কোন্দলের ব্যাপারে কঠোর হঁশিয়ারি হানিফের, আ’লীগ নয়, সরকার চালাচ্ছে পোশাকধারীরা-ফখরুল
শ্রোতা/ পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ৪ ফেব্রুয়ারি শনিবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।
বাংলাদেশের শিরোনাম:
- বিএনপির রাজনীতির মূলমন্ত্র ষড়যন্ত্র ও মিথ্যাচার : ড. হাছান মাহমুদ-ইত্তেফাক
- মেয়রই ‘গুলি করেছিলেন’: সাংসদ হাসিবুরর রহমানের অভিযোগ-প্রথম আলো
- আ’লীগ নয়, সরকার চালাচ্ছে পোশাকধারীরা-যুগান্তর
- শিমুল হত্যাকাণ্ডে বিচার বিভাগীয় তদন্তের দাবি এমপি স্বপনের-কালের কণ্ঠ
- রাজনৈতিক কোন্দলের ব্যাপারে কঠোর ব্যবস্থা নেয়া হবে : হানিফ-নয়া দিগন্ত
- তালিকা আরও সংক্ষিপ্ত করছে সার্চ কমিটি-সমকাল
- বিমানবন্দরে অভিনব কায়দায় আনা স্বর্ণ আটক-মানবজমিন
- মানবসেতুর ওপর দিয়ে হাঁটা মামলায় ৫২ জনের সাক্ষ্য-বাংলাদেশ প্রতিদিন
ভারতের শিরোনাম:
- কাশ্মীরে সেনার সঙ্গে গুলির লড়াইয়ে খতম দুই জঙ্গি-সংবাদ প্রতিদিন
- 'স্ক্যাম'-এর বিরুদ্ধে এই ভোট মোদি-আজকাল
- পঞ্চায়েত সম্মেলনে দরাজ মুখ্যমন্ত্রী-বর্তমান
- শুরু পঞ্জাব, গোয়ায় ভোট, শুরু মোদীর নোট বাতিলের পরীক্ষাও- আনন্দবাজার-আনন্দবাজার
শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ। প্রথমে বাংলাদেশ..
সাংবাদিক শিমুলের দাফন সম্পন্ন হয়েছে। তাঁকে হত্যার প্রতিবাদে- হরতাল হয়েছে আর দিনাজপুর, রংপুর, সাতক্ষীরা, সিলেটসহ দেশের বিভিন্নস্থানে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে। তাঁর হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়েছে। হত্যার ফলোআপ খবরে দৈনিকগুলো ভিন্ন ভিন্ন শিরোনাম করেছে। সাংবাদিক শিমুল হত্যায় এজাহারভুক্ত আসামিসহ আটক ৫-যুগান্তর। মেয়রই ‘গুলি করেছিলেন’: সাংসদের অভিযোগ-প্রথম আলো, মেয়রের গুলিতেই সাংবাদিক শিমুলের মৃত্যু : অতিরিক্ত পুলিশ সুপার-নয়া দিগন্ত। যুগান্তর লিখেছে- সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হালিমুল হক মিরুর গুলিতে দৈনিক সমকালের প্রতিনিধি আবদুল হাকিম শিমুল নিহতের ঘটনায় আরো পাচঁজনকে আটক করা হয়েছে।
এদের মধ্যে এজাহারভুক্ত আসামি ছয়আনি পাড়ার খন্দকার করিম বকসের ছেলে ও আওয়ামী লীগ নেতা নাসির উদ্দিনকে গ্রেফতার দেখানো হয়েছে। এছাড়া ত্বারিয়াপুর বাজার ও মনিরামপুর বাজার থেকে আরো চারজনকে আটক করা হয়। তবে তাদের নাম পরিচয় জানানো হয়নি।
প্রথম আলোর খবরে বলা হয়েছে, পৌর মেয়র হালিমুল হকের ‘গুলিতেই’ সাংবাদিক আবদুল হাকিম (শিমুল) মারা গেছেন বলে অভিযোগ করেছেন সিরাজগঞ্জ ৬ আসনের সাংসদ হাসিবুর রহমান। তিনি বলেন, পুলিশের বাধা উপেক্ষা করে সিরাজগঞ্জের শাহজাদপুরের আওয়ামী লীগ-সমর্থিত পৌর মেয়র হালিমুল হক গুলি ছুড়েছেন।
নয়া দিগন্তের খবরে বলা হয়েছে, সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হালিমুল হক মিরুর গুলিতেই সাংবাদিক শিমুলের মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) আবুল হাসনাত শিমুলের জানাজা পূর্ব এক সমাবেশে জানান, শৃঙ্খলা বজায় রাখার জন্য পুলিশ সেখানে যথাসময়ে উপস্থিত হয়েছিল। ঘটনার সময় তিনিও সেখানে উপস্থিত ছিলেন।
কালের কণ্ঠের খবরে লেখা হয়েছে, সিরাজগঞ্জের শাহজাদপুরে সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যাকাণ্ডে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য (এমপি) হাসিবুর রহমান স্বপন। এ সময় তিনি হত্যা মামলাটিকে দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরেরও দাবি জানান। আজ শিমুলের জানাজা নামাজের আগে বক্তব্যে তিনি এ দাবি জানান।
রাজনৈতিক কোন্দলের ব্যাপারে কঠোর ব্যবস্থা নেয়া হবে : হানিফ-নয়া দিগন্ত
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এমপি বলেছেন, রাজনৈতিক কোন্দলের ব্যাপারে সাংগঠনিক ও প্রশাসনিকভাবে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আজ কুষ্টিয়া শহরের নিজ বাসভবনে জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে মহিলাদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে চেক বিতরণের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
মাহবুব-উল-আলম হানিফ বলেন, বিএনপির রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। দেউলিয়ার কারণে বিএনপির নেতৃবৃন্দের ভেতর হতাশা সৃষ্টি হওয়ায় তারা প্রলাপ বকছেন।
আ’লীগ নয়, সরকার চালাচ্ছে পোশাকধারীরা-যুগান্তর
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখন তো সরকার আওয়ামী লীগ চালাচ্ছে না। সরকার চালাচ্ছে এখন পোশাকদারী লোকেরা, তারা আজকে সব কিছু নিয়ন্ত্রণ করছে, যার ফলে রাজনৈতিক কোনো চিন্তা-ভাবনা আসছে না। শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সমাবেশে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। অবাধ, সুষ্ঠু নির্বাচনের জন্য দল নিরপেক্ষ নির্বাচন কমিশন ও সহায়ক সরকারের দাবিতে এ সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর জাগপা।
সরকারের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, এই আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক ও সাংবাদিকদের যেভাবে হয়রানি, অপমান, নির্যাতন করা হয়েছে, তা আর কোনো সরকারের আমলে হয়নি।
খালেদা জিয়ার মামলা প্রসঙ্গে তিনি বলেন, 'গত পরশু দেশনেত্রী খালেদা জিয়ার মামলার হাজিরা ছিল আলীয়া মাদ্রাসার মাঠে বিশেষ আদালতে। আইনশৃংখলা বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখে মনে হয়, যেন যুদ্ধক্ষেত্র। র্যাব, পুলিশ, আর্ম পুলিশ ব্যাটালিয়ান, মোটরসাইকেল, বন্দুক, জলকান, প্রিজন ভ্যান এমন ভাবে রাখা হয়, যেন পৃথিবীর সবচেয়ে বড় টেরোরিস্টকে (সন্ত্রাসী) নিয়ে যাওয়া হচ্ছে। এটা কোনো ধরনের রাজনীতি।'
বিএনপির এই মহাসচিব বলেন, 'আওয়ামী লীগ রাজনৈতিকভাবে এতটাই দেউলিয়া, রাজনীতিকে রাজনৈতিকভাবে না পেরে, প্রতিপক্ষকে ঘায়েল করতে অন্যায় ও মিথ্যা মামলাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। তারা গ্রাম্য মোড়লের মত আচরণ করছে।'
এ সম্পর্কে দৈনিক ইত্তেফাকের খবরে বলা হয়েছে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সার্চ কমিটি নিয়ে আমরা সন্তুষ্ট হতে পারিনি। সার্চ কমিটিতে সরকারের সঙ্গে সরাসরি সম্পর্ক, সরকারি সুবিধাপ্রাপ্ত, সরকারি কাজে নিয়োজিত এমন লোকও রয়েছে। যারা নিরপেক্ষ সিদ্ধান্ত নিতে পারে না, তারপরও আমরা মেনে নিয়েছি। নাম চাওয়া হয়েছিল, সার্চ কমিটির কাছে নাম দিয়েছি। একটি মাত্র কারণে। আমরা গণতন্ত্রকে সম্পূর্ণভাবে কোনো রকম সংঘাত, অস্থিতিশীল, অনিশ্চয়তা ছাড়া সুসংগত অবস্থায় দেখতে চাই।
বিএনপির রাজনীতির মূলমন্ত্র ষড়যন্ত্র ও মিথ্যাচার : ড. হাছান মাহমুদ-ইত্তেফাক
বিএনপির রাজনীতির মূলমন্ত্র ষড়যন্ত্র ও মিথ্যাচার বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের মুখপাত্র ও দলের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেন, বিএনপি জনবিচ্ছিন্ন দলে পরিণত হলেও তাদের ষড়যন্ত্র থেমে নেই। তারা অকারণে বিভিন্ন ইস্যু সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করতে চাইছে।
শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির ধারাবাহিক মিথ্যাচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে হাছান মাহমুদ এ মন্তব্য করেন। তিনি আরো বলেন, জনগণের কথা ভুলে ক্ষমতায় যাওয়ার অভিলাষে বিএনপির এখন কেবল নির্বাচন কমিশন ও নির্বাচন নিয়ে সারাক্ষণ কথা বলছে।
মানবসেতুর ওপর দিয়ে হাঁটা মামলায় ৫২ জনের সাক্ষ্য-বাংলাদেশ প্রতিদিন
চাঁদপুরের হাইমচর উপজেলার নীলকমল ওচমানিয়া উচ্চবিদ্যালয়ের ছাত্রদের তৈরি ‘মানবসেতু’-এর ওপর দিয়ে জুতা পরে হাঁটার ঘটনায় এখন পর্যন্ত ৫২ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। এদিকে এ ঘটনায় অভিযুক্ত নূর হোসেন পাটওয়ারী গতকাল শুক্রবার উপজেলা ভাইস চেয়ারম্যানের মাধ্যমে চিঠি পাঠিয়ে এই ঘটনার জন্য নিজের ভুল স্বীকার করে তদন্ত কমিটির কাছে ক্ষমা চেয়েছেন বলে জানা গেছে।
অভিনব কৌশলে সোনা আনলেন যাত্রী-মানবজমিন/প্রথম আলো
রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার অভিনব কৌশলে সোনা নিয়ে এসেছেন এক যাত্রী। কোমরের বেল্টের বকলেস ও ট্রলি ব্যাগের রডের মধ্যে ২৩টি সোনার বার টুকরো করে নিয়ে আসেন তিনি। শুল্ক গোয়েন্দা বিভাগ বলছে, আটক সোনার মূল্য ১৭ লাখ টাকা।
আজ শনিবার সকাল আটটার দিকে বিমান বাংলাদেশের বিজি ০৮৭ ফ্লাইটে ওই যাত্রী আসেন। তাঁর নাম মো. মাসুদ। বাড়ি বরিশাল জেলার কাউয়ারচরে।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খানের ভাষ্য, গ্রিন চ্যানেল পার হওয়ার আগে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা যাত্রীর দেহ ও ব্যাগ তল্লাশি করেন। সোনার ওজন ৩৭০ গ্রাম।
জিজ্ঞাসাবাদে মো. মাসুদ জানান, তিনি মালয়েশিয়ায় একটি রেস্টুরেন্টে শ্রমিক হিসেবে কাজ করেন। এক বছর পর দেশে এসেছেন। রফিক নামে তাঁর এক প্রতিবেশীর কাছে তিনি সেগুলো পৌঁছে দিতে যাচ্ছিলেন বলে জানান। ভেতরে কী আছে তা জানতেন না। এ ব্যাপারে শুল্ক আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তালিকা আরও সংক্ষিপ্ত করছে সার্চ কমিটি-সমকাল
নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনে রাষ্ট্রপতির কাছে সুপারিশ তুলে দিতে ২০ জনের নামের তালিকা আরও সংক্ষিপ্ত করছে সার্চ কমিটি। নামের সংখ্যা ১০ জনে নামিয়ে আনতে তালিকায় থাকা ব্যক্তিদের বিষয়ে তথ্য সংগ্রহ ও পর্যালোচনা করা হচ্ছে। নির্ধারিত সময়ের আগেই নাম চূড়ান্ত করে রাষ্ট্রপতির কাছে দেওয়া সম্ভব হবে বলেও আশা করছেন সার্চ কমিটির সদস্যরা। এ অবস্থায় দেশবাসীর দৃষ্টির কেন্দ্রে রয়েছে রাষ্ট্রপতি গঠিত এই সার্চ কমিটি। শেষ পর্যন্ত তারা কোন ১০ জনের নাম সুপারিশ করে তা নিয়ে রয়েছে কৌতূহল। সুপারিশে থাকা ব্যক্তিদের কোন যোগ্যতায় বেছে নেওয়া হবে সেটি জানার অপেক্ষায় অনেকেই। আর সার্চ কমিটির সুপারিশে থাকা নামগুলো শেষ পর্যন্ত প্রকাশ করা হবে কি-না কমিটির সদস্যরা সেটি নিশ্চিত না করলেও এ নিয়ে রয়েছে নানা জল্পনা-কল্পনা।
এসএসসি পরীক্ষার্থীদের সুবিধার্থে প্রধানমন্ত্রী অনুষ্ঠান পেছালেন-প্রথম আলো
ঢাকায় এসএসসি পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে আগামীকাল রোববার সকালের পূর্বনির্ধারিত অনুষ্ঠান ৩০ মিনিট পিছিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানটি সকাল সাড়ে ১০টায় শুরু হবে। পরীক্ষার্থীরা পরীক্ষার হলে প্রবেশের পর প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে বের হবেন।
প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব আশরাফুল আলম খোকন প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করে বলেন, পরীক্ষার দিনগুলোতে প্রধানমন্ত্রী অন্য অনুষ্ঠানগুলোর সময়সূচিও একইভাবে নির্ধারণের জন্য ইতিমধ্যে ব্যক্তিগত কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন।
আগামীকাল রাজধানীর একটি হোটেলে ই-নাইন ফোরামের মন্ত্রী পর্যায়ের একটি পর্যালোচনা সভায় প্রধানমন্ত্রীর অংশ নেওয়ার কথা রয়েছে।
শ্রোতা/ পাঠক ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।
শুরু পঞ্জাব, গোয়ায় ভোট, শুরু মোদীর নোট বাতিলের পরীক্ষাও- আনন্দবাজার
নোট বাতিল পরবর্তী পর্যায়ের অন্যতম বড় পরীক্ষা শুরু হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের প্রথম পর্যায়ে শনিবার গোয়া এবং পঞ্জাবে শুরু হয়েছে বিধানসভা ভোট।
গোয়ার ৪০টি ও পঞ্জাবের ১১৭টি আসনে এক দফাতেই ভোটের নির্ঘণ্ট তৈরি করেছে নির্বাচন কমিশন। গোয়ায় ৭টা এবং পঞ্জাবে সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। প্রথম দু’ঘণ্টায় গোয়াতে ১৫ শতাংশ এবং পঞ্জাবে ১০ শতাংশ ভোট পড়ে গিয়েছে। পঞ্জাব এবং গোয়া এই দুই রাজ্যেই বিজেপি ক্ষমতায় রয়েছে। এর মধ্যে পঞ্জাবে অকালি দলের সঙ্গে জোট রয়েছে বিজেপির। প্রাক নির্বাচনী সমীক্ষায় গোয়ায় শাসক দল এগিয়ে থাকলেও পঞ্জাবে ক্ষমতা বদলানোর সম্ভাবনা প্রবল।
পঞ্চায়েত সম্মেলনে দরাজ মুখ্যমন্ত্রী-বর্তমান
পঞ্চায়েত ব্যবস্থায় এতদিন গ্রাম পঞ্চায়েত সদস্যরা কোনও ভাতা বা সাম্মানিক পেতেন না। শুধু মিটিংয়ে যোগ দেওয়ার জন্য ১৫০ টাকা করে পেতেন। আগামী ১ মার্চ থেকে রাজ্যের ৬৮ হাজার পঞ্চায়েত সদস্য প্রতি মাসে ১৫০০ টাকা করে সাম্মনিক ভাতা পাবেন। আর জেলা পরিষদের সভাপতিসহ যাঁরা ভাতা পেতেন, তাঁদের তা বাড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার রাজ্য পঞ্চায়েত সম্মেলনে উদ্বোধন করে মমতা বলেন, কী হয় ১৫০ টাকায়? ৩৪ বছরে বামফ্রন্ট কখনও ভাবেনি। হোলটাইমার হলে চলবে কী করে? তাই আমরা ঠিক করেছি, সব পঞ্চায়েত সদস্য মাসে ১৫০০ টাকা করে সাম্মানিক ভাতা পাবেন।
কাশ্মীরে সেনার সঙ্গে গুলির লড়াইয়ে খতম দুই জঙ্গি-সংবাদ প্রতিদিন
সন্ত্রাসবিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল সেনাবাহিনী। শনিবার, কাশ্মীরের বারামুল্লা জেলায় হওয়া এক সংঘর্ষে সেনার হাতে মারা পড়ল দুই সন্ত্রাসবাদী। খবর সংবাদ সংস্থা পিটিআই সুত্রে। যদিও মৃত জঙ্গিদের পরিচয় জানা যায়নি, তবে তারা লস্কর-এ-তৈবা জঙ্গিগোষ্ঠীর সদস্য বলে মনে করা হচ্ছে।
'স্ক্যাম'-এর বিরুদ্ধে এই ভোট মোদি-আজকাল
কেন্দ্র ও রাজ্যে এক দলের সরকার না থাকলে প্রকৃত উন্নয়ন সম্ভব নয়, উত্তরপ্রদেশ নির্বাচনের প্রচারে মিরাটের জনসভায় বললেন নরেন্দ্র মোদি। ভোটের ময়দানে তাঁর আজকের বক্তৃতার শুরু থেকেই তিনি আক্রমন করেন কংগ্রেস–সপা জোট রাজনীতিকে। বললেন, একসময় সমাজবাদী পার্টি কংগ্রেসের দুর্নীতি নিয়ে কথা বলত, কংগ্রেসও সমাজবাদী পার্টির বিরুদ্ধে একই কারণে সরব ছিল। এখন, বিজেপি শক্তি বাড়ানোয় দু’পক্ষই বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে উঠেছে। একে অপরের হাত ধরেছে। মায়াবতীও এঁদের থেকে কিছুই আলাদা নন। বরং আরও দুর্নীতিতে ভরা। তাই এবারের ভোটের লড়াই সপা, কংগ্রেস, অখিলেশ ও মায়াবতী— এই 'স্ক্যাম (SCAM)'-এর বিরুদ্ধে। এস হল সমাজবাদী পার্টি, সি হল কংগ্রেস, এ হল অখিলেশ ও এম হল মায়াবতী।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৪