদী-অরুণ জেটলিদের। নিখুঁত কৌশলে সরু সুতোর উপর দিয়ে হেঁটে এক মেরু থেকে অন্য মেরুতে যাওয়ার কথা ছিল। কিন্তু পরীক্ষাটার সম্মুখীনই হতে চাইল না সরকার। এমন এক পথে হাঁটলেন মোদী-জেটলিরা, যে পথে পাশ-ফেলের প্রশ্নই নেই, উচ্চাকাঙ্খার কোনও ছাপ নেই, অতএব ঝুঁকিও নেই বিন্দুমাত্র।
হয় সব দ্বিধাদ্বন্দ্ব ঝেড়ে ফেলে অর্থনৈতিক সংস্কারের পথে হাঁটতে হবে সরকারকে। না হলে ঠিক বিপ্রতীপে গিয়ে আদ্যন্ত জনমোহিনী হয়ে উঠতে হবে।

পাঞ্জাবে নির্বাচনী প্রচারে বিস্ফোরণে মৃত বেড়ে ৫,রিপোর্ট দিতে বলল নির্বাচন কমিশন-বর্তমান

পাঞ্জাবের ভাতিন্দায় নির্বাচনী প্রচারসভায় গাড়ি বোমা বিস্ফোরণে মৃত বেড়ে পাঁচ। এই ঘটনাটি পাঞ্জাব পুলিশকে অবিলম্বে রিপোর্ট জমা দিতে বলেছে নির্বাচন কমিশন। বুধবার পাঞ্জাবের মুখ্য নির্বাচনী আধিকারিক ভি কে সিং জানিয়েছেন, এটি সম্পূর্ণভাবে জঙ্গি সন্ত্রাস, এ বিষয়ে কোনও সন্দেহ নেই। পুলিশের কাছে তথ্যপ্রমাণও আছে। যত দ্রুত সম্ভব গাড়ি বোমা বিস্ফোরণ নিয়ে রিপোর্ট দিতে বলা হয়েছে।

গ্রেপ্তার করা হয়েছে তেজ বাহাদুরকে, দাবি স্ত্রীর-সংবাদ প্রতিদিন

গ্রেপ্তার করা হয়েছে বিএসএফ  জওয়ান তেজ বাহাদুর যাদবকে। বৃহস্পতিবার এমনটাই অভিযোগ করলেন তাঁর স্ত্রী। সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকরে তিনি বলেন যে, গত ৩১ জানুয়ারি তেজ বাহাদুরের বাড়ি আসার কথা ছিল। কিন্তু তিনি বাড়ি আসার বদলে ফোন করে জানান, তাঁকে অবসর নিতে বলা হয়েছে। কিছুক্ষণ পর তিনি আবার জানান, তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও জানান, তাঁকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হচ্ছে।

জোটের হয়ে প্রচারে নামতে রাজি মুলায়ম-আজকাল

বাবা ও ছেলে: মোলায়েম সিং যাদব ও অখিলেশ যাদব

শিয়রে বিধানসভা ভোট। কিন্তু উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টির সেই আক্রমণাত্মক ভাবটা কই? বিরোধীদের শায়েস্তা করার ফিকির খোঁজার বদলে, রোজই দলের অন্দরে ডিগবাজি খাচ্ছেন কেউ না কেউ। এবার তাতে নতুন সংযোজন মুলায়ম সিং। কংগ্রেসের সঙ্গে জোট বাঁধায় এতদিন ছেলের ওপর গোঁসা করেছিলেন তিনি। কিন্তু মাত্র দু’দিন যেতে না যেতেই ফের মত পাল্টে ফেললেন। সপা তো বটেই, কংগ্রসের হয়েও প্রচারে নামতে আপত্তি নেই বলে জানিয়ে দিলেন। তা মাত্র দু’দিনে কী এমন ঘটল যে সপা কুলপতি ১৮০ ডিগ্রি ঘুরে গেলেন?#


পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২